প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার অভিযোগে কানাডা সরকারের বিরুদ্ধে দায়ের করা একটি গুরুত্বপূর্ণ মামলায়, সরকারের আইনজীবীরা যুক্তি তুলে ধরেছেন যে, বৈশ্বিক সমস্যা হিসেবে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য কোনো একক রাষ্ট্রকে দায়ী করা সম্ভব নয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পরিবেশবাদী আইনজীবীরা সরকারের এই যুক্তিকে পুরোনো আইনি কৌশল হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপর্যয়ের দায় এড়াতে এই ধরনের যুক্তি উপস্থাপন করা হচ্ছে।
তবে, কানাডা সরকার মামলাটিতে নিজেদের পক্ষে এই যুক্তি কাজে লাগানোর চেষ্টা করছে। মামলাটি দায়ের করেছেন ১৫ জন তরুণ-তরুণী। তাদের অভিযোগ, সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়ে তাদের নিরাপদ ও সুরক্ষিতভাবে বেঁচে থাকার অধিকার লঙ্ঘন করেছে।
বিশেষজ্ঞদের দীর্ঘ সাক্ষ্যগ্রহণের পর, শুক্রবার সরকারের আইনজীবীরা তাদের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেছেন। মামলার কার্যক্রম আগামী ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে।
সরকারপক্ষের প্রথম সাক্ষী ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের পরিবেশ অর্থনীতিবিদ ডেভিড অ্যানথফ। তিনি আদালতে বলেন, কানাডার নিজস্ব কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলার সক্ষমতা তুলনামূলকভাবে সীমিত।
মামলার বাদীপক্ষ আদালতের মাধ্যমে কানাডার জন্য বাধ্যতামূলক কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চায়। তবে অ্যানথফের মতে, এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খুব বেশি প্রভাব পড়বে না।
তিনি আদালতে বলেন, ‘কানাডা জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিস্থিতির মুখোমুখি হবে, তার বেশির ভাগই নির্ভর করবে অন্য দেশগুলোর সিদ্ধান্তের ওপর।’
তিনি আরও উল্লেখ করেন, কানাডা বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্র ১ দশমিক ৪ শতাংশের জন্য দায়ী।
সরকারের প্রধান আইনজীবী বিজে রে ভ্যাঙ্কুভারের আদালতে মামলার শুরুতে বলেন, ‘জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এর সমাধানও হতে হবে বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে।’
অন্যদিকে, মামলার তরুণ বাদীরা আদালতে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তারা জানিয়েছেন, ভয়াবহ দাবানল থেকে প্রাণ বাঁচাতে তাঁদের পালিয়ে যেতে হয়েছে। আবার গ্রীষ্মকালে বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় অনেক দিন তারা ঘরের বাইরে বের হতে পারেননি।
তাদের দাবি, সরকার আগে থেকেই কার্যকর পদক্ষেপ নিলে এসব ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ অনেকটাই এড়ানো সম্ভব হতো।
তবে সরকারি আইনজীবী রে বলেন, আদালতে উপস্থাপিত তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট যে, এসব ক্ষতির জন্য সরকার সরাসরি দায়ী নয়।
তিনি আরও বলেন, কানাডার সংবিধানে মানুষের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের মতো অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ সংকট সমাধানের উদ্দেশ্যে এসব সাংবিধানিক অধিকার প্রণয়ন করা হয়নি।
-পুরোনো ও অকার্যকর যুক্তি-
আন্তর্জাতিক পরিবেশ আইন কেন্দ্রের (সেন্টার ফর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল) কর্মকর্তা সেবাস্তিয়ান ডুইক এএফপিকে বলেন, কানাডা বিশ্বের অন্যান্য বড় দূষণকারী দেশের মতোই একই পুরোনো যুক্তি তুলে ধরছে।
তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের আদালত বারবার এ ধরনের যুক্তি প্রত্যাখ্যান করেছেন।’
এ প্রসঙ্গে তিনি ২০২৫ সালে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। ওই সিদ্ধান্তে বলা হয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পরিবেশ সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রগুলোর রয়েছে।
ডুইক আরও বলেন, ‘বিশ্বের মোট নিঃসরণে কানাডার অবদান কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। বিশেষ করে দেশটি যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে, সেখান থেকে সৃষ্ট নিঃসরণ বিবেচনায় নিলে বিষয়টি আরও স্পষ্ট হয়।’
সরকারপক্ষের আরেক সাক্ষী হিসেবে আদালতে বক্তব্য দেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের জলবায়ু আইন বিশেষজ্ঞ অধ্যাপক বেনোয়া মায়ার।
তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তিগুলোতে কার্বন নিঃসরণ কমানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেগুলোর উদ্দেশ্য হলো সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশগুলোর মধ্যে পারস্পরিক দায়িত্ব ও বাধ্যবাধকতা তৈরি করা।
তার মতে, প্যারিস জলবায়ু চুক্তিসহ এ ধরনের আন্তর্জাতিক চুক্তিগুলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর মাধ্যমে মানবাধিকার সুরক্ষার বিষয়টিকে সরাসরি ভিত্তি করে তৈরি করা হয়নি।
‘লড়াই থেকে কি সরে দাঁড়িয়েছে কানাডা?’
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবিন সেন্টারের বৈশ্বিক জলবায়ু পরিবর্তনবিষয়ক মামলা কার্যক্রমের পরিচালক মারিয়া আন্তোনিয়া তিগ্রে বলেন, কানাডা সরকারের আত্মপক্ষ সমর্থনের যুক্তিগুলো প্রচলিত হলেও সেগুলোর দুর্বলতা রয়েছে।
তার মতে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানুষের মৌলিক অধিকারের সম্পর্ক নিয়ে ব্যাপক আইনি গবেষণা ও তথ্যপ্রমাণ রয়েছে।
এদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার পরিবেশনীতি নিয়ে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন।
কার্নির দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের কারণে কানাডাকে যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে অর্থনীতির নতুন দিকনির্দেশনা দিতে হচ্ছে।
এ কৌশলের অংশ হিসেবে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টায় তেল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রশান্ত মহাসাগরীয় উপকূল পর্যন্ত নতুন একটি তেল পাইপলাইন নির্মাণের প্রস্তাবও রয়েছে।
এ প্রকল্প এবং সাধারণ পরিবারের ওপর কার্বন কর প্রত্যাহারের মতো অন্যান্য সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেন মন্ত্রিসভার সদস্য স্টিভেন গিলবো। তিনি সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে নেওয়া জলবায়ু সুরক্ষামূলক বিভিন্ন নীতির অন্যতম প্রধান রূপকার ছিলেন।
তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে গিলবো আবারও কার্নি সরকারের সমালোচনা করেন।
তিনি বলেন, ‘সত্যি বলতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলার লড়াই থেকে কানাডা প্রায় সরে দাঁড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন