ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নকল সার-কীটনাশকে উৎপাদন খরচ দ্বিগুণ, কৃষকের মাথায় হাত


নকল সার-কীটনাশকে উৎপাদন খরচ দ্বিগুণ, কৃষকের মাথায় হাত

কুষ্টিয়ায় নকল কীটনাশকের বিক্রি বৃদ্ধি পেয়েছে। অবৈধভাবে অনেক ব্যবসায়ী সার মজুত করে অধিক মূল্যে বিক্রি করছেন। এর ফলে, জমিতে আগের তুলনায় দ্বিগুণ সার ব্যবহার করলেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাচ্ছে না।

উপজেলা প্রশাসন নকল কীটনাশকের উৎপাদন ও বাজারজাত বন্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র জানাচ্ছে, জমিতে পোকামাকড় দমনের জন্য দুবারের পরিবর্তে একই জমিতে পাঁচ থেকে সাতবার পর্যন্ত কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। এর ফলে, উৎপাদন খরচ বাড়ছে এবং ফসলের কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার কারণে কৃষকরা লোকসানের আশঙ্কায় রয়েছেন।

আরও পড়ুন: মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন, কৃষকের ন্যায্যমূল্য নিয়ে উদ্বেগ

কৃষকদের অভিযোগ, একসময় এক বিঘা জমিতে ৩০ কেজি সার ব্যবহার করে প্রত্যাশিত ফলন পাওয়া যেত। বর্তমানে ৬০ থেকে ৭০ কেজি সার প্রয়োগ করেও তারা আশানুরূপ ফলন পাচ্ছেন না। একইভাবে, পোকামাকড় দমনে আগের তুলনায় কয়েক গুণ বেশি কীটনাশক ব্যবহার করতে হচ্ছে।

তাদের দাবি, আসল পণ্যের মূল্য দিয়েও বাজার থেকে নিম্নমানের সার ও কীটনাশক কিনতে হচ্ছে। প্যাকেট কিংবা বোতল দেখে আসল ও নকল পণ্য শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে, উপজেলা প্রশাসন নকল ও অবৈধভাবে মজুদ করা সার-কীটনাশকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। গত ১ নভেম্বর নিমতলা বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করার পাশাপাশি কীটনাশক জব্দ করা হয়। পরদিন গোপালপুরে বিআরপি এগ্রো থেকে প্রায় আট লাখ টাকার পণ্য জব্দ করেছে প্রশাসন। এছাড়া ৫ নভেম্বর সুলতানপুরে অভিযান চালিয়ে ১৯টি ব্র্যান্ডের সার ও কীটনাশক জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: বিজয়নগরে সবুজ পাতার ফাঁকে-থোকায় ঝুলছে রসালো কমলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরের ওসিকে ফোনে প্রাণনাশের হুমকি, যুবলীগ নেতার কল রেকর্ড ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ এম


কালিয়াকৈরের ওসিকে ফোনে প্রাণনাশের হুমকি, যুবলীগ নেতার কল রেকর্ড ভাইরাল

গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে মুঠোফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি কল রেকর্ডের কারণে গোটা জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই কল রেকর্ডে ওসিকে হুমকি দেওয়ার কথোপকথন শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ওসিকে ফোন করে আশরাফুল ইসলাম সোহাগ পরিচয় দেওয়া এক ব্যক্তি কথা বলেন। ছড়িয়ে পড়া কল রেকর্ডে তাঁকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেপ্তার এবং গণহারে মামলা দেওয়ার বিষয়ে ওসির কাছে জানতে চাইতে শোনা যায়।

কথোপকথনের এক পর্যায়ে তিনি ওসি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়েও হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে ওসি কোথায় যাবেন, তা নিয়েও মন্তব্য করেন তিনি। এ ছাড়া মিছিল থেকে পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় ওই কল রেকর্ডে। তবে এই কল রেকর্ডের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ বাদী হয়ে দুটি মামলায় ৫ থেকে ৬ হাজার আসামি করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সফিপুর বাজার এলাকায় পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিলের চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মিছিল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

এই গ্রেপ্তার ও মামলার পর থেকেই একটি মহল পুলিশের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরই জের ধরে ওসিকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় যুবলীগ নেতা পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তিনি বলেন, ফোনটি কোন নম্বর থেকে করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। ওসি আরও জানান, হুমকি-ধমকি দিয়ে পুলিশের আইনানুগ কার্যক্রম বন্ধ করা যাবে না। অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কল রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, একজন থানার ওসিকে যদি প্রকাশ্যে এভাবে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কালিয়াকৈরের একজন ব্যবসায়ী বলেন, পুলিশ আমাদের নিরাপত্তা দেবে। আর সেই পুলিশকেই যদি হুমকি দেওয়া হয়, তাহলে আমরা কার কাছে যাব?

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কালিয়াকৈরে একের পর এক নাশকতা, পেট্রোল বোমা উদ্ধার, মিছিল থেকে গ্রেপ্তার—এরপর এখন থানার ওসিকে সরাসরি প্রাণনাশের হুমকি।

এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করা এবং পুলিশকে ভয় দেখিয়ে অভিযান বন্ধ করার একটি পরিকল্পিত চেষ্টা। পুলিশ বলছে, কোনো হুমকিতেই তারা পিছু হটবে না। আইনের শাসন প্রতিষ্ঠায় এবং কালিয়াকৈরের শিল্পাঞ্চল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুয়েটে ৮ বিভাগে ১৫ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ এম


বুয়েটে ৮ বিভাগে ১৫ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে আটটি বিভাগের জন্য সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে মোট ১৫ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ১০টি পদ স্থায়ী এবং ৫টি পদ অস্থায়ী হিসেবে নির্ধারিত হয়েছে। যোগ্যতা পূর্ণ বাংলাদেশি নাগরিকদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ১৪ নভেম্বর প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন করার শেষ সময় ৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিভাগভিত্তিক পদের বিবরণ ও বেতন স্কেল

১. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ

সহযোগী অধ্যাপক: ১টি (স্থায়ী)। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা।

সহকারী অধ্যাপক: ৩টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

২. যন্ত্রকৌশল বিভাগ

সহযোগী অধ্যাপক: ১টি (স্থায়ী)। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা।

৩. বস্তু ও ধাতব কৌশল বিভাগ

সহকারী অধ্যাপক: ১টি (অস্থায়ী-সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

৪. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ

সহকারী অধ্যাপক: ২টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

৫. স্থাপত্য বিভাগ

সহকারী অধ্যাপক: ২টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

প্রভাষক: ২টি (অস্থায়ী)। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে আ.লীগ নেতা শাজাহান খানের পেট্রল পাম্পে ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪০ এম


মাদারীপুরে আ.লীগ নেতা শাজাহান খানের পেট্রল পাম্পে ভাঙচুর

মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগ নেতা শাজাহান খানের মালিকানাধীন পেট্রল পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনার সময় পাম্পে কর্মরত কর্মচারী এবং আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে মাদারীপুর-ঢাকা মহাসড়কের নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বিক পেট্রল পাম্পে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাতে হেলমেট পরা একটি দল পাম্পের এলাকায় এসে ভাঙচুর শুরু করে। তাদের মধ্যে কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা পাম্পের অফিস কক্ষে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। আকস্মিক এই হামলায় পাম্পে কর্মরত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ঘটনাস্থলে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ মন্তব্য করেন, "সার্বিক পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওল্ড ট্রাফোর্ডে নতুন ম্যানেজার পচেত্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪০ এম


ওল্ড ট্রাফোর্ডে নতুন ম্যানেজার পচেত্তিনো

মরিসিও পচেত্তিনো বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে কাজ শুরু করতে ক্লাবটির ক্যারিংটন অনুশীলন কেন্দ্রে পৌঁছেছেন, যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টা পর।

হাইতির বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে পোচেত্তিনোর অধ্যায় শেষ হয়। এরপরই আর্জেন্টাইন এই কোচ ব্রিটেনের উদ্দেশে বিমানে চড়েন।

ম্যান ইউ আগামী রোববার প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে খেলবে। এই ম্যাচের প্রস্তুতির জন্য পোচেত্তিনোকে দ্রুত ক্লাবের অনুশীলন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

ক্লাবের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখানে আসতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। এই অসাধারণ ক্লাবের অংশ হতে পারা সম্মানের ও সৌভাগ্যের। কাজ শুরু করার জন্য মুখিয়ে আছি।”

ম্যানচেস্টার ইউনাইটেড গত শুক্রবার পোচেত্তিনোকে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয়। এর ২৪ ঘণ্টা আগে মাইকেল ক্যারিককে বরখাস্তের কথা জানায় ক্লাবটি। ১৯৮৬-৮৭ মৌসুমের পর ইংলিশ শীর্ষ লিগে ক্যারিকের অধীনে এটিই ছিল রেড ডেভিলসদের সবচেয়ে বাজে মৌসুম শুরুর ঘটনা।

টটেনহ্যাম ও চেলসির সাবেক কোচ পোচেত্তিনো ওল্ড ট্রাফোর্ডে ২০২৮-২৯ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার পোচেত্তিনো বলেন, ম্যানচেস্টারে ইউনাইটেডকে আবারও প্রভাবশালী ফুটবল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে তার সময় প্রয়োজন।

টিএনটি স্পোর্টস ইউএস’কে তিনি বলেন, “নতুন চ্যালেঞ্জটি অনেক বড়। তবে একই সঙ্গে এটি সেই রোমাঞ্চ, যা আপনি অনুভব করতে চান।”

৫৪ বছর বয়সী এই কোচ রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়েই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন। মৌসুমে এখন পর্যন্ত লিগে মাত্র একটি জয় পাওয়া ইউনাইটেড বর্তমানে রেলিগেশন জোনে আছে।

সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%