ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নীলফামারী-ডোমার সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দাবি বেতন-ভাতা বৃদ্ধি


নীলফামারী-ডোমার সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দাবি বেতন-ভাতা বৃদ্ধি

‘গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেড’ নামে একটি চুল তৈরির কারখানার শ্রমিকরা নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের নয় দফা দাবির মধ্যে রয়েছে বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো এবং কাজের চাপ হ্রাস।

বুধবার সকাল ৮টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে তারা সড়ক অবরোধ করেন। এর ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, এবং শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনার পর কর্তৃপক্ষ তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

এ কর্মসূচি বুধবার সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার তরনীবাড়ী অচিনতলায় অবস্থিত কারখানার সামনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন। এরপর শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

শ্রমিকদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাদের মজুরি ও ভাতার সামঞ্জস্য নেই। তারা বলেন, বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মূল বেতন ও ভাতা বাড়ানোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কাজের পরিমাণ ও সময় বিবেচনায় পিস রেট নির্ধারণ, কাজের লক্ষ্যমাত্রা কমানো, ওভারটাইমের সঠিক হিসাব এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবি তোলা হয়েছে।

আন্দোলনকারী শ্রমিক দেবাশীষ রায় বলেন, “এই কোম্পানিতে যে মজুরি পাই, তা দিয়ে আমাদের সংসার চলে না। একজন মানুষের চলতে গেলে ন্যূনতম ৫০০ টাকা মজুরি প্রয়োজন।” শ্রমিক আঁখি বানুর অভিযোগ, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদের হয়রানি করেন। ব্যক্তিগত সমস্যা থাকলেও তা শোনা হয় না। বিভিন্নভাবে হয়রানির পাশাপাশি ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত করা হচ্ছে।

এ ব্যাপারে কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন সুমন বলেন, শ্রমিকদের দেওয়া দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। তিনি আরো বলেন, কোম্পানিতে স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিন দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানসমূহের শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


তথ্য মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানসমূহের শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ এবং একীভূত তথ্য ক্যাডার গঠনের লক্ষ্যে সংসদীয় স্থায়ী কমিটি অচিরেই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে।

আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকটি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান।

বৈঠকে ১৫টি প্রতিষ্ঠানকে গণমুখী ও শক্তিশালী করার উদ্দেশ্যে এবং একীভূত তথ্য ক্যাডার গঠনে একটি উচ্চ পর্যায়ের সংসদীয় সাব কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় দেশের বর্তমান পরিস্থিতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্র রক্ষার বিষয়েও আলোচনা হয়। বলা হয়, "দেশ যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।"

এছাড়া, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সরকারি দল ও বিরোধী দল এই বিষয়ে ঐকমত্য পোষণ করে। সভায় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাসসসহ মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানকে জনমত গঠনে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।

বৈঠকে বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনামলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাসমূহে পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ বিষয়ে পরবর্তী বৈঠকে একটি যাচাই-বাছাই কমিটি গঠন এবং উক্ত কমিটির মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের বিষয়ে মত প্রকাশ করা হয়।

একই সঙ্গে পদোন্নতি থেকে বঞ্চিত করা ও চাকরিচ্যুতির পেছনে দায়ী নির্দেশদাতা এবং অতিউৎসাহী ব্যক্তিদের তালিকা প্রস্তুত ও প্রকাশের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিসিএস তথ্য সাধারণ ক্যাডারকে একীভূতকরণের বিষয়েও আলোচনা হয়। সীমিত সংখ্যক জনবল দিয়ে অধিকতর কাজ সম্পাদন এবং সরকারের ব্যয় সাশ্রয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ বেতারকে আরও জনপ্রিয় ও শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এ লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, ১৯৯০ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা এবং ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে যথাযথ গুরুত্বসহকারে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এবং বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার অংশগ্রহণ করেন।

এছাড়া বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৩ কোটি ৮২ লাখ টাকা সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৩ কোটি ৮২ লাখ টাকা সহায়তা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের জন্য সরকার ৩ কোটি ৮২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত ৫৬ জনকে সর্বোচ্চ ৩ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য বিআরটিএ ট্রাস্ট বোর্ড কর্তৃক মঞ্জুরকৃত চেক হস্তান্তর অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্ট বোর্ড এই সহায়তা প্রদান করেছে যাতে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবার এবং আহত হয়ে পঙ্গুত্বসহ বিভিন্ন শারীরিক ক্ষতির শিকার ব্যক্তিরা পুনর্বাসিত হতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, সাইফুর রহমান, নারায়ণ চন্দ্র পাল, ঝিনাইদহ বিআরটিএর সরকারি পরিচালক দেবাশীষ বিশ্বাস এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক ইঞ্জিনিয়ার সজীব সরকার ও সোহাগ হুসাইন।

সহায়তা পাওয়া নিহতের পরিবারের সদস্য হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ গ্রামের আনেছা জানান, সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে তিনি সংসারের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। স্বামীর মৃত্যুর পর পরিবার চালানো, দৈনন্দিন খরচ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। সরকারের দেয়া ৫ লাখ টাকা তার পরিবারকে কিছুটা স্বাবলম্বী হতে সাহায্য করবে এবং এই অর্থ ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করবে বলে তিনি আশাবাদী।

একইভাবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্বের শিকার কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন ও সদর উপজেলার জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর তারা স্বাভাবিক জীবন ফিরে পাননি। কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে সংকটে পড়েছেন; চিকিৎসা ও সংসারের খরচ চালানো তাদের জন্য কঠিন হয়ে উঠেছে। সরকারের দেয়া ৩ লাখ টাকা তাদের অসহায় জীবনে বড় উপকারে আসবে বলে জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জীবনে মুহূর্তেই সবকিছু বদলে দেয়। উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে গেলে পরিবারটি শুধু আর্থিক সংকটে পড়ে না, সন্তানদের ভবিষ্যৎ, শিক্ষা, চিকিৎসা ও জীবনযাপনের নিরাপত্তাও অনিশ্চিত হয়ে পড়ে। দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের জন্য স্বাভাবিক জীবনে ফেরার পথ হয়ে ওঠে আরও কঠিন। এই বাস্তবতায় সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ।

সভাপতির বক্তব্যে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, বিআরটিএ ট্রাস্ট বোর্ডের এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক আর্থিক সংকট মোকাবিলা, পুনর্বাসন এবং নতুন করে জীবন শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিকলীগের নির্বাহী সম্পাদক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


বালাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিকলীগের নির্বাহী সম্পাদক গ্রেফতার

সিলেটের বালাগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার তদন্তের প্রেক্ষিতে সন্দিগ্ধ এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি হলো মোঃ মুফতি মাহমুদ জায়গীরদার (৫১), যিনি বোয়ালজুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত জিল্লুর রহমান জায়গীরদারের ছেলে। তিনি বালাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের নির্বাহী সম্পাদক হিসেবে পরিচিত।

সূত্র জানাচ্ছে যে, বুধবার (২৫ নভেম্বর) বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারের নেতৃত্বে পুলিশের একটি দল বোয়ালজুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বালাগঞ্জ থানার মামলা নং-০৩/৮৪ (তারিখ: ১১/১১/২০২৫ খ্রিঃ) অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৮/৯(১)/৯(২)/৯(৩)/১০/১১/১২ ধারায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী হিসেবে তাকে আটক করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে মথুরার শাহী ঈদগাহ গুঁড়িয়ে দেওয়ার ডাক হিন্দুত্ববাদীদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে মথুরার শাহী ঈদগাহ গুঁড়িয়ে দেওয়ার ডাক হিন্দুত্ববাদীদের

বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে ৬ ডিসেম্বর তারিখে উত্তর প্রদেশের মথুরায় অবস্থিত ঐতিহাসিক শাহী ঈদগাহ মসজিদে জমায়েত হওয়ার আহ্বান ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, হিন্দুত্ববাদী জঙ্গিরা ওই দিন মসজিদটি গুঁড়িয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষকে উসকানি প্রদান করছে।

সংবাদমাধ্যম ক্ল্যারিয়ন ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এমন একটি স্পর্শকাতর পরিস্থিতির মধ্যে মঙ্গলবার পর্যন্ত উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে কিংবা পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের প্রকাশ্য বিবৃতি, সতর্কবার্তা অথবা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা আসেনি।

গোবর্ধনের চিত্রগুপ্ত পীঠের প্রধান হিন্দুত্ববাদী ড. সচ্চিদানন্দ মহারাজ এবং তার অনুসারীরা এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি ও তার সমর্থকেরা স্থানীয় বাজারগুলোতে মিছিল বের করে অযোধ্যার রাম মন্দির আন্দোলনের সাথে যুক্ত নানা স্লোগান দিচ্ছেন এবং আগামী ৬ ডিসেম্বর ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানাচ্ছেন।

একটি ভিডিওতে সচ্চিদানন্দ মহারাজকে এক স্থানীয় বাসিন্দার কাছে প্রশ্ন করতে দেখা যায়, মথুরায় নির্মিত এই মসজিদটি তার পছন্দ কি না। এরপর তিনি নিজেই মন্তব্য করেন, ওই দিন (৬ ডিসেম্বর) মসজিদটি ভেঙে ফেলা উচিত। ভিডিওতে ওই বাসিন্দাকেও তার এই বক্তব্যে সমর্থন জানাতে দেখা গেছে। এছাড়াও, নির্ধারিত দিনে মথুরায় সমবেত হওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি পোস্টারে ‘এখনই অথবা কখনোই নয়’ স্লোগান ব্যবহার করা হয়েছে। অপর এক পোস্টে দাবি করা হয়েছে, ছাতা থানাধীন হাতিঘাট এলাকায় প্রায় ৫০ জনের একটি দল হাতুড়ি, শাবল ও অন্যান্য সরঞ্জাম হাতে মসজিদবিরোধী স্লোগান দিচ্ছে।

এটি উল্লেখযোগ্য যে, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকরা অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করেছিল, যার ফলে ভারতজুড়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। মথুরার ঘটনার জন্য একই তারিখ বেছে নেওয়ায় জনশৃঙ্খলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।

কৃষ্ণ জন্মভূমি ও শাহী ঈদগাহ কমপ্লেক্স নিয়ে দীর্ঘদিন ধরে চলমান আইনি বিরোধের প্রেক্ষাপটেই এই নতুন উসকানি মূলক ডাক দেওয়া হলো। আগামী ১০ ডিসেম্বর এলাহাবাদ হাইকোর্টে এ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। কেউ কেউ সরকারি কর্মকর্তাদের ট্যাগ করে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত রাজ্য সরকার বা মথুরা পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%