ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত


সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : সরকারি চাকরিতে স্বচ্ছতা, জবাবদিহিতা, কার্যকারিতা ও গতিশীলতা নিশ্চিতকরণের মাধ্যমে জনসেবা আরও বেগবান করার লক্ষ্যে ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (গভর্নমেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (জিপিএমএস)’ বাস্তবায়নের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির সভা আজ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিসভা কমিটির সভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

আরও পড়ুন: গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামোর গেজেট প্রকাশ করেছে সরকার

এছাড়া সভায় অংশগ্রহণ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবগণ।

সভায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) বাস্তবায়নের সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২৬-২০২৭ অর্থবছরের সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি পর্যালোচনা করা হয়।

এছাড়া বিগত ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত (জিপিএমএস) এর সার্বিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা করা হয়। সরকারি দপ্তরগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, সরকারের পলিসি অনুযায়ী সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়ন এবং অর্পিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর মনিটরিং ও মূল্যায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

আরও পড়ুন: শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে দেওয়া বিপ্লব ১২ ঘণ্টায় গ্রেপ্তার

সভায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) সহজীকরণ ও মধ্যমেয়াদী বাজেট কাঠামো (এমটিবিএফ) সংক্রান্ত অন্যান্য বিষয়ে পরামর্শ প্রদানের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ২০ ধারা এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ২৫৫ নং নির্দেশনার আলোকে সরকারি অফিসসমূহে কর্মসম্পাদন ব্যবস্থাপনা সুদৃঢ় করার উদ্দেশ্যে (জিপিএমএস) প্রবর্তন করা হয়েছে। বর্তমানে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৮৬টি দপ্তর ও সংস্থাসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের মাঠপ্রশাসনে (জিপিএমএস) এর কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসইতে সূচক কমলেও লেনদেন ৪৮২ কোটি টাকায় পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


ডিএসইতে সূচক কমলেও লেনদেন ৪৮২ কোটি টাকায় পৌঁছেছে

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে দেখা গেছে, অধিকাংশ মূল্যসূচক কমেছে। তবে, লেনদেনের পরিমাণ বেড়ে ৪৮২ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসই’র আজকের বাজার পর্যালোচনায় দেখা যায়, প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ কমে ৫ হাজার ৩৮৫ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএস ৩০ দশমিক ৮৮ শতাংশ কমে ২ হাজার ৬৮ দশমিক ৪৩ পয়েন্ট এবং ডিএসইএস দশমিক ৪৫ শতাংশ কমে ১ হাজার ৪৫ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিন শেষে ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানি ও বিভিন্ন ধরনের সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১টির দর বেড়েছে, ১৯০টির কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত ছিল।

আজ ডিএসইতে ১ লাখ ৬৩ হাজার ৫৬৪টি ট্রেডের মাধ্যমে মোট ১৭ কোটি ৫০ লাখ ৫৩ হাজার ৫৪২টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ হাতবদল হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮২ কোটি ১৯ লাখ ৫৮ হাজার ৫৬০ টাকা।

শ্রেণিভিত্তিক হিসাবে ‘এ’ শ্রেণির ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ১০টির অপরিবর্তিত রয়েছে। ‘বি’ শ্রেণির ৬৯টির মধ্যে ২৯টির দর বেড়েছে, ৩৬টির কমেছে এবং ৪টির অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ শ্রেণির ১২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দর বেড়েছে, ৬৩টির কমেছে এবং ৩২টির অপরিবর্তিত রয়েছে। মিউচ্যুয়াল ফান্ডের ৩২টির মধ্যে ৩০টির দর বেড়েছে, ১টির কমেছে এবং ১টির অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে আজ শীর্ষ ১০ কোম্পানি হলো- মতিন স্পিনিং, সায়হাম টেক্সটাইল, ইভিন্স টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, সোনালী আঁশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম, ফাইন ফুডস ও এনভয় টেক্সটাইলস।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- মতিন স্পিনিং, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, বিডি থাই, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড ও জিবিবি পাওয়ার।

অন্যদিকে দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- প্রিমিয়ার লিজিং, ইসলামী ব্যাংক, লিব্রা ইনফিউশনস, সোনালী আঁশ, ওরিয়ন ইনফিউশন, সঙ্গীতা বাংলাদেশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, দেশ গার্মেন্টস, ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড এবং ১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে জাতীয় যুব দিবস পালিত, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


শেরপুরে জাতীয় যুব দিবস পালিত, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

শেরপুর, ১ নভেম্বর, ২০২৬ : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে শেরপুরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে আজ রোববার শেরপুর জেলা সদরের ভাতশালায় যুব ভবনের হলরুমে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম জহিরুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশিদ।

আলোচনা সভায় বক্তারা যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন, যা জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক। বক্তারা বেকারত্ব নিরসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে যুবকদের দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তারা আরও উল্লেখ করেন, এই ঋণ তরুণ উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং যুবসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন।

এর আগে সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ বছর পর নতুন বেতন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মচারীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


১১ বছর পর নতুন বেতন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মচারীরা

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আজ নতুন বেতন কাঠামোর আওতায় তাদের বেতন গ্রহণ করেছেন। পাশাপাশি, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের জন্য বর্ধিত বেতনের বকেয়া অর্থও তারা পেয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, সকাল ১০টার পর থেকে অনেক সরকারি কর্মচারী তাদের মোবাইল ফোনে অক্টোবর মাসের বেতন এবং বিগত তিন মাসের বকেয়া টাকা জমা হওয়ার এসএমএস নোটিফিকেশন গ্রহণ করেছেন।

কর্মকর্তাদের মতে, দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকের অধিকাংশই এই বর্ধিত বেতন-ভাতা পেয়েছেন।

তবে যেসব কর্মচারীর পে-ফিক্সেশন (বেতন নির্ধারণ) প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, তারা নতুন কাঠামোর এই সংশোধিত বেতন পাননি।

কিছু সরকারি কর্মকর্তা জানান, সকাল ১০টা থেকেই তারা নতুন বেতন কাঠামোর অধীনে প্রাপ্ত বেতনের নিশ্চিতকরণ বার্তা পেয়েছেন। তারা আশাবাদী যে, পে-ফিক্সেশন সংক্রান্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাকি কর্মচারীরাও তাদের পাওনা পেয়ে যাবেন।

গত ১৭ সেপ্টেম্বর সরকার নতুন ‘জাতীয় বেতন স্কেল’-এর গেজেট প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বজায় রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশোধিত কাঠামোর অধীনে, ১ থেকে ১১ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, আর ১২ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত।

নতুন বেতন কাঠামোটি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও, এটি একক ধাপে দেওয়ার পরিবর্তে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে সুবিধা পাবেন।

২০২৬ সালের ৩০ জুনে উত্তোলিত বা প্রদেয় বেতনের ভিত্তিতে এই অতিরিক্ত অর্থ হিসাব করা হয়েছে।

এরপর, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কর্মচারীরা বর্ধিত মূল বেতনের ৭৫ শতাংশ পাবেন। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টসহ সংশোধিত স্কেলের ১০০ শতাংশ পুরোটাই বাস্তবায়ন করবে সরকার।

তবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য সকল ভাতা ২০২৬ সালের ৩০ জুনে প্রযোজ্য হারেই অব্যাহত থাকবে। প্রজ্ঞাপনে ঘোষিত ভাতাগুলোর সংশোধিত হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

এর আগে সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। ফলে দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মচারীদের বেতনে এটিই প্রথম বড় ধরনের পুনর্গঠন।

২০১৫ সালের বেতন স্কেলে সর্বনিম্ন গ্রেডে ১০১ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ৯৫ শতাংশ মূল বেতন বৃদ্ধি পেয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-সুইডেনের সাইবার নিরাপত্তা ও এআই সহযোগিতায় গুরুত্ব আরোপ করেছেন আইসিটি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


বাংলাদেশ-সুইডেনের সাইবার নিরাপত্তা ও এআই সহযোগিতায় গুরুত্ব আরোপ করেছেন আইসিটি মন্ত্রী

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল জনপরিকাঠামো এবং প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় ‘ওয়ান আইডি-ওয়ান ওয়ালেট’ উদ্যোগ, নিরাপদ ডিজিটাল পরিচয়ব্যবস্থা, অনলাইন আর্থিক লেনদেনের নিরাপত্তা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবার সম্প্রসারণ বিশেষ গুরুত্ব পায়।

এসব ক্ষেত্রে নিরাপদ ব্যাংকিং ও পরিচয়প্রযুক্তি, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।

ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল সেবা ও অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষজ্ঞ, গণমাধ্যম, প্রযুক্তি প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের উদ্দেশ্য মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়। বরং অনলাইনে হয়রানি, অপপ্রচার, ক্ষতিকর কনটেন্ট এবং প্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করাই এর লক্ষ্য।

প্রস্তাবিত আইন ও নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি পূর্ণ সম্মান রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও দায়িত্বশীল ব্যবহার নিয়েও মতবিনিময় হয়।

মন্ত্রী বলেন, এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন, তথ্যের নির্ভরযোগ্যতা এবং প্রযুক্তির নৈতিক ব্যবহার বিবেচনায় নিতে হবে। বিশেষ করে দেশের বিপুলসংখ্যক তরুণ ও নতুন স্নাতকদের জন্য ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

সুইডেনের রাষ্ট্রদূত এ ক্ষেত্রে সরকার, বেসরকারি খাত, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যাপক সুযোগ রয়েছে।

রাষ্ট্রদূত বাংলাদেশের ডিজিটাল জনপরিকাঠামো উন্নয়ন ও সাইবার নিরাপত্তা জোরদারে সুইডেনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো, টেলিযোগাযোগ, সাইবার নিরাপত্তা ও উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা এবং বিনিয়োগ বাড়াতে পূর্বানুমেয় নিয়ন্ত্রক পরিবেশ, সমান প্রতিযোগিতার সুযোগ ও বহুমুখী প্রযুক্তি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভিভাবকদের ভূমিকা এবং ডিজিটাল শিক্ষার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাষ্ট্র ও প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সমন্বিত ভূমিকার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

সাক্ষাৎকালে সুইডেন দূতাবাসের প্রথম সচিব ওলি লুন্ডিন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ডিজিটাল প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবনী প্রযুক্তি খাতে বিদ্যমান যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%