ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ট্রাম্প প্রশাসনে ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা


ট্রাম্প প্রশাসনে ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে ইরানের কট্টরপন্থি নেতাদের অপসারণের জন্য সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। এই অভিযানে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এনবিসি নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ও আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রশাসনের একটি অংশ বিশ্বাস করে যে, ইরানের নেতাদের অবস্থান চিহ্নিত করে যেকোনো সময় তাদের হত্যা করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। যদি এটি প্রমাণিত হয়, তাহলে যুদ্ধ শেষ করার একটি সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এতে ট্রাম্পের জন্য যুদ্ধ থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে।

তবে, প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে এই পরিকল্পনার বিরুদ্ধে বিরোধিতা রয়েছে। বিরোধীরা উদ্বেগ প্রকাশ করেছে যে, ইরানের শীর্ষ নেতাদের ওপর হামলা চালালে দেশটির অন্যান্য কর্মকর্তারা আরও কঠোর পদক্ষেপ নিতে পারেন।

আরও পড়ুন: ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর কিশোরী মেয়েকে হত্যা

এতে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি, মার্কিন সেনা ও কর্মকর্তাদের ওপর ইরানের পাল্টা হামলার ঝুঁকি বৃদ্ধি পাবে।

সম্প্রতি ইরানের হুমকির কারণে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছেন। ট্রাম্প প্রশাসনের আরো কয়েকজন মন্ত্রিসভার সদস্যও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি এবং তিনি বিভিন্ন ধরনের সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে ভাবছেন।

গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দেন যে, তিনি বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার আগে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে পেন্টাগন কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে এনবিসি নিউজ জানিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেন সংঘাতে প্রতি চার মিনিটে নিহত হচ্ছে একজন রুশ সেনা

এদিকে, পেন্টাগন সামনের সামরিক অভিযানের বিকল্পগুলো আরও বিস্তৃত করেছে। সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে বড় পরিসরে সামরিক অভিযান পুনরায় শুরু করা, ইরানের খার্গ দ্বীপের তেল স্থাপনা, কেশম দ্বীপের জ্বালানি অবকাঠামো এবং পিকঅ্যাক্স মাউন্টেনের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় হামলা চালানো।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে সামরিক আগ্রাসন শুরু করে। ওই দিনই মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তার স্থলাভিষিক্ত হন ছেলে মোজতবা খামেনি। তবে বাবার ওপর হামলায় আহত হওয়ার পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

আরও পড়ুন: মোদি সরকারের শাসনে ভারতের গণতন্ত্রের ভিত্তি দুর্বল: এইচআরডব্লিউ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিটি ঊষা অলিম্পিক নির্বাচনে অংশ নিচ্ছেন না

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


পিটি ঊষা অলিম্পিক নির্বাচনে অংশ নিচ্ছেন না

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) প্রথম নারী সভাপতি সাবেক অ্যাথলেট পিটি ঊষা মনোনয়ন প্রক্রিয়ায় ‘বড় ধরনের জালিয়াতির’ অভিযোগ তুলে পুন:নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যাথলেটিকসে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে এশিয়ান গেমসে একাধিক পদকজয়ী ঊষা মঙ্গলবার আইওএর শীর্ষ পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে প্রার্থিতা দাখিল করেননি।

ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের পরিকল্পনা করছে।

৬২ বছর বয়সী ঊষা ২০২২ সালে আইওএর সভাপতি নির্বাচিত হয়ে সংস্থাটির প্রথম নারী প্রধান হওয়ার গৌরব অর্জন করেন।

তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ফলে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় আইওএর নির্বাচনে নতুন করে প্রতিদ্বন্দ্বীতার সুযোগ সৃষ্টি হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী শুটার গগন নারাং, আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার মহাসচিব বীরেন্দ্র সাচদেব এবং আইওএর সাবেক মহাসচিব রাজীব মেহতা।

নির্বাচনের আগে থেকেই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠায় শুরুতে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বাদ পড়েছিলেন ঊষা।

পরে অন্য একটি জাতীয় ক্রীড়া ফেডারেশনের মাধ্যমে মনোনয়ন পাওয়ায় সাবেক এই স্প্রিন্টারকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা জমা না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট তামাবিল সড়কের ৪ লেনের কাজ দ্রুত সম্পন্নের তাগিদ দিলেন মন্ত্রী আরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


সিলেট তামাবিল সড়কের ৪ লেনের কাজ দ্রুত সম্পন্নের তাগিদ দিলেন মন্ত্রী আরিফ

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট তামাবিল সড়কে ৪ লেনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তাগিদ দিয়েছেন।

আজ সকাল ১০টায় সিলেট সার্কিট হাইজে এক অনির্ধারিত বৈঠকে তিনি সংশ্লিষ্টদের সাথে মিলিত হন। মন্ত্রী উল্লেখ করেন, "জন প্রত্যাশা ও গুরুত্ব বিবেচনায় রাস্তাটি দ্রুত সম্পন্ন হওয়া আবশ্যক। রাস্তাটি অর্থনীতিক সমৃদ্ধিতেও রয়েছে অশেষ অবদান।" তিনি বলেন, এই বর্ধনশীল সড়কটি যত তাড়াতাড়ি সম্ভব ৪ লেনে উন্নীত করতে সংশ্লিষ্টদের আন্তরিক ভূমিকা প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, উন্নীতকরণের ক্ষেত্রে যদি বাস্তবিক কোনো জটিলতা দেখা দেয়, তাহলে বিষয়টি যেন তাকে অবগত করা হয়। পরবর্তীতে, তিনি ৪ লেনের ঠিকাদারী প্রতিষ্ঠানের জৈন্তাস্থ অফিস ও চলমান কাজ পরিদর্শন করতে যান। সরেজিমন পরিদর্শনকালে তিনি কাজের খুঁটিনাটি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান (অতিরিক্ত সচিব), জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, এবং সরকারের স্থানীয় বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামাসুন্দরী খাল ও আলাইকুড়ি নদী পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


শ্যামাসুন্দরী খাল ও আলাইকুড়ি নদী পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগের আহ্বান

রংপুরের আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খালের দখল, দূষণ এবং প্রবাহহীনতা দূরীকরণের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে ‘আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খাল দখল-দূষণ-প্রবাহহীনতা: পুনরুদ্ধারে অগ্রগতি, অর্জন এবং প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভায় এই দাবি উত্থাপন করা হয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), রিভারাইন পিপল এবং ডপস্ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক।

স্বাগত বক্তব্য প্রদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম পলাশ। সভাটি সঞ্চালনা করেন বেলার রংপুর ও রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. সরফরাজ বান্দা এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম এবং এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তরুণ কুমার সরকার। মুখ্য আলোচক হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। প্রকল্পের অগ্রগতি এবং কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকৌশলী মো. হাফিজুল হক।

মুখ্য আলোচক ড. তুহিন ওয়াদুদ মন্তব্য করেন, "দীর্ঘদিনের দখল, দূষণ, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও নাব্যতা সংকট নদী দুটির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। শুধু খনন নয়, নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, দূষণ বন্ধ এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নাগরিক সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

প্রধান অতিথি আবু জাফর নদী পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোর মধ্যে সমন্বয় এবং গৃহীত পরিকল্পনার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। ড. সরফরাজ বান্দা নদীর স্বাভাবিক প্রবাহ এবং পানি ধারণক্ষমতা ফিরিয়ে আনতে পরিকল্পিত কারিগরি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রকৌশলী মো. আহসান হাবিব প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব সুনির্দিষ্ট করার ওপর গুরুত্ব দেন।

প্রকৌশলী মো. হাফিজুল হক প্রকল্পের বিভিন্ন কার্যক্রম এবং বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম নদী সংরক্ষণকে পরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এলজিইডির প্রকৌশলী তরুণ কুমার সরকার নদী পুনরুদ্ধারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, "নদী রক্ষা শুধু কোনো একটি প্রতিষ্ঠান বা বিভাগের দায়িত্ব নয়; এটি সামগ্রিক সামাজিক দায়িত্ব। নদী দুটিকে রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"

সভায় উত্থাপিত তথ্য অনুযায়ী, শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধারে ১৪ কোটি এবং আলাইকুড়ি নদী পুনরুদ্ধারে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অংশগ্রহণকারীরা জানতে চান, এই প্রকল্পের আওতায় কী কী কাজ করা হবে, কতটুকু নদী ও খাল খনন বা পুনরুদ্ধার করা হবে এবং বাস্তবায়নের সময়সীমা কত হবে।

একই সঙ্গে খালের অবৈধ দখল উচ্ছেদ, প্রকৃত সীমানা নির্ধারণ এবং পুনরায় দখল প্রতিরোধে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সিটি করপোরেশনের ভূমিকা কী হবে, সে প্রশ্ন তোলা হয়। বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য এবং নর্দমার পানি খালে প্রবেশ বন্ধে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ও পয়োনিষ্কাশন পরিকল্পনা সম্পর্কেও জানতে চাওয়া হয়।

আলাইকুড়ি নদীর ক্ষেত্রে অবৈধ দখল ও ভরাট চিহ্নিত করতে জরিপ পরিচালনা, দখলমুক্তকরণ, স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিতকরণ এবং নদীর মাছ, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চান নাগরিক প্রতিনিধিরা।

এছাড়া দুটি প্রকল্পের মোট ৪৪ কোটি টাকার খাতভিত্তিক ব্যয়, দরপত্র প্রক্রিয়া ও কাজের অগ্রগতির তথ্য জনসমক্ষে প্রকাশ এবং কাজের মান নিশ্চিত করতে স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়। প্রকল্প শেষ হওয়ার পর নিয়মিত রক্ষণাবেক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং দখল প্রতিরোধের দায়িত্ব কোন প্রতিষ্ঠান পালন করবে, সে বিষয়ে প্রশ্ন তোলা হয়।

সভায় নাগরিক সমাজের প্রতিনিধিদের পক্ষ থেকে আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধার প্রকল্পের অগ্রগতি, কাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি নাগরিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে।

বক্তারা বলেন, প্রকল্প গ্রহণ ও খননের মধ্যে নদী পুনরুদ্ধারের কার্যক্রম সীমাবদ্ধ রাখা চলবে না। দখল ও দূষণমুক্তকরণ, স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উন্মুক্ত আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে ডপসের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার চক্রবর্তী, গণমাধ্যমকর্মী ও সংগঠক মেরিনা লাভলী, পরিবেশ সুরক্ষা ফোরামের সদস্য সচিব ফরহাদুজ্জামান ফারুক, নারী অধিকারকর্মী সমসে আরা বিলকিস এবং মানবাধিকারকর্মী অ্যাডভোকেট আফরোজা শারমিন কনাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানের ৫৯০ শহীদের স্মারক উন্মুক্ত প্রদর্শন করবে এহ্সান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানের ৫৯০ শহীদের স্মারক উন্মুক্ত প্রদর্শন করবে এহ্সান মাহমুদ

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : জুলাই মাসের গণঅভ্যুত্থানের ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক সকলের জন্য উন্মুক্ত প্রদর্শন করার ঘোষণা দিয়েছেন জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ।

আজ রাজধানীর শেরেবাংলা নগরে জাদুঘরের মনসুন থিয়েটারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মহাপরিচালক এহসান মাহমুদ সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তৃতায় বলেন, জুলাই ছিল একটি সাধারণ আন্দোলন নয়, বরং এটি ছিল ফ্যাসিবাদবিরোধী একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান। শহীদদের আত্মত্যাগের কারণে আজ আমরা মুক্ত বাংলাদেশে কথা বলার সুযোগ পাচ্ছি। শহীদদের এই মহান অবদান জাতি যেন কখনো ভুলে না যায়, সেই স্মৃতিকে চিরকাল জাগ্রত রাখার জন্য আমাদের এই আয়োজন।

তিনি জানান, আগামী ২৮ ও ২৯ নভেম্বর (শনিবার ও রোববার) জাদুঘরের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক এই বিশেষ প্রদর্শনী। উভয় দিন সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সরকারি গেজেট অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে এ পর্যন্ত ৮৫৬ জন শহীদ হয়েছেন। তাদের মধ্যে জাদুঘরের নিয়মিত গ্যালারিতে স্থান সংকুলান না হওয়ায় মাত্র ২০৫ জন শহীদের স্মারক প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে জাদুঘরের সংগ্রহশালায় ইতোমধ্যে ৫৯০ জন শহীদের স্মৃতিচিহ্ন জমা পড়েছে। এবারের দুই দিনব্যাপী উন্মুক্ত প্রদর্শনীতে সেই ৫৯০ জন শহীদের ২ হাজারেরও বেশি ব্যক্তিগত স্মৃতিস্মারক ও ব্যবহার্য সামগ্রী সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।

প্রদর্শনীতে শহীদদের রক্তমাখা শার্ট, প্যান্ট, জুতো, জায়নামাজ, তসবিহ, টুপি, চশমা, স্কুল ও কলেজের ব্যাগ, সাইকেল এবং মুঠোফোন স্থান পাবে। এছাড়া শহীদ সাংবাদিক ও আলোকচিত্রী তাহির জামান প্রিয়রের ব্যবহৃত ক্যামেরা এবং নতুন একজোড়া জুতোসহ সাধারণ রিকশাচালক, শিক্ষার্থী, শিশু রিয়া গোপ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার শহীদদের আত্মত্যাগের অনন্য নিদর্শন এখানে প্রদর্শিত হবে।

প্রদর্শনীর পেছনের প্রেক্ষাপট ও আবেগ প্রসঙ্গে মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, প্রতিদিন শহীদদের মা-বাবা, ভাই-বোন ও স্বজনেরা জাদুঘরে আসেন। সম্প্রতি এক শহীদের মা এসে প্রশ্ন করেছিলেন—‘আমার সন্তানের জিনিসগুলো কি শুধু লকারে বন্দি রাখার জন্য নিয়ে এসেছেন?’ মায়ের এই কথাই আমাদের পুরো টিমকে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। গ্যালারির সীমিত পরিসরের বাইরে এসে জাদুঘরের ১৭ দশমিক ৬১ একরের বিশাল উন্মুক্ত প্রাঙ্গণে বড় পরিসরে শহীদদের সব স্মারক মানুষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিই আমরা।

তিনি আরও জানান, অবশিষ্ট শহীদদের স্মারক সংগ্রহের জন্য জাদুঘরের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে এবং এতে ব্যাপক সাড়া মিলছে।

বিশেষ অতিথি ও শহীদ পরিবারের উপস্থিতি

এহসান মাহমুদ জানান, দুই দিনব্যাপী এই আয়োজনে অংশ নেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদুর রহমান সম্মতি জানিয়েছেন। এছাড়া ইতোমধ্যে ৪০টিরও বেশি শহীদ পরিবারের সদস্যরা এই প্রদর্শনীতে উপস্থিত থেকে তাদের শহীদ স্বজনদের বীরত্ব ও স্মৃতিচারণ করবেন বলে নিশ্চিত করেছেন।

মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের মূল চেতনা—বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মানুষের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%