প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ এবং একীভূত তথ্য ক্যাডার গঠনের লক্ষ্যে সংসদীয় স্থায়ী কমিটি অচিরেই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে।
আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকটি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান।
বৈঠকে ১৫টি প্রতিষ্ঠানকে গণমুখী ও শক্তিশালী করার উদ্দেশ্যে এবং একীভূত তথ্য ক্যাডার গঠনে একটি উচ্চ পর্যায়ের সংসদীয় সাব কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় দেশের বর্তমান পরিস্থিতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্র রক্ষার বিষয়েও আলোচনা হয়। বলা হয়, "দেশ যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।"
এছাড়া, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সরকারি দল ও বিরোধী দল এই বিষয়ে ঐকমত্য পোষণ করে। সভায় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাসসসহ মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানকে জনমত গঠনে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।
বৈঠকে বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনামলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাসমূহে পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ বিষয়ে পরবর্তী বৈঠকে একটি যাচাই-বাছাই কমিটি গঠন এবং উক্ত কমিটির মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের বিষয়ে মত প্রকাশ করা হয়।
একই সঙ্গে পদোন্নতি থেকে বঞ্চিত করা ও চাকরিচ্যুতির পেছনে দায়ী নির্দেশদাতা এবং অতিউৎসাহী ব্যক্তিদের তালিকা প্রস্তুত ও প্রকাশের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বিসিএস তথ্য সাধারণ ক্যাডারকে একীভূতকরণের বিষয়েও আলোচনা হয়। সীমিত সংখ্যক জনবল দিয়ে অধিকতর কাজ সম্পাদন এবং সরকারের ব্যয় সাশ্রয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ বেতারকে আরও জনপ্রিয় ও শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এ লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, ১৯৯০ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা এবং ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে যথাযথ গুরুত্বসহকারে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এবং বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার অংশগ্রহণ করেন।
এছাড়া বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন