বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪১ পি.এম
ঝিনাইদহে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। এই বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে মাঠের পাকা ধানের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
বৃষ্টির ফলে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটেছে এবং দৈনন্দিন কাজকর্মেও ছন্দপতন ঘটেছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভিজে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে, ফলে দিনমজুর ও শ্রমজীবী মানুষের ভোগান্তি বেড়েছে। আবহাওয়ার এই অস্বাভাবিক পরিস্থিতিতে স্থানীয় কৃষক এবং সাধারণ মানুষের মধ্যে ফসল ও জীবিকা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
কৃষক নাইমুল ইসলাম জানান, তিনি ধান কাটার একদিন পর এমন বিরূপ আবহাওয়া শুরু হয়েছে। এখন পাকা ধান পানিতে ভিজে যাচ্ছে। কৃষক বাবুল বিশ্বাসের মতে, সাধুহাটী ইউনিয়নে বহু কৃষকের কাটা ধান জমিতে পড়ে আছে, যার ফলে কৃষকদের লোকসান গুনতে হবে। সার ও কীটনাশকের দোকানে দেনা শোধের চিন্তায় কৃষকদের ঘুম হারাম হয়ে গেছে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, বৃষ্টির মধ্যে যারা ধান কেটেছেন, তাদের ক্ষতির সম্ভাবনা বেশি। তবে সারা জেলায় এখনো পুরোদমে ধান কাটা শুরু হয়নি। তিনি জানান, কৃষি কর্মকর্তারা মাঠের দিকে নজর রাখছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে। ট্রেনটি গোপালগঞ্জের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ট্রেনটি আপাতত গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে না। রাজশাহী থেকে ছেড়ে কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আগের মতো গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৪) প্রতিদিন বিকাল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। ফিরতি পথে ট্রেনটি (৭৮৩) সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছায়।
তবে নতুন নির্দেশনা অনুযায়ী, আপাতত ট্রেনটির যাত্রা কালুখালী স্টেশনেই শেষ হবে। এতে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালীর পরবর্তী গন্তব্যে যেতে বিকল্প পরিবহণের ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নির্ধারিত রুটে ট্রেন চলাচল শুরু হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের হালিমপুর ইউনিয়নের হালিমপুর উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক মিলন মিয়ার বিদায় অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নেছা। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল শিক্ষক, কর্মচারী এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
//মো. আসাদুজ্জামান//
সাতক্ষীরা, ১৯ নভেম্বর, ২০২৬ : দীর্ঘ সময় ধরে অবহেলা, অযত্ন এবং রক্ষণাবেক্ষণের অভাবে সাতক্ষীরার শ্যামনগরের দেড়’শ বছরের ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি ধ্বংসের মুখে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নিলে এই দেড়শতবর্ষী স্থাপনাটি স্থায়ীভাবে হারিয়ে যাবে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে এবং জেলা প্রশাসক কাউসার আজিজ জানিয়েছেন যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
এক সময় এই জমিদার বাড়িটি ছিল তিনতলা বিশিষ্ট একটি বিশাল প্রাসাদ, যা সৌন্দর্যমণ্ডিত ছিল। সারি সারি স্তম্ভ, খিলান এবং কারুকাজে সাজানো ভবনটি ছিল, সামনে বিস্তীর্ণ মাঠ, পাশে বড় পুকুর, পাকা ঘাট, নহবতখানা এবং জোড়া শিবমন্দির। জমিদারি ঐশ্বর্যের স্মৃতি আজ ধ্বংসের পথে। ছাদের একটি বড় অংশ ইতিমধ্যে ধসে পড়েছে।
দেয়ালের পলেস্তারা খসে গিয়ে বেরিয়ে এসেছে সুন্দর কারুকার্য খচিত ইট। কোথাও আগাছার আড়ালে হারিয়ে গেছে স্থাপনার চিহ্ন। ২শ’ ১২ ফুট দীর্ঘ ভবনের চারপাশ এখন কলাগাছ, ঘাস এবং আগাছায় ছেয়ে গেছে।
জানা যায়, ১৮৮৮ সালে জমিদার হরিচরণ রায় চৌধুরী তাঁর ঐশ্বর্য ও রুচিবোধের নিদর্শন হিসেবে ইংরেজি ‘এল’ প্যাটার্নে নির্মিত ৪১ কক্ষবিশিষ্ট এই তিনতলা ভবনটি গড়ে তোলেন। শ্যামনগর থানার সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়িটি একসময় স্থানীয় জনজীবনের কেন্দ্রস্থল ছিল। সাতক্ষীরা জেলা শহর থেকে প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ।
এই জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল প্রায় ১২ বিঘা জমির ওপর। মূল প্রাসাদটি নির্মিত হয় সাড়ে তিন বিঘা জমিতে, যা দেড় হাত প্রস্থের শক্ত প্রাচীর দিয়ে ঘেরা ছিল। প্রবেশপথে ছিল বিশাল সিংহদ্বার। কিছুটা সামনে বিশাল পুকুরে শান বাঁধানো ঘাট ছিল। পুকুরটি সারাবছর পানিতে পরিপূর্ণ থাকতো, এমনকি গ্রীষ্মকালেও পানি শুকাত না।
পুকুরঘাটের পাশে দাঁড়িয়ে ছিল ৩৬ ইঞ্চি সিঁড়ির একটি নহবতখানা, যার ৮টি স্তম্ভ আজও দাঁড়িয়ে অতীতকে স্মরণ করিয়ে দিচ্ছে। ভবনের দৈর্ঘ্য ২শ’ ১০ ফুট এবং প্রস্থ ৩৭ ফুট। নিচতলায় ছিল অফিস কক্ষ, পূজার ঘরসহ ১৭টি কক্ষ এবং উপরতলায় ছিল আরও ৫টি কক্ষ। প্রতিটি কক্ষ ছিল কাঠের শৈল্পিক আসবাব, কার্পেট এবং চন্দন কাঠের পালঙ্ক দিয়ে সুসজ্জিত। দরজা-জানালা ছিল শাল, সেগুন কাঠ এবং লোহার তৈরি। ছাদগুলো ছিল ১০ ইঞ্চি পুরু চুন-সুরকির।
এ স্থাপনার অলিন্দ, খিলান, কলাম ও পেডিমেন্টে স্পষ্ট ছাপ রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের। প্রতিটি প্রবেশপথ ছিল ২০ ফুট অন্তর, ৪টি গেট দিয়ে প্রবেশের সুযোগ থাকায় বাড়িটি সুবিন্যস্ত ও সুরক্ষিত ছিল।
জমিদার হরিচরণ রায় ছিলেন জনহিতৈষী ও প্রতাপশালী শাসক। তাঁর আমলে শ্যামনগর তথা সাতক্ষীরার বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক বহু কাজ সম্পন্ন হয়েছিল। তিনি ১৮৯৯ খ্রিস্টাব্দে নির্মাণ করেন নকিপুর মাইনর স্কুলটি, যা বর্তমানে নকিপুর সরকারি হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচিত।
লোককথা অনুযায়ী, শোনা যায়, তাঁর মা নিস্তারিণী রায় ঘুমের মধ্যে গুপ্তধনের অবস্থান পান, আর এ থেকেই নাকি হরিচরণ বিপুল সম্পদের মালিক হন এবং সূর্যাস্ত আইন প্রয়োগ করে তিনি বহু জমি কিনে স্বতন্ত্র জমিদারিতে পরিণত হন।
জমিদার হরিচরণ ১৯১৫ সালে মৃত্যুবরণ করেন। এরপর তাঁর জমিদারীর দায়িত্ব পড়ে দুই ছেলের ওপর, যাঁরাও বংশের আভিজাত্য বজায় রাখেন। এরপর তাঁর দুই ছেলে ১৯৩৭ ও ১৯৪৯ সালে মারা যান।
১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে হরিচরণ রায়ের উত্তরাধিকারীরা আর্থিক সংকটে পড়েন। ১৯৭১ সালে পরিবারের সর্বশেষ উত্তরাধিকারীরা কলকাতায় চলে গেলে বাড়িটি অযত্নে পড়ে থাকে। রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি ধীরে ধীরে ধ্বংস হতে থাকে।
এক সময়ের মূল্যবান সামগ্রীও চুরি ও লুটপাট হয়। এরপর থেকেই বাড়িটি অবহেলা এবং লুটতরাজের শিকার হতে থাকে। মূল্যবান সব আসবাব ও স্থাপত্য উপকরণ চলে যায় চোর ও লুটেরাদের হাতে। বর্তমানে জমিদার বাড়ির অধিকাংশ কক্ষ ধ্বংসপ্রাপ্ত। দেয়ালের চুন-সুরকি খসে পড়ছে, ছাদে ফাটল ধরেছে, আর গাছ-লতাপাতা জড়িয়ে ধরেছে পুরো কাঠামোকে। এককালে জমিদার পরিবারের দুর্গাপূজার আয়োজনের জন্য নির্মিত বিশেষ পাকা প্যান্ডেলটিও আজ শুধুই স্মৃতি।
স্থানীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী বাসসকে জানান, জমিদার হরিচরণ রায় চৌধুরীর পূর্ব পুরুষদের বাস ছিল ভারতের মুর্শিদাবাদ জেলায়। সেখান থেকে তারা আসেন শ্যামনগর উপজেলার বেলেডাঙ্গা চৌধুরী আটি নামক স্থানে। তখন তাদের মাত্র ১৮ বিঘা জমি ছিল। তাঁর বাবা পীরে নাথ চৌধুরী এবং ঠাকুর দা ছিলেন হরপ্রসাদ রায় চৌধুরী।
পীরে নাথ চৌধুরী নকিপুরে এ জমি কেনেন। জমিদার হরিচরণ রায় চৌধুরীর এখানেই জন্ম গ্রহণ করেন। ১৮৮৫ সালে তারা সূর্যাস্ত আইনে এখানে দুই লাখ একর জমি কেনেন, যা ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে বিস্তৃত।
হরিচরণ রায় চৌধুরীর দুই ছেলে রায় সতীন্দ্র নাথ চৌধুরী ও যতীন্দ্র নাথ চৌধুরী। দেশ বিভাগের আগেই তারা এখান থেকে চলে যান। এরপর তারা ভারতের ভবানীপুর ও টালিগঞ্জে দুটি বাড়ি নির্মাণ করেন।
নকিপুর হরিচরণ পাইলট স্কুলটি ১৮৯৯ সালে জমিদাররা প্রতিষ্ঠা করেন। এ স্কুলের শতবর্ষী পূর্তি অনুষ্ঠানে ২০০০ সালে জমিদার বাবুর বংশধর রায় বিবনন্দ চৌধুরী এবং জমিদারদের মেয়ে প্রখ্যাত সুরকার পুলক বন্দোপদ্যায়ের স্ত্রী ও তাঁর ছেলে এখানে এসেছিলেন। পুলক বন্দোপদ্যায়ের স্ত্রী এ সময় বাড়ির স্মৃতিচারণ করে বলেছিলেন, তিনি এখানে কোন ঘরে থাকতেন। পুকুরপাড়ে কোথায় বসতেন। তারা তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি দেখে খুশি হয়েছিলেন।
তিনি আরো বলেন, ১৯৮৮ সালে এ জমিদার বাড়িটি আমি নিজেই দেখেছি। তখনও এই বাড়িটি বসবাসের উপযুক্ত ছিল। ডানপাশের ভবনে এখানে সিএ রেভিনিউ অফিস ছিল। এই দোতলায় রেভিনিউ অফিসারের ফ্যামিলিসহ বসবাস করতেন। তিনতলা এই ভবনটিতে (৩৪+৭) মোট ৪১টি কক্ষ ছিল। ওই সময়ও যদি বাড়িটি সংস্কার করা যেতে, তাহলে তখন অনেক কিছুই ভালো পাওয়া যেতো। তিনি এসময় জমিদারের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য বাড়িটি সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র মন্ডল বাসসকে বলেন, আমার বাবা ও ঠাকুরদাদারা বলে গেছেন, এখানে একটি পীরের থান (নহবতখানা) ছিল। জমিদার হরিচরণ রায় চৌধুরী এখানে বসে পূজা অর্চনা করতেন। এটি আমরা সবার কাছ থেকে চাঁদা নিয়ে জমিদারের স্মৃতিচিহ্নটা ধরে রেখেছি।
জমিদার বাড়ির প্রতিবেশী কৃষক শেখ সিরাজুল ইসলাম জানান, জমিদার বাড়ির দক্ষিণ পাশে দুটি শিবমন্দির রয়েছে যা এক তলা বিশিষ্ট। তার দক্ষিণ ধারে রয়েছে আলীর থান বলে একজন মুসলমান, সে ওখানে বসতো, তার থানও সেখানে রয়েছে। এখন যারা জমিদার বাড়িতে রয়েছেন, তারা খাস জমির ওপর বসবাস করছেন।
স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাল জানান, ছোট বেলা থেকে এখানে বড় হয়েছি। আরো ১০ থেকে ১৫ বছর আগে সরকার যদি এ জায়গাটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতো তাহলে অনেক ভালো হতো। এ জমিদার বাড়িটি গাছপালায় ভরে গেছে, চারিদিকে নোংরা পরিবেশ হয়ে গেছে। ফাতেমা ও আনোয়ারা নামে দুই মহিলা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। তাদের বাড়ি-ঘর কোন কিছুই নেই।
জমিদারবাড়িতে বসবাসকারী আনোয়ারা খাতুন জানান, অনেক ছোট বেলা থেকে তিনি এখানে বসবাস করছেন। তার মা সিও সাহেবের বাসায় রান্না করতেন। এখানে ১শ’ রুম দেখেছেন। এলাকার লোকজন এ বিল্ডিং ভেঙে ফেলেছেন। এখানে এখন কষ্টে জীবন যাপন করছেন বলে জানান তিনি।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বাসসকে বলেন, শ্যামনগর ঐতিহাসিকভাবে অনেক সমৃদ্ধ। এখানে সুন্দরবনসহ প্রত্নতাত্বিক নিদর্শনও রয়েছে। এর মধ্যে নকিপুর জমিদার বাড়ি একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্বিক নিদর্শন। এ নিদর্শন সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে আমরা মিনিস্ট্রিতে এ স্থাপনার বিভিন্ন তথ্য পাঠিয়েছি। উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে সংরক্ষণের ক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করে থাকি।
সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ বাসসকে বলেন, সাতক্ষীরা জেলায় যে সমস্ত প্রত্নতাত্বিক সম্পদ রয়েছে, তার মধ্যে শ্যামনগর উপজেলার নকিপুর জমিদার বাড়িটি অন্যতম। সেটির ঐতিহ্যকে ধরে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।
ইতোমধ্যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে পজেটিভ সাড়া পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে এ সম্পত্তি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান সকলকে আহ্বান জানিয়েছেন, নিজেদের এলাকার পরিবেশ রক্ষা করার পাশাপাশি দেশের রক্ষায় এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ নামক একটি সংগঠনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “সমাজের সব ধরনের সমস্যার সমাধান কেবল আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়। অনেক জটিল সমস্যার সামাজিক সংগঠনের মাধ্যমে সমাধান সম্ভব। বিগত প্রায় দুদশক ধরে দেশে যে অস্বাভাবিক ও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছিল, তাতে সামাজিক মূল্যবোধ বিনষ্ট হয়েছিল এবং সমাজে সম্মানীয় ব্যক্তিদের অপদস্ত করা হতো।”
তিনি গণ-অভ্যুত্থানের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে উল্লেখ করে বলেন, “এখন সামাজিক সংগঠনের সক্রিয় উদ্যোগে সমাজে হারিয়ে যাওয়া মূল্যবোধ পুনরায় ফিরিয়ে আনা সম্ভব।”
সমাজের পরিবর্তন ও উন্নয়নের জন্য মতপার্থক্য ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান।
তিনি বলেন, “বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ হওয়ায় নাগরিকদের স্বাস্থ্যসুরক্ষায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। যত্রতত্র ফেলা আবর্জনা নদী-নালা, খাল-বিল ও পরিবেশকে দূষিত করছে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রতিটি পরিবারে সচেতনতা তৈরি করা এবং বৈজ্ঞানিক ও পদ্ধতিগত উপায়ে আবর্জনা সংগ্রহ ও ধ্বংসের মাধ্যমে লালমনিরহাটকে দেশের সবচেয়ে পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তুলতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ