ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জলবায়ু পরিবর্তনের ক্ষতির দায় কানাডা সরকারের নয়, আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তি


জলবায়ু পরিবর্তনের ক্ষতির দায় কানাডা সরকারের নয়, আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তি

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার অভিযোগে কানাডা সরকারের বিরুদ্ধে দায়ের করা একটি গুরুত্বপূর্ণ মামলায়, সরকারের আইনজীবীরা যুক্তি তুলে ধরেছেন যে, বৈশ্বিক সমস্যা হিসেবে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য কোনো একক রাষ্ট্রকে দায়ী করা সম্ভব নয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পরিবেশবাদী আইনজীবীরা সরকারের এই যুক্তিকে পুরোনো আইনি কৌশল হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপর্যয়ের দায় এড়াতে এই ধরনের যুক্তি উপস্থাপন করা হচ্ছে।

আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

তবে, কানাডা সরকার মামলাটিতে নিজেদের পক্ষে এই যুক্তি কাজে লাগানোর চেষ্টা করছে। মামলাটি দায়ের করেছেন ১৫ জন তরুণ-তরুণী। তাদের অভিযোগ, সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়ে তাদের নিরাপদ ও সুরক্ষিতভাবে বেঁচে থাকার অধিকার লঙ্ঘন করেছে।

বিশেষজ্ঞদের দীর্ঘ সাক্ষ্যগ্রহণের পর, শুক্রবার সরকারের আইনজীবীরা তাদের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেছেন। মামলার কার্যক্রম আগামী ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে।

সরকারপক্ষের প্রথম সাক্ষী ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের পরিবেশ অর্থনীতিবিদ ডেভিড অ্যানথফ। তিনি আদালতে বলেন, কানাডার নিজস্ব কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলার সক্ষমতা তুলনামূলকভাবে সীমিত।

মামলার বাদীপক্ষ আদালতের মাধ্যমে কানাডার জন্য বাধ্যতামূলক কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চায়। তবে অ্যানথফের মতে, এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খুব বেশি প্রভাব পড়বে না।

আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?

তিনি আদালতে বলেন, ‘কানাডা জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিস্থিতির মুখোমুখি হবে, তার বেশির ভাগই নির্ভর করবে অন্য দেশগুলোর সিদ্ধান্তের ওপর।’

তিনি আরও উল্লেখ করেন, কানাডা বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্র ১ দশমিক ৪ শতাংশের জন্য দায়ী।

সরকারের প্রধান আইনজীবী বিজে রে ভ্যাঙ্কুভারের আদালতে মামলার শুরুতে বলেন, ‘জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এর সমাধানও হতে হবে বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে।’

অন্যদিকে, মামলার তরুণ বাদীরা আদালতে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তারা জানিয়েছেন, ভয়াবহ দাবানল থেকে প্রাণ বাঁচাতে তাঁদের পালিয়ে যেতে হয়েছে। আবার গ্রীষ্মকালে বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় অনেক দিন তারা ঘরের বাইরে বের হতে পারেননি।

আরও পড়ুন: রোহিঙ্গাদের পক্ষে আইসিজের ঐতিহাসিক রায়, তবে মিয়ানমারে ফেরা এখনো কঠিন

তাদের দাবি, সরকার আগে থেকেই কার্যকর পদক্ষেপ নিলে এসব ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ অনেকটাই এড়ানো সম্ভব হতো।

তবে সরকারি আইনজীবী রে বলেন, আদালতে উপস্থাপিত তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট যে, এসব ক্ষতির জন্য সরকার সরাসরি দায়ী নয়।

তিনি আরও বলেন, কানাডার সংবিধানে মানুষের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের মতো অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ সংকট সমাধানের উদ্দেশ্যে এসব সাংবিধানিক অধিকার প্রণয়ন করা হয়নি।

-পুরোনো ও অকার্যকর যুক্তি-

আরও পড়ুন: ইরাকে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক, ছাত্রীদের বিক্ষোভ

আন্তর্জাতিক পরিবেশ আইন কেন্দ্রের (সেন্টার ফর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল) কর্মকর্তা সেবাস্তিয়ান ডুইক এএফপিকে বলেন, কানাডা বিশ্বের অন্যান্য বড় দূষণকারী দেশের মতোই একই পুরোনো যুক্তি তুলে ধরছে।

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের আদালত বারবার এ ধরনের যুক্তি প্রত্যাখ্যান করেছেন।’

এ প্রসঙ্গে তিনি ২০২৫ সালে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। ওই সিদ্ধান্তে বলা হয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পরিবেশ সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রগুলোর রয়েছে।

ডুইক আরও বলেন, ‘বিশ্বের মোট নিঃসরণে কানাডার অবদান কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। বিশেষ করে দেশটি যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে, সেখান থেকে সৃষ্ট নিঃসরণ বিবেচনায় নিলে বিষয়টি আরও স্পষ্ট হয়।’

আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের মধ্যে কপ৩১ চুক্তি চূড়ান্ত করতে মরিয়া দেশগুলো

সরকারপক্ষের আরেক সাক্ষী হিসেবে আদালতে বক্তব্য দেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের জলবায়ু আইন বিশেষজ্ঞ অধ্যাপক বেনোয়া মায়ার।

তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তিগুলোতে কার্বন নিঃসরণ কমানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেগুলোর উদ্দেশ্য হলো সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশগুলোর মধ্যে পারস্পরিক দায়িত্ব ও বাধ্যবাধকতা তৈরি করা।

তার মতে, প্যারিস জলবায়ু চুক্তিসহ এ ধরনের আন্তর্জাতিক চুক্তিগুলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর মাধ্যমে মানবাধিকার সুরক্ষার বিষয়টিকে সরাসরি ভিত্তি করে তৈরি করা হয়নি।

‘লড়াই থেকে কি সরে দাঁড়িয়েছে কানাডা?’

আরও পড়ুন: রাশিয়ার নতুন ড্রোন ‘কেইউবি-১০এমই’ ইউক্রেনে আতঙ্ক ছড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবিন সেন্টারের বৈশ্বিক জলবায়ু পরিবর্তনবিষয়ক মামলা কার্যক্রমের পরিচালক মারিয়া আন্তোনিয়া তিগ্রে বলেন, কানাডা সরকারের আত্মপক্ষ সমর্থনের যুক্তিগুলো প্রচলিত হলেও সেগুলোর দুর্বলতা রয়েছে।

তার মতে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানুষের মৌলিক অধিকারের সম্পর্ক নিয়ে ব্যাপক আইনি গবেষণা ও তথ্যপ্রমাণ রয়েছে।

এদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার পরিবেশনীতি নিয়ে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন।

কার্নির দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের কারণে কানাডাকে যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে অর্থনীতির নতুন দিকনির্দেশনা দিতে হচ্ছে।

এ কৌশলের অংশ হিসেবে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টায় তেল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রশান্ত মহাসাগরীয় উপকূল পর্যন্ত নতুন একটি তেল পাইপলাইন নির্মাণের প্রস্তাবও রয়েছে।

এ প্রকল্প এবং সাধারণ পরিবারের ওপর কার্বন কর প্রত্যাহারের মতো অন্যান্য সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেন মন্ত্রিসভার সদস্য স্টিভেন গিলবো। তিনি সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে নেওয়া জলবায়ু সুরক্ষামূলক বিভিন্ন নীতির অন্যতম প্রধান রূপকার ছিলেন।

তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে গিলবো আবারও কার্নি সরকারের সমালোচনা করেন।

তিনি বলেন, ‘সত্যি বলতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলার লড়াই থেকে কানাডা প্রায় সরে দাঁড়িয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটির পর্যটন ব্যবসায় মন্দা, ব্যবসায়ীরা লোকসানের শঙ্কায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


রাঙামাটির পর্যটন ব্যবসায় মন্দা, ব্যবসায়ীরা লোকসানের শঙ্কায়

পর্যটনের ভরা মৌসুম শুরু হয়েছে। কিন্তু রাঙামাটির পাহাড়, হ্রদ এবং মেঘের সৌন্দর্যের শহরে এখনো প্রত্যাশিত সংখ্যক পর্যটক দেখা যাচ্ছে না। ফলে হোটেল-মোটেল, রিসোর্ট, নৌযান এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, সাজেকে চলমান আন্দোলনের প্রভাব রাঙামাটির পর্যটন খাতেও পড়েছে। তবে পর্যটন করপোরেশন জানাচ্ছে, নভেম্বর মাসে পর্যটক কম আসা একটি স্বাভাবিক ব্যাপার; ডিসেম্বরে বুকিং বাড়তে পারে।

রাঙামাটির পর্যটনশিল্পের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। যেখানে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে, সেখানে এবার শীতের শুরুতে দর্শনার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোর অবস্থাও একই।

অন্য বছরগুলোতে শীতের শুরুতেই হ্রদ, পাহাড় এবং মেঘের সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতিপ্রেমীদের ভিড় জমে। হ্রদের নীল জলে পর্যটকবাহী নৌযানগুলো ঘুরে বেড়ায়। কিন্তু এবারে অধিকাংশ বোট ঘাটে নোঙর করা অবস্থায় রয়েছে। পর্যটক কম থাকায় টেক্সটাইল পণ্যের দোকানিরাও অলস সময় কাটাচ্ছেন। জেলার হোটেল, মোটেল এবং রিসোর্টের বুকিংও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

তবে যারা রাঙামাটিতে ঘুরতে আসছেন, তারা এই অঞ্চলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। ঢাকা থেকে আসা ছাদেক রায়হান বলেন, "প্রায় প্রতি বছরই রাঙামাটিতে আসি। প্রতিবারই নতুন করে এ জেলার প্রেমে পড়ি। অসাধারণ সুন্দর রাঙামাটি থেকে এক বুক প্রশান্তি নিয়ে যান্ত্রিক জীবনে ফিরে যাই।"

রংপুর থেকে আসা শরিফুল ইসলাম জানান, "এবার পর্যটকের উপস্থিতি কিছুটা কম মনে হচ্ছে। তবে এতে শান্তিতে ঘুরে বেড়ানো যাচ্ছে।"

পর্যটন খাতের ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় এবারে পর্যটকের আগমন অনেক কম। তারা মনে করছেন, এর পেছনে সাজেকে চলমান আন্দোলন দায়ী। মূলত সাজেক এবং রাঙামাটিকে একই পর্যটন গন্তব্য হিসেবে বিবেচনা করায় অনেক পর্যটক রাঙামাটি ভ্রমণ থেকে বিরত থাকছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের সরকারের উন্নয়নের ছোঁয়া, ফরিদপুরে ২৮৭১ কোটি টাকার প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


তারেক রহমানের সরকারের উন্নয়নের ছোঁয়া, ফরিদপুরে ২৮৭১ কোটি টাকার প্রকল্প

সরকার ফরিদপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল জানিয়েছেন, এ প্রকল্পের আওতায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের তিন উপজেলায় প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি এই তথ্য প্রকাশ করেন। ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের শোক ও মানসিক কষ্টের মধ্যেও, এলাকাবাসীর উন্নয়নসংক্রান্ত এই খবরকে তিনি আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেছেন।

সরকারি নথিপত্র অনুসারে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপিত প্রকল্পের তালিকার ৩ নম্বর ক্রমিকে ‘ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকাল অক্টোবর ২০২৬ থেকে ডিসেম্বর ২০৩১ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে।

সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের দেওয়া তথ্য অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ এ প্রকল্পের আওতায় বাস্তবায়ন হবে। বিশেষ করে ভাঙ্গা উপজেলার সার্বিক অবকাঠামো উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনসাধারণের চলাচল ও কৃষিপণ্য পরিবহনে সুবিধা সৃষ্টি করার মতো কাজগুলো বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। এতে প্রত্যন্ত এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগসংক্রান্ত ভোগান্তি কমার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংসদ সদস্য আরও জানিয়েছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রকল্পের কাজের দরপত্র (টেন্ডার) আহ্বানের প্রক্রিয়া শুরু হতে পারে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং এ কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য এলাকাবাসীর দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ভাঙ্গার পুখুরিয়া এলাকার কৃষক দলের উপজেলা সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের মধ্যে একনেক সভার সরকারি নোটিশ ও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় এ উন্নয়ন প্রকল্পের খবরটি সামনে আনেন সংসদ সদস্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক সোহেল রানা হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে জেলা জাসাস নেতৃবৃন্দ। ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় সোহেল রানা নিহত হওয়ার পর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (২১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা জাসাস এর সভাপতি ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তুহিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক তারেকুজ্জামান, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা জাসাস এর আহ্বায়ক আব্দুর রউফ, মধুপুর উপজেলা আহ্বায়ক আবু সাঈদ, ধনবাড়ী পৌর আহ্বায়ক টিটু ও যুগ্ম আহ্বায়ক সিরাজউদ্দৌলাসহ অন্যান্য দাসাস নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, "এই দেশে আগুন সন্ত্রাস চলবেনা, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনে আনতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।" মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের নিরাপদ পানির প্রকল্পে অনিয়মের অভিযোগ, জেলা পর্যায়ে এজেন্ট নেটওয়ার্কের দাবি—প্রশাসনিক তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


জনগণের নিরাপদ পানির প্রকল্পে অনিয়মের অভিযোগ, জেলা পর্যায়ে এজেন্ট নেটওয়ার্কের দাবি—প্রশাসনিক তদন্তের দাবি

নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে ৫ % ঘুষের অভিযোগ! প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফ ও উপপ্রকল্প পরিচালক আনোয়ারুজ্জামানকে ঘিরে তোলপাড়

জনগণের নিরাপদ পানির প্রকল্পে অনিয়মের অভিযোগ, জেলা পর্যায়ে এজেন্ট নেটওয়ার্কের দাবি—প্রশাসনিক তদন্তের দাবি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) আওতাধীন ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ ঘিরে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। প্রকল্পটির পরিচালক মোহাম্মদ হানিফ ও উপ-প্রকল্প পরিচালক আনোয়ারুজ্জামানকে কেন্দ্র করে এসব অভিযোগ । প্রকল্পের বিভিন্ন কাজের অনুমোদন, প্রশাসনিক কার্যক্রম এবং ঠিকাদারি বিলসংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেনের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন।

১৯৩৬ সালে প্রতিষ্ঠিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্ব

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্থানীয় সরকার বিভাগের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে নিরাপদ পানি সরবরাহের দায়িত্ব নিয়ে ১৯৩৬ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৪৫ সালে এর সঙ্গে যুক্ত হয় স্যানিটেশন সেবা প্রদানের দায়িত্ব।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো পুনর্বাসনে সরকার গুরুত্ব দেয়। পরবর্তী সময়ে নতুন অবকাঠামো নির্মাণ ও পানি সরবরাহব্যবস্থা সম্প্রসারণের দায়িত্ব পালন করে অধিদপ্তরটি।

বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনা ওয়াসার আওতাধীন এলাকা ব্যতীত দেশের অন্যান্য এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো নির্মাণ এবং ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই অধিদপ্তর।

জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা, বিশুদ্ধ পানির প্রাপ্যতা এবং পরিবেশসম্মত স্যানিটেশন নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প ঘিরে প্রশ্ন

দেশের সাধারণ মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ গ্রহণ করা হয়। প্রকল্পটির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় নিরাপদ পানির অবকাঠামো নির্মাণ ও পানি সরবরাহব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এমন একটি জনকল্যাণমূলক প্রকল্পের কার্যক্রম ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে। প্রকল্পের বরাদ্দ, কাজের অনুমোদন, ঠিকাদারি কার্যক্রম, বিল পরিশোধ এবং বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফকে ঘিরে অভিযোগ

মোহাম্মদ হানিফের,পিতা:মোহাম্মদ আলী এবং মাতা ফিরোজা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোহনপুর ।

তিনি এর আগে একই প্রকল্পে উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে প্রকল্পটির পরিচালক হিসেবে তুষার মোহন সাধুখা দায়িত্ব পালন করেছেন ।

প্রকল্প পরিচালকের দায়িত্ব পরিবর্তনের পেছনে রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের বিষয় ছিল। সাবেক আওয়ামীলীগ সরকারের মন্ত্রী, সচিব ও রাজনৈতিক নেতাদের প্রভাব ব্যবহারের অভিযোগ ।

তবে প্রকৃত ঘটনা জানতে দায়িত্ব পরিবর্তনের সরকারি আদেশ, পদায়ন সংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া পরীক্ষা করা প্রয়োজন।

প্রকল্প অনুমোদনে ৫ শতাংশ অর্থ দাবির অভিযোগ

প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, তাঁর অধীন বিভিন্ন প্রকল্পের কাজের অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে ৫ % অর্থ দিতে হয়।

অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট কোনো ঠিকাদার বা কর্মকর্তা এই অর্থ দিতে আপত্তি জানালে তাঁদের ঊর্ধ্বতন সচিব, মন্ত্রী কিংবা প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়।এতে ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশাসনিক চাপের মুখে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।

জেলা পর্যায়ে এজেন্ট নেটওয়ার্কের অভিযোগ

অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো, দেশের বিভিন্ন জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে মধ্যস্থতাকারী বা এজেন্ট নেটওয়ার্ক সক্রিয় ।

অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন কাজের অনুমোদন, প্রকল্প বাস্তবায়ন, বিল ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্র করে এই নেটওয়ার্কের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়।

এক্ষেত্রে প্রকল্পের সাবেক এস্টিমেটর আনোয়ারুজ্জামানের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমে মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ এবং অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় তাঁর ভূমিকা রয়েছে।পরবর্তীতে তাঁকে উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছে বলে অভিযোগকারীদের দাবি।

তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বণ্টনের আদেশ, প্রকল্পের নথি, ঠিকাদারি বিল এবং আর্থিক লেনদেনের তথ্য পরীক্ষা করা জরুরি।

রাজনৈতিক পরিচয় ও প্রভাব বিস্তারের অভিযোগ

অভিযোগকারীদের দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মোহাম্মদ হানিফ নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের ব্যক্তি হিসেবে পরিচয় দিতে শুরু করেন। পরবর্তী সময়ে বিএনপির বিভিন্ন নেতা, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে প্রশাসনিক কার্যক্রমে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে।

সাংবাদিকদের প্রশ্নে মিলেনি বক্তব্য

অভিযোগসংক্রান্ত তথ্য যাচাই করতে সংবাদকর্মীরা প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেন। কিন্তু তাঁর সাক্ষাৎ পাওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে উপপ্রকল্প পরিচালক আনোয়ারুজ্জামানের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে অফিসে পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে জানতে হলে প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এদিকে প্রধান প্রকৌশলীর বক্তব্য জানার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

প্রধান প্রকৌশলী জামানুর রহমানের দায়িত্ব পরিবর্তন নিয়েও প্রশ্ন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পাওয়ার আগে মো. জামানুর রহমান ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন বলে প্রকাশিত তথ্য থেকে জানা যায়। এর আগে সিরাজগঞ্জে নির্বাহী প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালনের তথ্য রয়েছে।

তাঁর দায়িত্ব পরিবর্তনের সময় প্রকল্প পরিচালকের পদে পরিবর্তন ও সংশ্লিষ্ট প্রশাসনিক সিদ্ধান্তগুলোর মধ্যে কোনো যোগসূত্র ছিল কি না, তা সরকারি নথি পর্যালোচনার মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

নিরপেক্ষ তদন্তের দাবি

জনগণের নিরাপদ পানি নিশ্চিত করার জন্য বরাদ্দ অর্থ কোনোভাবেই অনিয়মের সুযোগে পরিণত হওয়া উচিত নয়। তাই প্রকল্পটির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত—

১. প্রকল্পের মোট বরাদ্দ ও অর্থ ছাড়ের হিসাব।
২. প্রকল্প পরিচালকদের দায়িত্ব গ্রহণ ও পরিবর্তনের আদেশ।
৩. ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন ও কার্যাদেশ প্রদানের প্রক্রিয়া।
৪. কাজের অনুমোদন ও বিল পরিশোধের নথি।
৫. ৫ শতাংশ অর্থ দাবির অভিযোগের সত্যতা।
৬. জেলা পর্যায়ের মধ্যস্থতাকারী নেটওয়ার্কের অভিযোগ।
৭. সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদ বিবরণী ও আইনসম্মত আর্থিক যাচাই।

এসব বিষয় তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হচ্ছে।

শেষ প্রশ্ন: জনগণের নিরাপদ পানি নিশ্চিত করার জন্য যে প্রকল্প, সেই প্রকল্পের অর্থ ও বাস্তবায়ন কার্যক্রম কতটা স্বচ্ছ? অভিযোগের সত্যতা নির্ধারণে এখন প্রয়োজন নথিভিত্তিক তদন্ত ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%