বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৬ পি.এম
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার কাস্টমস হাউজে গত দেড় বছর ধরে নিলাম প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এর ফলে ব্যবসায়ীদের আমদানিকৃত সাড়ে ৩শ’ থেকে ৪শ’ কোটি টাকার মূল্যবান পণ্য খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে পড়ে নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে বন্দর জেটি ও ইয়ার্ডে তীব্র পণ্যজট সৃষ্টি হয়েছে এবং বড় ধরনের রাজস্ব ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।
আমদানি ও কাস্টমস আইন অনুযায়ী, বিদেশ থেকে পণ্য আমদানির পর নির্ধারিত সময়ের মধ্যে শুল্ক-কর পরিশোধ করে খালাস না করলে তা কাস্টমসের অধীনে চলে যায়। নিয়ম অনুযায়ী, বন্দর জেটিতে ইনভেন্টরির পর আমদানিকারকরা পণ্য খালাসের জন্য সর্বোচ্চ ৩০ দিন সময় পান। এই সময়ের মধ্যে খালাস না হলে পণ্যগুলো নিলামযোগ্য হিসেবে বিবেচিত হয়। আইনে প্রতি মাসে অন্তত এক থেকে দুটি নিলাম আয়োজনের বিধান থাকলেও মোংলা কাস্টমসে তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নামমাত্র একটি নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর ওই বছরের ১২ অক্টোবর বড় পরিসরে আরেকটি নিলামের উদ্যোগ নেয়া হলেও মামলা জটিলতার কারণে তা শেষ পর্যন্ত ভেস্তে যায়। সেই সময় থেকে পুরো নিলাম প্রক্রিয়া স্থবির হয়ে আছে।
বর্তমানে মোংলা বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটিজুড়ে নিলামের অপেক্ষায় থাকা পণ্যের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কাস্টমস ও বন্দর সূত্র জানায়, দীর্ঘ স্থবিরতার কারণে আটকে থাকা পণ্যের মধ্যে রয়েছে জাপান, সিঙ্গাপুর ও অন্যান্য দেশ থেকে আমদানিকৃত প্রায় ২৫০টি নামীদামি ও বিলাসবহুল গাড়ি, যা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
এছাড়া ২০০টিরও বেশি কনটেইনারে বিভিন্ন বাণিজ্যিক পণ্য আটকে আছে। এর মধ্যে ৬০ কনটেইনার গ্যাস সিলিন্ডার, ৩৩ কনটেইনার উন্নত মানের কাগজ এবং ১০ কনটেইনার খেলনাসহ অন্যান্য মেশিনারিজ পণ্য রয়েছে। পাশাপাশি বন্দর জেটিতে পলি ও জং পড়ে নষ্ট হচ্ছে দুটি ড্রেজার এবং বিভিন্ন ধরনের ভারী শিল্পকারখানার যন্ত্রাংশ। ব্যবসায়ীদের ধারণা, সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩শ’ থেকে ৪শ’ কোটি টাকা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রাকসুর তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে তাস খেলার আসর বসানোর অভিযোগ উঠেছে রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার এবং তার অনুসারীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রশাসনিক ভবনের সামনে গোল হয়ে তাস খেলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
সালাহউদ্দিন আম্মারের তাস খেলার ছবি পোস্ট করে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস মন্তব্য করেন, "যেই প্রতিষ্ঠানে পড়ে ডিগ্রি নিয়ে পরিচয় দিতে হবে, সেই প্রতিষ্ঠানের প্রশাসন ভবনে তাস / উনো খেলা কিংবা আড্ডাখানা বানালে - দাবি আদায় তো দূরের কথা, নিজেদেরকেই ছোট করা হয়।"
লোক প্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী জান্নাতুন নাইম তুহিনা লেখেন, "সাধারণ শিক্ষার্থীরা দলে দলে প্রশাসন ভবনের সামনে তাস খেলায় যোগ দিন। রাকসুর প্রায় দেড় কোটি টাকার হিসাব চেয়েছে প্রশাসন, কিন্তু হিসাব নেই। তাই আসুন, বোরিং সময়ে তাস খেলি।"
সামাজিক যোগাযোগমাধ্যমে তাস খেলার ছবি ছড়িয়ে পড়ার পর সালাহউদ্দিন আম্মার প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে লেখেন, "উনো দিয়ে তাস খেলছে রাবি সংস্কার আন্দোলন, জুয়া খেলতেছিলো, অথেনটিক নিউজ।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জুলাই মাসের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ একজন ‘সাইকোপ্যাথ’ চরিত্রের মানুষ হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে, শেখ হাসিনা নিজেই গণহত্যা চালিয়ে এখন ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন এবং ভারতে বসে লাশের জন্য অপেক্ষা করছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ ধরনের মন্তব্য প্রকাশ করেন। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি লিখেন, উনি এখন লাশের অপেক্ষায় আছেন।
এরপর সোহেল তাজ উল্লেখ করেন, পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা এখন ওপারে বসে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, উনি সম্প্রতি বলেছেন যে ওনার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ—তিনি চান নিজের দলের লাশ। এজন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন।
সবশেষে সোহেল তাজ মন্তব্য করেন, এটাই হচ্ছে একজন “psychopath” (সাইকোপ্যাথ)-এর চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন প্রশ্ন তুলেছেন, কেন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো বক্তব্য নেই।
তিনি উল্লেখ করেন, "কেন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো বক্তব্য নাই।" তিনি বলেন, "তলে তলে আপোষ হয়েছে একথা আমরা বলবো না, আমরা রাজপথে প্রমাণ দেখতে চাই।"
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।
রাশেদ খাঁন আরও বলেন, "আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপির এমপিদের, নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছে, বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে কিন্তু তারা জামায়াতের নাম মুখে নিচ্ছে না। জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দিচ্ছে না, কার্যালয়ে আগুন দিচ্ছে না।" তিনি বলেন, "এজন্য আমরা কোনো সন্দেহ করছি না, কিন্তু মানুষ সন্দেহ করছে। কেন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো বক্তব্য নাই। তলে তলে আপোষ হয়েছে একথা আমরা বলবো না, আমরা রাজপথে প্রমাণ দেখতে চাই।"
তিনি আশা প্রকাশ করেন, জামায়াত এবং এনসিপি শর্তহীনভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামবে। তিনি সতর্ক করে বলেন, "বাংলাদেশে যদি এই অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১ নেমে আসে, আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না।" তিনি বলেন, "যদি বিরোধীদল মনে করে শুধুমাত্র সরকারি দল বিপদে পড়বে, এটি ভুলে যাবেন।"
রাশেদ খাঁন দাবি করেন, "আমরা সবাই আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করেছি। আওয়ামী লীগ কিন্তু নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, সমন্বয়ক হাসিবকে রামদা দিয়ে কোপাতে গিয়েছে।"
তিনি বলেন, "বিরোধীদল বা সরকারি দল, কেউ আওয়ামী লীগের হাতে নিরাপদ না।" প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী শীর্ষ নেতৃবৃন্দকে বিষয়টি বুঝতে অনুরোধ করেন এবং বলেন, "তাদের বসে সিদ্ধান্ত নিতে হবে। আমি জামায়াত-এনসিপিকে রাজপথে নামার আহ্বান করছি এবং এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, রাজপথে নামার কারণে আপনারা কেউ জেল-জুলুমের শিকার হবেন না।" তিনি বলেন, "আপনারা আমাদের ভাই, একসঙ্গে আমরা লড়াই সংগ্রাম করেছি, আবার প্রয়োজনে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের রাজপথে নেমে ওদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে, ওদেরকে প্রতিহত করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মিয়ানমারের সেনাবাহিনীর দ্বারা রোহিঙ্গাদের দীর্ঘকাল ধরে চলা নির্যাতন ও দুর্ভোগের জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি প্রদান করেছে। এই মন্তব্যটি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংস্থাটির আন্তর্জাতিক বিচার বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক মারিয়া এলেনা ভিনিওলি উল্লেখ করেছেন যে, এই রায় বিশ্বব্যাপী গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে।
তিনি আরও যোগ করেছেন যে, মিয়ানমারের উচিত দ্রুত আদালতের রায় মেনে চলা এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করা। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ এবং স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারকে রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত করেছে। আদালতের বক্তব্য অনুযায়ী, মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে গণহত্যা (জেনোসাইড) সংঘটিত হয়েছে। রোহিঙ্গা গণহত্যার মামলায় সাত বছরের বিচার শেষে, আইসিজে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই রায় ঘোষণা করেছে।
আন্তর্জাতিক বিচার আদালতে ৯-৬ ভোটে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় প্রদান করা হয়েছে। এর মানে হলো, আদালতের ৯ জন বিচারক গণহত্যার পক্ষে রায় দিয়েছেন, আর ৬ জন বিচারক বিপক্ষে অবস্থান নিয়েছেন।
স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে) নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত কক্ষে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইয়ুজি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ