০৫:১০ পি.এম
বাংলাদেশের প্রযুক্তিপণ্য ব্র্যান্ড কিউসিওয়াইয়ের (QCY) নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। একই সাথে, আইটেক স্মার্ট লিমিটেড, যা কিউসিওয়াইয়ের পরিবেশক, ঘোষণা করেছে যে, পণ্যের ওয়ারেন্টির মেয়াদ ১২ মাস থেকে বৃদ্ধি করে ১৮ মাস করা হয়েছে।
এই ঘোষণা মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘পাওয়ারিং দ্য নেক্সট ওয়েভ’ শীর্ষক অনুষ্ঠানে দেওয়া হয়। অনুষ্ঠানে তৌসিফ মাহবুবের সঙ্গে এক বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করে আইটেক স্মার্ট লিমিটেড।
অনুষ্ঠানে কিউসিওয়াই এবং আইটেক স্মার্ট লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের রিসেলার, ডিলার, প্রযুক্তিবিষয়ক সাংবাদিক, ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এআইকে গালি দিলেই নিজের পায়ে কুড়াল, বলছে গবেষণা!
আইটেক স্মার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ মাহাদি মন্তব্য করেন, ‘বাংলাদেশে কিউসিওয়াইয়ের প্রতি গ্রাহকদের আস্থা ও আগ্রহ বেড়েছে। ওয়ারেন্টির মেয়াদ ১৮ মাস করার মাধ্যমে গ্রাহকদের আরও নিশ্চিন্ত ব্যবহারের অভিজ্ঞতা দিতে চাই। একটি ব্র্যান্ড তখনই প্রায় দেড় বছরের ওয়ারেন্টি দেয়, যখন সে জানে তার পণ্যের সক্ষমতা অনেক। আমরা শুধু বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেশেই আনতে চাই না, দেশেও কারখানা করতে কাজ করছি। যেখানে ভবিষ্যতে তৈরি হবে ‘মেড-ইন-বাংলাদেশ’ পণ্য।’
অনুষ্ঠানে কিউসিওয়াইয়ের বিভিন্ন পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে মেলোবাডস ও ক্রসকি সিরিজের ইয়ারবাডস, হেডফোন, পাওয়ার ব্যাংক এবং স্মার্টওয়াচ অন্তর্ভুক্ত ছিল। দর্শনার্থীরা এসব পণ্য সরাসরি দেখার এবং ব্যবহারের মাধ্যমে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।
কিউসিওয়াই চীনের ডংগুয়ান হেলে ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের একটি কনজিউমার ইলেকট্রনিকস ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি মূলত ওয়্যারলেস ইয়ারবাডস, হেডফোন ও অডিও সরঞ্জাম তৈরি করে। পাশাপাশি পাওয়ার ব্যাংক, চার্জার ও স্মার্টওয়াচও বাজারজাত করে।
বাংলাদেশে কিউসিওয়াইয়ের অফিসিয়াল পরিবেশক হিসেবে আইটেক স্মার্ট লিমিটেড কাজ করছে। প্রতিষ্ঠানটি কিউসিওয়াই ছাড়াও আওয়েই, ম্যাকডোডো, উলানজি, কলমি, জিব্লেজ ও সাউন্ডপিটসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড নিয়ে কাজ করছে।
আরও পড়ুন: গুগল লেন্সে ছবি সার্চের সহজ কৌশল প্রকাশিত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন