০৫:১১ পি.এম
কুষ্টিয়ার মিরপুরে গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানিতে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোলে নকল সিগারেট তৈরির অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। মামলার আসামিরা দুই যৌথ মালিকসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
গত সোমবার (২৩ নভেম্বর) কুষ্টিয়ার মিরপুর থানায় বাদী হয়ে মামলাটি করেন কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২ ভেড়ামারার সহকারী রাজস্ব কর্মকর্তা মমিনুল ইসলাম। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-ক এর (ক) ও (খ) ধারায় দায়ের করা মামলার নম্বর ২৩। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন বেঙ্গল টোব্যাকো কোম্পানির যৌথ মালিক আতিয়ার রহমান (৫৬) ও তাঁর ছোট ভাই রাজু আহমেদ (৫০), কোম্পানির ডেপুটি ম্যানেজার সাইফুল আলম (৫০) এবং ম্যানেজার নঈম ইকবাল (৪৭)। সকলেই কুষ্টিয়া সদর থানার জুগিয়া ও মিলপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
মামলার এজাহার অনুযায়ী, গত ২ নভেম্বর মিরপুর উপজেলা প্রশাসন ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানিতে অভিযান চালায়। অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত সন্দেহে এক হাজার প্যাকেট বেঙ্গল স্পেশাল সিগারেট জব্দ করা হয়, যেখানে প্রতি প্যাকেটে ১০ শলাকা হিসেবে মোট ১০ হাজার শলাকা সিগারেট ছিল। জব্দকৃত সিগারেটের মধ্যে ১২ প্যাকেট নমুনা যাচাইয়ের জন্য গাজীপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে পাঠানো হয়।
পরীক্ষায় দেখা যায়, পাঠানো ১২ প্যাকেটের ব্যান্ডরোলের কাগজ, মুদ্রণ ও নিরাপত্তা ফয়েল সঠিক নয় এবং অন্যান্য প্রয়োজনীয় নিরাপত্তা বৈশিষ্ট্যও অনুপস্থিত। স্ট্যাম্প নকল হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়।
ওসি মো. শহিদুল ইসলাম জানান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বাদী হয়ে মামলাটি করেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, বেঙ্গল টোব্যাকোর যৌথ মালিক আতিয়ার রহমান ও রাজু আহমেদ দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে তামাক গুদামজাত করে বিভিন্ন টোব্যাকো প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছেন। তাঁদের বিরুদ্ধে এর আগেও কয়েক দফা অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। একইভাবে খোকসার বেতবাড়িয়া-জানিপুর এলাকায় 'জমজম টোব্যাকো' নামের একটি প্রতিষ্ঠানে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোলে নকল সিগারেট তৈরির অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
এছাড়া, জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে কুষ্টিয়া শহরতলীর মিনাপাড়া এলাকার ১২টি পরিবারের প্রায় ৩০ কোটি টাকা মূল্যের সম্পত্তি ভুয়া মালিক সেজে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগও রয়েছে আতিয়ার রহমান ও রাজু আহমেদের বিরুদ্ধে। এ সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন