ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আগামীকাল


জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আগামীকাল

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : আগামীকাল পালিত হবে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস। প্রতিবছর ২ নভেম্বর এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে।

দিবসটি দেশব্যাপী পালন করা হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির উদ্যোগে। এবারের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’ হিসেবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) ব্লাড ব্যাংকে ১৯৭৮ সালের ২ নভেম্বর প্রথমবারের মতো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে সন্ধানী। এরপর ১৯৯৫ সালে, সন্ধানী আয়োজিত প্রথম স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২ নভেম্বরকে ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ হিসেবে ঘোষণা করেন।

আরও পড়ুন: গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামোর গেজেট প্রকাশ করেছে সরকার

‘সন্ধানী’ বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলনের পথিকৃৎ। রক্তদানের পাশাপাশি, প্রতিষ্ঠানটি মানুষের চক্ষু ব্যাংক হিসেবেও কাজ করে। মৃত্যুর আগে স্বেচ্ছাপ্রণোদিত চক্ষুদানের জন্য মানুষকে উৎসাহিত করে সন্ধানী, যাতে মৃত্যুর পর সেই কর্নিয়া অন্যের চোখে প্রতিস্থাপন করা সম্ভব হয়।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মহাসচিব ডা. মোহাম্মদ মনির হোসেন জানিয়েছেন, অন্ধত্ব বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। একজন অন্ধ ব্যক্তি তার পরিবার, সমাজ ও দেশের জন্য অনেক ক্ষেত্রেই বোঝা হয়ে দাঁড়ান। দেশে অন্ধ জনসংখ্যা প্রায় ১৫ লাখ, যার মধ্যে কর্ণিয়াজনিত অন্ধের সংখ্যা পাঁচ লক্ষাধিক। প্রতিবছর নতুন করে ৪০ হাজার মানুষ এই সমস্যায় যুক্ত হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠার পর থেকে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ মৃত ব্যক্তি ও বেওয়ারিশ মৃতদেহ থেকে কর্ণিয়া সংগ্রহ করে আসছে সন্ধানী। সংগৃহীত কর্ণিয়া সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীদের চোখে প্রতিস্থাপন করা হচ্ছে। বাংলাদেশে এখন পর্যন্ত প্রতিস্থাপিত সব কর্ণিয়াই সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মাধ্যমে সংগৃহীত হয়েছে।

একজন মানুষের কর্ণিয়া অন্য একজন কর্ণিয়াজনিত অন্ধ মানুষের চোখে প্রতিস্থাপন করলে সেই অন্ধ ব্যক্তি পৃথিবীর আলো দেখতে পায়, এই বিষয়টি সন্ধানী প্রথম এ দেশে তুলে ধরেছে। ১৮ কোটি মানুষের মধ্যে এ তথ্য ছড়িয়ে দিতে পারলে কর্ণিয়া সংগ্রহ ও প্রতিস্থাপনের কাজ আরও সহজ হবে এবং বাংলাদেশ বিশ্বে নজির স্থাপন করতে পারবে।

আরও পড়ুন: শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে দেওয়া বিপ্লব ১২ ঘণ্টায় গ্রেপ্তার

দিবসটি উপলক্ষে আগামীকাল সকাল ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের হবে। র‌্যালিটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হবে।

এদিকে, জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে আগামীকাল সকাল ১০ টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানালেন বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে ফ্যামিলি কার্ডের খানা জরিপ কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


শরীয়তপুরে ফ্যামিলি কার্ডের খানা জরিপ কার্যক্রম শুরু

শরীয়তপুর, ১ নভেম্বর, ২০২৬ : জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের ১, ৩, ৭ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খানা তথ্য সংগ্রহের জন্য খানা জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুজা উদ্দিন, সখিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সরদার, বিএনপি নেতা কামরুল ইসলাম রাজিব, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে ভারতীয় মাদকসহ দুই জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে ভারতীয় মাদকসহ দুই জন আটক

কুষ্টিয়া, ১ নভেম্বর, ২০২৬ : কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানের বিভিন্ন পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এই অভিযানের ফলে দুই জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদক ও অন্যান্য পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৩৩ হাজার ৮৫০ টাকা।

আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেন, লে. কর্নেল আবু রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৪১ বোতল ভারতীয় মদ, ১ বোতল ফেয়ারডিল সিরাপ, ৩ বোতল স্কাপ সিরাপ, ১শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৪ কেজি গাঁজা, ৯৯৮ পিস চকলেট বাজি, দুটি সিমকার্ড ও একটি মোবাইল ফোন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ব্রিজ বাজার এলাকায় অভিযান চালায় বিজিবি। এই সময় সাইদুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ১ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৩ বোতল স্কাপ সিরাপসহ আটক করা হয়।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর মাঠে অভিযান চালিয়ে সুভেল (২৬) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ, ১শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি সিমকার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া, রাত সাড়ে ১১টার দিকে তেঁতুলবাড়ি মোল্লাপাড়া মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ৩ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠ থেকে ২১ বোতল ভারতীয় মদ ও ৯৯৮ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। একই দিন রাত ১২টা ৫৫ মিনিটে প্রাগপুর বিওপির সদস্যরা প্রাগপুর চুলকানির ঘাট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করেন।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানের মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশ

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : অধিনায়ক আবু হায়দার রনির অসাধারণ ব্যাটিংয়ের পরও বাংলাদেশ হংকং সিক্সেসে ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে। আজ মং কক মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশের টুর্নামেন্ট অভিযান শেষ হয়ে গেল।

টস হারার পর প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ছয় ওভারে ৫ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে। ভারতের দলটি শেষ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৭ রান করে জয় নিশ্চিত করে।

বাংলাদেশ শুরুতেই তিনটি দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে আবু হায়দারের বিধ্বংসী ব্যাটিং দলের জন্য আশা জাগায়। তিনি ১৮ বলে অপরাজিত ৬২ রান করেন, যেখানে তাঁর ইনিংসে ছিল আটটি ছক্কা ও তিনটি চার।

হাবিবুর রহমান সোহান ছয় বলে ১৮ রান এবং সাব্বির রহমান চার বলে ১৩ রান করে বাংলাদেশের স্কোরকে প্রতিযোগিতামূলক অবস্থায় নিয়ে আসেন।

ভারতের হয়ে ক্রুনাল পান্ডিয়া দুই ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন।

জবাবে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। শশাঙ্ক সিং ও রাহুল ত্রিপাঠি দ্রুত রান তুলে দলকে জয়লাভের পথে এগিয়ে নেন। শশাঙ্ক মাত্র ১৫ বলে ৫০ রান করার পর চোটের কারণে মাঠ ছাড়েন। ত্রিপাঠি ১২ বলে ৩২ রান করেন।

রাহুল তেওয়াটিয়া পাঁচ বলে ১৬ রান এবং নীতিশ রানা চার বলে অপরাজিত ১০ রান করে ভারতের জয় নিশ্চিত করেন। ভারত ছয় ওভারে লক্ষ্যে পৌঁছে যায়।

বাংলাদেশের একমাত্র উইকেটটি আহরার আমিন নেন। ম্যাচসেরা হিসেবে নির্বাচিত হন ক্রুনাল পান্ডিয়া।

এই পরাজয়ের ফলে টুর্নামেন্টে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রইল। এর আগে বাংলাদেশ শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছেও পরাজিত হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজযাত্রীদের ১০ কোটি টাকার বেশি অর্থ ফেরত এনেছে সরকার: ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


হজযাত্রীদের ১০ কোটি টাকার বেশি অর্থ ফেরত এনেছে সরকার: ধর্মমন্ত্রী

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেইন কায়কোবাদ জানিয়েছেন, সরকার হজযাত্রীদের ১০ কোটি টাকার বেশি অর্থ ফেরত আনতে সক্ষম হয়েছে।

২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের তথ্য উল্লেখ করে তিনি জানান, সৌদি কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত আনতে সক্ষম হয়েছে সরকার।

বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা। সরকার এটি হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছে।

ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের নাগরিকদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে। হজ ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও সেবামুখী করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে হজযাত্রীদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, ২০২৬ সালের হজ মৌসুমে মোট ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল আটকে রেখেছিল। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৩১০ জনের বিপরীতে ২৯ লাখ ৭৬ হাজার ১৫১ সৌদি রিয়াল এবং সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৩০ জনের বিপরীতে এক লাখ ১৫ হাজার ৯২ সৌদি রিয়াল সংরক্ষণ করা হয়।

বিষয়টি জানার পর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় বাংলাদেশ হজ অফিস জেদ্দা, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে। তথ্য যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে অর্থ ফেরত পাওয়ার উদ্যোগ নেওয়া হয়।

ধর্মমন্ত্রী বলেন, পূর্ববর্তী হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ ফেরতের কোনো নজির ছিল না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ তথ্য ও যুক্তি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ হজ অফিস- জেদ্দার আন্তরিক প্রচেষ্টা, দায়িত্বশীল ভূমিকা এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর কূটনৈতিক সমন্বয়ের ফলে শেষ পর্যন্ত অর্থ ফেরত পাওয়া সম্ভব হয়েছে।

তিনি জানান, গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ হজ অফিস, জেদ্দার ‘নুসুক’ (Nusuk) সিস্টেমে সম্পূর্ণ অর্থ ফেরত জমা হয়েছে।

এ সাফল্যের জন্য সৌদি সরকার, বিশেষ করে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে সৌদি সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবে ২০২৬ সালের পবিত্র হজের উদ্বৃত্ত অর্থ থেকে ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা তাদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হয়েছে।

তিনি জানান, হজযাত্রীদের ব্যয় কমানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ২০২৭ সালের হজের বিমানভাড়া ২০২৬ সালের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালে হজের বিমানভাড়া ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগ ও দিকনির্দেশনায় বিমানভাড়াসহ ২০২৭ সালের হজ প্যাকেজের সামগ্রিক ব্যয় কমিয়ে আনা সম্ভব হয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় সরকারের মূল লক্ষ্য হচ্ছে হজযাত্রীদের হয়রানি ও অপ্রয়োজনীয় ব্যয় কমানো, সেবার মান বাড়ানো এবং তাদের অর্থের যথাযথ সুরক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের কোনো হজযাত্রীর আর্থিক স্বার্থ ও ন্যায্য অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। হজ ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব, সাশ্রয়ী ও সুশৃঙ্খল করতে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%