ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন


কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

হলিউডের জনপ্রিয় সিরিজ ‘এক্স-মেন’ এবং ‘স্টার ট্রেক’-এর অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। ছয় দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন এই ব্রিটিশ তারকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তার নিজ বাড়িতে মৃত্যু ঘটে প্যাট্রিক স্টুয়ার্টের। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৬ বছর।

একটি বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে আলঝেইমার রোগ এবং লিউই বডি ডিমেনশিয়ায় ভুগছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট। মৃত্যুর শেষ সময়ে তার পাশে ছিলেন স্ত্রী সানি ওজেল।

আরও পড়ুন: ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের ভালোবাসা, সংগীত, প্রার্থনা, হাসি-কান্নার মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি তার জীবনের শেষ দিনগুলো। তবে কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুর সংবাদে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে স্যার ইয়ান ম্যাকেলান তাকে ‘প্রজন্মের সবচেয়ে সম্মানিত ও প্রিয় অভিনেতা’ হিসেবে অভিহিত করেছেন। ভক্তরা হলিউড বুলেভার্ডের ওয়াক অফ ফেমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।

অভিনয়ের পাশাপাশি মানবাধিকার, পারিবারিক সহিংসতার শিকার মানুষ, শরণার্থী এবং প্রাণিকল্যাণের পক্ষে কাজ করেছেন প্যাট্রিক স্টুয়ার্ট। তিনি স্ত্রী সানি ওজেল এবং আগের সংসারের দুই সন্তান ড্যানিয়েল ও সোফিকে রেখে গেছেন।

১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্মগ্রহণ করেন প্যাট্রিক স্টুয়ার্ট। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে যুক্ত হন ব্রিটেনের খ্যাতনামা রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে। মঞ্চে দীর্ঘদিন অভিনয় করে তিনি প্রতিষ্ঠা পান একজন দক্ষ অভিনেতা হিসেবে।

আরও পড়ুন: ১২টি তাল বাজিয়ে রেকর্ড গড়লো স্বরশ্রী হেগড়ে

১৯৮৭ সালে ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। এরপর একে একে অভিনয় করেন ‘এক্স-মেন’, ‘লোগান’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র মতো প্রজেক্টে।

ব্রিটিশ মঞ্চ থেকে ব্রডওয়ে পর্যন্ত বিস্তৃত ছিল তার অভিনয়জীবন। মঞ্চ ও পর্দায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন। এরপর থেকেই অভিনেতার নামের আগে ‘স্যার’ শব্দটি যুক্ত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার ফুড, আবেদন ৯ নভেম্বর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার ফুড, আবেদন ৯ নভেম্বর পর্যন্ত

স্কয়ার গ্রুপের অধীনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ‘ট্রেড ক্যাটাগরি এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং এটি চলবে ৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করার সুযোগ রয়েছে। তবে প্রার্থীদের জন্য একটি শর্ত রয়েছে, তা হলো স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৬

আবেদন পদ্ধতি: অনলাইনে

কর্মস্থল হিসেবে ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলাম গ্রহণ করে মার্কিন তরুণী: ‘যা খুঁজছিলাম, সব পেয়ে গেছি’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


ইসলাম গ্রহণ করে মার্কিন তরুণী: ‘যা খুঁজছিলাম, সব পেয়ে গেছি’

এক মার্কিন তরুণী ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়ে আত্মিক শান্তি ও জীবনের প্রকৃত পথ খুঁজে পাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। পবিত্র ইসলাম গ্রহণের পর তিনি বলেন, ‘জীবনজুড়ে আমি যা খুঁজছিলাম, তার সবই ইসলামে এসে খুঁজে পেয়েছি।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় ওই তরুণীকে হিজাব পরিহিত অবস্থায় তার ইসলাম গ্রহণের অভিযাত্রা শেয়ার করতে দেখা যায়।

ভিডিওতে ওই মার্কিন তরুণী জানান, দীর্ঘ সময় ধরে তিনি জীবনের প্রকৃত অর্থ ও আত্মিক প্রশান্তির সন্ধান করছিলেন। নানা পথ পরিক্রমার পর ইসলাম এবং এর জীবনদর্শনের মুখোমুখি হন তিনি। ইসলামের বিধান, শৃঙ্খলিত জীবনযাপন এবং সৃষ্টিকর্তার একত্ববাদের যে শিক্ষা, তা তার মন ও আত্মাকে গভীরভাবে স্পর্শ করে।

তিনি আরও উল্লেখ করেন, ইসলাম গ্রহণ করার পর থেকে তার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। পূর্বে যে শূন্যতা কাজ করত, তা এখন ঈমানের আলোয় পরিপূর্ণ। পবিত্র কুরআন ও মহানবী (সা.)-এর জীবনদর্শনের অনুসরণ তাকে এক অমলিন মানসিক প্রশান্তি ও সত্যের দিশা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পরপরই তা ব্যাপক সাড়া ফেলে এবং অসংখ্য নেটিজেন ওই তরুণীকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন।

জানা যায়, ইসলাম গ্রহণ করে জীবনের নতুন অধ্যায় শুরু করা সেই আমেরিকান তরুণীর নাম এরিকা স্ল্যাটারি। খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা এরিকা দীর্ঘদিন ধরেই জীবনের প্রকৃত অর্থ ও আত্মিক প্রশান্তির সন্ধান করছিলেন।

একপর্যায়ে বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য মেসেজ’ (The Message) দেখার পর ইসলামের প্রতি তার গভীর কৌতূহল ও আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সহযোগিতায় তিনি পবিত্র কুরআন অধ্যয়ন শুরু করেন। কুরআনের অনুশাসন ও সৃষ্টি তত্ত্বের সুস্পষ্ট ব্যাখ্যা তার হৃদয় স্পর্শ করে, যা তাকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে।

ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতি ও বদলে যাওয়া জীবনের গল্প টিকটক ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে প্রকাশ করেন এরিকা। তার এই আবেগঘন বার্তা ও অভিজ্ঞতা বর্তমানে নেটদুনিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির বাধায় আগেই চা বিরতি, ব্যাটিং ধসে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


বৃষ্টির বাধায় আগেই চা বিরতি, ব্যাটিং ধসে বাংলাদেশ

মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচে বৃষ্টির কারণে বাধা সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের আগেই চা বিরতি নেওয়া হয়েছে বৃষ্টির কারণে। যদিও বিরতির আগে ব্যাট হাতে বাংলাদেশ সুবিধা করতে পারেনি, তবে বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেশনে তারা দ্রুত ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে গেছে।

প্রথম ইনিংসে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করে ২৭ রানের লিড অর্জন করেছিল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের শুরুটা ভালোই ছিল। কিন্তু ১ উইকেটে ২৮ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করার পর বাংলাদেশ দ্রুত বিপর্যয়ে পড়ে।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫ রানের ব্যবধানে বাংলাদেশ আরও ৩ উইকেট হারায়। ফলে ১ উইকেটে ২৮ রান থেকে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩৩। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান। রোস্টন চেজ ৩টি এবং শামার জোসেফ ১টি উইকেট নেন।

বর্তমানে বাংলাদেশের লিড ৬১ রান, এবং হাতে রয়েছে ৬ উইকেট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতির কথা জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতির কথা জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন। তবে তিনি একই সাথে উল্লেখ করেছেন যে, তার দেশ পশ্চিমা বিশ্বের সঙ্গে কোনো যুদ্ধের ইচ্ছা রাখে না। এই তথ্যটি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে ফোনালাপের পর পুতিন এসব মন্তব্য করেন। তিনি জানান, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেগুলোর তিনি সমর্থন করেন। তবে তিনি সতর্ক করে বলেন, যদি উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কোনো পক্ষই বিজয়ী হতে পারবে না।

পশ্চিমা দেশগুলো ২০৩০ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ তুলে পুতিন বলেন, ‘আমরা প্রস্তুত, তবে ইউরোপের সঙ্গে কোনো সংঘাত চাই না। তবে যদি তাদের কেউ যুদ্ধের প্রস্তুতি নিতে চায়, তাহলে তারা তা করতে পারে।’ তিনি আরও দাবি করেন, পশ্চিমারা রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করার যে লক্ষ্য নিয়েছিল, তা অর্জনে তারা ব্যর্থ হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ফিনল্যান্ড ও নরওয়ের দুই শীর্ষ নেতার সঙ্গে ফোনে আলাপ করেন পুতিন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় নেতাদের উদ্যোগে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে এবং এটি সঠিক পথে এগোনোর একটি ইতিবাচক পদক্ষেপ।

যদিও রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ না চাওয়ার কথা বলছে, তবে বিভিন্ন ‘হাইব্রিড’ হামলার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো ও ন্যাটোর সামরিক সক্ষমতা পরীক্ষা করার ধারণা রয়েছে। এর মধ্যে প্রতিবেশী দেশগুলোতে ড্রোন বিস্ফোরণের ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, ন্যাটোর জোরালো প্রতিক্রিয়া যাচাই করতে কয়েক সপ্তাহের মধ্যে মস্কো জোটটির পূর্বাঞ্চলীয় সীমান্তে হামলা চালাতে পারে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, বাল্টিক অঞ্চলের কোনো দেশে ছোট পরিসরে স্থল অভিযান চালিয়ে অথবা পূর্ব ইউরোপজুড়ে সাইবার হামলা চালিয়ে পুতিন নতুন করে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারেন।

দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউক্রেনের সঙ্গে পরবর্তী দফার শান্তি আলোচনায় পূর্ব ইউরোপে ন্যাটোর বিস্তার ঠেকানোর এবং জোটটির উপস্থিতি কমানোর দাবি জানাবে রাশিয়া। পুতিন এই সম্প্রসারণকে বর্তমান যুদ্ধের মূল কারণ হিসেবে মনে করেন। এর অংশ হিসেবে পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও ফিনল্যান্ড থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের দাবি উঠতে পারে।

এদিকে, রুশ হুমকির মুখে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশটির শত্রুরা হামলা চালানোর মতো শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে।

দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক নিবন্ধে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি ঠেকাতে হলে আমাদের সেই পরিস্থিতির জন্য উপযুক্ত প্রস্তুতি নিতে হবে। এর অর্থ হলো নিজেদের সামরিক সক্ষমতা এতটা বাড়ানো, যাতে প্রতিপক্ষ হামলার সিদ্ধান্ত নেয়ার আগে অন্তত দুবার ভাবে। আর তাতে কাজ না হলে ব্রিটেন যেন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত থাকে, তা নিশ্চিত করতে হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%