ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মক্কার মসজিদুল হারামে শিশু ও প্রবীণদের জন্য ‘সেফটি ব্রেসলেট’ সেবা শুরু


মক্কার মসজিদুল হারামে শিশু ও প্রবীণদের জন্য ‘সেফটি ব্রেসলেট’ সেবা শুরু

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ ‘সেফটি ব্রেসলেট’ বা নিরাপত্তা ব্রেসলেট সেবা চালু করেছে। এই সেবা শিশু, প্রবীণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য, যাতে তারা সঙ্গীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে সহজেই শনাক্ত ও খুঁজে বের করা যায়।

এই উদ্যোগের মূল লক্ষ্য হল মসজিদুল হারাম এবং এর চত্বরে অবস্থানরত দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করা এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা।

আজ রোববার (১৫ নভেম্বর) সৌদি গেজেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অতিথি সেবাকেন্দ্রগুলোর মাধ্যমে এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সেবাগ্রহীতাদের হাতে একটি ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়, যাতে তাদের পরিচয়সংবলিত প্রয়োজনীয় তথ্য থাকে। ফলে, যদি কেউ হারিয়ে যায়, তাহলে মাঠে নিয়োজিত কর্মীরা সহজেই তাকে শনাক্ত করতে এবং প্রয়োজনে তার পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হন।

আরও পড়ুন: ম্যানিলায় শুরু হলো আসিয়ানের ৪৯তম সম্মেলন, আলোচনায় রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়

এই উদ্যোগ কর্তৃপক্ষের অঙ্গীকারের প্রতিফলন, যা মসজিদুল হারামে আগত সকল দর্শনার্থীর নিরাপত্তা ও মানবিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে। এর মাধ্যমে পবিত্র মসজিদে একটি নিরাপদ ও সবার জন্য প্রবেশযোগ্য পরিবেশ নিশ্চিত করা হচ্ছে, যা দর্শনার্থীদের সফরকে আরও সহজ করবে এবং তাদের মানসিক প্রশান্তির সাথে ইবাদত করার সুযোগ করে দেবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে গুলিবিদ্ধ দুই কর্মচারী হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


হাতিরঝিলে ইন্টারনেট অফিসে গুলিবিদ্ধ দুই কর্মচারী হাসপাতালে ভর্তি

রাজধানীর হাতিরঝিলে অবস্থিত একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুইজন হলেন, হাবিবুর রহমান (২৬) এবং সাজু আহমেদ (২৯)। তারা উভয়েই ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত অফিসের ভেতরে প্রবেশ করে। তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

গুলিতে হাবিবুর রহমানের বাম হাত এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। উভয়ের শরীরে এক রাউন্ড করে গুলি লেগেছে।

হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া, এবং তার গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ, এবং তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুইজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

জানতে চাইলে তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, হাতিরঝিল থানার ওয়াপদা রোড এলাকায় একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন টিম উপস্থিত হয়ে কাজ শুরু করেছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চান্দিনার ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ গার্মেন্টস বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


চান্দিনার ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ গার্মেন্টস বন্ধের ঘোষণা

কুমিল্লার চান্দিনায় অবস্থিত ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের গার্মেন্টস ফ্যাক্টরি কর্তৃপক্ষের দ্বারা বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের মধ্যে এক মাসের বকেয়া বেতন প্রদানে বিলম্বের কারণে অসন্তোষ দেখা দেয়। শ্রমিকদের আন্দোলনের আশঙ্কায় রবিবার (১৫ নভেম্বর) সকালে গার্মেন্টস ফ্যাক্টরির সামনে এক মাসের বন্ধের নোটিশ সাঁটানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সোমবার (১৬ নভেম্বর) সকল শ্রমিকের উপস্থিতিতে কারখানার সকল সেকশন পুনরায় চালু হলে অক্টোবর মাসের বেতন আগামী ৩০ নভেম্বর প্রদান করা হবে। অন্যথায়, বাংলাদেশ শ্রম আইন ২০২৬-এর ধারা ১২ (১) অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ নভেম্বর থেকে কারখানার সকল কার্যক্রম আগামী ৩০ দিন অর্থাৎ ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে রবিবার সকালে শত শত শ্রমিক কাজের জন্য গার্মেন্টস ফ্যাকটরিতে এসে ফ্যাক্টরি বন্ধ পেয়ে ফিরে যান। আগামী এক মাস ফ্যাক্টরিটি বন্ধ থাকলে অন্তত সহস্রাধিক শ্রমিক পরিবারে আর্থিক সংকট দেখা দেবে।

শ্রমিক মৌসুমী আক্তার জানান, মালিকপক্ষ কয়েক বছর ধরে বেতন নিয়ে তালবাহানা করছে। যখন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে, তখন আবার বেতন দিয়ে তাদের কাজে ফিরিয়ে নেয়। প্রায় ৪ মাস আগে প্রশাসনের উপস্থিতিতে একটি কাগজে স্বাক্ষর করা হয়, যেখানে প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখের মধ্যে বেতন দেওয়ার প্রতিশ্রুতি ছিল। সেপ্টেম্বর মাসের বেতন চলতি মাসের ৩ তারিখে দেওয়া হয়। অক্টোবর মাসের বেতন ১৫ তারিখে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ১২ তারিখে জানানো হয় যে, বেতন ২৫ তারিখে দেওয়া হবে। তখন কোনো শ্রমিক এই কথা মানতে রাজি না হওয়ায় রবিবার ফ্যাক্টরি বন্ধের নোটিশ টানানো হয়।

‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’-এর পরিচালক মো. আলমগীর হোসেন জানান, ব্যাংক থেকে তাদের কোনো সাপোর্ট দেওয়া হচ্ছে না। তিনি বলেন, "আমার পোশাক শিফ্টম্যান দিতে পারলেই ফ্যাক্টরি চালানো সম্ভব হয়। শ্রমিকরা বিভিন্ন অজুহাতে ঠিকমতো কাজে আসে না, ওভারটাইম করতে চায় না। এ কারণে নির্ধারিত সময়ে পোশাক শিফ্টম্যান দিতে পারছি না। এত কিছুর পরও তাদের বেতন পরিশোধ করে যাচ্ছি। সর্বশেষ তারা শুধুমাত্র অক্টোবর মাসের বেতন পাবে। আমরা ১২ নভেম্বর মিটিং করে শ্রমিকদের জানিয়ে দিয়েছি ২৫ তারিখের মধ্যে তাদের পরিশোধ করব। কিন্তু তারা সেই কথা মানতে রাজি নয় বরং আন্দোলন করার পাঁয়তারা করছে। আমরা ঝামেলা চাই না। যে কারণে বাধ্য হয়ে এক মাসের জন্য ফ্যাক্টরি বন্ধ করার ঘোষণা দিই।"

অপরদিকে, ফ্যাক্টরি বন্ধ হওয়ার ফলে চান্দিনার বেলাশহরের ‘ডেনিম গার্মেন্টস’ এলাকা অচল হয়ে পড়েছে। দোকানপাটে মানুষের উপস্থিতি নেই, পুরো এলাকায় ব্যস্ততা নেই।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, তিনি উপজেলায় যোগদানের পর থেকে শুনে আসছেন ওই ফ্যাক্টরির শ্রমিকদের ৩-৪ মাসের বেতন বকেয়া থাকতো। পরবর্তীতে সভা করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করার পরামর্শ দিলে মালিকপক্ষ ওই সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর থেকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হয়। এবার শুধুমাত্র এক মাসের বেতন বকেয়া রয়েছে এবং সেটি ১৫ দিনের বেশি সময় চেয়েছে মালিকপক্ষ। কিন্তু শ্রমিকরা কোনোভাবেই তা মেনে নিতে চায়নি।

রবিবার (১৫ নভেম্বর) শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হয়েছে যে, ২৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হবে। শ্রমিকরা কাজে ফিরলে মালিকপক্ষ ফ্যাক্টরি চালু করতে পারে বলে জানা গেছে। যারা কাজে ফিরতে চায়, তাদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে: আইনমন্ত্রী

গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর বিনা হাতকড়ায় নেওয়া হবে না, এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, "জিয়াউল আহসানের মতো কুখ্যাত অপরাধীদের সঙ্গে প্রযোজ্য আইনি আচরণ অব্যাহত রাখবে সরকার।" তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সকলের বিচারকাজ প্রশ্নাতীত রেখে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এক সংসদ সদস্যের উত্থাপিত পয়েন্ট অব অর্ডারের জবাবে আইনমন্ত্রী এসব মন্তব্য করেন।

এর আগে, গত ১২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া হাজির করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। একজন অভিযুক্তকে এভাবে আদালতে হাজির করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনি ব্যবস্থার দুর্বলতা নিয়ে তীব্র সমালোচনা হয়।

এদিন সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন সংসদ সদস্য তাহসীনা রুশদীর। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন জিয়াউল আহসানকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করা হয়েছে।

স্পিকার আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মো. আসাদুজ্জামান বলেন, "আদালতে প্রবেশপথে বিষয়টি সরকারের নজরে আসার পরপরই আদালত থেকে বের করার সময় তাকে কুখ্যাত অপরাধী হিসেবেই বের করা হয়েছে।" তিনি নিশ্চিত করেন যে, ভবিষ্যতে জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না এবং প্রযোজ্য আইনি আচরণ অব্যাহত থাকবে।

আইনমন্ত্রী একই বক্তব্যে জানান, বিগত সময়ে মানবতাবিরোধী অপরাধে যারা যুক্ত ছিলেন, সরকারের নেয়া পরিকল্পনা অনুযায়ী তদন্ত কর্মকর্তারা শিগগিরই জেলায় জেলায় যাবেন। তিনি সব সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান যে, তদন্ত দল এলাকায় গেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের অভিযোগে ২ যুবক কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের অভিযোগে ২ যুবক কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি ঘটনায় গোপনে এক দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে যাওয়া যুবকদের মধ্যে একজন হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মো. কবীর আলীর ছেলে মো. সাকিব আলী (২২) এবং অন্যজন একই এলাকার দুলালের ছেলে সাগর আলী (১৯)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চরবাগডাঙ্গা ইউনিয়নের বাড়ইপাড়া এলাকায় এক দম্পতি নিজেদের বাড়ির নির্মাণকাজ চলাকালে প্রতিবেশী সাকিবের পরিবারকে সাময়িকভাবে আশ্রয় দিয়েছিলেন। এই সুযোগে সাকিব গোপনে ওই দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন। পরে সাকিব ও সাগর মিলে ভিডিওটি ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার পর গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া এলাকা থেকে আসামি সাগর আলীকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, মামলার প্রধান আসামি সাকিব আলী আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, পর্নোগ্রাফি আইনে করা মামলার দ্বিতীয় আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%