১১:০২ পি.এম
বাংলাদেশে অর্জিত কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিচ্ছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির (বিএটি) কর্মীরা। সম্প্রতি, প্রতিষ্ঠানটির নয় সদস্যের একটি দল জাম্বিয়ার রাজধানী লুসাকায় পৌঁছেছে। সেখানে, বিএটি জাম্বিয়ার নতুন উৎপাদন লাইনে কারিগরি সহায়তা প্রদান করার পাশাপাশি স্থানীয় সহকর্মীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করবেন তারা।
এর আগে, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে বিএটি বাংলাদেশের কারখানার কর্মীরা একই ধরনের দায়িত্ব পালন করেছেন। এসব দেশে, তারা প্রশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি বিএটি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে নিজেদের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করেছেন।
আন্তর্জাতিক পর্যায়ে কর্মীদের এমন অংশগ্রহণ বাংলাদেশের কারখানায় গড়ে ওঠা কারিগরি সক্ষমতার স্বীকৃতি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে, দেশের কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানোর সম্ভাবনাও তুলে ধরছে এ উদ্যোগ।
আরও পড়ুন: ম্যানিলায় শুরু হলো আসিয়ানের ৪৯তম সম্মেলন, আলোচনায় রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়
নয় সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিএটি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এক্সিকিউটিভ ওহিদুর রহমান। দলের অন্য সদস্যরা হলেন সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং বিভাগের মো. আবুল মনসুর মোজিদ, এসএম নাজমুল আলম বক্সা, ইব্রাহিম খলিল, কে এইচ রুবেল, মহিনউদ্দিন ও শুভ ঘোষ। এছাড়া, প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আমজাদ হোসেন ও মো. হাসানউদ্দিন রয়েছেন দলটিতে।
বিএটি বাংলাদেশের অপারেশনস ডিরেক্টর শাবাব আলী বলেন, "আন্তর্জাতিক পর্যায়ে তাদের টেকনিশিয়ানদের কারিগরি দক্ষতার ওপর আস্থা প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গর্বের বিষয়।" এই যাত্রা বিএটি বাংলাদেশের কর্মীদের দক্ষতা, নিষ্ঠা ও নির্ভরযোগ্যতার প্রতিফলন। তিনি জানান, বিশ্বমানের দক্ষতা ও সক্ষমতা গড়ে তুলতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। জাম্বিয়ায় এই দল মূল্যবান অবদান রাখবে বলেও তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন