ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হলো ২ বিদেশি পিস্তল


ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হলো ২ বিদেশি পিস্তল

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিদেশি দুই পিস্তল, চারটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অনুপ্রবেশ প্রতিরোধে বিশেষ অভিযান চলাকালীন টহলদল এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি তার হাতে থাকা ব্যাগটি ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ, দৃঢ় ও প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় ফেনী ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদের দিকে হুতিদের ছোড়া ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


রিয়াদের দিকে হুতিদের ছোড়া ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে যে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার সময় আকাশে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি’র খবর প্রকাশিত হয়েছে।

রোববার, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি একটি পোস্টে উল্লেখ করেন, ‘হুতি সন্ত্রাসী মিলিশিয়াদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে।’

তিনি আরও জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দুটি ড্রোনও ধ্বংস করেছে।

সৌদি নেতৃত্বাধীন এই সামরিক জোট ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি সমর্থন জানিয়ে হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে জ্বালানি ও পরিবহন অবকাঠামো, সামরিক স্থাপনা এবং রিয়াদের আর্থিক বাণিজ্যিক এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।

সৌদি রাজধানী রিয়াদ এবং শহরটির আন্তর্জাতিক বিমানবন্দরও বিভিন্ন সময়ে হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

গত রোববার রিয়াদের আর্থিক এলাকায় সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি বহুতল ভবনে হুতি বিদ্রোহীদের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে দেশটিতে পরিচালিত হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৩ জন বিমানবন্দরগুলোতে হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, ইয়েমেনের যেসব এলাকা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে, সেসব এলাকায় প্রায়ই সৌদি বিমান হামলার খবর প্রকাশ করে আসছে বিদ্রোহী গোষ্ঠীটি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্মে চার বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইয়েমেনে এক হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। একই সময়ে তিন লাখেরও বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপকূলে জেঁকে বসেছে শীত, জনজীবনে সমস্যা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


উপকূলে জেঁকে বসেছে শীত, জনজীবনে সমস্যা

বরগুনা–পটুয়াখালীসহ দেশের উপকূলজুড়ে কার্তিকের শেষ সপ্তাহে হঠাৎ করেই শীত জেঁকে বসেছে। গত তিন-চার দিন ধরে রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা এবং হিমেল হাওয়া জনজীবনে শীতের অনুভূতি আরো বাড়িয়ে তুলছে। পুরো উপকূলীয় অঞ্চলে বইছে উত্তরের ঠাণ্ডা বাতাস, যা যেন আগাম শীতের বার্তা নিয়ে এসেছে প্রকৃতি।

উপকূলীয় এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বললে তারা জানান, রাত নামলেই তীব্র শীত অনুভূত হচ্ছে। ভোরের দিকে কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে রাস্তাঘাট, ফলে দৃষ্টিসীমা কমে যাচ্ছে।

মাছ ধরার নৌকার মাঝিরা জানান, ভোরের দিকে নদীতে কুয়াশার চাদর পড়ে যোগাযোগে সমস্যা তৈরি হচ্ছে। যদিও দিনের বেলায় রোদ উঠছে, কিন্তু ঠাণ্ডা বাতাসের কারণে গরম কাপড় ছাড়া বের হওয়া বেশ কষ্টকর হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, গত এক সপ্তাহ ধরে বরগুনার বেতাগী পৌর শহরে শীত আগাম বসে যাওয়ায় নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। ভোরে রিকশাচালক, দিনমজুর, কৃষিজীবী ও জেলেরা কাজ করতে গিয়ে শীতে কাঁপছেন। ফুটপাতের খাবারের দোকানগুলোতে বেড়েছে গরম চা-কফির চাহিদা। অন্যদিকে, শিশুরা ও বয়স্কদের ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানানো হয়েছে, ইতিমধ্যে সর্দি-কাশি, জ্বর এবং শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপকূলে উত্তর দিক থেকে বইতে থাকা শুষ্ক ও ঠাণ্ডা বাতাসের কারণে তাপমাত্রা কমে যাচ্ছে। শনিবার বরিশালের রাতের তাপমাত্রা ছিল ১৮ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে।

শীতের আগমনে কৃষক সমাজ কিছুটা স্বস্তি পেলেও ভোরের শিশিরে ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে নাব্যতা কমে যাওয়ায় নদীপথে নৌযান চলাচলেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ আমারুল্লাহ বলেন, ‘শিশুদের ঠাণ্ডা জাতীয় কোনো খাবার খেতে দেওয়া যাবে না। হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজারো রায়ের জীবন্ত আর্কাইভ, সুপ্রিম কোর্টের চারটি লাইব্রেরি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


হাজারো রায়ের জীবন্ত আর্কাইভ, সুপ্রিম কোর্টের চারটি লাইব্রেরি

॥ এস এম আশিকুজ্জামান ॥

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : দেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিচারিক কার্যক্রমে নীরব কিন্তু অপরিহার্য ভূমিকা পালন করছে চারটি সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে। এই লাইব্রেরিগুলোতে রয়েছে হাজারো ঐতিহাসিক রায়, দেশি-বিদেশি ল’ রিপোর্টস, জার্নাল এবং দুর্লভ আইনি বইয়ের দুই লক্ষাধিক সংগ্রহ, যা বিচারপতি ও আইনজীবীদের জন্য একটি জীবন্ত আর্কাইভ হিসেবে কাজ করছে।

বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বিচারপতিদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং আইনজীবীদের জন্য আইনি যুক্তি ও রেফারেন্স উপস্থাপনে এই লাইব্রেরিগুলো গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করে। সুপ্রিম কোর্ট কেন্দ্রিক চারটি লাইব্রেরি হলো— আপিল বিভাগ লাইব্রেরি, হাইকোর্ট জাজেস লাইব্রেরি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি লাইব্রেরি এবং অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরি।

আপিল বিভাগ লাইব্রেরিতে নানা দেশের সংবিধান

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লাইব্রেরির লাইব্রেরিয়ান মো. নাসিরুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, এই লাইব্রেরিটি সুপ্রিম কোর্টের মূল ভবনের তিনটি কক্ষে পরিচালিত হচ্ছে এবং বর্তমানে এখানে বই, জার্নাল ও ল’ রিপোর্টস মিলিয়ে প্রায় ২৫ হাজার সংগ্রহ রয়েছে।

এগুলোর মধ্যে ঢাকা ল’ রিপোর্টস (ডিএলআর), বাংলাদেশ লিগ্যাল ডিসিশনস (বিএলডি), বাংলাদেশ ল’ টাইমস (বিএলটি), বাংলাদেশ ল’ ক্রনিকলস (বিএলসি), মেইনস্ট্রিম ল’ রিপোর্টস (এমএলআর), অ্যাপিলেট ল’ রিপোর্টস (এএলআর), অল ইংল্যান্ড ল’ রিপোর্টস (অল ইআর) এবং কলকাতা উইকলি নোটস (সিডব্লিউএন) উল্লেখযোগ্য। এছাড়া, এখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান সংরক্ষিত রয়েছে। আপিল বিভাগের বিচারপতিরা তাদের বিচারিক কার্যক্রমে এই লাইব্রেরির ল’ রিপোর্টস ও বই থেকে প্রয়োজনীয় রায় এবং রেফারেন্স ব্যবহার করেন।

হাইকোর্ট জাজেস লাইব্রেরিতে লক্ষাধিক সংগ্রহ

সুপ্রিম কোর্টের মূল ভবনের একটি ও এনেক্স ভবনের আরেকটি কক্ষ নিয়ে পরিচালিত হচ্ছে ‘হাইকোর্ট জাজেস লাইব্রেরি’। লাইব্রেরিয়ান মোহাম্মদ আবদুল মোমেন বাসস’কে জানান, এই লাইব্রেরিতে প্রায় ১ লাখ ১০ হাজার বই ও নথিপত্রের সংগ্রহ রয়েছে, যার মধ্যে শত বছরের পুরোনো ঐতিহাসিক রায়ের সংগ্রহও বিদ্যমান। হাইকোর্টের বিচারিক কার্যক্রমে বিচারপতিদের চাহিদা অনুযায়ী এখান থেকে নিয়মিত ল’ রিপোর্টস, জাজমেন্ট ও আইনি বই সরবরাহ করা হয়।

প্রতিদিন বই ইস্যু-রিটার্ন করেন প্রায় এক হাজার আইনজীবী

প্রায় ৭০ হাজার বই ও জার্নালের সংগ্রহ নিয়ে সমৃদ্ধ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লাইব্রেরি। সমিতির লাইব্রেরিয়ান মো. এহসানুল হক বাসস’কে জানান, প্রতিদিন প্রায় এক হাজার আইনজীবী এখান থেকে তাদের প্রয়োজনীয় বই ও ল’ রিপোর্টস ইস্যু এবং ফেরত (রিটার্ন) করেন।

লাইব্রেরির দুটি রিডিং রুমে বসে পড়াশোনার পাশাপাশি আইনজীবীদের জন্য প্রয়োজনীয় আইন বা আদালতের সিদ্ধান্ত ফটোকপি করে নেওয়ার সুবিধা রয়েছে। এ ছাড়া অনলাইন সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ বিভিন্ন দেশের আদালতের রায় ও আইন এখান থেকে সহজেই সংগ্রহ করতে পারেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের জন্য রয়েছে ‘অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরি’। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট মো. হাসিবুর রহমান বাসসকে জানান, এখানে ৩৭ হাজারের বেশি বই ও ল' রিপোর্টসের সংগ্রহ রয়েছে। কেবল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারাই এই লাইব্রেরি ব্যবহারের সুযোগ পান। তারা এখানে বসে পড়াশোনা করার পাশাপাশি প্রয়োজনীয় বই ইস্যু এবং নথিপত্র ফটোকপি করে নিতে পারেন।

আইনজীবীর জীবন ও লাইব্রেরি অঙ্গাঙ্গিকভাবে জড়িত

আদালত অঙ্গনের লাইব্রেরির গুরুত্ব প্রসঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাসস’কে বলেন, ‘আইনজীবীদের সারাটা জীবনই শিক্ষাজীবন; এই পেশায় জানার কোনো বিকল্প নেই। বিচারপ্রার্থীকে সঠিক আইনি প্রতিকার দিতে হলে একজন আইনজীবীকে নিয়মিত আইন চর্চা ও গবেষণা করতে হয় এবং আদালতে প্রাসঙ্গিক রেফারেন্স উপস্থাপন করতে হয়। এক্ষেত্রে লাইব্রেরি অপরিহার্য।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে তথ্যপ্রযুক্তির কল্যাণে অনলাইনে আইনের রেফারেন্স বা নজির পাওয়া গেলেও প্রচলিত লাইব্রেরিতে বসে পড়ার তৃপ্তি সেখানে মেলে না। লাইব্রেরিতে সশরীরে উপস্থিত হয়ে পড়াশোনা করলে জ্ঞানের পরিধি অনেক বেশি সমৃদ্ধ হয়। মূলত একজন আইনজীবীর জীবন লাইব্রেরির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত।’

চার লাইব্রেরিতে ১ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ

সংশ্লিষ্ট চারটি লাইব্রেরির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে বইপত্র ও জার্নাল কেনার জন্য এই চার লাইব্রেরিতে মোট ১ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে হাইকোর্ট জাজেস লাইব্রেরির জন্য সর্বোচ্চ ৭৫ লাখ টাকা, অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরির জন্য ৩৭ লাখ টাকা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি লাইব্রেরির জন্য ৩৫ লাখ টাকা এবং আপিল বিভাগ লাইব্রেরির জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে ১৩টি বসতঘর পুড়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


গাজীপুরে হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে ১৩টি বসতঘর পুড়ে গেছে

গাজীপুরের শ্রীপুরে একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে দুবাই প্রবাসী নিশাত ঢালীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল এবং দোকান পুড়ে গেছে।

এটি ঘটে রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে। তবে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিশাত ঢালীর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে দুবাই প্রবাসী নিশাত ঢালী ১৩টি বসতঘর এবং দুটি দোকানসহ এই বাড়িটি ক্রয় করেন। ঘরগুলো স্থানীয় বিভিন্ন গার্মেন্টস্ কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল এবং দোকানের একটিতে খাবার হোটেল পরিচালিত হচ্ছিল। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ভাড়া দেওয়া খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন মুহূর্তের মধ্যে পেছনে থাকা বসতবাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।

আগুনে প্রতিটি বসতঘর এবং ঘরে থাকা আসবাবপত্র সম্পূর্ণরূপে পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, খবর পাওয়ার পর শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%