প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কানাডা বাংলাদেশকে ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে, যা বাণিজ্যক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ-কানাডার ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ সভায় এ বিষয়গুলো উঠে আসে।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২৫ সালের মধ্যে প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়ে যাবে। কানাডা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই উত্তরণ নিশ্চিত করতে জিএসপি সুবিধা বৃদ্ধি করতে চায়।
সভায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ দশকের বেশি সময়ের সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এলডিসি উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। কানাডা বাংলাদেশের পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত বাজারসুবিধা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কানাডার দীর্ঘদিনের ভূমিকার বিষয়টিও বৈঠকে আলোচনা করা হয়। কানাডা জানায়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা প্রদান করেছে।
এছাড়া, ২০২৬ সালের অক্টোবরে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের বাংলাদেশ সফরের সময় ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের সহায়তা ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়। এই সহায়তা বাংলাদেশের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উদ্ভাবনে পারস্পরিক অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে ভূমিকা রাখবে।
দুই দেশের মধ্যে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, জ্ঞান বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। বৈঠকে অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু স্থান পায়।
রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে কানাডা। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডা ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা প্রদান করেছে।
বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দুই পক্ষ জানায়, রোহিঙ্গা সংকট মোকাবিলার প্রচেষ্টায় এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন