ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এআইকে গালি দিলেই নিজের পায়ে কুড়াল, বলছে গবেষণা!


এআইকে গালি দিলেই নিজের পায়ে কুড়াল, বলছে গবেষণা!

অ্যানথ্রপিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে কথোপকথনে অকারণে অপমানজনক, নিষ্ঠুর বা লাগাতার আক্রমণাত্মক আচরণ নিষিদ্ধ করেছে। প্রতিষ্ঠানটির নতুন ব্যবহারের নীতিমালা ১২ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের পর এআই চ্যাটবটের সঙ্গে মানুষের আচরণ, তাদের অনুভূতি আছে কি না এবং ব্যবহারকারীর ভাষা উত্তরের মানকে কতটা প্রভাবিত করে, তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

এ সংক্রান্ত একটি প্রতিবেদন টেকরাডার প্রকাশ করেছে।

অ্যানথ্রপিকের এই সিদ্ধান্তের পেছনে চ্যাটবটের প্রতি নৈতিক বিবেচনা কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটি এর আগে ভবিষ্যতের এআই সিস্টেমের সম্ভাব্য অনুভূতি ও নৈতিক মর্যাদা নিয়ে গবেষণা করেছে। ফলে নতুন নীতিমালাকে কেউ কেউ এআইয়ের প্রতি মানবিক আচরণের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।

আরও পড়ুন: গুগল লেন্সে ছবি সার্চের সহজ কৌশল প্রকাশিত

তবে গবেষণায় দেখা গেছে, চ্যাটবটের সঙ্গে খারাপ আচরণ শুধু নৈতিকতার প্রশ্ন নয়, বরং এতে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনাও কমতে পারে।

গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি তিনজন চ্যাটবট ব্যবহারকারীর একজন চ্যাটবটকে গালাগালি করেছেন বা অপমানজনক কথা বলেছেন। এক বছর ধরে ৮০ লাখের বেশি বার্তা বিশ্লেষণ করে এই গবেষণা পরিচালিত হয়।

গবেষণার তথ্য অনুযায়ী, কোনো ব্যবহারকারী চ্যাটবটের উত্তরে অসন্তুষ্ট হয়ে গালাগালি ছাড়াই অভিযোগ জানালে পরবর্তী উত্তরে চ্যাটবট ৩৫ শতাংশ ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পেরেছে। কিন্তু ব্যবহারকারী গালাগালি বা অপমান করলে সমস্যার সমাধানের হার কমে ২৪ শতাংশে নেমে আসে।

কেন অপমানজনক ভাষা ব্যবহারে চ্যাটবটের কার্যকারিতা কমে যায়, সে বিষয়ে গবেষকদের নিশ্চিত ব্যাখ্যা নেই। তবে বিশেষজ্ঞদের ধারণা, কথোপকথনের ধরন ও প্রেক্ষাপট এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে

গবেষণায় চ্যাটবটের প্রতি ব্যবহারকারীদের বিরক্তির প্রধান কারণও উঠে এসেছে। ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী কাজ না করা ১৯ শতাংশ ক্ষেত্রে গালাগালি বা অপমানের কারণ। ভুল উত্তর দেওয়ার কারণে ১৮ শতাংশ এবং ব্যবহারকারীর কথা বুঝতে না পারার কারণে ১৫ শতাংশ ক্ষেত্রে এমন আচরণ দেখা গেছে।

বয়স ও লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষরা চ্যাটবটের সঙ্গে কথোপকথনে প্রায় এক-তৃতীয়াংশ বেশি গালাগালি বা অপমানসূচক শব্দ ব্যবহার করেন। আর ৩৫ থেকে ৪৪ বছর বয়সীরা এ ধরনের ভাষা ব্যবহারে সবচেয়ে এগিয়ে।

গবেষণার ফলাফল বলছে, চ্যাটবটের সঙ্গে ভদ্রভাবে কথা বলা শুধু সামাজিক সৌজন্য নয়, বরং ভালো ও কার্যকর উত্তর পাওয়ার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এআইকে অপমান করে নয়, বরং স্পষ্টভাবে সমস্যার কথা জানিয়ে সংশোধন চাইলে ব্যবহারকারীরা তুলনামূলকভাবে বেশি উপকারী ফল পেতে পারেন।

আরও পড়ুন: ফেলে দেওয়া ফোনে লুকিয়ে আছে ২৪ ক্যারেটের স্বর্ণ, এবার বের হবে সহজেই

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস

গত কয়েক দিনের বৃষ্টির প্রভাবে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড় আবারও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর থেকে ঘন কুয়াশায় আবৃত হয়ে পড়ে এই জেলা। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই।

ভোর থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। এর সাথে হিমালয় থেকে আসা হালকা হিমেল বাতাসও প্রবাহিত হচ্ছে। ঘন কুয়াশার কারণে ভোর থেকে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কোথাও কোথাও সামনের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন কুয়াশার পরিমাণ আরও কয়েকদিন ধরে জেলায় অব্যাহত থাকতে পারে। তিনি আরও জানান, জেলায় শীতের তীব্রতা দিন দিন বাড়বে।

সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানাচ্ছেন, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ার কারণে ভোরে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া মানুষ ও যানবাহনের চালকদের জন্য বেশি দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

এর আগে গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতকড়া পরে দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


হাতকড়া পরে দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: হুমায়ুন কবির

দেশে ফিরে আসার জন্য পলাতক শেখ হাসিনাকে বন্দি হিসেবে হাতকড়া পরে আসতে হবে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উল্লেখ করেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক নয়। ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে দেশের জনগণ কঠোর অবস্থানে রয়েছে, এ বিষয়টি বিদেশিদের জানানো হয়েছে।

হুমায়ুন কবির বলেন, দেশের বর্তমান রাজনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সরকারের অবস্থান কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে।

এদিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, পলাতক শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। পলাতক আসামির পক্ষে রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার ঘটনা নজিরবিহীন।

আওয়ামী লীগের পলাতক নেতাদের কার্যক্রম প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দলটির সন্ত্রাসী পরিচয় প্রকাশ পাচ্ছে। অন্য দেশের ভূখণ্ডে এসব কার্যক্রম বন্ধে সরাসরি আইনি পদক্ষেপের সুযোগ না থাকলেও কূটনৈতিক উদ্যোগ নেওয়া সম্ভব।

চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হলে সরকার ও ট্রাইব্যুনাল বিচারের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার গ্রামীণ ঐতিহ্যের নকশিকাঁথাকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে চায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


সরকার গ্রামীণ ঐতিহ্যের নকশিকাঁথাকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে চায়

মলয় কুমার দত্ত ও মোশতাক আহমদ

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা আন্তর্জাতিক বাজারে ক্রমশ নতুন পরিচিতি লাভ করছে। গ্রামবাংলার নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি করা নান্দনিক সূচিশিল্পসমৃদ্ধ এই কাঁথা বর্তমানে বাংলাদেশের সম্ভাবনাময় হস্তশিল্প পণ্যে রূপান্তরিত হচ্ছে। এটি কর্মসংস্থান সৃষ্টি ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এক সময় পুরোনো শাড়ি, ধুতি ও লুঙ্গির কাপড় একত্রে সেলাই করে মূলত পরিবারের ব্যবহারের জন্য নকশিকাঁথা তৈরি করা হতো। সময়ের পরিবর্তনে সেই গৃহস্থালি প্রয়োজনের পণ্য এখন বাণিজ্যিকভাবে মূল্যবান হস্তশিল্পে পরিণত হয়েছে। এটি বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করার পাশাপাশি গ্রামীণ কারুশিল্পীদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করছে।

শিল্পসংশ্লিষ্ট একটি হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় ৬০০টি নকশিকাঁথা বিদেশে বিক্রি হচ্ছে। ঐতিহ্যবাহী এ শিল্পের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ বাড়ার বিষয়টি এর মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।

নকশিকাঁথাকে আন্তর্জাতিকভাবে পরিচিত ও বাণিজ্যিকভাবে সফল পণ্যে পরিণত করতে সরকারও উদ্যোগ নিতে চায়। এ শিল্পের অস্তিত্ব রক্ষা ও টেকসই বিকাশ নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।

এ বিষয়ে বাসসকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, "সরকার নকশিকাঁথাকে আন্তর্জাতিকভাবে বাণিজ্যিকীকরণ করতে চায়।" তিনি আরও বলেন, নকশিকাঁথাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাণিজ্যিক পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনকে (বিসিক) প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশের বাজার সম্প্রসারণেও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তার মতে, এ ঐতিহ্যবাহী শিল্প যেন হারিয়ে না যায়, তা নিশ্চিত করা জরুরি।

প্রজন্ম থেকে প্রজন্মে বোনা ঐতিহ্য

নকশিকাঁথার ইতিহাস বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীরা পুরোনো শাড়ি, ধুতি ও লুঙ্গির কয়েক স্তরের কাপড় একত্রে সেলাই করে পরিবারের জন্য কাঁথা তৈরি করে আসছেন। গৃহস্থালি প্রয়োজন থেকে শুরু হওয়া এ কাজ ধীরে ধীরে স্বতন্ত্র লোকশিল্পে পরিণত হয়েছে।

সাধারণ সূঁচ ও রঙিন সুতা দিয়ে নারীরা কাপড়ের ওপর ফুটিয়ে তুলতেন ফুল, পাখি, গাছপালা, পশুপাখি, গ্রামের ঘরবাড়ি, নদী এবং দৈনন্দিন জীবনের নানা দৃশ্য। এসব নকশায় প্রতিফলিত হতো তাদের আবেগ, স্মৃতি, স্বপ্ন ও জীবনের অভিজ্ঞতা।

মা ও দাদির কাছ থেকে মেয়েরা এ শিল্পের কৌশল শিখতেন। প্রতিটি কাঁথার সঙ্গে জড়িয়ে থাকত নির্মাতার ব্যক্তিগত গল্প ও অনুভূতি। এ কারণে নকশিকাঁথা কেবল সাধারণ ব্যবহার্য কাঁথা নয়, বরং বাংলার নারীদের জীবন ও সৃজনশীলতার এক অনন্য দলিল।

বিংশ শতাব্দীতে এ শিল্প সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করে। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫ সাল থেকে কুষ্টিয়ায় নকশিকাঁথা সংগ্রহ করেন। অন্যদিকে, পল্লিকবি জসীম উদ্দীনের ১৯২৯ সালে প্রকাশিত বিখ্যাত কাব্যগ্রন্থ ‘নকশী কাঁথার মাঠ’ এ শিল্পকে জাতীয় পর্যায়ে বিশেষ পরিচিতি দেয়। গবেষক ও সংগ্রাহক গুরুসদয় দত্ত এবং দীনেশচন্দ্র সেনও এ ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বর্তমানে নকশিকাঁথা গ্রামীণ নারীদের সৃজনশীলতা, ধৈর্য ও শৈল্পিক প্রকাশের প্রতীক। পদ্মফুল, গাছপালা, পাখি, মাছ ও জ্যামিতিক নকশার পাশাপাশি এর বৈশিষ্ট্যপূর্ণ রানিং স্টিচ বা দৌড় সেলাই কাপড়ে স্বতন্ত্র সৌন্দর্য ও বুনট তৈরি করে।

সাজসজ্জার বাইরেও নকশিকাঁথায় ফুটে ওঠে ভালোবাসা, দুঃখ, বিরহ, পারিবারিক স্মৃতি ও সামাজিক জীবনের নানা অভিজ্ঞতা। বিয়ে ও পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানেও এটি উপহার হিসেবে দেওয়া হয়।

নকশিকাঁথার বড় উৎপাদনকেন্দ্র জামালপুর

সারা দেশে নকশিকাঁথার প্রচলন থাকলেও জামালপুর বর্তমানে এ শিল্পের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে।

জেলার সাতটি উপজেলাতেই এ শিল্পের চর্চা রয়েছে। উপজেলাগুলো হলো জামালপুর সদর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ। এসব এলাকার নারীরা ব্যক্তিগতভাবে কিংবা দলবদ্ধভাবে নকশিকাঁথা ও বিভিন্ন ধরনের বস্ত্রপণ্য তৈরি করেন। স্থানীয় উদ্যোক্তা ও হস্তশিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে এসব পণ্য বাজারজাত করা হয়।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে জামালপুরের নকশিকাঁথা ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি লাভ করে। এর ফলে পণ্যটির আঞ্চলিক পরিচিতি ও বাণিজ্যিক সম্ভাবনা আরও শক্তিশালী হয়েছে।

জেলায় এ শিল্পের সঙ্গে পাঁচ শতাধিক নারী উদ্যোক্তা যুক্ত রয়েছেন বলে জানা গেছে। তাদের মাধ্যমে আরও কয়েকশ নারী কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

জামালপুরের পাশাপাশি যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, ফরিদপুর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জও নকশিকাঁথা উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব অঞ্চলের নিজস্ব নকশা ও সেলাইয়ের বৈচিত্র্য বাংলাদেশের নকশিকাঁথাশিল্পকে সমৃদ্ধ করেছে।

অর্থনৈতিক সম্ভাবনা ও নারীর ক্ষমতায়ন

নকশিকাঁথার বাণিজ্যিক বিকাশ গ্রামীণ পরিবারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস তৈরি করেছে। হাজার হাজার নারী সেলাই, নকশা তৈরি, পণ্যের শেষ পর্যায়ের কাজ ও বিপণনের সঙ্গে যুক্ত রয়েছেন।

এ শিল্পের অন্যতম সুবিধা হলো, নারীরা ঘরে বসেই কাজ করতে পারেন। ফলে সংসারের দায়িত্ব ও সন্তানদের দেখাশোনার পাশাপাশি তাঁরা আয় করার সুযোগ পাচ্ছেন।

বাজার সম্প্রসারণের ফলে অনেক নারী উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করছেন। কেউ ছোট ব্যবসা প্রতিষ্ঠা করছেন, কেউ স্থানীয় কারুশিল্পীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, আবার কেউ নিজস্ব ব্র্যান্ড তৈরি করে পণ্য বাজারজাত করছেন।

ডায়ালগ আর্থের ২০২১ সালের এক প্রতিবেদন অনুযায়ী, সে সময় নকশিকাঁথার বার্ষিক বাজারের আকার ছিল প্রায় ১২০ কোটি টাকা এবং এর বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল আনুমানিক ১৫ শতাংশ। প্রতিবেদনে এ শিল্পের বৃহত্তর পরিসরে প্রায় তিন লাখ মানুষের সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়, যাদের অধিকাংশই নারী কারুশিল্পী।

দেশের সামগ্রিক হস্তশিল্প খাতেও উল্লেখযোগ্য রপ্তানি সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) ২০২৪ সালের ডিসেম্বরের এক প্রতিবেদনে নকশিকাঁথাকে দেশের হস্তশিল্প খাতের গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ প্রায় ২৯ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলারের হস্তশিল্পপণ্য রপ্তানি করে। তবে এ পরিসংখ্যান শুধু নকশিকাঁথার নয়, বরং দেশের সামগ্রিক হস্তশিল্প খাতের রপ্তানি আয়।

ঐতিহ্যবাহী কাঁথা থেকে আন্তর্জাতিক ফ্যাশন

নকশিকাঁথার ব্যবহার এখন আর শুধু ঐতিহ্যবাহী কাঁথার মধ্যে সীমাবদ্ধ নেই। উদ্যোক্তা ও ডিজাইনাররা এর সূচিশিল্প ব্যবহার করে তৈরি করছেন বেডস্প্রেড, কুশন কভার, বালিশের কভার, টেবিল রানার, হাতব্যাগ, মানিব্যাগ, দেয়ালসজ্জার সামগ্রী, শাল, পোশাক, পাঞ্জাবি ও বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ।

সমসাময়িক নকশা, বিভিন্ন ধরনের কাপড় এবং আধুনিক রঙের সমন্বয় আন্তর্জাতিক ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।

বিশেষ করে হাতে তৈরি পণ্য, পরিবেশবান্ধব ফ্যাশন, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বতন্ত্র নকশার প্রতি আগ্রহী ক্রেতাদের কাছে নকশিকাঁথার বিশেষ আকর্ষণ রয়েছে। এর ঐতিহ্যবাহী সেলাই কৌশল ও শৈল্পিক নকশা বিশ্ববাজারের প্রতিযোগিতায় পণ্যটিকে স্বতন্ত্র পরিচিতি দিচ্ছে।

হস্তশিল্প প্রতিষ্ঠান, রপ্তানিকারক, অনলাইন ব্যবসা ও ব্যক্তিগত উদ্যোক্তাদের মাধ্যমে নকশিকাঁথা ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পৌঁছে যাচ্ছে। ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের হস্তশিল্পের বাজার রয়েছে। যুক্তরাষ্ট্র ও সুইডেনসহ বিভিন্ন দেশের ক্রেতাদের কাছেও নকশিকাঁথা পৌঁছেছে।

চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা

জনপ্রিয়তা বাড়লেও এ শিল্পে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। জটিল নকশার কাজ সম্পন্ন করতে দীর্ঘ সময় ও শ্রম ব্যয় হলেও অনেক ক্ষেত্রে কারুশিল্পীরা ন্যায্য মজুরি পান না। অর্থায়ন, প্রশিক্ষণ, আধুনিক বিপণনব্যবস্থা এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সীমাবদ্ধতাও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশে বাধা সৃষ্টি করছে।

আন্তর্জাতিক মান বজায় রাখার পাশাপাশি ঐতিহ্যবাহী কারুশিল্পের বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখাও একটি বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে আঞ্চলিক নকশার স্বাতন্ত্র্য সংরক্ষণ এবং কারুশিল্পীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা জরুরি।

শিল্পসংশ্লিষ্টদের মতে, প্রাতিষ্ঠানিক সহায়তা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, সহজ অর্থায়ন, পণ্যের বৈচিত্র্য এবং কার্যকর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এ শিল্পের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব।

বিসিকের মাধ্যমে সরকারের প্রস্তাবিত উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ উৎপাদকদের বৃহত্তর দেশীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে নতুন গতি সৃষ্টি হতে পারে।

বিশ্ববাজারে বাংলাদেশের হস্তশিল্পের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে নকশিকাঁথা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শতাব্দীপ্রাচীন এ সাংস্কৃতিক ঐতিহ্যকে টেকসই আয়, কর্মসংস্থান ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উৎসে পরিণত করার যথেষ্ট সুযোগ রয়েছে।

তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ অনন্য ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে গ্রামীণ নারীদের শৈল্পিক দক্ষতা সংরক্ষণের পাশাপাশি তাদের শ্রমের ন্যায্য অর্থনৈতিক মূল্য নিশ্চিত করতে হবে.

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু, মৃতের সংখ্যা তিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু, মৃতের সংখ্যা তিন

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় ঘটে যাওয়া গ্যাস বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সানজিদা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মঙ্গলবার সকালে মারা গেছেন। তার মৃত্যুর ফলে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা তিনজনে পৌঁছেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সকাল ৮টা ৫০ মিনিটে সানজিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে সানজিদার শরীরের ৩৭ শতাংশ পুড়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়, যেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন।

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সানজিদা। তার মৃত্যুতে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%