প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিজে কোনো আবেদন করেননি, এমন তথ্য জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, "আজ সকালে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ই-মেইল পেয়েছি। সেই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট এবং এনআইডি ইস্যুর জন্য অনুরোধ জানানো হয়েছে। কিন্তু গণমাধ্যমে দেখলাম, শেখ হাসিনা নাকি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। এটা আদৌ সত্য নয়।"
সাইদুর রহমান আরও জানান, "যে ই-মেইলটি এসেছে, সেটি আসলে শেখ হাসিনার পক্ষ থেকে কি না, সেটিও আমরা যাচাই-বাছাই করতে পারিনি। কারণ, সেখানে অনুমোদন বা কোনো প্রমাণাদি ছিল না। পরবর্তীতে আমরা ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। গণমাধ্যমে যে খবর এসেছে, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন, সেটি সঠিক নয়।"
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। পদত্যাগের পর তিনি ভারতে চলে যান। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও আইনি আলোচনা চলছে।
রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন তিনি। আওয়ামী লীগের নেতারাও সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার আত্মসমর্পণের তারিখ জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন