বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫২ পি.এম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মিয়ানমারের সেনাবাহিনীর দ্বারা রোহিঙ্গাদের দীর্ঘকাল ধরে চলা নির্যাতন ও দুর্ভোগের জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি প্রদান করেছে। এই মন্তব্যটি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংস্থাটির আন্তর্জাতিক বিচার বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক মারিয়া এলেনা ভিনিওলি উল্লেখ করেছেন যে, এই রায় বিশ্বব্যাপী গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে।
তিনি আরও যোগ করেছেন যে, মিয়ানমারের উচিত দ্রুত আদালতের রায় মেনে চলা এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করা। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ এবং স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারকে রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত করেছে। আদালতের বক্তব্য অনুযায়ী, মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে গণহত্যা (জেনোসাইড) সংঘটিত হয়েছে। রোহিঙ্গা গণহত্যার মামলায় সাত বছরের বিচার শেষে, আইসিজে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই রায় ঘোষণা করেছে।
আন্তর্জাতিক বিচার আদালতে ৯-৬ ভোটে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় প্রদান করা হয়েছে। এর মানে হলো, আদালতের ৯ জন বিচারক গণহত্যার পক্ষে রায় দিয়েছেন, আর ৬ জন বিচারক বিপক্ষে অবস্থান নিয়েছেন।
স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে) নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত কক্ষে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইয়ুজি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মানিকগঞ্জের সিংগাইরে নাশকতার অভিযোগে আটক জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তের সুপারিশে ছেড়ে দেওয়ার অভিযোগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামের বিরুদ্ধে উঠেছে। তবে সংসদ সদস্য ও ওসি দুজনেই সুপারিশের বিষয়টি অস্বীকার করেছেন।
জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, টায়ার পোড়ানোসহ নানা ধরনের নাশকতার ঘটনা ঘটে। ওই কর্মসূচিকে ঘিরে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায়ও ককটেল বিস্ফোরণ, যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, টায়ার পোড়ানো ও বিক্ষোভের ঘটনা ঘটে। এসব ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ ঘটনায় জেলার বিভিন্ন থানায় পাঁচটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাশকতার অভিযোগে গত ১০ নভেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিংগাইরের জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিষ সাহা ও প্রচার সম্পাদক মো. মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পরদিন বেলা তিনটার দিকে আশিষ সাহাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। তাকে ছাড়াতে থানায় যান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং একই কমিটির সদস্য আব্দুল গফুর। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপির সংসদ সদস্যের সুপারিশেই তাকে ছেড়ে দেওয়া হয়।
সিংগাইর থানায় কর্মরত এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিএনপির সংসদ সদস্যের সুপারিশের বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন এমপি চাইলে তার নিজ এলাকায় অনেক কিছুই করতে পারেন। এমপি মহোদয় ফোন দিয়ে বললে অনেক সময় পুলিশের কিছু করার থাকেনা।
এ ঘটনার তিন দিন পর, গত ১৪ নভেম্বর দলীয় অনুমতি ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে তাকে কোষাধ্যক্ষ পদে মনোনীত করা হয়েছিল দাবি করে দলীয় পদ থেকে পদত্যাগ করেন আশিষ সাহা। পরে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের বিষয়টি জানান তিনি।
এ বিষয়ে আশিষ সাহা বলেন, ‘কয়েক দিন আগে রাত সাড়ে তিনটার দিকে পুলিশ আমাকে থানায় নিয়ে গিয়েছিল। পরদিন বেলা তিনটার দিকে ছেড়ে দিয়েছে। চার-পাঁচ বছর আগে দলীয় কমিটি অনুমোদন করা হয়েছিল। আমি বিষয়টি জানতাম না। কমিটি করার সময় স্থানীয় চেয়ারম্যান আমার নাম দিয়েছিলেন। পরে বিষয়টি জানতে পারি। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাই কোনো মন্তব্য করিনি। বর্তমানে দেশের পরিস্থিতি, শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে স্বেচ্ছায় দলীয় পদ ছেড়ে দিয়েছি।’
বিএনপি নেতা আব্দুল গফুরের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আশিষ সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য ১১ নভেম্বর ভোরের দিকে থানায় আনা হয়েছিল। যে অভিযোগে তাকে আনা হয়েছিল, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে তাকে সকালেই ছেড়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, আশিষ সাহা আওয়ামী লীগের পদধারী নেতা নন। বর্তমানে তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন এবং তার তেমন কোনো সম্পৃক্ততাও নেই। তিনি আগেই রাজনীতি ছেড়ে দিয়েছেন, তবে প্রকাশ্যে ঘোষণা দেননি।
নাশকতার সঙ্গে সম্পৃক্ততা না থাকলে আশিষ সাহাকে থানায় আনার কারণ জানতে চাইলে ওসি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য যে কাউকে থানায় আনা যেতে পারে। তাকে যেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল, সেগুলো জানার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিএনপির সংসদ সদস্য কিংবা দলীয় নেতাদের সুপারিশে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
এদিকে মানিকগঞ্জ-২ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, ‘গত নির্বাচনে আশিষ সাহার বাড়িতে আমার নির্বাচনী ক্যাম্প ছিল। অনেকেরই আওয়ামী লীগের কমিটিতে নাম ছিল, কিন্তু তারা বিষয়টি জানতেন না। তারা তো কখনো আমাদের ভোট দিতেন না। যে লোকটি আমার নির্বাচন করেছেন, তাকে কীভাবে বলব যে তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন? তিনি আওয়ামী লীগের পদধারী কি না, সেটাও আমার জানা নেই। নির্বাচনের পরও তার বাড়িতে অনেক অনুষ্ঠান করেছি। তিনি সরাসরি আমার নির্বাচন করেছেন এবং ওই এলাকার দায়িত্বে ছিলেন।’
সংসদ সদস্য আরও বলেন, ‘আমি ওসি সাহেবকে বলেছি, যারা নির্দোষ, তারা যেন গ্রেপ্তার না হন। তাদের নজরদারিতে রাখতে বলেছি। আশিষ সাহা আওয়ামী লীগের পদধারী কি না, তা আমার জানা নেই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ