০২:০৩ পি.এম
পর্যটনের ভরা মৌসুম শুরু হয়েছে। কিন্তু রাঙামাটির পাহাড়, হ্রদ এবং মেঘের সৌন্দর্যের শহরে এখনো প্রত্যাশিত সংখ্যক পর্যটক দেখা যাচ্ছে না। ফলে হোটেল-মোটেল, রিসোর্ট, নৌযান এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, সাজেকে চলমান আন্দোলনের প্রভাব রাঙামাটির পর্যটন খাতেও পড়েছে। তবে পর্যটন করপোরেশন জানাচ্ছে, নভেম্বর মাসে পর্যটক কম আসা একটি স্বাভাবিক ব্যাপার; ডিসেম্বরে বুকিং বাড়তে পারে।
রাঙামাটির পর্যটনশিল্পের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। যেখানে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে, সেখানে এবার শীতের শুরুতে দর্শনার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোর অবস্থাও একই।
অন্য বছরগুলোতে শীতের শুরুতেই হ্রদ, পাহাড় এবং মেঘের সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতিপ্রেমীদের ভিড় জমে। হ্রদের নীল জলে পর্যটকবাহী নৌযানগুলো ঘুরে বেড়ায়। কিন্তু এবারে অধিকাংশ বোট ঘাটে নোঙর করা অবস্থায় রয়েছে। পর্যটক কম থাকায় টেক্সটাইল পণ্যের দোকানিরাও অলস সময় কাটাচ্ছেন। জেলার হোটেল, মোটেল এবং রিসোর্টের বুকিংও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
তবে যারা রাঙামাটিতে ঘুরতে আসছেন, তারা এই অঞ্চলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। ঢাকা থেকে আসা ছাদেক রায়হান বলেন, "প্রায় প্রতি বছরই রাঙামাটিতে আসি। প্রতিবারই নতুন করে এ জেলার প্রেমে পড়ি। অসাধারণ সুন্দর রাঙামাটি থেকে এক বুক প্রশান্তি নিয়ে যান্ত্রিক জীবনে ফিরে যাই।"
রংপুর থেকে আসা শরিফুল ইসলাম জানান, "এবার পর্যটকের উপস্থিতি কিছুটা কম মনে হচ্ছে। তবে এতে শান্তিতে ঘুরে বেড়ানো যাচ্ছে।"
পর্যটন খাতের ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় এবারে পর্যটকের আগমন অনেক কম। তারা মনে করছেন, এর পেছনে সাজেকে চলমান আন্দোলন দায়ী। মূলত সাজেক এবং রাঙামাটিকে একই পর্যটন গন্তব্য হিসেবে বিবেচনা করায় অনেক পর্যটক রাঙামাটি ভ্রমণ থেকে বিরত থাকছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন