০৬:৩৩ পি.এম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, চিকিৎসকদের প্রচেষ্টার ফলস্বরূপ দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের তুলনায় উন্নত হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমানে অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ ছাড়া, হাসপাতালগুলোতে খাবারের মানও পূর্বের তুলনায় উন্নত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।
আরও পড়ুন: শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের চিকিৎসকরা অল্প সময়ের মধ্যে দক্ষতার সঙ্গে জটিল অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা সফলভাবে সম্পন্ন করছেন। এটি দেশের স্বাস্থ্য খাতের সক্ষমতার বড় প্রমাণ। তিনি চিকিৎসকদের দক্ষতা, সাহসিকতা এবং রোগীদের প্রতি মানবিক আচরণকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
তিনি বলেন, "আমি চিকিৎসক নই, তবে চিকিৎসকদের সম্মান করি। তাদের জন্য কাজ করতে চাই। কারণ চিকিৎসকদের সহযোগিতা ছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের কোনো উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়।"
হাসপাতালের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী জানান, এ সমস্যার স্থায়ী সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। মেডিকেল ও সাধারণ বর্জ্য পৃথকভাবে ব্যবস্থাপনার উদ্যোগ চলছে।
মন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: মিয়ানমারে সার পাচারে জড়িত অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক
এর আগে, মন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর আইসিইউ, পোস্ট অপারেটিভ, ই-রেজিস্ট্রেশন, কিউআর কোড ও বহির্বিভাগের উদ্বোধন করেন এবং আলোচনা সভায় অংশ নেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন।
নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন