প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হবিগঞ্জ জেলার মাধবপুরে পুলিশ একটি ট্রাক থেকে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে, যা চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল। এ ঘটনায় ট্রাকের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন আরও একজন।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ট্রাকটি এবং জিরাগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন যশোরের শার্শা উপজেলার মুজাহিদ (২৪), একই জেলার চৌগাছা উপজেলার যোবায়ের (১৮) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার মারুফ আহমদ (১৯)। পুলিশ জানায়, পলাতক ব্যক্তির নাম শুভ্র দাশ (৪৫), যিনি সিলেটের কোতোয়ালি থানার উপশহর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুখেন্দ্র চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় অভিযান চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সিলেট থেকে হলুদ রঙের একটি ট্রাকে করে ভারতীয় জিরা ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ পরে মহাসড়কের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের সামনে চেকপোস্ট স্থাপন করে। সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহভাজন ট্রাকটি আটক করা হলে, ট্রাক থেকে চারজন পালানোর চেষ্টা করে। পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হলেও একজন পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের দেখানো মতে ট্রাক তল্লাশি করে ১০৩টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। এছাড়া ঝিনাইদহ-ট-১১-১৫১১ নম্বরের হলুদ রঙের ট্রাকটিও জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা উদ্ধারকৃত জিরার বৈধ কোনো আমদানি বা ক্রয়সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তারা পলাতক শুভ্র দাশের নাম প্রকাশ করেন। তাদের দাবি, শুভ্র দাশসহ তারা পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে জিরা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজন ও পলাতক শুভ্র দাশকে আসামি করে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি/২৫-ডি ধারায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন