ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফেলে দেওয়া ফোনে লুকিয়ে আছে ২৪ ক্যারেটের স্বর্ণ, এবার বের হবে সহজেই


ফেলে দেওয়া ফোনে লুকিয়ে আছে ২৪ ক্যারেটের স্বর্ণ, এবার বের হবে সহজেই

গবেষকেরা নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার এবং সার্কিট বোর্ডে থাকা স্বর্ণ উদ্ধার করতে সক্ষম। এই প্রযুক্তি বিষাক্ত রাসায়নিক ব্যবহার ছাড়াই ইলেকট্রনিক বর্জ্য থেকে স্বর্ণ আলাদা করার ক্ষমতা রাখে। দুবাইয়ে অনুষ্ঠিত এক প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাম্প্রতিক স্নাতকদের উদ্ভাবিত প্রকল্পগুলোর মধ্যে এটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।

দুবাই ফিউচার উইকের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী এবং তরুণ স্নাতকদের তৈরি ১০০টি প্রকল্প প্রদর্শিত হয়েছে। এসব প্রকল্প স্বাস্থ্য, জ্বালানি, সম্পদ ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থা এবং নগরজীবনের ভবিষ্যৎ নিয়ে নির্মিত হয়েছে। পুরোনো ইলেকট্রনিক যন্ত্র থেকে স্বর্ণ আহরণের প্রযুক্তি, গর্ভাবস্থার হরমোনের মাত্রা পরিমাপের পরীক্ষা এবং প্রচণ্ড গরমে কর্মীদের শরীর ঠান্ডা রাখার পরিধানযোগ্য যন্ত্র উল্লেখযোগ্য।

ইলেকট্রনিক বর্জ্য থেকে স্বর্ণ আহরণ

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!

বিশ্বজুড়ে পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার এবং সার্কিট বোর্ডের বর্জ্য জমা হচ্ছে। এসব যন্ত্রের ভেতরে থাকা স্বর্ণ পুনরুদ্ধার করা সম্ভব হলেও প্রচলিত পদ্ধতিতে সায়ানাইড ও পারদের মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করতে হয়। কিছু পদ্ধতিতে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজনও হয়।

এই সমস্যা সমাধানের জন্য প্রায় দুই বছর ধরে কাজ করছেন খলিফা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান গবেষক এবং প্রযুক্তি উদ্ভাবক ড. নাজাত আলদাক্কা। তার নেতৃত্বে একটি দল বিশেষ ধরনের ছিদ্রযুক্ত দ্বিমাত্রিক উপাদান তৈরি করেছে, যা ইলেকট্রনিক বর্জ্য প্রক্রিয়াজাত করার পর পাওয়া তরল থেকে স্বর্ণ বেছে বেছে সংগ্রহ করতে পারে।

ড. নাজাত জানান, তাদের উদ্ভাবিত উপাদানটি ইলেকট্রনিক বর্জ্য থেকে স্বর্ণ আলাদা করতে সক্ষম। বিশেষ যন্ত্রের সাহায্যে এই প্রক্রিয়া আরও দ্রুত করা সম্ভব। ফলে মাত্র এক ঘণ্টার মধ্যে তরল থেকে প্রায় ৯৯ শতাংশ স্বর্ণ সংগ্রহ করা যায়।

তিনি আরও জানান, এক ঘণ্টায় ৫ দশমিক ২ গ্রাম স্বর্ণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা প্রায় ২১ ক্যারেট। প্রতি গ্রাম স্বর্ণ পুনরুদ্ধারে এক কিলোওয়াট-ঘণ্টা শক্তি প্রয়োজন হয়।

আরও পড়ুন: গবেষকদের জন্য এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস দিচ্ছে ওপেন এআই

‘রিগোল্ড’ নামের এই প্রযুক্তিতে প্রচলিত পদ্ধতির মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করতে হয় না। পরীক্ষায় দেখা গেছে, অন্যান্য ধাতুর তুলনায় স্বর্ণ সংগ্রহে প্রযুক্তিটি এক হাজার গুণেরও বেশি নির্বাচনি সক্ষমতা দেখিয়েছে। উদ্ধার করা স্বর্ণ উচ্চমূল্যের ইলেকট্রনিক পণ্য তৈরিতে পুনরায় ব্যবহার করা সম্ভব। এতে নতুন করে স্বর্ণ খননের প্রয়োজনও কমবে।

ড. নাজাত ও তার দল প্রযুক্তিটি গবেষণাগার থেকে শিল্পপর্যায়ে নিয়ে যেতে একজন শিল্প অংশীদার খুঁজছেন। এ বিষয়ে তিনি বলেন, পণ্যটির শিল্পায়ন ও বাণিজ্যিক উৎপাদনের জন্য বর্তমানে তারা উপযুক্ত অংশীদারের সন্ধান করছেন।

গর্ভাবস্থায় হরমোনের মাত্রা জানাবে পরীক্ষা

সাধারণত বাড়িতে ব্যবহারের গর্ভধারণ পরীক্ষা শুধুমাত্র গর্ভধারণ হয়েছে কি না, তা জানায়। কিন্তু অনেক স্বাস্থ্যগত ক্ষেত্রে শুধু ইতিবাচক বা নেতিবাচক ফল যথেষ্ট নয়। রক্তে নির্দিষ্ট হরমোন বা উপাদানের পরিমাণ কত এবং তা বাড়ছে নাকি কমছে, সেটিও জানা জরুরি।

আরও পড়ুন: প্রযুক্তি বিভ্রাটের কারণে বিশ্বে ঝুঁকির মাত্রা বাড়ছে

এমন ধারণা থেকে যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা ‘ডেলা ডিএক্স’ নামের একটি পরীক্ষা পদ্ধতি তৈরি করেছেন। প্রকল্পটির মুখপাত্র আলেকজান্দ্রা প্যাটারসন বলেন, চিকিৎসকেরা অনেক সময় রক্তে কোনো উপাদানের উপস্থিতি আছে কি না, শুধু তা জানতে চান না; বরং সেটির সুনির্দিষ্ট পরিমাণও জানতে চান।

এই পরীক্ষায় জীবন্ত কোষের বাইরে কার্যকর জৈবিক ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। নির্দিষ্ট প্রোটিন শনাক্ত করার জন্য ব্যবস্থাটিকে বিশেষভাবে প্রস্তুত করা হয়। লক্ষ্যবস্তু প্রোটিন শনাক্ত হলে পরীক্ষায় রঙের পরিবর্তন ঘটে, যা ওই উপাদানের পরিমাণ নির্দেশ করে। এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রায় চার সপ্তাহের মধ্যে বিভিন্ন উপাদান শনাক্ত করার উপযোগী করে পরিবর্তন আনা যায়।

গবেষক দলটির প্রথম লক্ষ্য নারীদের স্বাস্থ্য, বিশেষ করে গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়। প্যাটারসন বলেন, প্রতি পাঁচজন নারীর একজন গর্ভপাতের অভিজ্ঞতার মুখোমুখি হন। এসব গর্ভপাতের ৮০ শতাংশই ঘটে গর্ভাবস্থার প্রথম তিন মাসে। অথচ এ সময়ে অনেক নারী চিকিৎসকের কাছে মাত্র এক বা দুইবার যাওয়ার সুযোগ পান।

প্রাথমিক পর্যায়ে পরীক্ষাটি গর্ভাবস্থার হরমোন এইচসিজির মাত্রা পর্যবেক্ষণ করবে। সুস্থ গর্ভাবস্থায় সাধারণত প্রতি ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এই হরমোনের মাত্রা দ্বিগুণ হয়।

আরও পড়ুন: এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স

প্রায় ১২ বছরের গবেষণার ফল এই প্রকল্প। এ নিয়ে চারটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং চারটি পেটেন্টও রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী পাঁচ বছরের মধ্যে বাজারে পণ্যটি আনার আশা করছেন গবেষকেরা। প্যাটারসন বলেন, অনেক নারীই এ ধরনের পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। এটি একটি বৈশ্বিক সমস্যা এবং অনেকেই জানতে চাইছেন, পণ্যটি কবে বাজারে পাওয়া যাবে।

প্রচণ্ড গরমে কর্মীদের শরীর ঠান্ডা রাখবে কলার

বাইরে কিংবা কারখানায় কাজ করা মানুষের জন্য প্রচণ্ড গরম শুধু অস্বস্তিকর নয়, বরং স্বাস্থ্যঝুঁকিরও কারণ। এ সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘মেক্সার ভ্যাপার’ নামের একটি সক্রিয় শীতলীকরণ যন্ত্র তৈরি করেছেন।

গলায় পরার উপযোগী এই যন্ত্রটি ত্বকের তাপমাত্রা কমিয়ে শারীরিক পরিশ্রমের সময় শরীরের ওপর অতিরিক্ত তাপের চাপ কমাতে সহায়তা করে।

আরও পড়ুন: এনভিডিয়া সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ, বিশ্ববাজারে শেয়ারদরে পতন অব্যাহত

এর সঙ্গে যুক্ত রয়েছে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা, যা তাৎক্ষণিকভাবে নিরাপত্তাসংক্রান্ত সতর্কবার্তা দিতে পারে। এর মাধ্যমে নিয়োগকর্তারাও কর্মীদের তাপের সংস্পর্শে থাকার মাত্রা পর্যবেক্ষণ করতে পারবেন।

প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে নির্মাণশ্রমিকদের ওপর যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। গবেষকদের আশা, এটি ব্যবহার করলে অতিরিক্ত গরমজনিত অসুস্থতার ঝুঁকি কমবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?

ইউক্রেনের ওপর ব্যাপক আকাশ হামলার প্রেক্ষাপটে পোল্যান্ডের ভূখণ্ডে দুটি রুশ ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন আছড়ে পড়ার ঘটনায় পূর্ব ইউরোপে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। পোলিশ কর্তৃপক্ষের দাবি, রুশ বাহিনীর এই অনুপ্রবেশ একটি আকস্মিক ঘটনা নয়, বরং এটি মস্কোর ‘ইচ্ছাকৃত উসকানি’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ন্যাটোর যৌথ প্রতিরক্ষা ধারা সক্রিয় করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

কী ঘটেছিল?

পোল্যান্ডের প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইউক্রেন সীমান্তের নিকটবর্তী দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের বিভিন্ন স্থানে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পড়েছে। এর মধ্যে একটি রুশ তৈরি কেএইচ-১০১ (Kh-101) ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাতভর ও ভোরের দিকে চলা এই ঘটনার পর পোলিশ বিমানবাহিনীর এফ-১৬ এবং সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান আকাশে চক্কর দেয়। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং ন্যাটোর অ্যাওয়াক্স (AWACS) নজরদারি বিমান মোতায়েন করা হয়। রজেসোও আশপাশের অঞ্চলে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং স্থানীয় বাসিন্দাদের ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় কোনো ক্ষতি হয়নি।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই ঘটনাকে রাশিয়ার ‘ইচ্ছাকৃত উসকানি’ এবং উত্তেজনা বৃদ্ধির নতুন ধাপ হিসেবে অভিহিত করেছেন। উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছেন, ঠিক এমন সময় ও স্থানে এই আকাশসীমা লঙ্ঘন ঘটেছে, যখন কাছাকাছি এলাকায় বহুজাতিক সামরিক মহড়া চলছিল—যা নিছক কাকতালীয় বলে মনে করা কঠিন।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে ‘গুরুতর লঙ্ঘন’ এবং ইউক্রেন যুদ্ধের অত্যন্ত বিপজ্জনক পরিণতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি ওয়ারশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আকাশ প্রতিরক্ষা ও নজরদারি জোরদারের ইঙ্গিত দিয়েছেন। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

তবে বড় প্রশ্ন হলো, ন্যাটো কীভাবে প্রতিক্রিয়া জানাবে? ন্যাটোর প্রতিষ্ঠাকালীন চুক্তির ৫ নম্বর ধারা অনুযায়ী, কোনো এক সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হয়। কিন্তু এই ধারা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না; এর জন্য ৩২টি সদস্য দেশের সর্বসম্মত রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। বিশ্লেষকদের মতে, প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় এবং সরাসরি যুদ্ধ এড়ানোর প্রবণতা থাকায় আপাতত ৫ নম্বর ধারা চালুর সম্ভাবনা ক্ষীণ।

এর পরিবর্তে, পোল্যান্ড চাইলে জরুরি পরামর্শের জন্য ৪ নম্বর ধারা সক্রিয় করতে পারে, যদিও তাৎক্ষণিকভাবে সে পথে না গিয়ে ওয়ারশ ন্যাটোর মিত্রদের কাছ থেকে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, সেনা ও নজরদারি সহায়তা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, রাশিয়া সরাসরি ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে না চাইলেও এই ধরনের ঘটনায় ভুল বোঝাবুঝি বা হিসাব-নিকাশের ভুলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি থেকেই যাচ্ছে। সূত্র: আল জাজিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ড শুমারি শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান সমাজসেবা অধিদফতরের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


ফ্যামিলি কার্ড শুমারি শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান সমাজসেবা অধিদফতরের

দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে, যা সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায়। এই কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। সমাজসেবা অধিদফতর নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার জন্য।

সম্প্রতি তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে সমাজসেবা অধিদফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম এবং এটি সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যার লক্ষ্য প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনা।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, তথ্য সংগ্রহকারীরা অতি শিগগিরই সংশ্লিষ্ট বাড়িতে যেতে পারেন। এ জন্য কয়েক ধরনের তথ্য ও কাগজপত্র হাতের কাছে প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।

এই তথ্য ও কাগজপত্রের মধ্যে রয়েছে- যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি; পরিবারের অন্যান্য সদস্যের এনআইডি এবং যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ। বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে বলা হয়েছে।

এছাড়া, কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক তথ্য প্রস্তুত রাখতে হবে। বাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং প্রয়োজন অনুযায়ী ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখার কথাও বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চা খাওয়াকে রাজনৈতিক ঐক্যের ইতিবাচক সূচনা হিসেবে মূল্যায়ন করছেন। তবে তিনি মনে করেন, গণভোট, জুলাই সনদ, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার এবং মৌলিক সংস্কারে ঐকমত্য না হলে আলোচনায় সংকটের সমাধান হবে না।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর মডেল কলেজে ছাত্রশিবিরের সাবেক সদস্যদের নিয়ে আয়োজিত শিক্ষা শিবির শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. শফিকুল ইসলাম এসব মন্তব্য করেন।

এমপি মাসুদ বলেন, মত ও চিন্তার পার্থক্য থাকা সত্ত্বেও দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চা খাওয়ার মাধ্যমে সেই আলোচনার সূচনা হয়েছে। তবে জাতীয় ঐকমত্যের জন্য গণভোট, জুলাই সনদ, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের বিষয়গুলোতে সমাধান জরুরি। পাশাপাশি গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী মৌলিক সংস্কার কার্যক্রম শুরু করতে হবে। এসব বিষয়ে সমাধান না হলে শুধু চা নয়, বিরিয়ানি খেলেও সংকটের সমাধান হবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমপি মাসুদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার ঘাটতি রয়েছে।

একটি জেলায় দুটি থানা নিষ্ক্রিয় করে পুলিশ চলে আসার ঘটনা উদ্বেগজনক উল্লেখ করে তিনি এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃশ্যমান উদ্যোগের অভাবের কথাও তুলে ধরেন।

এদিকে স্থানীয় নির্বাচনে এনসিপির একক প্রার্থী দেয়ার ঘোষণায় ১১ দলীয় ঐক্যে কোনো প্রভাব পড়বে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় নির্বাচন প্রতিটি দলের নিজস্ব সক্ষমতা ও জনপ্রতিনিধিত্ব প্রতিষ্ঠার সুযোগ। এ ক্ষেত্রে জোটের কর্মসূচি জোটের জায়গা থেকে চলবে, আর স্থানীয় নির্বাচনে দলগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রার্থী দেবে। জনগণ যাকে গ্রহণ করবে, তিনিই নির্বাচিত হবেন এতে জামায়াতের কোনো আপত্তি নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

ভারতের প্রস্তাবিত জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন বা ‘হাম দো হামারে দো’ পাস না হলে, গোশামহলের বিধায়ক টি রাজা সিং দেশের প্রতিটি হিন্দু পরিবারে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রাখার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, সম্প্রদায়ের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষার জন্য বন্দুক রাখা এখন অপরিহার্য হয়ে পড়েছে।

শনিবার (২১ নভেম্বর, ২০২৬) সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিওতে, রাজা সিংকে একটি বন্দুক হাতে নিয়ে একদল মানুষের সাথে বসে থাকতে দেখা যায়। সেখানে তিনি জনসংখ্যা বৃদ্ধি এবং হিন্দুদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে ঘরে ঘরে আগ্নেয়াস্ত্র রাখার দাবি জানান।

রাজা সিং বলেন, “‘হাম দো হামারে দো’ আইন পাস না হলে প্রতিটি হিন্দুর বাড়িতে একটি করে লাইসেন্সধারী বন্দুক রাখা জরুরি হয়ে পড়েছে।” তিনি দাবি করেন যে, আগ্নেয়াস্ত্র ছাড়া হিন্দু পরিবারগুলো তাদের সম্পত্তি বা নারীদের রক্ষা করতে পারবে না। তিনি আরও বলেন, “হিন্দুরা যদি বন্দুক না রাখে, তবে সম্পত্তি কিংবা মা-বোন-মেয়েরা কেউই নিরাপদ থাকবে না।”

বন্দুক রাখার দাবির পক্ষে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির যুক্তি তুলে ধরেন রাজা সিং। তিনি একটি সংবাদপত্রের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যা তিনগুণ বৃদ্ধি পাবে। তাঁর যুক্তি হলো, জনসংখ্যার এই বৃদ্ধি হিন্দুদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পাকিস্তানে হিন্দুদের ওপর যেভাবে জোরপূর্বক ধর্মান্তর, হত্যা ও ধর্ষণের মতো নির্যাতন চলছে, ভারতেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জনমিতিক পূর্বাভাস ভিন্ন চিত্র উপস্থাপন করেছে। ২০২৬ সালের ১৮ নভেম্বর প্রকাশিত সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, ২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ ছিল মুসলিম, যা ২০৭০ সাল নাগাদ প্রায় ২০ শতাংশে পৌঁছাতে পারে। ৫০ বছরের দীর্ঘমেয়াদি এই পূর্বাভাসটি আগামী ১৫ থেকে ২০ বছরে মুসলিম জনসংখ্যা তিনগুণ হয়ে যাওয়ার বিষয়ে রাজা সিংয়ের দাবিকে সমর্থন করে না।

রাজা সিং উত্তর প্রদেশের তথাকথিত ‘বন্দুক সংস্কৃতির’ প্রশংসা করেন এবং বলেন যে, রাজ্যটির প্রতিটি বাড়িতেই লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি উল্লেখ করেন, “উত্তর প্রদেশের বন্দুক সংস্কৃতি আমার খুব পছন্দ। সেখানে প্রতিটি বাড়িতে একটি করে লাইসেন্সধারী বন্দুক আছে। একইভাবে ভারতের প্রতিটি হিন্দু বাড়িতেও একটি করে লাইসেন্সধারী বন্দুক থাকা উচিত।”

এদিকে, ভারতের ১৯৫৯ সালের অস্ত্র আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী, দেশে আগ্নেয়াস্ত্র রাখতে হলে প্রচলিত আইনি কাঠামোর অধীনে বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এ সংক্রান্ত লাইসেন্স প্রদানের বিষয়টি উক্ত আইন এবং ২০১৬ সালের অস্ত্র বিধিমালা দ্বারা পরিচালিত হয়।

বক্তব্যের শেষে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে রাজা সিং বলেন, সারা দেশের হিন্দুদের আশীর্বাদেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। মোদির নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি জানান, মোদি ক্ষমতায় থাকলে সবকিছুই সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। উল্লেখ্য, টি রাজা সিং তেলেঙ্গানার গোশামহল আসনের নির্বাচিত বিধায়ক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%