ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা


ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মহানগরীতে মো. জামান (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।

এই হত্যাকাণ্ডটি রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর কোতোয়ালি থানার ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় ঘটে।

জামান আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।

আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় জামান নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বের হন। মজিদ মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। জামান কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ও ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার অভিযোগ করেন, জামানের এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় একটি আওয়ামীপন্থি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে বিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের কারণে জামানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালীর এসপিএম ফেব্রুয়ারিতে চালু, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ এম


মহেশখালীর এসপিএম ফেব্রুয়ারিতে চালু, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কক্সবাজারের মহেশখালীতে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) বা ভাসমান জেটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে সমুদ্রে নোঙর করা বড় জাহাজ (মাদার ভেসেল) থেকে পাইপলাইনের সাহায্যে সরাসরি চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেল পরিবহন করা সম্ভব হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আশা করছে, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েনের কাজ শেষ হবে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যাবে। এসপিএম চালু হলে তেল খালাসের সময় কমবে। একই সঙ্গে পরিবহন ব্যয় ও তেল পরিবহনে ক্ষতি কমবে। এতে করে বছরে প্রায় ৮০০ কোটি টাকার সাশ্রয় হবে বলে আশা করছে সংস্থাটি।

এ ব্যাপারে বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে এসপিএম চালুর আশা করছে বিপিসি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, বর্তমানে সমুদ্রে বড় জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি তেল খালাস করতে হয়। এ প্রক্রিয়ায় অতিরিক্ত পরিবহন ব্যয় ও সময় লাগে। এসপিএম পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা গেলে লাইটার জাহাজের ব্যবহার, সময়, পরিবহন ব্যয় এবং তেল পরিবহনে ক্ষতি কমানো (সিস্টেম লস) সম্ভব হবে। এতে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয়ের সুবিধা পাওয়া যাবে।

এর আগে বিপিসি গত ৫ নভেম্বর এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিটি পার্টামিনা ট্রান্স কন্টিনেন্টালের সঙ্গে চুক্তি করে। ঢাকায় বিপিসির লিয়াজোঁ অফিসে পাঁচ বছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল্য ধরা হয়েছে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার।

মাদার ভেসেল থেকে সরাসরি পাইপলাইনে তেল

বর্তমানে আমদানি করা জ্বালানি তেলবাহী বড় জাহাজ বা মাদার ভেসেল সরাসরি ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরপিএলসি) জেটিতে ভিড়তে পারে না। চট্টগ্রাম বন্দরের চ্যানেল ও নাব্যতাসংক্রান্ত সীমাবদ্ধতা এর প্রধান কারণ। এ কারণে বড় জাহাজগুলো বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর বা কুতুবদিয়া দ্বীপের কাছাকাছি গভীর সমুদ্রে অবস্থান করে। সেখান থেকে ছোট লাইটার ট্যাংকারে তেল স্থানান্তর করা হয়। পরে এসব ট্যাংকারে করে তেল ইআরপিএলসির জেটি বা সংরক্ষণাগারে নেওয়া হয়। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ১১ থেকে ১২ দিন সময় লাগে।

এসপিএম চালু হলে এ পদ্ধতির পরিবর্তন আসবে। বড় জাহাজ থেকে ভাসমান মুরিংয়ের মাধ্যমে সমুদ্রের তলদেশের পাইপলাইনের মাধ্যমে সরাসরি মহেশখালীর সংরক্ষণাগারে তেল পাঠানো হবে। এরপর সেখান থেকে অপরিশোধিত তেল পাইপলাইনে চট্টগ্রামের পতেঙ্গায় ইআরপিএলসিতে পৌঁছাবে। অন্যদিকে, ডিজেল সরবরাহ করা হবে যমুনা অয়েল কোম্পানির ডিপোসহ সংশ্লিষ্ট স্থাপনায়।

বিপিসির কর্মকর্তারা জানান, প্রচলিত পদ্ধতিতে তেল পরিবহনে ১১ থেকে ১২ দিন সময় লাগে। এসপিএম চালু হলে তা ৪৮ থেকে ৭২ ঘণ্টায় সম্পন্ন করা সম্ভব হবে। এতে জাহাজের অপেক্ষার সময় কমবে। ছোট লাইটার ট্যাংকারের ব্যবহারও কমবে। ফলে পরিবহন ব্যয় ও সিস্টেম লস কমানোর সুযোগ তৈরি হবে।

দুটি পৃথক পাইপলাইন, সক্ষমতা ৪৫ লাখ টন

বিপিসি জানায়, দেশের জ্বালানি তেল আমদানি, খালাস ও পরিবহনব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে ৮ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) চুক্তির আওতায় ২০১৮ সালে প্রকল্পের কাজ শুরু হয়। বিপিসির পক্ষে প্রকল্পটি বাস্তবায়ন করে ইআরপিএলসি। ২০২৪ সালের মার্চে নির্মাণ ও কমিশনিংয়ের কাজ শেষ হয়।

প্রকল্পের আওতায় মহেশখালীর পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে একটি ভাসমান মুরিং স্থাপনা বা বয়া নির্মাণ করা হয়েছে। এ স্থাপনার মাধ্যমে বড় জাহাজ থেকে সরাসরি তেল খালাস করা হবে।

মহেশখালী থেকে চট্টগ্রামের পতেঙ্গা পর্যন্ত সমুদ্রের তলদেশ ও স্থলভাগ মিলিয়ে ১১০ কিলোমিটার দীর্ঘ পথে দুটি সমান্তরাল পাইপলাইন স্থাপন করা হয়েছে। পাইপলাইন দুটির মোট দৈর্ঘ্য ২২০ কিলোমিটার। একটি পাইপলাইন দিয়ে অপরিশোধিত তেল এবং অন্যটি দিয়ে পরিশোধিত ডিজেল পরিবহন করা হবে।

প্রতিটি পাইপলাইনে প্রতি ঘণ্টায় ৯০০ ঘনমিটার তেল পাম্প করার সক্ষমতা রয়েছে। অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইনের বার্ষিক নকশাগত সক্ষমতা ৪৫ লাখ মেট্রিক টন। অন্য পাইপলাইন দিয়ে ডিজেল মহেশখালীর সংরক্ষণাগার থেকে সংশ্লিষ্ট স্থাপনায় সরবরাহ করা হবে।

প্রকল্পের আওতায় মহেশখালীতে পাম্পিং স্টেশন ও ট্যাংক ফার্ম (পিএসটিএফ) নির্মাণ করা হয়েছে। সেখানে ছয়টি বড় সংরক্ষণ ট্যাংক এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো রয়েছে। এসব অবকাঠামোর মাধ্যমে আমদানি করা তেল খালাস, সংরক্ষণ ও সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

মহেশখালীতে ২ লাখ টন তেল সংরক্ষণ

এসপিএম প্রকল্পের আওতায় মহেশখালীতে মোট দুই লাখ মেট্রিক টন জ্বালানি তেল সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল এবং ৭৫ হাজার মেট্রিক টন ডিজেল রাখা যাবে।

মাদার ভেসেল থেকে পাইপলাইনের মাধ্যমে খালাস করা অপরিশোধিত তেল প্রথমে মহেশখালীর সংরক্ষণাগারে রাখা হবে। এরপর তা পাইপলাইনে চট্টগ্রামের পতেঙ্গায় ইআরপিএলসিতে পাঠানো হবে। অন্যদিকে, সংরক্ষণাগারে রাখা ডিজেল যমুনা অয়েল কোম্পানির ডিপোসহ সংশ্লিষ্ট স্থাপনায় সরবরাহ করা হবে।

এ ব্যবস্থায় আমদানি করা তেল দ্রুত খালাস ও মজুত করা সম্ভব হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী তেল সরবরাহ সহজ হবে। পরবর্তী সময়ে পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে ফতুল্লা ও নারায়ণগঞ্জ পর্যন্ত জ্বালানি সরবরাহ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ

এসপিএম প্রকল্পের বাহ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিপিসি।

চুক্তি অনুযায়ী, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান পাইপলাইন, বয়া ও সংশ্লিষ্ট স্থাপনার পরিচালনাগত দায়িত্ব পালন করবে। কার্যক্রম চলাকালে কোনো ক্ষয়ক্ষতি হলে চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় মেরামতও করবে প্রতিষ্ঠানটি।

বিপিসি জানায়, প্রাকৃতিক দুর্যোগ, জোয়ার-ভাটা ও প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রকল্পটির নকশা করা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে স্থাপনাটির কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাঁচ বছরের চুক্তির মেয়াদে পিটি পার্টামিনা এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। এ সময় প্রতিষ্ঠানটি বিপিসির কর্মকর্তা-কর্মচারীদের স্থাপনাটি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। চুক্তির মেয়াদ শেষ হলে বিপিসি নিজেই এটি পরিচালনার দায়িত্ব নেবে বলে জানিয়েছ বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসপিএমের পূর্ণ সক্ষমতা ব্যবহারে প্রয়োজন ইআরপিএলসি-২

এসপিএমের অপরিশোধিত তেল পরিবহনের বার্ষিক নকশাগত সক্ষমতা ৪৫ লাখ মেট্রিক টন। তবে বর্তমানে ইআরপিএলসির একটি ইউনিটে বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধন করা যায়। ফলে এখনই পাইপলাইনটির পূর্ণ সক্ষমতা ব্যবহার করা সম্ভব হবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ সক্ষমতা কাজে লাগাতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট বা ইআরপিএলসি-২ প্রকল্প বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। এটি চালু হলে অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা বাড়বে। তখন এসপিএমের মাধ্যমে আরও বেশি তেল পরিবহন ও পরিশোধন করা সম্ভব হবে।

বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এসপিএম থেকে পূর্ণ সুবিধা পেতে ইআরপিএলসি-২ প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু হওয়া গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইউনিট চালুর সময়সীমা ২০৩০ সালের মধ্যে। এর আগে এসপিএম যাতে কম ব্যবহৃত অবস্থায় না থাকে, সেজন্য বিকল্পভাবে এটি ব্যবহারের উপায় খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, এসপিএমের বিকল্প ব্যবহার নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই চলছে। কীভাবে স্থাপনাটি আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে বিপিসি কাজ করছে।

বিপিসির আশা, এসপিএম চালু হলে আমদানি করা জ্বালানি তেল খালাস ও পরিবহনে সময় কমবে। এতে লাইটার জাহাজের ওপর নির্ভরতা কমবে এবং পরিবহন ব্যয় সাশ্রয় হবে। তবে প্রকল্পটির পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে ইআরএল-২ চালু করা এবং এসপিএমের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশ গ্রেফতারের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ এম


ডেমরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশ গ্রেফতারের হুমকি

রাজধানীর ডেমরায় ঝটিকা মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ অন্তর্ভুক্ত ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে" এই স্লোগানকে সামনে রেখে তারা মিছিলটি পরিচালনা করেন।

রোববার (১৫ নভেম্বর) বিকালে মীরপাড়া এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের আয়োজন করেন। নেতাকর্মীরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, কোর্টের রায় প্রত্যাহার এবং দ্রব্যমূল্য কমানোর মতো বিভিন্ন দাবি জানিয়ে স্লোগান দেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। খবর পাওয়ার পর ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান এ বিষয়ে বলেন, "রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৯ নম্বর ওয়ার্ডের মীরপাড়া অভ্যন্তরীণ সড়কে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করেন।" তিনি আরও জানান, এ সময় টহল পুলিশের উপস্থিতিতে নেতাকর্মীরা মিছিল ছেড়ে পালিয়ে যান। বর্তমানে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই গ্রেফতার অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ টাকার নকলের অভিযোগে ১৯০০ টাকা আদায়ের জেরে সাংবাদিককে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৫ এম


২০ টাকার নকলের অভিযোগে ১৯০০ টাকা আদায়ের জেরে সাংবাদিককে হুমকি

লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সরকারি ২০ টাকার নকলের জন্য ১ হাজার ৯০০ টাকা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশের পর দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. জহিরুল ইসলামকে আবারও ফোনে হুমকি প্রদান করেছেন শেখ আনোয়ার হোসেন আকাশ নামে এক ব্যক্তি। ভূমি অফিসের দালালদের কার্যকলাপ নিয়ে ধারাবাহিক অনুসন্ধান ও সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ব্যক্তিগত নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করেন আনোয়ার। তিনি এ সময় বলেন, মামলা ও জিডি করেও তার কিছু করা যাবে না বলে দম্ভোক্তি করেন। পাশাপাশি সাংবাদিককে ‘ভয়ংকর পরিণতি’ ভোগের হুমকি দেন আনোয়ার।

রোববার (১৫ নভেম্বর) বিকাল ৩টা ৩৩ মিনিটে ফোন করে আনোয়ার সম্প্রতি প্রকাশিত ‘ভূমি অফিসে ২০ টাকার নকলে ১৯০০ টাকা’ শিরোনামের সংবাদ এবং লালবাগ এসি ল্যান্ড কার্যালয়ে দালালদের বিষয়ে অনুসন্ধানের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘তুমি কোন বড় সাংবাদিক, সিটি সাংবাদিক! এর আগেও আমি তোমাকে হুমকি দিয়েছি, তুমি সেজন্য জিডি করেছো—এগুলোতে আমার কিছু হয়েছে?’

তিনি আরও বলেন, কেন সাংবাদিক লালবাগ এসি ল্যান্ড অফিস নিয়ে পাঁয়তারা করছেন এবং কেন কাঁটাবনে লালবাগ এসি ল্যান্ড অফিসের বিষয়ে সংবাদ প্রকাশ করছেন? জবাবে সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, এর আগে আপনি হুমকি দিয়েছিলেন, এ কারণে থানায় জিডি করেছিলাম, মামলা করিনি। এটা কি আমার ভুল হয়েছে?

এ কথা শুনে আনোয়ার বলেন, ‘তুই মামলা, জিডি কোনোকিছু করেই আমাকে কিছু করতে পারবি না। তুমি পুলিশে জিডি করছো, আমাকে কিছু করতে পারছে?’ এরপর তিনি বলেন, ‘তোকে এসবকিছুর জন্য ভয়ংকর পরিণতি ভোগ করতে হবে।’ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করবেন এবং তার নামে সংবাদ প্রকাশ করাবেন বলেও হুমকি দেন তিনি।

গত ২৪ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘ভূমি অফিসে ২০ টাকার নকলে ১৯০০ টাকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে লালবাগ রাজস্ব সার্কেলের ভূমি অফিসে সরকারি ২০ টাকার নকল সরবরাহের বিপরীতে একজন সেবাগ্রহীতার কাছ থেকে ১ হাজার ৯০০ টাকা আদায়ের অভিযোগ তুলে ধরা হয়। পাশাপাশি ভূমি অফিসে দালালদের তৎপরতা ও সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিও উঠে আসে। প্রতিবেদন প্রকাশের পরও দালালচক্রের বিষয়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান অব্যাহত রেখেছেন প্রতিবেদক।

সাংবাদিক মো. জহিরুল ইসলাম বলেন, ভূমি অফিসের অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য নিয়ে জনস্বার্থে সংবাদ প্রকাশ করছেন। তিনি জানান, কোনো ব্যক্তিগত বিরোধ থেকে এসব প্রতিবেদন করা হয়নি। কিন্তু সংবাদ প্রকাশের পর একই ব্যক্তির কাছ থেকে বারবার হুমকি আসছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, এর আগে লালবাগ তহশিল অফিসে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক মো. জহিরুল ইসলাম। ওই সংবাদ প্রকাশের পর শেখ আনোয়ার হোসেন আকাশ তাকে ফোনে গালাগাল ও হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। ওই হুমকির ঘটনা নিয়ে ২০২৬ সালের ৯ মার্চ দৈনিক যুগান্তরেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডা. বিটু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৫ এম


প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডা. বিটু

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তাঁর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে গিয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময়, মন্ত্রীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থার এবং চিকিৎসার অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

এর আগে রবিবার স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রের রক্তনালিতে সফলভাবে দু’টি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

বিএনপির মিডিয়া সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে উপস্থিত হয়ে ডা. বিটু স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তার পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করার পর স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তার এনজিওগ্রাম সম্পন্ন হলে হৃদযন্ত্রের রক্তনালিতে দু’টি ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা।

পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে তার রক্তনালিতে দু’টি স্টেন্ট স্থাপন করা হয়।

এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%