ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন


নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক সোহেল রানা হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে জেলা জাসাস নেতৃবৃন্দ। ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় সোহেল রানা নিহত হওয়ার পর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (২১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা জাসাস এর সভাপতি ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তুহিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক তারেকুজ্জামান, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা জাসাস এর আহ্বায়ক আব্দুর রউফ, মধুপুর উপজেলা আহ্বায়ক আবু সাঈদ, ধনবাড়ী পৌর আহ্বায়ক টিটু ও যুগ্ম আহ্বায়ক সিরাজউদ্দৌলাসহ অন্যান্য দাসাস নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, "এই দেশে আগুন সন্ত্রাস চলবেনা, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনে আনতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।" মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের নিরাপদ পানির প্রকল্পে অনিয়মের অভিযোগ, জেলা পর্যায়ে এজেন্ট নেটওয়ার্কের দাবি—প্রশাসনিক তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


জনগণের নিরাপদ পানির প্রকল্পে অনিয়মের অভিযোগ, জেলা পর্যায়ে এজেন্ট নেটওয়ার্কের দাবি—প্রশাসনিক তদন্তের দাবি

নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে ৫ % ঘুষের অভিযোগ! প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফ ও উপপ্রকল্প পরিচালক আনোয়ারুজ্জামানকে ঘিরে তোলপাড়

জনগণের নিরাপদ পানির প্রকল্পে অনিয়মের অভিযোগ, জেলা পর্যায়ে এজেন্ট নেটওয়ার্কের দাবি—প্রশাসনিক তদন্তের দাবি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) আওতাধীন ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ ঘিরে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। প্রকল্পটির পরিচালক মোহাম্মদ হানিফ ও উপ-প্রকল্প পরিচালক আনোয়ারুজ্জামানকে কেন্দ্র করে এসব অভিযোগ । প্রকল্পের বিভিন্ন কাজের অনুমোদন, প্রশাসনিক কার্যক্রম এবং ঠিকাদারি বিলসংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেনের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন।

১৯৩৬ সালে প্রতিষ্ঠিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্ব

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্থানীয় সরকার বিভাগের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে নিরাপদ পানি সরবরাহের দায়িত্ব নিয়ে ১৯৩৬ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৪৫ সালে এর সঙ্গে যুক্ত হয় স্যানিটেশন সেবা প্রদানের দায়িত্ব।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো পুনর্বাসনে সরকার গুরুত্ব দেয়। পরবর্তী সময়ে নতুন অবকাঠামো নির্মাণ ও পানি সরবরাহব্যবস্থা সম্প্রসারণের দায়িত্ব পালন করে অধিদপ্তরটি।

বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনা ওয়াসার আওতাধীন এলাকা ব্যতীত দেশের অন্যান্য এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো নির্মাণ এবং ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই অধিদপ্তর।

জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা, বিশুদ্ধ পানির প্রাপ্যতা এবং পরিবেশসম্মত স্যানিটেশন নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প ঘিরে প্রশ্ন

দেশের সাধারণ মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ গ্রহণ করা হয়। প্রকল্পটির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় নিরাপদ পানির অবকাঠামো নির্মাণ ও পানি সরবরাহব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এমন একটি জনকল্যাণমূলক প্রকল্পের কার্যক্রম ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে। প্রকল্পের বরাদ্দ, কাজের অনুমোদন, ঠিকাদারি কার্যক্রম, বিল পরিশোধ এবং বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফকে ঘিরে অভিযোগ

মোহাম্মদ হানিফের,পিতা:মোহাম্মদ আলী এবং মাতা ফিরোজা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোহনপুর ।

তিনি এর আগে একই প্রকল্পে উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে প্রকল্পটির পরিচালক হিসেবে তুষার মোহন সাধুখা দায়িত্ব পালন করেছেন ।

প্রকল্প পরিচালকের দায়িত্ব পরিবর্তনের পেছনে রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের বিষয় ছিল। সাবেক আওয়ামীলীগ সরকারের মন্ত্রী, সচিব ও রাজনৈতিক নেতাদের প্রভাব ব্যবহারের অভিযোগ ।

তবে প্রকৃত ঘটনা জানতে দায়িত্ব পরিবর্তনের সরকারি আদেশ, পদায়ন সংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া পরীক্ষা করা প্রয়োজন।

প্রকল্প অনুমোদনে ৫ শতাংশ অর্থ দাবির অভিযোগ

প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, তাঁর অধীন বিভিন্ন প্রকল্পের কাজের অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে ৫ % অর্থ দিতে হয়।

অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট কোনো ঠিকাদার বা কর্মকর্তা এই অর্থ দিতে আপত্তি জানালে তাঁদের ঊর্ধ্বতন সচিব, মন্ত্রী কিংবা প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়।এতে ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশাসনিক চাপের মুখে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।

জেলা পর্যায়ে এজেন্ট নেটওয়ার্কের অভিযোগ

অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো, দেশের বিভিন্ন জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে মধ্যস্থতাকারী বা এজেন্ট নেটওয়ার্ক সক্রিয় ।

অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন কাজের অনুমোদন, প্রকল্প বাস্তবায়ন, বিল ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্র করে এই নেটওয়ার্কের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়।

এক্ষেত্রে প্রকল্পের সাবেক এস্টিমেটর আনোয়ারুজ্জামানের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমে মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ এবং অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় তাঁর ভূমিকা রয়েছে।পরবর্তীতে তাঁকে উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছে বলে অভিযোগকারীদের দাবি।

তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বণ্টনের আদেশ, প্রকল্পের নথি, ঠিকাদারি বিল এবং আর্থিক লেনদেনের তথ্য পরীক্ষা করা জরুরি।

রাজনৈতিক পরিচয় ও প্রভাব বিস্তারের অভিযোগ

অভিযোগকারীদের দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মোহাম্মদ হানিফ নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের ব্যক্তি হিসেবে পরিচয় দিতে শুরু করেন। পরবর্তী সময়ে বিএনপির বিভিন্ন নেতা, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে প্রশাসনিক কার্যক্রমে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে।

সাংবাদিকদের প্রশ্নে মিলেনি বক্তব্য

অভিযোগসংক্রান্ত তথ্য যাচাই করতে সংবাদকর্মীরা প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেন। কিন্তু তাঁর সাক্ষাৎ পাওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে উপপ্রকল্প পরিচালক আনোয়ারুজ্জামানের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে অফিসে পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে জানতে হলে প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এদিকে প্রধান প্রকৌশলীর বক্তব্য জানার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

প্রধান প্রকৌশলী জামানুর রহমানের দায়িত্ব পরিবর্তন নিয়েও প্রশ্ন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পাওয়ার আগে মো. জামানুর রহমান ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন বলে প্রকাশিত তথ্য থেকে জানা যায়। এর আগে সিরাজগঞ্জে নির্বাহী প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালনের তথ্য রয়েছে।

তাঁর দায়িত্ব পরিবর্তনের সময় প্রকল্প পরিচালকের পদে পরিবর্তন ও সংশ্লিষ্ট প্রশাসনিক সিদ্ধান্তগুলোর মধ্যে কোনো যোগসূত্র ছিল কি না, তা সরকারি নথি পর্যালোচনার মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

নিরপেক্ষ তদন্তের দাবি

জনগণের নিরাপদ পানি নিশ্চিত করার জন্য বরাদ্দ অর্থ কোনোভাবেই অনিয়মের সুযোগে পরিণত হওয়া উচিত নয়। তাই প্রকল্পটির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত—

১. প্রকল্পের মোট বরাদ্দ ও অর্থ ছাড়ের হিসাব।
২. প্রকল্প পরিচালকদের দায়িত্ব গ্রহণ ও পরিবর্তনের আদেশ।
৩. ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন ও কার্যাদেশ প্রদানের প্রক্রিয়া।
৪. কাজের অনুমোদন ও বিল পরিশোধের নথি।
৫. ৫ শতাংশ অর্থ দাবির অভিযোগের সত্যতা।
৬. জেলা পর্যায়ের মধ্যস্থতাকারী নেটওয়ার্কের অভিযোগ।
৭. সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদ বিবরণী ও আইনসম্মত আর্থিক যাচাই।

এসব বিষয় তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হচ্ছে।

শেষ প্রশ্ন: জনগণের নিরাপদ পানি নিশ্চিত করার জন্য যে প্রকল্প, সেই প্রকল্পের অর্থ ও বাস্তবায়ন কার্যক্রম কতটা স্বচ্ছ? অভিযোগের সত্যতা নির্ধারণে এখন প্রয়োজন নথিভিত্তিক তদন্ত ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাগলা মসজিদের তহবিলে জমা ১৩৩ কোটি টাকা, গণনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


পাগলা মসজিদের তহবিলে জমা ১৩৩ কোটি টাকা, গণনা চলছে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া মোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা বর্তমানে তহবিলে জমা রয়েছে। এর পাশাপাশি, জেলা প্রশাসকের ট্রেজারিতে ১২ কেজি স্বর্ণ, ১২ কেজি রুপা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংরক্ষিত রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে, চার মাস ২৪ দিন পর মসজিদের ১৫টি স্থায়ী সিন্দুক খুলে ৫১ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং জেলা প্রশাসক সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দানবাক্স থেকে বের করা টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে গণনার কাজে অংশগ্রহণ করেন ৫৯৯ জন। তাদের মধ্যে জামিয়া এমদাদিয়া মাদ্রাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদ্রাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ কর্মচারী রয়েছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে সাত সদস্যের একটি উপকমিটি এ কার্যক্রম পরিচালনা করছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, আটজন এসআরবি সদস্য এবং ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, সর্বশেষ ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন পাওয়া দানের পরিমাণ ছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা। গণনা শেষে ওই টাকা রূপালী ব্যাংকের পাগলা মসজিদের হিসাবে জমা করা হয়। এছাড়া সেদিন পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
গভীর সমুদ্রে ৭২ জনকে জিম্মি

সাগরে ফেলে দেওয়া সাতজন, পালিয়ে ফিরলেন ২৮

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


সাগরে ফেলে দেওয়া সাতজন, পালিয়ে ফিরলেন ২৮

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে টেকনাফে আটকে রাখা হয়। পরে তাদেরকে ছোট নৌকায় করে গভীর সমুদ্রে থাকা একটি ট্রলারে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে প্রত্যেকের কাছে দাবি করা হয় প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ। টাকা দিতে না পারলে নির্যাতন- এমনকি সাগরে ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এভাবে ট্রলারে বন্দি ছিলেন ৭২ জন। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে ভুক্তভোগীরা প্রতিরোধ গড়ে তোলেন।

দালালচক্রের সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর তারা ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে নিজেরাই কক্সবাজার উপকূলে ফিরে আসেন। শুক্রবার (২০ নভেম্বর) রাতে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের দাবি, তাদের সঙ্গে থাকা সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন শৈবাল পয়েন্টে ট্রলারটি পৌঁছায়। পরে স্থানীয় লোকজন, বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় ২৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন নারী, দুজন শিশু ও ২৪ জন পুরুষ রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য, বাড়ি থেকে ডেকে নেওয়া, কাজের প্রলোভন কিংবা বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে তাদের টেকনাফে নিয়ে আটকে রাখা হয়েছিল। পরে বিভিন্ন স্থান থেকে ছোট নৌকায় করে গভীর সমুদ্রে বড় ট্রলারে তোলা হয়। সেখানে শুরু হয় নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা।

উখিয়ার কোটবাজার এলাকার রিদুয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে এক পরিচিত ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে যাওয়ার পর তাদের একটি ঘরে আটকে রাখা হয়। একপর্যায়ে বুঝতে পারেন, তারা মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন।

রিদুয়ান বলেন, আটকে রাখার পর তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়। বাইরের কারও সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না। লাঠি, দা ও বিভিন্ন অস্ত্র নিয়ে লোকজন পাহারা দিত। আট থেকে ৯ দিন আটকে রাখার পর এক রাতে মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে নেওয়া হয় তাদের। সেখানে নারীসহ প্রায় ৪০ জনকে দুটি ছোট নৌকায় তুলে গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে নেওয়া হয়।

তার ভাষ্য, প্রথমে চার দিন একটি ট্রলারে এবং পরে অন্য একটি নৌকায় আরও দুই দিন থাকতে হয়। এ সময় দিনে দুই বেলা সামান্য খাবার দেওয়া হতো। প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।

রিদুয়ান জানান, মুক্তিপণের বিষয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে একজনকে মারধর করা হয়। এর প্রতিবাদে ট্রলারে থাকা যাত্রীদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে গেলে কয়েকজন যাত্রী ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।

চকরিয়ার এক রাজমিস্ত্রিও কাজের প্রলোভনে টেকনাফে গিয়ে অপহরণের শিকার হন বলে জানান। জমি মাপজোখের কাজ শেষে হিসাব করার কথা বলে তাকে একটি বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর দরজা বন্ধ করে দেওয়া হয়। চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি মোবাইল কেড়ে নেওয়া হয়। পরে সুপারি বাগানের ভেতরে একটি ভবনে প্রায় সাত দিন আটকে রাখা হয় তাকে। এ সময় ঠিকমতো খাবার দেওয়া হতো না। কারও সঙ্গে যোগাযোগের সুযোগও ছিল না।

মুক্তার হোসেন নামে আরেক ভুক্তভোগী জানান, নারায়ণগঞ্জে চাকরি করার সময় এক বন্ধুর মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাব পান তিনি। প্রথমে সাড়ে তিন লাখ টাকা চাওয়া হলেও পরে তিন লাখ টাকায় পাঠানোর কথা বলা হয়। দালালের দেওয়া ঠিকানায় কক্সবাজারে পৌঁছানোর পর তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে আরও অনেককে বন্দি অবস্থায় দেখতে পান।

উদ্ধার হওয়া কলা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, ট্রলারে মোট ৭২ জন ছিলেন। দালালচক্রের সদস্যরা সাতজনকে সাগরে ফেলে দেন। পরে কয়েকজন মিলে প্রতিরোধ গড়ে তুলে ট্রলারের নিয়ন্ত্রণ নেন। শৈবাল পয়েন্টে ট্রলারটি আটকে গেলে তারা নেমে ঝাউবাগানের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে বসিয়ে রাখেন।

টেকনাফের কচুবনিয়া এলাকার ইলিয়াছ জানান, দালালচক্রের সদস্যদের অতিরিক্ত মারধরের প্রতিবাদ জানালে ট্রলারে সংঘর্ষ বাধে। একপর্যায়ে চক্রের সদস্যরা অন্য একটি ট্রলারে করে পালিয়ে যায়। দুজনকে আটক করা হলেও পরে তারাও পালিয়ে যান বলে দাবি করেন তিনি।

স্বজনদের কাছে মুক্তিপণ দাবি

সাগরে বন্দি থাকা ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও মুক্তিপণের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। অপহরণের পর স্বজনদের ফোন করে টাকা দাবি করা হয়। টাকা না দিলে হত্যা কিংবা অন্য দালালদের হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক।

উদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন স্বজনরা। তাদের একজন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম। তিনি জানান, ১০ দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। এর মধ্যে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে জানতে চাওয়া হয়, ছেলের খবর পেয়েছেন কি না। পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। কান্নাজড়িত কণ্ঠে ছেলে জানায়, তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে।

সাইফুল ইসলামের অভিযোগ, ফোনের অপর প্রান্তের ব্যক্তি ছেলেকে ফেরত পেতে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

আরেক অভিভাবক আবু তাহের জানান, তার ছেলে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে জানতে পারেন, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামের এক ব্যক্তিসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা।

উদ্ধার হওয়া ব্যক্তি ও তাদের স্বজনদের অভিযোগ, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষকে অপহরণ ও মানবপাচারের সঙ্গে জড়িত। প্রথমে পরিচিতজন কিংবা দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে বিভিন্ন স্থানে আটকে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে মুক্তিপণ আদায় করা হয়।

ভুক্তভোগী ও তাদের স্বজনেরা অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে থানায় রাখা হয়েছিল। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী: বীর মুক্তিযোদ্ধারা আমাদের গৌরব, তাদের অবদান অনন্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


প্রধানমন্ত্রী: বীর মুক্তিযোদ্ধারা আমাদের গৌরব, তাদের অবদান অনন্য

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, মুক্তিযুদ্ধের বীর সেনানিদের প্রতি সম্মান জানানো রাষ্ট্রের কর্তব্য।

তিনি শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম এবং বীরপ্রতীক—যারা এই উপাধিতে ভূষিত হয়েছিলেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এক জীবনে সবার পক্ষে তা অর্জন করা হয়ে ওঠে না। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য, অসাধারণ।’

তিনি আরও বলেন, ‘লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজ আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আমি সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক দিনে মুক্তিযুদ্ধের সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আহত সব মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা।’

সরকারপ্রধান বলেন, ‘ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর যেসব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সম্মানী এবং সংবর্ধনা পেলেন, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। আপনাদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করছে।’

মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব এবং সাফল্য আন্দোলিত করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%