প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুর, ৭ নভেম্বর, ২০২৬ : জেলার বীরগঞ্জ উপজেলায় পুলিশ একটি অভিযান পরিচালনা করে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে এবং আন্তঃজেলা চোর চক্রের একজন সদস্যকে আটক করেছে।
আজ শনিবার বিকেল ৪টায় বীরগঞ্জ থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, আটককৃত মোশারফ হোসেন ওরফে মশিউর (৩৮) আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি উপজেলার বাছারামপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গতকাল ৬ নভেম্বর সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার জয়ন্তিয়া ঘাটপাড় এলাকার একটি চায়ের দোকানে পুরোনো মোটরসাইকেল কেনা-বেচার আড়ালে চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছিল।
এ সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মোশারফ হোসেন ওরফে মশিউরকে আটক করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ থেকে ৩ জন পালিয়ে যায়। আটক মোশারফ হোসেনকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে চুরি ও ছিনতাই করে নিয়ে আসা ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ স্বীকার করেন যে, কাহারোল উপজেলার শাহপাড়া গ্রামের নেফাউল হকের ছেলে গোলাপ হোসেন (৪৫) এবং আরও ২ থেকে ৩ জন তার সহযোগী মিলে আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মোটরসাইকেলগুলো চুরি ও ছিনতাই করে বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছেন। তিনি জানান, চক্রটি কৌশলে মোটরসাইকেল চুরি ও ছিনতাই করে কম দামে বিক্রি করতো।
এ ঘটনায় পুলিশ আজ শনিবার সকালে বীরগঞ্জ থানায় আটক মশিউরসহ তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মোশারফ হোসেনকে বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন