প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জে চলমান সহিংসতা, নাশকতা এবং পুলিশের ওপর হামলার ঘটনাগুলোর তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি মন্তব্য করেছেন, "এসব ঘটনা দেখে মনে হয় না এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি অংশ।" তিনি বলেন, এটি শুধু সরকারের ব্যর্থতা নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতার প্রকাশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে মিয়া গোলাম পরওয়ার লিখেছেন, ‘গোপালগঞ্জে যা ঘটছে–নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা–এসব দেখে কি মনে হয়, এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি অংশ!’
প্রশাসনিক স্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, রাষ্ট্রের সব অঙ্গ, প্রশাসনিক স্থাপনা ও অবকাঠামোর অভিভাবক হিসেবে এগুলোর তত্ত্বাবধান, নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু এসব ঘটনার মাধ্যমে মানুষ বুঝতে পারছে, চরম ব্যর্থতার পরিচয় দেওয়া এই রাষ্ট্রের কোনো অভিভাবক আছে কি না। তিনি মন্তব্য করেন, রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও সরকার ও রাষ্ট্র চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
সরকারের প্রতি জনগণের অনাস্থার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের কাছে করা ওয়াদা যারা ভঙ্গ করেন এবং গণ-আকাঙ্ক্ষা ও গণরায়কে যারা উপেক্ষা করেন, তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়। তিনি বলেন, এই সরকারের সঙ্গে যে জনগণ নেই, রাষ্ট্রের চরম ব্যর্থতাই যেন তার প্রমাণ দিচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে? দেশের মানুষ যখন নিজের চোখে এসব দৃশ্য দেখছে, তখন এমন বক্তব্য তাদের কাছে শুধু হাস্যকরই নয়, বরং বাস্তবতাকে অস্বীকার করার শামিল।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন