ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশের বেশি ইসলামোফোবিয়ার শিকার


যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশের বেশি ইসলামোফোবিয়ার শিকার

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুসলিম শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশেরও বেশি ইসলামোফোবিয়া বা মুসলিমবিদ্বেষের শিকার হচ্ছেন বলে একটি সাম্প্রতিক জরিপে উঠে এসেছে। ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ (ফসিস)-এর এই প্রতিবেদনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, ধর্মীয় চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর এই বৈষম্যের নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামোফোবিয়ার সম্মুখীন হওয়া শিক্ষার্থীদের ৪৫.৩ শতাংশ জানিয়েছেন যে এই অভিজ্ঞতা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর মাঝারি থেকে উচ্চ মাত্রার প্রভাব ফেলেছে। তবে বৈষম্যের শিকার হওয়া শিক্ষার্থীদের ৬৮.২ শতাংশই প্রাতিষ্ঠানিক অভিযোগ ব্যবস্থায় আস্থার অভাবে তা জানাতে পারেননি বা রিপোর্ট করার মতো অবস্থায় ছিলেন না বলে উল্লেখ করেছেন। প্রায় দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী এ বিষয়ে জানেন না যে তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামোফোবিয়া মোকাবিলায় কোনো পদক্ষেপ নিয়েছে কি না।

ধর্মীয় আচার-পালন ও পাঠ্যসূচির সময়সূচি নিয়েও ভোগান্তির চিত্র উঠে এসেছে জরিপে। ২১ শতাংশের বেশি শিক্ষার্থী জানিয়েছেন, তাদের বিশ্ববিদ্যালয়ের সময়সূচি দৈনিক নামাজ ও জুমার নামাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো কোনো ক্ষেত্রে ল্যাব ক্লাস চলাকালীন নামাজের জন্য বের হতে বাধা দেওয়ার পাশাপাশি জুমার নামাজের সময় ছাড় চাওয়ার বিষয়টিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ কেউ প্রশ্নবিদ্ধ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর কিশোরী মেয়েকে হত্যা

এ ছাড়া ফিলিস্তিন ইস্যুতে মতপ্রকাশ নিয়েও উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থীরা। জরিপে অংশ নেওয়া প্রায় ৬০.২ শতাংশ শিক্ষার্থী বলেছেন, ফিলিস্তিন প্রসঙ্গে নিজেদের মতামত জানাতে গিয়ে তারা ভীত বা intimidated বোধ করেন। পাশাপাশি ইসলামিক ও ফিলিস্তিন-সম্পর্কিত আয়োজনের অনুমোদন প্রক্রিয়া এবং সরকারি 'প্রিভেন্ট' নীতি প্রয়োগের ক্ষেত্রে বৈষম্যমূলক নজরদারির অভিযোগও উঠেছে।

অন্যদিকে, স্টুডেন্টস ইউনিয়নগুলোতে নিজেদের প্রতিনিধিত্ব নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মাত্র ১০.৫ শতাংশ মুসলিম শিক্ষার্থী মনে করেন, তাদের স্টুডেন্টস ইউনিয়ন মুসলিম হিসেবে তাদের পূর্ণ প্রতিনিধিত্ব করে।

ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের আইন শিক্ষার্থী ও ইসলামিক সোসাইটির সভাপতি আয়ান হাশমি (২০) জানিয়েছেন, অনুষদ ও স্টুডেন্টস ইউনিয়ন সহায়ক হলেও সামাজিক ও ক্রীড়া আয়োজনগুলো মূলত পানশালাকেন্দ্রিক হওয়ায় অ্যালকোহল পরিহারকারী মুসলিম শিক্ষার্থীরা অনেক সময় বিচ্ছিন্ন বোধ করেন। এ ছাড়া জুমার নামাজ শেষে ফেরার পথে এক চালকের অশোভন আচরণের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। অন্যদিকে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী সৈয়দ আলী (২১) মনে করেন, অনেক ক্ষেত্রে প্রকাশ্য গালির বদলে ‘একাডেমিক’ বা মার্জিত ভাষার আড়ালে সূক্ষ্ম বৈষম্য ও বর্ণবাদের রূপ নেয়।

প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় ও স্টুডেন্টস ইউনিয়নগুলোকে ইসলামিক সোসাইটিগুলোর সাথে নিয়মিত পরামর্শ করা এবং শিক্ষার্থীদের ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সূত্র: আল জাজিরা।

আরও পড়ুন: ইউক্রেন সংঘাতে প্রতি চার মিনিটে নিহত হচ্ছে একজন রুশ সেনা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও সাইবার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও সাইবার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নাটোরের লালপুরে সাইবার অপরাধ এবং অনলাইন জুয়া সংক্রান্ত মামলার পলাতক আসামি মো. লুকমান আলী (২০) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মহারাজপুর গ্রামের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশের সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মহারাজপুর গ্রামের আমানুল্লাহ প্রামাণিকের (৫০) বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় সাইবার সুরক্ষা আইন ও অনলাইন জুয়া সংক্রান্ত মামলার পলাতক আসামি লুকমান আলীকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা মো. মুক্তার আলীর ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে এবং জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সাইবার অপরাধ এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধে জড়িত এবং মামলার পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মহারাজপুর এলাকা থেকে লুকমান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় বাংলাদেশের জিএসপি সুবিধা ২০৩২ সাল পর্যন্ত অব্যাহত রাখার সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


কানাডায় বাংলাদেশের জিএসপি সুবিধা ২০৩২ সাল পর্যন্ত অব্যাহত রাখার সুখবর

কানাডা বাংলাদেশকে ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে, যা বাণিজ্যক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ-কানাডার ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ সভায় এ বিষয়গুলো উঠে আসে।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২৫ সালের মধ্যে প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়ে যাবে। কানাডা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই উত্তরণ নিশ্চিত করতে জিএসপি সুবিধা বৃদ্ধি করতে চায়।

সভায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ দশকের বেশি সময়ের সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এলডিসি উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। কানাডা বাংলাদেশের পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত বাজারসুবিধা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কানাডার দীর্ঘদিনের ভূমিকার বিষয়টিও বৈঠকে আলোচনা করা হয়। কানাডা জানায়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা প্রদান করেছে।

এছাড়া, ২০২৬ সালের অক্টোবরে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের বাংলাদেশ সফরের সময় ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের সহায়তা ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়। এই সহায়তা বাংলাদেশের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উদ্ভাবনে পারস্পরিক অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে ভূমিকা রাখবে।

দুই দেশের মধ্যে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, জ্ঞান বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। বৈঠকে অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু স্থান পায়।

রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে কানাডা। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডা ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা প্রদান করেছে।

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দুই পক্ষ জানায়, রোহিঙ্গা সংকট মোকাবিলার প্রচেষ্টায় এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারী-ডোমার সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দাবি বেতন-ভাতা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


নীলফামারী-ডোমার সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দাবি বেতন-ভাতা বৃদ্ধি

‘গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেড’ নামে একটি চুল তৈরির কারখানার শ্রমিকরা নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের নয় দফা দাবির মধ্যে রয়েছে বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো এবং কাজের চাপ হ্রাস।

বুধবার সকাল ৮টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে তারা সড়ক অবরোধ করেন। এর ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, এবং শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনার পর কর্তৃপক্ষ তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

এ কর্মসূচি বুধবার সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার তরনীবাড়ী অচিনতলায় অবস্থিত কারখানার সামনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন। এরপর শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

শ্রমিকদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাদের মজুরি ও ভাতার সামঞ্জস্য নেই। তারা বলেন, বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মূল বেতন ও ভাতা বাড়ানোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কাজের পরিমাণ ও সময় বিবেচনায় পিস রেট নির্ধারণ, কাজের লক্ষ্যমাত্রা কমানো, ওভারটাইমের সঠিক হিসাব এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবি তোলা হয়েছে।

আন্দোলনকারী শ্রমিক দেবাশীষ রায় বলেন, “এই কোম্পানিতে যে মজুরি পাই, তা দিয়ে আমাদের সংসার চলে না। একজন মানুষের চলতে গেলে ন্যূনতম ৫০০ টাকা মজুরি প্রয়োজন।” শ্রমিক আঁখি বানুর অভিযোগ, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদের হয়রানি করেন। ব্যক্তিগত সমস্যা থাকলেও তা শোনা হয় না। বিভিন্নভাবে হয়রানির পাশাপাশি ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত করা হচ্ছে।

এ ব্যাপারে কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন সুমন বলেন, শ্রমিকদের দেওয়া দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। তিনি আরো বলেন, কোম্পানিতে স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিন দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানসমূহের শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


তথ্য মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানসমূহের শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ এবং একীভূত তথ্য ক্যাডার গঠনের লক্ষ্যে সংসদীয় স্থায়ী কমিটি অচিরেই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে।

আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকটি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান।

বৈঠকে ১৫টি প্রতিষ্ঠানকে গণমুখী ও শক্তিশালী করার উদ্দেশ্যে এবং একীভূত তথ্য ক্যাডার গঠনে একটি উচ্চ পর্যায়ের সংসদীয় সাব কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় দেশের বর্তমান পরিস্থিতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্র রক্ষার বিষয়েও আলোচনা হয়। বলা হয়, "দেশ যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।"

এছাড়া, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সরকারি দল ও বিরোধী দল এই বিষয়ে ঐকমত্য পোষণ করে। সভায় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাসসসহ মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানকে জনমত গঠনে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।

বৈঠকে বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনামলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাসমূহে পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ বিষয়ে পরবর্তী বৈঠকে একটি যাচাই-বাছাই কমিটি গঠন এবং উক্ত কমিটির মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের বিষয়ে মত প্রকাশ করা হয়।

একই সঙ্গে পদোন্নতি থেকে বঞ্চিত করা ও চাকরিচ্যুতির পেছনে দায়ী নির্দেশদাতা এবং অতিউৎসাহী ব্যক্তিদের তালিকা প্রস্তুত ও প্রকাশের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিসিএস তথ্য সাধারণ ক্যাডারকে একীভূতকরণের বিষয়েও আলোচনা হয়। সীমিত সংখ্যক জনবল দিয়ে অধিকতর কাজ সম্পাদন এবং সরকারের ব্যয় সাশ্রয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ বেতারকে আরও জনপ্রিয় ও শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এ লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, ১৯৯০ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা এবং ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে যথাযথ গুরুত্বসহকারে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এবং বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার অংশগ্রহণ করেন।

এছাড়া বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%