প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শ্রমিকদের অসন্তোষের কারণে সাভার-আশুলিয়ার অঞ্চলে ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।
রোববার (১৫ অক্টোবর) থেকে শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারা অনুসারে এসব কারখানা বন্ধ থাকবে।
আশুলিয়া, সাভার ও গাজীপুরের বিভিন্ন কারখানায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ১৫ দিন ধরে উৎপাদন ব্যাহত হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএ ও বিকেএমইএ।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান মন্তব্য করেন, "একটি মহল ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় অর্থনীতিও।"
শনিবার সকালে আশুলিয়ায় ৪০টির বেশি কারখানার সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। এছাড়া আরও ৮টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে ফ্যাশন ডট কম, আলপস অ্যাপারেলস, ঈগল টেক্সটাইল, এনভয় গ্রুপ, নিউ এইজ গ্রুপসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।
তবে আশুলিয়ার অন্যান্য এলাকায় আজও অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। সেসব কারখানায় উৎপাদন স্বাভাবিকভাবেই চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, র্যাব ও বিজিবি। শ্রমিক অসন্তোষের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ১৩২ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে মালিকপক্ষ জানিয়েছে, ন্যূনতম মজুরি বোর্ডও স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। পোশাক খাত এখন মজুরি বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প এলাকা গুলোতে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন