ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজস্থানে পাকিস্তান-সংযোগের সন্দেহে মহকদীপ ও দবিন্দর গ্রেপ্তার


রাজস্থানে পাকিস্তান-সংযোগের সন্দেহে মহকদীপ ও দবিন্দর গ্রেপ্তার

ভারতের রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় গত ৩ নভেম্বর রেললাইনে বিস্ফোরণের ঘটনায় রাজস্থানের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) পাঞ্জাবের ২১ বছর বয়সী এক তরুণী এবং ২২ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে। তদন্তকারীরা অভিযুক্তদের পাকিস্তানভিত্তিক হ্যান্ডলারদের সঙ্গে সন্দেহভাজন যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মহকদীপ কৌর ও দবিন্দর সিং। উভয়েই পাঞ্জাবের গুরুদাসপুর জেলার বাসিন্দা। রাজস্থান পুলিশ পাঞ্জাব পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করেছে।

ভারতীয় তদন্তকারীরা সন্দেহ করছেন যে, ওই দুজন পাকিস্তানভিত্তিক ‘চাচা’ ও ‘শাহ’ নামে পরিচিত দুই হ্যান্ডলারের নির্দেশে কাজ করছিলেন। প্রাথমিক তদন্তে অভিযোগ করা হয়েছে যে, অনলাইনে কথোপকথন ও আর্থিক প্রলোভনের মাধ্যমে মহকদীপ কৌরকে তাদের সঙ্গে যুক্ত করা হয়েছিল। তবে এসব সন্দেহভাজন যোগাযোগ ও অভিযোগ এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

এ ঘটনায় পুলিশ আরও তিন সন্দেহভাজনকে আটক করেছে। তারা অভিযুক্তদের আবাসন ও যাতায়াতসহ অন্যান্য লজিস্টিক সহায়তা দিয়েছিলেন কি না, তা তদন্ত করা হচ্ছে। অভিযুক্তরা যে হোটেলে অবস্থান করেছিলেন, সেই হোটেলের মালিকও এই ঘটনায় জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

অভিযান চলাকালে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬ রাউন্ড কার্তুজ এবং নগদ ৩০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা পাকিস্তান থেকে সন্দেহভাজন অর্থ লেনদেন এবং বিস্ফোরণে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন।

গত ৩ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে শ্রী গঙ্গানগর জেলার ৫০ জিবি গ্রামের কাছে অনুপগড়-সুরতগড় রেললাইনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রেললাইনের নিচে থাকা সিমেন্ট ও স্টিলের দুটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয় এবং লাইনের মাঝখানে প্রায় আড়াই ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আশপাশের গ্রামের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ও রেল কর্তৃপক্ষকে খবর দেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই সেকশনে ট্রেন চলাচল স্থগিত করা হয়, যার ফলে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছিল।

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

জানা গেছে, বিস্ফোরণের প্রায় ৭৫ মিনিট আগে ওই পথ দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন অতিক্রম করেছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে, বড় ধরনের কোনো ট্রেন দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে রেললাইনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না।

উত্তর-পশ্চিম রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা অমিত সুদর্শন নিশ্চিত করেছেন, মেরামত কাজ ও নিরাপত্তা পরিদর্শনের পর গত ৫ নভেম্বর ওই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর রামসিংপুর থানা পুলিশ একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে।

বিকানের রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ মেঘওয়াল জানিয়েছেন, বিস্ফোরণের সময়ের আশপাশে ঘটনাস্থলের কাছে সক্রিয় থাকা মোবাইল ফোন নম্বরগুলো বিশ্লেষণ করেছেন তদন্তকারীরা। এছাড়া ঘটনার আগে ও পরে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের গতিবিধি শনাক্ত করতে রামসিংপুর এবং আশপাশের গ্রামের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান

প্রযুক্তিগত প্রমাণ ও অন্যান্য সূত্রের ওপর ভিত্তি করে তদন্তকারীরা গুরুদাসপুরে পৌঁছান এবং সেখান থেকে প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন। বিস্ফোরণের আগে অভিযুক্তরা ওই রেলপথ এলাকা রেকি (পর্যবেক্ষণ) করেছিলেন কি না এবং এই হামলার পরিকল্পনা বা বাস্তবায়নে আরও কেউ সহায়তা করেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’

কক্সবাজার, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তুলতে শুরু হচ্ছে বর্ণাঢ্য ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’, যা তিন মাসব্যাপী চলবে। এই উৎসব আগামী ২২ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পর্যটন করপোরেশন এ আয়োজনের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা, স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রসার ঘটানো এবং পর্যটননির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।

কার্নিভালে পর্যটকদের জন্য বিনোদন, অ্যাডভেঞ্চার, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় খাবার, স্থানীয় পণ্যের বাজার, বালু ভাস্কর্য, চিত্রকর্ম প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে। হোটেল শৈবাল প্রাঙ্গণে ১৫টি বিশেষ জোন গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় লোকশিল্প, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় কক্সবাজারের হোটেল শৈবালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মো. গনী উল আজম এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন আদেশ, ১৯৭২-এর ২(ঙ) ধারা অনুযায়ী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ‘স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড’কে বাস্তবায়ন সহযোগী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যটকদের বিনোদন, জ্ঞানচর্চা, বিশ্রাম ও রোমাঞ্চকর অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় রেখে পুরো আয়োজনকে বিভিন্ন বিশেষ জোনে সাজানো হচ্ছে।

মো. গনী উল আজম আরও জানান, কক্সবাজারের লোকশিল্প, ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা এবং নগদবিহীন আর্থিক লেনদেনের ব্যবহার উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ উদ্যোগের মাধ্যমে পর্যটন খাতে আধুনিক সেবার প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।

কার্নিভালের আকর্ষণীয় আয়োজনের মধ্যে ওয়েলনেস জোন থাকবে, যেখানে শারীরিক ও মানসিক প্রশান্তির ব্যবস্থা থাকবে। এক্সপেরিয়েন্স জোনে নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা পাওয়া যাবে। সমুদ্রের সান্নিধ্যে রাত কাটানোর জন্য ক্যাম্পিং জোন থাকবে। ওপেন থিয়েটার ও এম্পিথিয়েটার জোনে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় পরিবেশনা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।

এছাড়া ওপেন লাইব্রেরি ও টেলিস্কোপ জোনে উন্মুক্ত পরিবেশে বই পড়ার সুযোগ থাকবে এবং টেলিস্কোপ দিয়ে রাতের আকাশ পর্যবেক্ষণ করা যাবে। মার্কেট জোনে স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের কেনাকাটা, এক্সিবিশন জোনে শিল্পকর্ম ও পর্যটনসংশ্লিষ্ট প্রদর্শনী এবং গেমিং জোনে আধুনিক বিভিন্ন খেলার ব্যবস্থা থাকবে। শিশুদের জন্য আলাদা কিডস জোনও থাকবে।

খাদ্যপ্রেমীদের জন্য ফুড জোনে কক্সবাজারের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারসহ দেশি-বিদেশি বিভিন্ন পদের খাবার পরিবেশন করা হবে। গো-কার্ট ও স্পোর্টস জোনে রোমাঞ্চকর গো-কার্টিং এবং বিচ স্পোর্টসসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন থাকবে। দেশি-বিদেশি বালুশিল্পীদের অংশগ্রহণে বালু ভাস্কর্য জোন এবং দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের শিল্পকর্ম নিয়ে চিত্রকর্ম জোন সাজানো হবে। সমুদ্রসৈকতের পরিবেশে লাইভ বারবিকিউ আয়োজনের জন্য সি-ভিউ বারবিকিউ জোন থাকবে।

হোটেল শৈবালের অভ্যন্তরে অবস্থিত পুকুরের চারপাশে পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন সাজসজ্জা ও বিনোদনমূলক নানা আয়োজন থাকবে।

আয়োজকদের আশা, আগামী ২২ নভেম্বর থেকে পূর্ণমাত্রায় কার্নিভালের কার্যক্রম শুরু হবে। এ উৎসব কক্সবাজারে পর্যটকদের অবস্থানের সময় বাড়ানোর পাশাপাশি পর্যটন মৌসুমে নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা, হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে এবং কালবেলার কক্সবাজার প্রতিনিধি এম আর মাহবুবের সঞ্চালনায় বক্তব্য ও তথ্য উপস্থাপন করা হয়। এ সময় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছানুল করিব, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, স্পেলবাউন্ডের স্বত্বাধিকারী গাজী গোলাম সরওয়ারসহ পর্যটনসংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : বক্তারা দ্রুত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন, যাতে রোডক্র্যাশে প্রতিরোধযোগ্য প্রাণহানি ও গুরুতর আঘাত কমানো সম্ভব হয়।

তারা উল্লেখ করেছেন, নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতিসীমা, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল সড়ক ব্যবহার এবং দুর্ঘটনা-পরবর্তী দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।

আজ রোববার বিশ্ব রোডক্র্যাশে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সংসদ সদস্য, নীতিনির্ধারক, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব বিষয় তুলে ধরেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান। তিনি উল্লেখ করেন, "যথাযথ নীতি, আইন, নিরাপদ অবকাঠামো ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সড়কে প্রাণহানি কমানো সম্ভব।"

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী অনুষ্ঠানে বলেন, "রোডক্র্যাশে মৃত্যু ও গুরুতর আঘাতের বড় অংশই প্রতিরোধযোগ্য।" তিনি আরও বলেন, দুর্ঘটনার পর চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত হলে প্রাণহানি কমানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার ওপর চাপও কমবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান বলেন, "প্রতিটি গুরুতর দুর্ঘটনার যথাযথ তদন্ত, দায় নির্ধারণ এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।" তিনি উল্লেখ করেন, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক এই কাজে সহায়তা করতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, "রোডক্র্যাশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সরকার একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে।" তিনি জানান, এ আইন কার্যকর হলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রোডক্র্যাশে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি ট্রাস্ট ফান্ডের সহায়তার বিষয়টি জানাতে হবে, যাতে তাঁরা সময়মত যথাযথ সহায়তা পান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (রোড সেফটি) মো. জিয়াউর রহমান, ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার খালিদ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরানো হলো আনসারের ডিজিকে, নতুন দায়িত্বে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


সরানো হলো আনসারের ডিজিকে, নতুন দায়িত্বে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) পদ থেকে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে অপসারণ করা হয়েছে।

মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আদেশের মাধ্যমে এই পরিবর্তনের তথ্য প্রকাশ করা হয়।

বিস্তারিত আসছে...

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্যকে সম্পদে রূপান্তর করে পরিবেশবান্ধব নগরী গড়ার অঙ্গীকার ডা. শাহাদাত হোসেনের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


বর্জ্যকে সম্পদে রূপান্তর করে পরিবেশবান্ধব নগরী গড়ার অঙ্গীকার ডা. শাহাদাত হোসেনের

চট্টগ্রাম, ১৫ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন ঘোষণা করেছেন যে, তিনি বর্জ্যকে সম্পদে রূপান্তর করে পরিবেশবান্ধব চট্টগ্রাম মহানগরী গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনের প্রতিষ্ঠান কনচ ভেঞ্চার দিয়েছে।

আজ রবিবার (১৫ নভেম্বর) নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ প্রস্তাব উপস্থাপন করেন।

এ সময় তাঁরা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে নিজেদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিভিন্ন দেশে বাস্তবায়িত প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

বৈঠকে প্রশাসক ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেন, "আমরা বর্জ্যকে শুধু অপসারণের বিষয় হিসেবে দেখতে চাই না, বরং সম্পদে রূপান্তর করতে চাই।" তিনি উল্লেখ করেন যে, চট্টগ্রাম নগরীতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। এই বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণে চসিককে উল্লেখযোগ্য অর্থ ও জনবল ব্যয় করতে হয়। অথচ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈবসারসহ বিভিন্ন মূল্যবান সম্পদ উৎপাদনের সুযোগ রয়েছে। তিনি বলেন, "আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।"

প্রশাসক আরও বলেন, "চট্টগ্রামের উন্নয়নে আমরা আন্তর্জাতিক সহযোগিতা ও আধুনিক প্রযুক্তিকে স্বাগত জানাই।" তিনি উল্লেখ করেন যে, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।

তিনি যোগ করেন, "আমরা এমন কোনো প্রকল্প চাই না, যা ভবিষ্যতে সিটি কর্পোরেশনের জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়।" প্রকল্পটি বাস্তবসম্মত, পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে টেকসই হতে হবে।

বৈঠকে চীনা প্রতিনিধিদল জানায়, কনচ ভেঞ্চার বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি আধুনিক গ্রেট ফার্নেস প্রযুক্তির মাধ্যমে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ ও বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। এছাড়া বর্জ্য প্রক্রিয়াকরণে বিভিন্ন ধরনের প্রযুক্তি ও পরিবেশগত নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, চীনসহ বিভিন্ন অঞ্চলে তাদের মোট ১১২টি চুক্তিবদ্ধ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রয়েছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াকরণ করেছে।

বৈঠকে চীনা প্রতিনিধিদলের পক্ষে আনহুই হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের জেনারেল ম্যানেজার হান জিউ, কনচ কাওয়াসাকি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের নির্বাহী উপমহাব্যবস্থাপক লি চাওহুই, হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট অফিসের সুপারভাইজার চেং, প্রতিনিধি কেন্ট, কাও এবং ডিএন অ্যাসোসিয়েটসের লেফটেন্যান্ট কর্নেল (অব.) আহমেদ ড্যানিয়েল ইসলাম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%