বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩১ পি.এম
কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকায় নাশকতার চেষ্টা চলাকালীন পুলিশ ৫ জনকে আটক করেছে, যাদের কাছে টায়ার ও পেট্রোল ছিল। পাশাপাশি, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ই নভেম্বর) সকালে মহাসড়কে মানুষের জানমাল রক্ষা এবং নাশকতা প্রতিরোধের লক্ষ্যে বিএনপি ও জামায়াত আলাদা শোডাউন ও অবস্থান নিয়েছে। দিনের বেলায় মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিল। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ১৯ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়েল চত্বর এলাকায় তারা টায়ার জ্বালিয়ে মিছিল করে। পদুয়া এলাকায় নাশকতার চেষ্টা চলাকালীন পুলিশ ৫ জনকে আটক করে। এ ছাড়া, পুলিশের পৃথক টিম বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও চার নেতাকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে জামায়াতের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল শেষে মহাসড়কে মোটর সাইকেল শোডাউন করা হয়। অন্যদিকে, বিএনপির উদ্যোগে চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার ও বাবুচি বাজারে নেতাকর্মীরা মিছিল করে। তবে দিনের বেলায় মহাসড়কের কোথাও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কাউকে দেখা যায়নি।
চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী মন্তব্য করেন, "পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রম করে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার, বাবুচি বাজার ও জগন্নাথ এলাকায় নাশকতা বিরোধী অবস্থান নিয়েছি। কোনভাবেই মানুষের জানমালের ক্ষতি হতে দেয়া হবে না। তারপরও কেউ ক্ষতির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।"
উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, "বিরোধী দলীয় উপনেতা ডাঃ তাহের এমপির নির্দেশে মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মোটর সাইকেল শোডাউন করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, যাতে কেউ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে।"
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন জানান, মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। হাতেনাতে ৫ জনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের পেসার নাহিদ রানা চোট থেকে ফিরে আসার পথে রয়েছেন। তিনি অস্ট্রেলিয়ায় চিকিৎসা এবং পুনর্বাসন শেষে চিকিৎসকদের কাছ থেকে ছাড়পত্র গ্রহণ করেছেন। এর ফলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে তার খেলার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের একটি সূত্র জানায়, নাহিদ অস্ট্রেলিয়ার চিকিৎসকদের প্রতিবেদনে ওয়ানডে সিরিজে খেলার অনুমতি পেয়েছেন। তবে তার টি-টোয়েন্টি সিরিজেও ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি নাহিদ রানা মিরপুরে বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণের জন্য মেডিকেল দল ২৪ নভেম্বর পর্যন্ত একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এরপর টিম ম্যানেজমেন্ট তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে নাহিদ গ্রেড-২ সাইড স্ট্রেইনে আক্রান্ত হন। পুনর্বাসনের সময় তিনি গ্লুটের চোট এবং পরে কাঁধের ল্যাব্রাল টিয়ারে ভুগেছেন। এর ফলে একাধিক সিরিজ ও টেস্ট থেকে তিনি বাদ পড়েন। এখন বাংলাদেশ দল তার ফেরার অপেক্ষায় রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে দুর্বৃত্তদের হাতে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর পুত্র ছিলেন।
নিহতের ছোট ভাই রেজাউল জানান, বুধবার রাত ১০টার দিকে আশরাফ আলী গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের চায়ের দোকানে বসে ছিলেন। সেই সময় ১০-১৫টি মোটরসাইকেলে স্থানীয় বিএনপি নেতা রইজ ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ শিকদার, আলামিন শিকদার, হজরত আলীর নেতৃত্বে ২০/৩০ জন দলীয় নেতাকর্মী সেখানে উপস্থিত হয়। এরপর তারা কোনো কারণ ছাড়াই আশরাফ আলীকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারসহ অন্যান্যদের ব্যবহৃত মোবাইলে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়, ফলে তাদের বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন লাগিয়ে নাশকতার চেষ্টা করার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরের দিকে উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে আনুমানিক পাঁচটার দিকে ফেনী সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি দল দুর্বৃত্ত জড়ো হয়। এ সময় তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দাহ্য পদার্থ (মবিল) নিয়ে আসে। পরে তারা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং নাশকতার চেষ্টা চালায়।
খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান শুরু করে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, মহাসড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার কাস্টমস হাউজে গত দেড় বছর ধরে নিলাম প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এর ফলে ব্যবসায়ীদের আমদানিকৃত সাড়ে ৩শ’ থেকে ৪শ’ কোটি টাকার মূল্যবান পণ্য খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে পড়ে নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে বন্দর জেটি ও ইয়ার্ডে তীব্র পণ্যজট সৃষ্টি হয়েছে এবং বড় ধরনের রাজস্ব ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।
আমদানি ও কাস্টমস আইন অনুযায়ী, বিদেশ থেকে পণ্য আমদানির পর নির্ধারিত সময়ের মধ্যে শুল্ক-কর পরিশোধ করে খালাস না করলে তা কাস্টমসের অধীনে চলে যায়। নিয়ম অনুযায়ী, বন্দর জেটিতে ইনভেন্টরির পর আমদানিকারকরা পণ্য খালাসের জন্য সর্বোচ্চ ৩০ দিন সময় পান। এই সময়ের মধ্যে খালাস না হলে পণ্যগুলো নিলামযোগ্য হিসেবে বিবেচিত হয়। আইনে প্রতি মাসে অন্তত এক থেকে দুটি নিলাম আয়োজনের বিধান থাকলেও মোংলা কাস্টমসে তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নামমাত্র একটি নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর ওই বছরের ১২ অক্টোবর বড় পরিসরে আরেকটি নিলামের উদ্যোগ নেয়া হলেও মামলা জটিলতার কারণে তা শেষ পর্যন্ত ভেস্তে যায়। সেই সময় থেকে পুরো নিলাম প্রক্রিয়া স্থবির হয়ে আছে।
বর্তমানে মোংলা বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটিজুড়ে নিলামের অপেক্ষায় থাকা পণ্যের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কাস্টমস ও বন্দর সূত্র জানায়, দীর্ঘ স্থবিরতার কারণে আটকে থাকা পণ্যের মধ্যে রয়েছে জাপান, সিঙ্গাপুর ও অন্যান্য দেশ থেকে আমদানিকৃত প্রায় ২৫০টি নামীদামি ও বিলাসবহুল গাড়ি, যা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
এছাড়া ২০০টিরও বেশি কনটেইনারে বিভিন্ন বাণিজ্যিক পণ্য আটকে আছে। এর মধ্যে ৬০ কনটেইনার গ্যাস সিলিন্ডার, ৩৩ কনটেইনার উন্নত মানের কাগজ এবং ১০ কনটেইনার খেলনাসহ অন্যান্য মেশিনারিজ পণ্য রয়েছে। পাশাপাশি বন্দর জেটিতে পলি ও জং পড়ে নষ্ট হচ্ছে দুটি ড্রেজার এবং বিভিন্ন ধরনের ভারী শিল্পকারখানার যন্ত্রাংশ। ব্যবসায়ীদের ধারণা, সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩শ’ থেকে ৪শ’ কোটি টাকা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ