প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুসলিম শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশেরও বেশি ইসলামোফোবিয়া বা মুসলিমবিদ্বেষের শিকার হচ্ছেন বলে একটি সাম্প্রতিক জরিপে উঠে এসেছে। ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ (ফসিস)-এর এই প্রতিবেদনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, ধর্মীয় চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর এই বৈষম্যের নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসলামোফোবিয়ার সম্মুখীন হওয়া শিক্ষার্থীদের ৪৫.৩ শতাংশ জানিয়েছেন যে এই অভিজ্ঞতা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর মাঝারি থেকে উচ্চ মাত্রার প্রভাব ফেলেছে। তবে বৈষম্যের শিকার হওয়া শিক্ষার্থীদের ৬৮.২ শতাংশই প্রাতিষ্ঠানিক অভিযোগ ব্যবস্থায় আস্থার অভাবে তা জানাতে পারেননি বা রিপোর্ট করার মতো অবস্থায় ছিলেন না বলে উল্লেখ করেছেন। প্রায় দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী এ বিষয়ে জানেন না যে তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামোফোবিয়া মোকাবিলায় কোনো পদক্ষেপ নিয়েছে কি না।
ধর্মীয় আচার-পালন ও পাঠ্যসূচির সময়সূচি নিয়েও ভোগান্তির চিত্র উঠে এসেছে জরিপে। ২১ শতাংশের বেশি শিক্ষার্থী জানিয়েছেন, তাদের বিশ্ববিদ্যালয়ের সময়সূচি দৈনিক নামাজ ও জুমার নামাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো কোনো ক্ষেত্রে ল্যাব ক্লাস চলাকালীন নামাজের জন্য বের হতে বাধা দেওয়ার পাশাপাশি জুমার নামাজের সময় ছাড় চাওয়ার বিষয়টিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ কেউ প্রশ্নবিদ্ধ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ফিলিস্তিন ইস্যুতে মতপ্রকাশ নিয়েও উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থীরা। জরিপে অংশ নেওয়া প্রায় ৬০.২ শতাংশ শিক্ষার্থী বলেছেন, ফিলিস্তিন প্রসঙ্গে নিজেদের মতামত জানাতে গিয়ে তারা ভীত বা intimidated বোধ করেন। পাশাপাশি ইসলামিক ও ফিলিস্তিন-সম্পর্কিত আয়োজনের অনুমোদন প্রক্রিয়া এবং সরকারি 'প্রিভেন্ট' নীতি প্রয়োগের ক্ষেত্রে বৈষম্যমূলক নজরদারির অভিযোগও উঠেছে।
অন্যদিকে, স্টুডেন্টস ইউনিয়নগুলোতে নিজেদের প্রতিনিধিত্ব নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মাত্র ১০.৫ শতাংশ মুসলিম শিক্ষার্থী মনে করেন, তাদের স্টুডেন্টস ইউনিয়ন মুসলিম হিসেবে তাদের পূর্ণ প্রতিনিধিত্ব করে।
ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের আইন শিক্ষার্থী ও ইসলামিক সোসাইটির সভাপতি আয়ান হাশমি (২০) জানিয়েছেন, অনুষদ ও স্টুডেন্টস ইউনিয়ন সহায়ক হলেও সামাজিক ও ক্রীড়া আয়োজনগুলো মূলত পানশালাকেন্দ্রিক হওয়ায় অ্যালকোহল পরিহারকারী মুসলিম শিক্ষার্থীরা অনেক সময় বিচ্ছিন্ন বোধ করেন। এ ছাড়া জুমার নামাজ শেষে ফেরার পথে এক চালকের অশোভন আচরণের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। অন্যদিকে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী সৈয়দ আলী (২১) মনে করেন, অনেক ক্ষেত্রে প্রকাশ্য গালির বদলে ‘একাডেমিক’ বা মার্জিত ভাষার আড়ালে সূক্ষ্ম বৈষম্য ও বর্ণবাদের রূপ নেয়।
প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় ও স্টুডেন্টস ইউনিয়নগুলোকে ইসলামিক সোসাইটিগুলোর সাথে নিয়মিত পরামর্শ করা এবং শিক্ষার্থীদের ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন