ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে


হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে

বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর মধ্যে একটি হলো হোয়াটসঅ্যাপ। তবে নিয়মিত ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং অন্যান্য মিডিয়া ফাইলের আদান-প্রদানের ফলে ফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। যখন ফোনের জায়গা কমে যায়, তখন অপ্রয়োজনীয় ফাইল খুঁজে বের করে মুছে ফেলার প্রয়োজন দেখা দেয়।

ব্যবহারকারীদের এই কাজটি সহজ করার জন্য হোয়াটসঅ্যাপে একটি ‘ম্যানেজ স্টোরেজ’ সুবিধা রয়েছে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা দেখতে পারেন কোন ফাইল কত জায়গা দখল করছে, কোন চ্যাটে বেশি মিডিয়া জমা হয়েছে এবং বড় ফাইলগুলো কী। চাইলে একসঙ্গে একাধিক ফাইল মুছে ফোনের জায়গা খালি করা সম্ভব। এছাড়া নির্দিষ্ট কোনো চ্যাট থেকে বেছে বেছে মিডিয়া ফাইলও মুছে ফেলার সুযোগ রয়েছে।

হোয়াটসঅ্যাপ কত জায়গা নিচ্ছে, তা জানার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে ডান পাশের ওপরের তিনটি ডট মেনুতে চাপ দিতে হবে। এরপর ‘সেটিংস’ থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে যেতে হবে। সেখানে ‘ম্যানেজ স্টোরেজ’ নির্বাচন করলে ফোনে হোয়াটসঅ্যাপ কতটুকু জায়গা দখল করে আছে, তা দেখা যাবে।

আরও পড়ুন: ফেলে দেওয়া ফোনে লুকিয়ে আছে ২৪ ক্যারেটের স্বর্ণ, এবার বের হবে সহজেই

নির্দিষ্ট কোনো চ্যাটের স্টোরেজও পরীক্ষা করা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট চ্যাট খুলে ওপরে থাকা চ্যাটের নামের ওপর চাপ দিতে হবে। এরপর ‘ম্যানেজ স্টোরেজ’ নির্বাচন করলে ওই চ্যাটের মিডিয়া ফাইলগুলো সবচেয়ে বড় থেকে ছোট আকারের ক্রমানুসারে দেখা যাবে।

অপ্রয়োজনীয় ফাইল মুছবেন যেভাবে

স্টোরেজ খালি করার জন্য আবার ‘সেটিংস’ থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ এবং ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে যেতে হবে। এরপর নির্দিষ্ট চ্যাট বা চ্যানেল নির্বাচন করে যেসব ফাইল মুছতে চান, সেগুলোতে আলাদাভাবে চাপ দিয়ে নির্বাচন করা যাবে। একসঙ্গে সব ফাইল মুছতে ‘সিলেক্ট অল’ নির্বাচন করতে হবে। এরপর ‘ডিলিট’ চাপলেই ফাইলগুলো মুছে যাবে।

তবে সতর্ক থাকতে হবে, এভাবে মুছে ফেলা ফাইল স্থায়ীভাবে মুছে যেতে পারে। সংশ্লিষ্ট চ্যাট থেকে পরে সেগুলো আবার ডাউনলোড করা সম্ভব হবে না। এছাড়া ফাইল মুছলে তা শুধু নিজের অ্যাকাউন্ট থেকে সরবে; চ্যাটের অন্য সদস্যরা ফাইলটি দেখতে পারবেন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!

সার্চ করেও ফাইল মুছতে পারবেন

চ্যাট তালিকার ওপরের সার্চ বারে চাপ দিয়ে ছবি, ভিডিও বা ডকুমেন্ট খুঁজে বের করা যায়। এরপর যে ফাইলটি মুছতে চান, সেটি খুলে ‘ডিলিট’ অপশনে চাপ দিতে হবে।

মনে রাখতে হবে, কোনো ফাইলের একাধিক কপি থাকলে ফোনের জায়গা পুরোপুরি খালি করতে সব কপি মুছে ফেলতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন: গবেষকদের জন্য এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস দিচ্ছে ওপেন এআই

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে মা ও ছেলেকে হত্যার দায়ে শাহ আলমের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


নাটোরে মা ও ছেলেকে হত্যার দায়ে শাহ আলমের মৃত্যুদণ্ড

নাটোরে মা ও শিশুসন্তানকে গলা কেটে হত্যা এবং বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার দায়ে মো. শাহ আলম (৩০) নামের এক যুবককে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে, তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার অন্য একটি ধারায়, শাহ আলমকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া, মামলার অপর আসামি মো. সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পলাতক আসামি মো. মিন্টুকে খালাস দিয়েছে আদালত।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মো. শাহ আলম নাটোর সদর উপজেলার দস্তানাবাদ কুমারদহ এলাকার বাসিন্দা এবং মামলার বাদী মো. শাহাদৎ সর্দারের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. সোহাগ একই এলাকার মো. আশরাফের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, দস্তানাবাদ কুমারদহ এলাকার বীজ ব্যবসায়ী শাহাদৎ সর্দারের ছেলে শাহ আলম মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই জমি বিক্রি করতে পরিবারকে চাপ দিতেন। বাবা একবার আট শতাংশ জমি বিক্রি করে টাকা দিলেও তার চাপ থামেনি।

২০১৭ সালের ১৯ নভেম্বর সন্ধ্যায়, শাহ আলম তার মা বিলকিস বেগম এবং নিজের ১১ বছর বয়সি ছেলে মো. আলিফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। ওই সময়, বাবা শাহাদৎ সর্দার রাজশাহীর ঝলমলিয়া হাট থেকে বাড়ি ফিরে ফটকে ডাকাডাকি করলে শাহ আলম ধারালো দা নিয়ে ধাওয়া করে তাকেও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তিনি প্রাণে বেঁচে যান।

এ ঘটনায় শাহাদৎ সর্দার বাদী হয়ে নাটোর সদর থানায় ছেলে শাহ আলমের বিরুদ্ধে স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগে মামলা করেন। পুলিশ শাহ আলমকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত এ রায় দেন।

নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর বলেন, রায় ঘোষণার সময় আসামি শাহ আলম ও সোহাগ আদালতে উপস্থিত ছিলেন। বিচারকের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পা টেপানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর ধর্ষণের অভিযোগে আটক তাজেল তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


পা টেপানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর ধর্ষণের অভিযোগে আটক তাজেল তালুকদার

দিনাজপুরের হিলিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত তাজেল তালুকদার (৫৫) কে পুলিশ আটক করেছে।

শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার নিজবাড়ি থেকে পুলিশ অভিযুক্তকে আটক করে।

মামলার এজাহার অনুযায়ী, শিশুটির মা জীবিকার কারণে সৌদি আরবে অবস্থান করছেন, এবং শিশুর বাবা ঢাকায় থাকেন।

এ কারণে শিশুটি তার দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করছিল। অভিযুক্ত ব্যক্তি শিশুটির মামা, এবং তারা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করতেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) রাতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন অভিযুক্ত।

সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়। শিশুটির দাদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুর ডায়াবেটিস নিয়ে ভুল ধারণা বিপদ ডেকে আনতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


শিশুর ডায়াবেটিস নিয়ে ভুল ধারণা বিপদ ডেকে আনতে পারে

শিশুদের ডায়াবেটিস সম্পর্কে অভিভাবকদের মধ্যে প্রচলিত রয়েছে বিভিন্ন ভুল ধারণা। অনেকেই বিশ্বাস করেন যে, অতিরিক্ত চিনি খাওয়া, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস অথবা পরিবারের কারও ডায়াবেটিস থাকলে শিশুর এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তবে চিকিৎসকদের মতে, ডায়াবেটিসের বিভিন্ন ধরনের কারণে এবং ঝুঁকির বিষয়গুলো আলাদা। বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে অতিরিক্ত চিনি খাওয়া বা জীবনযাপনের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই।

চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, রোগটির সঠিক ধারণা না থাকলে শিশুদের ডায়াবেটিস শনাক্ত করতে দেরি হতে পারে এবং চিকিৎসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

১. বেশি চিনি খেলেই শিশুদের ডায়াবেটিস হয় কি?

অনেকের ধারণা, অতিরিক্ত মিষ্টি বা চিনিযুক্ত খাবার খাওয়ার ফলে শিশুদের ডায়াবেটিস হয়। তবে টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে এই ধারণা সঠিক নয়। এই রোগে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে আক্রমণ করে। খাদ্যাভ্যাস বা জীবনযাপন এই রোগের কারণ নয়।

অন্যদিকে, টাইপ-২ ডায়াবেটিস শরীরে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা তৈরি হলে দেখা দেয়। অতিরিক্ত ওজন, বংশগত কারণ এবং শারীরিক পরিশ্রমের অভাব এই রোগের ঝুঁকি বাড়াতে পারে।

২. শুধু অতিরিক্ত ওজনের শিশুদের ডায়াবেটিস হয় কি?

এ ধারণাও ভুল। টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের ওজন স্বাভাবিক, কম কিংবা বেশি হতে পারে। এমনকি শারীরিকভাবে সক্রিয় ও রোগা শিশুরও এই ডায়াবেটিস হতে পারে। আবার বয়ঃসন্ধিকালেও শিশুদের টাইপ-২ ডায়াবেটিস দেখা দিতে পারে। তাই শুধুমাত্র শিশুর শারীরিক গঠন দেখে তার ডায়াবেটিস আছে কি না, তা নির্ধারণ করা সম্ভব নয়।

৩. পরিবারে ডায়াবেটিস না থাকলে শিশুর এ রোগ হবে কি?

পরিবারের কারও ডায়াবেটিস থাকলে শিশুর ঝুঁকি বাড়তে পারে। তবে পারিবারিক ইতিহাস না থাকলেও শিশুদের ডায়াবেটিস হতে পারে। চিকিৎসক সাজিলি মেহতার তথ্যমতে, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৯০ শতাংশ রোগীর পরিবারের অন্য কোনো সদস্যের এই রোগের ইতিহাস থাকে না। তাই পারিবারিক ইতিহাস না থাকলেও শিশুর উপসর্গের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

৪. ডায়াবেটিসের লক্ষণ সব সময় কি স্পষ্ট ?

শিশুদের ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ সমস্যার মতো মনে হতে পারে। ঘন ঘন প্রস্রাব, রাতে বিছানায় প্রস্রাব করা, অস্বাভাবিক তৃষ্ণা, ক্লান্তি এবং হঠাৎ ওজন কমে যাওয়া এর লক্ষণ হতে পারে।

তবে টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে লক্ষণগুলো কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে দ্রুত বাড়তে পারে। রোগ শনাক্তে দেরি হলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। এই অবস্থায় বমি, পেটে ব্যথা, দ্রুত শ্বাস নেওয়া এবং অতিরিক্ত তন্দ্রাভাব দেখা যায়।

৫. রক্তে শর্করা স্বাভাবিক হলে ইনসুলিন বন্ধ করা যায়

টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের নিয়মিত ইনসুলিন নিতে হয়। রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনসুলিন বন্ধ করা যাবে না। সঠিক চিকিৎসা, নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখলে এসব শিশু অন্যদের মতো স্কুলে যেতে, খেলাধুলা করতে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

অভিভাবকরা কখন সতর্ক হবেন

চিকিৎসকরা জানান, শিশুদের ডায়াবেটিসের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, পরিবারের সদস্যরা প্রাথমিক লক্ষণগুলোকে গুরুত্ব না দেওয়া কিংবা চিকিৎসকের কাছে নিতে দেরি করা।

কোনো শিশুর অস্বাভাবিক তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব কিংবা হঠাৎ ওজন কমে গেলে একই দিন রক্তে গ্লুকোজ পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর বমি, গভীর বা দ্রুত শ্বাস নেওয়া কিংবা অস্বাভাবিক তন্দ্রাভাব দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নিতে হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের ৭২০ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১৯-২

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


ভারতের ৭২০ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১৯-২

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : রোববার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে নিউজিল্যান্ড ২ উইকেটে ১১৯ রান সংগ্রহ করেছে। ভারতের প্রথম ইনিংসে রেকর্ড সংগ্রহের পর নিউজিল্যান্ড এখনও ২৩৩ রানে পিছিয়ে রয়েছে। ইনিংস ব্যবধান এড়াতে তাদেরকে আরও দীর্ঘ সময় ব্যাট করতে হবে।

বেসিন রিজার্ভ, ওয়েলিংটনে দিনের খেলা শেষে ডেভন কনওয়ে ৫৯ এবং রাচিন রবীন্দ্র ২৭ রানে অপরাজিত আছেন।

চতুর্থ দিন বিকেলে ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। নিউজিল্যান্ডের মাটিতে এটি টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস সংগ্রহের রেকর্ড।

২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ৬ উইকেটে ৭১৫ রানের ঘোষিত ইনিংসকে ছাড়িয়ে গেছে ভারতের এই সংগ্রহ।

বিদেশের মাটিতে টেস্টে ভারতের এটি সর্বোচ্চ রান এবং টেস্ট ইতিহাসে ১৮তম সর্বোচ্চ ইনিংস।

আগের দিন ৫৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শুরু করা ঋষভ পান্ত ১২৮ রান করে মধ্যাহ্ন বিরতির আগের শেষ বলে আউট হন। বিরতির আগে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৬২৯ রান।

ছোটখাটো গড়নের এই উইকেটকিপার-ব্যাটার গ্লেন ফিলিপসকে লং-অফ দিয়ে ছক্কা মেরে শতরান পূর্ণ করেন। এরপর তিনি হেলমেটে চুমু খেয়ে আকাশের দিকে আঙুল তোলেন।

এটি পান্তের টেস্ট ক্রিকেটে নবম শতক। ইনিংসে তিনি ১০টি চার ও ছয়টি ছক্কা মারেন।

ধ্রুব জুরেল ভারতের শেষ ব্যাটার হিসেবে আউট হন। ফিলিপসের বলে স্টাম্পড হওয়ার আগে তিনি ৭৯ বলে ৭৮ রান করেন।

পান্ত সম্পর্কে জুরেল মন্তব্য করেন, ‘সে অসাধারণ একজন খেলোয়াড়। তার মানসিকতা নিয়ে আমার সব সময়ই কৌতূহল থাকে। যখনই তার সঙ্গে কথা বলি, ব্যাটিং নিয়ে তার ভাবনা জানতে চাই।’

জুরেল আরও বলেন, ‘পান্ত ব্যাটিংয়ে নামলে আমরা ভাবি, সে স্বাভাবিকভাবেই খেলবে। কিন্তু হঠাৎই সে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে কভার কিংবা অন্য কোনো জায়গা দিয়ে বল মাঠের বাইরে পাঠিয়ে দেয়।’

‘সে একেবারেই অন্য রকম একজন খেলোয়াড়।’

দিনের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের দায়িত্ব নেন আনশুল কাম্বোজ। তিনি একের পর এক উঁচুতে তুলে ড্রাইভ ও জোরালো শট খেলেন।

৪২ বলে ৩৮ রান করে কাম্বোজ আউট হন। তার ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কা।

এরপর আক্রমণাত্মক হয়ে ওঠেন পান্ত। তিনি ফিলিপসের বলে বিশাল ছক্কা হাঁকান। বলটি মাঠের বাইরে গিয়ে পাশের ক্যামব্রিজ টেরেস সড়কে পড়ে।

নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই জাসপ্রিত বুমরাহর শিকার হন অধিনায়ক টম ল্যাথাম। প্রথম ইনিংসেও একই বোলারের বলে আউট হওয়ায় এবার তার নামের পাশে যোগ হয় ‘জোড়া’ শূন্য।

প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রান করা হেনরি নিকোলস এবার ৩১ রানে আউট হন। তার ব্যাটের কানায় লেগে বল প্যাডে আঘাত করে ওপরে উঠে গেলে শর্ট লেগে দুর্দান্ত ক্যাচ নেন জুরেল।

এরপর কনওয়ে ও রবীন্দ্র অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে দিন শেষ করেন।

পঞ্চম দিনের আগে নিউজিল্যান্ডের অবস্থান নিয়ে রবীন্দ্র বলেন, ‘ম্যাচে আমরা বেশ পিছিয়ে আছি। আমাদের লক্ষ্য যতটা সম্ভব দীর্ঘ সময় ব্যাট করা। আমরা জানি, উইকেটটি তুলনামূলক ভালো। তাই আশা করছি, দীর্ঘ সময় ধরে নিজেদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারব।’

জুটি ভাঙতে নানা কৌশলে ফিল্ডিং সাজায় ভারত। তারা কাছাকাছি কয়েকজন ফিল্ডার রাখার পাশাপাশি লেগ সাইডে বোলিং করে চাপ তৈরির চেষ্টা করে। ব্যাটারদের চমকে দিতে খন্ডকালীন বোলার দেবদত্ত পাডিক্কালকেও বল তুলে দেওয়া হয়।

ভারতের ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে ১০ ওভার বল করে ৪৪ রানে ২ উইকেট নেন রবীন্দ্র। ফিলিপস ১৫৪ রানে ৩ উইকেট নেন।

নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচ করা বোলার হয়েছেন পেসার জ্যাকব ডাফি। তিনি ৩৩ ওভারে ২০১ রান দিয়ে ১ উইকেট নেন।

টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ভারতের শীর্ষ পাঁচ ব্যাটারের প্রত্যেকেই ৮০ বা তার বেশি রান করেছেন। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ১৩৬ রান করেন লোকেশ রাহুল। জয়সওয়ালের সংগ্রহ ৮৫। পাডিক্কাল করেন ৮০ এবং অধিনায়ক শুভমান গিল করেন ৯৮ রান। এরপর শতক তুলে নেন পান্ত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%