১২:৫৬ পি.এম
॥ এস এম আশিকুজ্জামান ॥
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : দেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিচারিক কার্যক্রমে নীরব কিন্তু অপরিহার্য ভূমিকা পালন করছে চারটি সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে। এই লাইব্রেরিগুলোতে রয়েছে হাজারো ঐতিহাসিক রায়, দেশি-বিদেশি ল’ রিপোর্টস, জার্নাল এবং দুর্লভ আইনি বইয়ের দুই লক্ষাধিক সংগ্রহ, যা বিচারপতি ও আইনজীবীদের জন্য একটি জীবন্ত আর্কাইভ হিসেবে কাজ করছে।
বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বিচারপতিদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং আইনজীবীদের জন্য আইনি যুক্তি ও রেফারেন্স উপস্থাপনে এই লাইব্রেরিগুলো গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করে। সুপ্রিম কোর্ট কেন্দ্রিক চারটি লাইব্রেরি হলো— আপিল বিভাগ লাইব্রেরি, হাইকোর্ট জাজেস লাইব্রেরি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি লাইব্রেরি এবং অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরি।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
আপিল বিভাগ লাইব্রেরিতে নানা দেশের সংবিধান
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লাইব্রেরির লাইব্রেরিয়ান মো. নাসিরুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, এই লাইব্রেরিটি সুপ্রিম কোর্টের মূল ভবনের তিনটি কক্ষে পরিচালিত হচ্ছে এবং বর্তমানে এখানে বই, জার্নাল ও ল’ রিপোর্টস মিলিয়ে প্রায় ২৫ হাজার সংগ্রহ রয়েছে।
এগুলোর মধ্যে ঢাকা ল’ রিপোর্টস (ডিএলআর), বাংলাদেশ লিগ্যাল ডিসিশনস (বিএলডি), বাংলাদেশ ল’ টাইমস (বিএলটি), বাংলাদেশ ল’ ক্রনিকলস (বিএলসি), মেইনস্ট্রিম ল’ রিপোর্টস (এমএলআর), অ্যাপিলেট ল’ রিপোর্টস (এএলআর), অল ইংল্যান্ড ল’ রিপোর্টস (অল ইআর) এবং কলকাতা উইকলি নোটস (সিডব্লিউএন) উল্লেখযোগ্য। এছাড়া, এখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান সংরক্ষিত রয়েছে। আপিল বিভাগের বিচারপতিরা তাদের বিচারিক কার্যক্রমে এই লাইব্রেরির ল’ রিপোর্টস ও বই থেকে প্রয়োজনীয় রায় এবং রেফারেন্স ব্যবহার করেন।
হাইকোর্ট জাজেস লাইব্রেরিতে লক্ষাধিক সংগ্রহ
আরও পড়ুন: কক্সবাজারে বনবিভাগের অভিযানে ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ
সুপ্রিম কোর্টের মূল ভবনের একটি ও এনেক্স ভবনের আরেকটি কক্ষ নিয়ে পরিচালিত হচ্ছে ‘হাইকোর্ট জাজেস লাইব্রেরি’। লাইব্রেরিয়ান মোহাম্মদ আবদুল মোমেন বাসস’কে জানান, এই লাইব্রেরিতে প্রায় ১ লাখ ১০ হাজার বই ও নথিপত্রের সংগ্রহ রয়েছে, যার মধ্যে শত বছরের পুরোনো ঐতিহাসিক রায়ের সংগ্রহও বিদ্যমান। হাইকোর্টের বিচারিক কার্যক্রমে বিচারপতিদের চাহিদা অনুযায়ী এখান থেকে নিয়মিত ল’ রিপোর্টস, জাজমেন্ট ও আইনি বই সরবরাহ করা হয়।
প্রতিদিন বই ইস্যু-রিটার্ন করেন প্রায় এক হাজার আইনজীবী
প্রায় ৭০ হাজার বই ও জার্নালের সংগ্রহ নিয়ে সমৃদ্ধ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লাইব্রেরি। সমিতির লাইব্রেরিয়ান মো. এহসানুল হক বাসস’কে জানান, প্রতিদিন প্রায় এক হাজার আইনজীবী এখান থেকে তাদের প্রয়োজনীয় বই ও ল’ রিপোর্টস ইস্যু এবং ফেরত (রিটার্ন) করেন।
লাইব্রেরির দুটি রিডিং রুমে বসে পড়াশোনার পাশাপাশি আইনজীবীদের জন্য প্রয়োজনীয় আইন বা আদালতের সিদ্ধান্ত ফটোকপি করে নেওয়ার সুবিধা রয়েছে। এ ছাড়া অনলাইন সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ বিভিন্ন দেশের আদালতের রায় ও আইন এখান থেকে সহজেই সংগ্রহ করতে পারেন আইনজীবীরা।
আরও পড়ুন: কুড়িগ্রামে ৭ জন গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের জন্য রয়েছে ‘অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরি’। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট মো. হাসিবুর রহমান বাসসকে জানান, এখানে ৩৭ হাজারের বেশি বই ও ল' রিপোর্টসের সংগ্রহ রয়েছে। কেবল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারাই এই লাইব্রেরি ব্যবহারের সুযোগ পান। তারা এখানে বসে পড়াশোনা করার পাশাপাশি প্রয়োজনীয় বই ইস্যু এবং নথিপত্র ফটোকপি করে নিতে পারেন।
আইনজীবীর জীবন ও লাইব্রেরি অঙ্গাঙ্গিকভাবে জড়িত
আদালত অঙ্গনের লাইব্রেরির গুরুত্ব প্রসঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাসস’কে বলেন, ‘আইনজীবীদের সারাটা জীবনই শিক্ষাজীবন; এই পেশায় জানার কোনো বিকল্প নেই। বিচারপ্রার্থীকে সঠিক আইনি প্রতিকার দিতে হলে একজন আইনজীবীকে নিয়মিত আইন চর্চা ও গবেষণা করতে হয় এবং আদালতে প্রাসঙ্গিক রেফারেন্স উপস্থাপন করতে হয়। এক্ষেত্রে লাইব্রেরি অপরিহার্য।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে তথ্যপ্রযুক্তির কল্যাণে অনলাইনে আইনের রেফারেন্স বা নজির পাওয়া গেলেও প্রচলিত লাইব্রেরিতে বসে পড়ার তৃপ্তি সেখানে মেলে না। লাইব্রেরিতে সশরীরে উপস্থিত হয়ে পড়াশোনা করলে জ্ঞানের পরিধি অনেক বেশি সমৃদ্ধ হয়। মূলত একজন আইনজীবীর জীবন লাইব্রেরির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত।’
আরও পড়ুন: ময়মনসিংহে ৮ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে বালু ব্যবসার বিরোধ
চার লাইব্রেরিতে ১ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ
সংশ্লিষ্ট চারটি লাইব্রেরির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে বইপত্র ও জার্নাল কেনার জন্য এই চার লাইব্রেরিতে মোট ১ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে হাইকোর্ট জাজেস লাইব্রেরির জন্য সর্বোচ্চ ৭৫ লাখ টাকা, অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরির জন্য ৩৭ লাখ টাকা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি লাইব্রেরির জন্য ৩৫ লাখ টাকা এবং আপিল বিভাগ লাইব্রেরির জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন