ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

সাধারণ কাজও ইবাদতে পরিণত হয়, জানালেন কাবার ইমাম


সাধারণ কাজও ইবাদতে পরিণত হয়, জানালেন কাবার ইমাম

ইসলাম শুধুমাত্র মসজিদ বা নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিক ইবাদতের নাম নয়, বরং একজন বান্দার পুরো জীবনই ইবাদতের মাধ্যমে পূর্ণ হতে পারে। মক্কার পবিত্র মসজিদুল হারামের খতিব শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুআইকলি জুমার খুতবায় উল্লেখ করেছেন যে, সঠিক নিয়ত থাকলে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোও সওয়াব ও ইবাদতের মর্যাদায় উন্নীত হতে পারে।

খুতবার মূল প্রতিপাদ্য ও সম্পাদনা

গত শুক্রবার (৬ নভেম্বর ১৪৪৮ হিজরি মোতাবেক ২৬ জমাদিউল আউয়াল) মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবা প্রদান করেন শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুআইকলি। খুতবায় তিনি মানুষের আমল ও প্রতিদান নির্ধারণে ‘নিয়ত’-এর অপরিসীম গুরুত্ব এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের ফজিলত তুলে ধরেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ৫০০ শিক্ষার্থীর মাঝে খুদ্দামুল কুরআনের কুরআন বিতরণ

খতিব বলেন, মানুষের কোনো কাজের প্রতিদান সরাসরি তার নিয়তের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যদি মুমিন ব্যক্তি তার দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে, তবে সেগুলোর প্রতিটিই ইবাদতে পরিণত হয়। যেমন—
এসব জাগতিক কাজও বিশুদ্ধ নিয়তের বরকতে সওয়াবের কাজে পরিণত হতে পারে।

খুতবায় তিনি আরও আশার বাণী শুনিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি অসুস্থতা কিংবা সফরের কারণে তার অভ্যস্ত নিয়মিত নেক আমলগুলো সাময়িকভাবে করতে না পারেন, তবুও আল্লাহর অসীম অনুগ্রহে তার জন্য ওই আমলগুলোর পূর্ণ সওয়াব লেখা হতে পারে।

এছাড়াও, জীবনে নেমে আসা বিপদ-আপদ ও কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের উপদেশ দিয়ে শায়খ মাহের আল-মুআইকলি বলেন, যখন মানুষ আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে বিপদে ধৈর্য ধারণ করে, তখন সেই কষ্ট ও মুসিবত তার গুনাহ মাফের অন্যতম উসিলা হয়ে যায়।

প্রাসঙ্গিক কুরআন ও হাদিসের উদ্ধৃতি

আরও পড়ুন: সকাল-সন্ধ্যায় যেসব জিকির ও দোয়া করবেন

এই খুতবার মূল ভিত্তি সমর্থন করে পবিত্র কুরআন ও হাদিসে চমৎকার নির্দেশনা রয়েছে—

১. নিয়তের গুরুত্ব সম্পর্কিত হাদিস

عَنْ أَمِيرِ الْمُؤْمِنِينَ أَبِي حَفْصٍ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الْأَعْمَالُ بِالنَِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى

‘আমলের প্রতিদান তো কেবল নিয়তের ওপর নির্ভরশীল এবং প্রত্যেকেই তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে...’ (বুখারি ১, মুসলিম ১৯০৭)

আরও পড়ুন: বাংলাদেশ সফরে আসছেন প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মাহমুদ মাদানি

২. অসুস্থ বা সফরে থাকা ব্যক্তির সওয়াব প্রাপ্তি সম্পর্কিত হাদিস

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ، كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا

‘বান্দা যখন অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তখন তার জন্য ওই পরিমাণ সওয়াবই লেখা হয়, যা সে সুস্থ ও মুকিম (স্থির) থাকা অবস্থায় আমল করত।’ (বুখারি ২৯৯৬)

৩. বিপদে ধৈর্য ধারণ ও গুনাহ মাফ সম্পর্কিত হাদিস

আরও পড়ুন: কোরআনে জাকাতকে ‘সাদাকাহ’ বলা হওয়ার কারণ ব্যাখ্যা

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ، وَلَا وَصَبٍ، وَلَا هَمٍّ، وَلَا حُزْنٍ، وَلَا أَذًى، وَلَا غَمٍّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ

‘মুসলমানের ওপর যে ক্লান্তি, রোগব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, কষ্ট ও দুশ্চিন্তা আসে— এমনকি তার গায়ে যে কাঁটা ফোটে, এর মাধ্যমেও আল্লাহ তার ত্রুটি-বিচ্যুতি ও গুনাহগুলো ক্ষমা করে দেন ‘ (বুখারি ৫৬৪১, মুসলিম ২৫৭৩)

একজন মুমিনের জীবনের কোনো মুহূর্তই আসলে অর্থহীন নয়। খতিবের এই চমৎকার বার্তা আমাদের মনে করিয়ে দেয় যে, জাগতিক ব্যস্ততাকে আল্লাহর ইবাদতে রূপান্তর করার চাবিকাঠি হলো কেবল একটি ‘সঠিক নিয়ত’। যদি আমাদের দৈনন্দিন প্রতিটি ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত হয়, তবে আমাদের পুরো জীবনটাই পরিণত হতে পারে এক নিরবচ্ছিন্ন সওয়াবের সফরে।

সূত্র: দ্য গেট টু হারামাইন (The Gate to Haramain)

আরও পড়ুন: আজকের নামাজের সময়সূচি: ৭ নভেম্বর ২০২৬

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে সার পাচারে জড়িত অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


মিয়ানমারে সার পাচারে জড়িত অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

মিয়ানমারের সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ, মীরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে।

জোরারগঞ্জ থানা পুলিশ সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটক হওয়া তিনজন হলেন- ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), যিনি মৃত ফজলুল হকের ছেলে, মহসিন সম্রাটের ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬), যিনি ফরিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছে একটি অসাধু চক্র। পুলিশ গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে। ওই সময় সার পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্য এবং তাদের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর সংশ্লিষ্টতা পায় জোরারগঞ্জ থানা পুলিশ। আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও মোবাইলে পাওয়া প্রমাণের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের অফিসে অভিযান চালায় পুলিশ। তবে তাকে সেখানে পাওয়া না যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, বাদশাহ নামে একজনকে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের অফিস থেকে সার পাচারসংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষে খামারিকে ১০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষে খামারিকে ১০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানের সময় নিষিদ্ধ ক্যাটফিশ চাষের অভিযোগে গোপীনাথপুর গ্রামের আব্দুর রউফের পুত্র জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারার আওতায় তাকে এ জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রস্রাব করতে গিয়ে ‘চোর’ অপবাদে গণপিটুনির ভিডিও ছড়িয়ে কলেজছাত্রের পরিবার বিপাকে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


প্রস্রাব করতে গিয়ে ‘চোর’ অপবাদে গণপিটুনির ভিডিও ছড়িয়ে কলেজছাত্রের পরিবার বিপাকে

নীলফামারীর জলঢাকায় রাস্তার পাশে প্রস্রাব করার সময় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক কলেজছাত্র। স্থানীয়রা পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে পুলিশি তদন্তে চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরের দিন স্থানীয়ভাবে আপস-মীমাংসার পর ওই যুবককে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ভুক্তভোগী ও তার পরিবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

ঘটনাটি ঘটেছিল ৬ নভেম্বর নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম কাঁঠালি পণ্ডিতপাড়া গ্রামে। মারধরের শিকার যুবকের নাম আব্দুর রাজ্জাক (২৩)। তিনি ডোমার উপজেলার পশ্চিম হরিণচড়া মিস্ত্রিপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। রাজ্জাক নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি বাবুরডাঙ্গায় একটি মুদির দোকান পরিচালনা করেন।

জানা যায়, ৬ নভেম্বর ব্যবসায়িক কাজে সহযোগী মো. সোলায়মানকে (২২) সঙ্গে নিয়ে আব্দুর রাজ্জাক মোটরসাইকেলে করে ডোমার থেকে জলঢাকায় যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে পশ্চিম কাঁঠালি পণ্ডিতপাড়া এলাকায় পৌঁছালে তার প্রস্রাবের চাপ আসে। এ সময় সোলায়মানকে মোটরসাইকেলসহ সড়কে দাঁড়িয়ে রেখে একটি বাড়ির পেছনে প্রস্রাব করতে যান তিনি।

এ সময় ওই বাড়ির লোকজন তাকে চোর সন্দেহ করে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে আব্দুর রাজ্জাককে আটক করে মারধর শুরু করেন। ভয়ে সোলায়মান মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অন্যদিকে, রাজ্জাক হামলার হাত থেকে রক্ষা পেতে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন এবং পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার পর জলঢাকা থানা পুলিশ বিষয়টি তদন্ত করে চুরির অভিযোগের কোনো সত্যতা পায়নি। পরদিন শনিবার স্থানীয়ভাবে আপস-মীমাংসার পর গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আব্দুর রাজ্জাককে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু ততক্ষণে তাকে আটক ও মারধরের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে চোর হিসেবে উপস্থাপন করায় ভুক্তভোগী ও তার স্বজনেরা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, “আমি সোলায়মানের সঙ্গে তার একটি কাজে জলঢাকায় গিয়েছিলাম। ফেরার পথে প্রস্রাব করার জন্য একটি জায়গায় দাঁড়াই। এ সময় সেখানকার লোকজন আমাকে চোর সন্দেহে প্রচুর মারধর করেন। একপর্যায়ে আমাকে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা না পাওয়ায় পরিবারের হাতে তুলে দেয়। কিন্তু আমাকে মারধরের ভিডিওটি অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সেখানে আমাকে চোর হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও ফেসবুকের ওই ভিডিও দেখে আমরা খুব বিব্রতকর অবস্থায় পড়েছি।”

সঙ্গে থাকা মো. সোলায়মান বলেন, “আমার একটি কাজে আব্দুর রাজ্জাককে সঙ্গে নিয়ে জলঢাকায় গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে রাস্তার পাশে প্রস্রাব করার জন্য সে গাড়ি থামাতে বলে। এরপর সে প্রস্রাব করতে বসে। এ সময় পাশের একটি বাড়ির লোকজন চোর বলে চিৎকার শুরু করলে এলাকার লোকজন এসে তাকে আটক করে মারধর করেন। অনেক বেশি লোকজন দেখে আমিও ভয় পেয়ে যাই। আমাকে মারধর করতে পারে এবং মোটরসাইকেল ভেঙে দিতে পারে এমন আশঙ্কায় আমি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসি।”

আব্দুর রাজ্জাকের স্বজনেরা জানান, যে অভিযোগে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল, সেটির কোনো সত্যতা নেই। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন। এতে তারা পারিবারিকভাবেও নানা কথা শুনছেন। ঘটনার দিন মারধরের কারণে আব্দুর রাজ্জাক এখনো অসুস্থ। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন।

হরিণচড়া ইউনিয়ন পরিষদের মোঃ রাসেল রানা বলেন, “আব্দুর রাজ্জাক অত্যন্ত নম্র ও ভদ্র একটি ছেলে। তার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, সেটি সত্যিই দুঃখজনক। আমরা খবর পেয়ে খোজ নিয়ে জেনেছি যারা প্রকৃত সত্য না জেনে তাকে আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন, তারাও পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন।”

প্রত্যক্ষদর্শী সুমন ও রুবেল জানান, চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, চোর সন্দেহে এক যুবককে আটক করে মারধর করছেন স্থানীয়রা। পরে তারা জানতে পারেন, ওই যুবক চুরির উদ্দেশ্যে সেখানে যাননি; বরং প্রস্রাব করতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হয়েছেন। তবে ঘটনার দুই দিন আগে ওই গ্রামে কয়েকটি চুরির ঘটনা ঘটেছিল। এলাকাবাসী জানান, চুরির আতঙ্ক থেকেই তারা এমন ঘটনা ঘটিয়েছেন।

ইউপি সদস্য নন্দলাল রায় জানান, ওই এলাকাটাতে কিছুদিন পূর্বে টিউবওয়েলে অচেতন করার ওসুধ মিশিয়ে কয়েকটি পরিবারের স্বর্ন, টাকা ও মালামাল চুরি হয়েছিলো। এ ঘটনার পর থেকে ওই এলাকার লোকজন বেশ আতঙ্কে। শুক্রবার ডোমারের এক ছেলে আটক করেছিলো এলাকাবাসী পরে ছেলেটিকে আটকের পর সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেয়ার খবর শুনেছি।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম জানান, চোর সন্দেহে ডোমারের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ঘটনার সত্যতা না পাওয়ায় স্থানীয়ভাবে আপস-মীমাংসা করা হয়। গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই যুবককে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিজে কোনো আবেদন করেননি, এমন তথ্য জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, "আজ সকালে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ই-মেইল পেয়েছি। সেই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট এবং এনআইডি ইস্যুর জন্য অনুরোধ জানানো হয়েছে। কিন্তু গণমাধ্যমে দেখলাম, শেখ হাসিনা নাকি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। এটা আদৌ সত্য নয়।"

সাইদুর রহমান আরও জানান, "যে ই-মেইলটি এসেছে, সেটি আসলে শেখ হাসিনার পক্ষ থেকে কি না, সেটিও আমরা যাচাই-বাছাই করতে পারিনি। কারণ, সেখানে অনুমোদন বা কোনো প্রমাণাদি ছিল না। পরবর্তীতে আমরা ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। গণমাধ্যমে যে খবর এসেছে, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন, সেটি সঠিক নয়।"

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। পদত্যাগের পর তিনি ভারতে চলে যান। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও আইনি আলোচনা চলছে।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন তিনি। আওয়ামী লীগের নেতারাও সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার আত্মসমর্পণের তারিখ জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%