ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

রাশিয়া ও ইউক্রেনের সতর্কতা অ্যাপে সাইবার হামলা, ভুল তথ্য ছড়াল


রাশিয়া ও ইউক্রেনের সতর্কতা অ্যাপে সাইবার হামলা, ভুল তথ্য ছড়াল

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহরের চারপাশে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই উভয় দেশের বিমান হামলার জরুরি সতর্কীকরণ অ্যাপগুলো সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

আল জাজিরার সোমবার (২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউক্রেন তাদের বিমান হামলা সতর্কীকরণ অ্যাপের হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর রাশিয়া জানায় যে, তাদের জরুরি সতর্কবার্তা অ্যাপগুলো ব্যাপক সাইবার আক্রমণের শিকার হয়েছে।

সোমবার ভোরে টেলিগ্রামে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সাইবার হামলার কারণে অ্যাপটিতে ‘ভুল তথ্য’ ছড়িয়ে পড়েছে। এই অ্যাপটি ব্যবহারকারীদের ড্রোন হামলার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে থাকে। সাইবার হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে মন্ত্রণালয় কোনো তথ্য প্রদান করেনি।

আরও পড়ুন: ফিনল্যান্ডে সিঙ্গেলদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুযোগ

এর আগে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, ব্যবহারকারীরা কিয়েভ ও এর আশপাশের এলাকায় পারমাণবিক ও রাসায়নিক হুমকির বিষয়ে ভুয়া সতর্কবার্তা পেয়েছেন; পাশাপাশি সেখানে সম্ভাব্য লড়াইয়ের ব্যাপারে সতর্ক করা হয়। ওই ভুল বার্তায় আরও বলা হয়েছে, রাশিয়া তাদের হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।

ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, ‘মনে হচ্ছে বিমান হামলা সতর্কবার্তা অ্যাপটি শত্রুপক্ষের হামলার শিকার হয়েছে। কোনো রেডিয়েশন ঝুঁকি নেই! শান্ত থাকুন এবং আমাদের চ্যানেলে দেয়া আপডেটগুলো অনুসরণ করুন।’

ইউক্রেনের স্ট্রাটেজিক কমিউনিকেশনস সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এই হ্যাকিংয়ের জন্য রাশিয়াকে দায়ী করেছে।

রুশ অধিকৃত খেরসন অঞ্চলের ওলেশকি শহরে মস্কো ও কিয়েভের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই দুই দেশের বিমান হামলার জরুরি সতর্কীকরণ অ্যাপগুলো সাইবার হামলার শিকার হয়।

আরও পড়ুন: অবৈধ আকামাধারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে কুয়েত সরকার

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) শুরু হওয়া এই সাময়িক যুদ্ধবিরতিটি রোববার শেষ হয়। দীর্ঘস্থায়িত্বের দিক থেকে এটিই ছিল চলতি সংঘাতের মধ্যে সবচেয়ে বড় বিরতি।

সূত্র: আল জাজিরা, বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট

হাইকোর্ট ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিংবডি বাতিল করার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত স্থগিত করেছে।

বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার (২ নভেম্বর) এই আদেশ প্রদান করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

এর আগে, ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃপক্ষ দেশের সকল ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল করে। এই তথ্য ইআবির রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশে জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয় যে, ১৫ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি কমিটি বাতিল করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ (খ) এর ধারা (১) খ (১), (৩) অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের উদ্দেশ্যে জেলা সদরে অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরে অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসককে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া, বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে।

মাদ্রাসাগুলোর অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুন্দর দেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুন্দর দেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, সরকার প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। তিনি উল্লেখ করেন, অতীতের সরকারের ধারাবাহিকতা পরিত্যাগ করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে চায় সরকার।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই প্রক্রিয়ায় ছাত্র-জনতাকে অগ্রসর হতে হবে।

আজ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী (জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস, ২০২৬) উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি যদি প্রতিশ্রুতি দেয়, তাহলে তা বাস্তবায়ন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা গড়ে তোলা হবে। সরকারের সক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে মানুষের সব চাহিদা পূরণ করা হবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী জানান, একটি জাতির উন্নয়নের জন্য তার শিক্ষা ব্যবস্থার উন্নতি অপরিহার্য। বর্তমান সরকার এই কাজটি করছে, কিন্তু পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে রেখেছিল।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছি। দেশের বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। যেসব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হবে না, তারা কারিগরি শিক্ষা গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়সমূহকে প্রযুক্তিভিত্তিক, মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক বাংলাদেশ গঠনে চিরাচরিত শিক্ষার বাইরে গিয়ে প্রযুক্তিগত জ্ঞান ও মেধার বিকাশ ঘটানো জরুরি। এ লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবনী গবেষণা, আধুনিক তথ্য প্রযুক্তির চর্চা ও মেধাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে উদ্যোগী হতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে রাজনৈতিক পটপরিবর্তনের পরেও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখা উচিত।

মন্ত্রী বলেন, আমাদের মূল নীতি হওয়া উচিত ‘সবার আগে বাংলাদেশ, সবার আগে জনগণ’। দেশ মানে শুধুমাত্র ভূখণ্ড বা পতাকা নয়, এর পেছনে রয়েছে জনগণের স্বাধিকার ও মালিকানার মেলবন্ধন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে মন্ত্রী বলেন, শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ অন্যান্য ছাত্রনেতাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক ইচ্ছায় ১৯৯৫ সালে এই প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীতে বিএনপি সরকারের মেয়াদে ২০০৫ সালে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়।

বর্তমান ক্যাম্পাস ছাড়াও কেরানীগঞ্জে ২০০ একর জমির ওপর স্বতন্ত্র ও আধুনিক আবাসিক সুবিধা সংবলিত নতুন ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া পূরণের বিষয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানান।

শিক্ষাব্যবস্থা ও উচ্চশিক্ষা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শুধুমাত্র সনদ বা জিপিএ-৫ অর্জনের মাধ্যমে একটি জাতি উন্নত হতে পারে না। এর জন্য গুণগত পরিবর্তন ও গবেষণামুখী শিক্ষা অপরিহার্য। বিশ্ববিদ্যালয়গুলো কেবল কর্মসংস্থানের জন্য নয়, বরং মুক্তবুদ্ধির চর্চা ও উচ্চতর গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে ওঠা উচিত।

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, সবাইকে কেবল সাধারণ শিক্ষায় উচ্চ ডিগ্রি অর্জন করে বেকার না থেকে, আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তিতে রূপান্তর করতে হবে।

সেমিকন্ডাক্টর শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তি-নির্ভর আধুনিক অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলার ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, আগামী দিনের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সনাতনী ব্যবস্থার পাশাপাশি ইনোভেটিভ আইডিয়া, প্রযুক্তি-নির্ভর জ্ঞান ও মেধানির্ভর জনবল সৃষ্টির কোনো বিকল্প নেই।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ও দেশপ্রেমকে ধারণ করে জাতীয় ঐক্য বজায় রেখে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস, ২০২৬ উপলক্ষ্যে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, চারুকলা প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


গাজীপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত

গাজীপুর, ২ নভেম্বর, ২০২৬ : গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, সেখানে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োজিত রয়েছেন।

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া ও রিসার্চ সেলের সহকারী কমিশনার আরিফ হোসাঈন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি আমজাদ হোসেন জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক এলাকায় বিজিবি, শিল্প পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটে তিনদিন ক্লাসের পর আবারও শিক্ষাক্রম বন্ধ, শিক্ষার্থীদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


চুয়েটে তিনদিন ক্লাসের পর আবারও শিক্ষাক্রম বন্ধ, শিক্ষার্থীদের প্রতিবাদ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব একদিনের জন্য গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। শিক্ষার্থীরা এর প্রতিবাদে শাটডাউন কর্মসূচি পালন করছে।

৩৬ দিন অচল থাকার পর গত বুধবার (২৮ অক্টোবর) থেকে চুয়েটের শিক্ষা কার্যক্রম আংশিকভাবে শুরু হয়। কিন্তু ছয় দিনের মাথায় আবারও শূন্য হয়ে পড়ে চুয়েটের ক্লাস ও ল্যাবগুলো।

রোববার (১ নভেম্বর) দুপুরে এক ইমেইল বার্তায় রুটিন দায়িত্বের বিষয়টি অর্পণ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ওই বার্তায় উল্লেখ করেন, সোমবার (২ নভেম্বর) ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে তিনি ঢাকায় অবস্থান করবেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে অধ্যাপক দেলোয়ার হোসেনকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হয়েছে। ২ নভেম্বর সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফিরে পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক দেলোয়ার হোসেন এ দায়িত্ব পালন করবেন।

পরে সন্ধ্যায় এক বিবৃতিতে উপাচার্যের দেয়া রুটিন দায়িত্বের বিষয়টি প্রত্যাখ্যান করে বিবৃতি দেন উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা। তারা জানান, শাটডাউনের আওতায় সোমবার সবে ক্লাস, পরীক্ষা এবং রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত যেকোনো প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে বর্জন করা হবে।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলক্বার নাঈন মিহাদ বলেন, ‘গত ২৮ অক্টোবর থেকে আমরা ক্লাসে কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত নিই। তবে আমরা এটি জানিয়ে দিয়েছিলাম যে, উপাচার্যের ক্যাম্পাস কেন্দ্রিক যেকোনো কার্যক্রম আমরা প্রত্যাখ্যান করব। তাই আমাদের পূর্বঘোষণা অনুযায়ী উপাচার্যের রুটিন দায়িত্বের বিষয়টি প্রত্যাখ্যান করে ক্লাস বর্জন করেছি। রুটিন দায়িত্বের বিষয়টি যেহেতু আজ সন্ধ্যা পর্যন্ত বহাল থাকবে তাই মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে যথারীতি আমরা আবার ক্লাসে ফিরে যাব।’

চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মঈনুল ইসলাম বলেন, ‘এটি শিক্ষার্থীদের কর্মসূচি। শিক্ষার্থীরা জানিয়েছে আগামীকাল থেকে তারা ক্লাসে ফিরবেন।’

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। পরে কর্মবিরতি দিয়ে আন্দোলনে অংশ নেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। ৩৬ দিন পর গত বুধবার আংশিকভাবে শুরু হয় ক্লাস কার্যক্রম। তবে দাবি পূরণ না হওয়ায় শিক্ষা কার্যক্রমের পাশপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা কার্যক্রম কিছুটা স্বাভাবিক হলেও এখনো তালাবদ্ধ রয়েছে প্রশাসনিক ভবন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%