প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারের পাশে বিসিআইসি ডিলারের গোডাউন থেকে লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে ৪১২ বস্তা সার উদ্ধার করা হয়েছে। যেসব কৃষক সার নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই সার ফেরত দিচ্ছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ সার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান এবং উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষের তত্ত্বাবধানে স্থানীয় কৃষকদের মধ্যে প্রায় ৩ হাজার বস্তা সার সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে সরকারি দামে কৃষকদের কাছে সার বিক্রির কার্যক্রম চলছে। বিক্রিত সারের মধ্যে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি অন্তর্ভুক্ত রয়েছে। তবে অনেক কৃষক বিকেল পর্যন্ত ডিলারের দোকানে লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সার বিপণন সুষ্ঠুভাবে করার জন্য স্থানীয় ডিলারদের সঙ্গে বৈঠক করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।
উল্লেখ্য, গত সোমবার দুপুর ১২টার দিকে সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকরা উপজেলার ছাইকোলা বাজারের পাশে প্রদীপ পালের সারের গোডাউনে হামলা চালিয়ে ৬১১ বস্তা সার লুট করে নিয়ে যায়। ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়। বলা হয়, যারা সার ফেরত দেবেন, তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হবে না। এরপর থেকে ৪১২ বস্তা সার ফেরত এসেছে।
এদিকে ক্ষতিগ্রস্ত সার ডিলার প্রদীপ পালের ম্যানেজার নিরঞ্জন ঘোষ নিরু বাদী হয়ে অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এই ঘটনায় ২ জন কৃষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সার লুটের ঘটনায় পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটি তদন্ত সম্পন্ন করলেও, এখনও প্রতিবেদন দেয়নি বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন