ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম সিকদার গ্রেপ্তার


কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম সিকদার গ্রেপ্তার

মহিপুর থানা পুলিশ পটুয়াখালীর কুয়াকাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মো. সাদ্দাম সিকদার (৩২) কে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোরের দিকে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া সাদ্দাম সিকদার কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তিনি পশ্চিম কুয়াকাটা এলাকার লতিফ সিকদারের পুত্র।

আরও পড়ুন: নড়াইলে নিখোঁজ অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

পুলিশের সূত্রে জানা যায়, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা সহ মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তার অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, মামলার তদন্তের স্বার্থে মো. সাদ্দাম সিকদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা সহ মোট তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

১৯৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


১৯৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জনগণের সমর্থন করা নয়, বরং পাকিস্তানকে দুর্বল করা। তিনি এসব কথা বলেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পার্লামেন্ট হাউস পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন যে, গত ১৫ বছর ধরে বাংলাদেশকে একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করা হয়েছে এবং বাইরের প্রভাবে দেশের মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, দেশে ফিরে এলে তাকে সরাসরি কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা একটি ‘মুসলিমবিরোধী দেশে’ আশ্রয় নিয়েছেন। স্পিকার হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়, তবে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হবে।

হাফিজ উদ্দিন আহমেদের মতে, শেখ হাসিনা কেবল তার দলের সমর্থকদের আশ্বস্ত করার জন্য দেশে ফেরার কথা বলছেন। তিনি দাবি করেছেন যে, আগামী এক দশক শেখ হাসিনা বাংলাদেশের বাইরেই থাকবেন। এ সময় তিনি আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী সংগঠনে’ পরিণত হয়েছে বলে আখ্যায়িত করেন এবং সরকার দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে বলেও জানান।

ইসলামাবাদে দেওয়া ওই বক্তব্যে স্পিকার জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীর সংকটের সমাধানের আহ্বান জানান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। এছাড়া, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির নির্বাচনে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানান তিনি।

সূত্র: ইয়েনি সাফাক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বুলডোজার চালাতে সাহস লাগে’ মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


‘বুলডোজার চালাতে সাহস লাগে’ মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আবারও বুলডোজার প্রসঙ্গে মন্তব্য করেছেন, যদিও তিনি সমালোচনার সম্মুখীন। তিনি উল্লেখ করেন, "বুলডোজার নিয়ে কথা বলা সহজ, কিন্তু সবাই এর স্টিয়ারিং ধরতে পারেন না।" বুলডোজার চালানোর জন্য সাহস এবং কাজটি সম্পন্ন করার দৃঢ় সংকল্পের প্রয়োজন রয়েছে।

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রস্তুতি জোরদার হওয়ার প্রেক্ষাপটে, এনডিটিভির ক্রিয়েটরস মঞ্চে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

যোগী আদিত্যনাথ আরো বলেন, "বুলডোজার নিয়ে কথা বলা সহজ, কিন্তু সবাই এর স্টিয়ারিং ধরতে পারেন না। এটি চালাতে সাহস এবং কাজটি শেষ করার দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন।"

বিজেপির নির্বাচনি সাফল্যের প্রসঙ্গে তিনি গোরখপুরের ফলাফলের কথা উল্লেখ করেন। যোগী জানান, সমাজবাদী পার্টি ক্ষমতায় থাকাকালীন গোরখপুরে বিজেপি জয়ী হয়েছিল। অন্যদিকে, সমাজবাদী পার্টির প্রার্থীরা জামানত হারিয়েছিলেন।

তিনি বলেন, "২০১৭ ও ২০২২ সালেও একই ঘটনা ঘটেছে। ২০২৪ সালেও গোরখপুরের সব আসনে বিজেপি জয় পেয়েছে।"

যোগী আদিত্যনাথ বলেন, "আমি শুধু গোরখপুরের কথা বলছি না। পুরো উত্তরপ্রদেশই আমার ঘর। রাজ্যের সব আসনেই বিজেপি ও তার মিত্ররা একই ধরনের ফল অর্জন করবে।"

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের সঙ্গে বুলডোজার একটি পরিচিত প্রতীকে পরিণত হয়েছে। তার প্রশাসন অপরাধীদের সম্পত্তি এবং অবৈধ দখল উচ্ছেদে বারবার বুলডোজার ব্যবহার করেছে। বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে তার সরকারের রোষের অভিযোগ রয়েছে।

তবে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সমালোচনা হয়েছে। অভিযানে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ ও দেশের সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল রাজ্য নিয়ে তার সরকারের পরিকল্পনা, নারীদের জন্য সংরক্ষণ এবং প্রস্তাবিত নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবজিসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে, মধ্যবিত্ত পরিবার কোণঠাসা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


সবজিসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে, মধ্যবিত্ত পরিবার কোণঠাসা

মধ্যবিত্ত পরিবারগুলো কোণঠাসা হয়ে পড়েছে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে। বাজারের বাজেট কাটছাড় করতে বাধ্য হচ্ছেন অনেকেই। কিছু মানুষ বাজারের ব্যাগ ছোট করছেন, আবার কেউ কেউ কম দামের খাদ্যপণ্য কিনে জীবনযাপন করছেন।

উচ্চবিত্তরা সাধারণত বাজারে দরদাম করেন না, যেখানে নিম্নবিত্তরা চিন্তাভাবনা করে কেনাকাটা করেন, সেখানে মধ্যবিত্তরা বিপরীত অবস্থানে রয়েছেন। নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে তারা তাদের পছন্দের খাবারগুলো বাদ দিতে বাধ্য হচ্ছেন। এর ফলে আমিষ ও পুষ্টির অভাব দেখা দিচ্ছে। মধ্যবিত্তরা আশা করছেন, সরকারসহ সংশ্লিষ্টরা বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

শনিবার (২৮ নভেম্বর) সরেজমিনে যাত্রাবাড়ী ও মীরহাজিরবাগের কাঁচাবাজার পরিদর্শন করে দেখা গেছে, শীতকালীন সবজির দাম আকাশচুম্বী। মাছ-মাংসের দামও অনেক বেশি।

যাত্রাবাড়ী কাঁচা বাজারের সবজি বিক্রেতা আবুল কালাম জানিয়েছেন, প্রতি কেজি চিচিঙ্গার দাম ১১০ টাকা, চালকুমড়ার প্রতি পিস ১২০ টাকা। ১ কেজির কম মিষ্টিকুমড়ার পিস বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। করলা ও বরবটি কেজিপ্রতি ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। ধুন্দলের কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। টমেটো কেজিপ্রতি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

শিমের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ১৩০ টাকা কেজি থাকলেও শনিবার তা ৯০ টাকিতে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও ১০০-১১০ টাকা থেকে কমে ৮০-৯০ টাকায় পাওয়া যাচ্ছে। শুকনা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৪৪০ টাকায়।

মীরহাজিরবাগের খুচরা বাজারে এসব সবজি আরও বেশি দামে বিক্রি হচ্ছে। দুই বাজারেই দোকানভেদে কাঁচা সবজি পাইকারি মূল্যের চেয়ে কেজিপ্রতি ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

সবজির দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘বাজারে শীতকালীন সবজি আসছে কম, কিন্তু চাহিদা বেশি। এ কারণে এসব খাদ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে।’

মীরহাজিরবাগ বাজারের সবজি বিক্রেতা সেলিম জানান, ‘আমরা তো পাইকারি বাজার থেকে কিনে এনে বিক্রি করি। এরপর দোকানভাড়া, সবজি পরিবনের ব্যয় আছে। আমাদেরও তো পেট বাঁচাতে হবে।’

চাল-ডাল-তেল

চাল-ডাল-তেলের মতো নিত্যপণ্যের দাম আগের মাসের তুলনায় বেড়ে গেছে।

কেজিপ্রতি বিআর আটাশ ৫০-৫৫ টাকা, মিনিকেট ৭০-৮০ টাকা, নাজিরশাইল ৮৫-৯৫ টাকা ও চিনিগুড়া ১৩০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি মসুর ডাল ১৫০ টাকা, মোটা মসুর ডাল ৯০ টাকা, দেশি মুগ ডাল ১৭০ টাকা, ভারতীয় মুগ ডাল ১৩০ টাকা, ছোলা ১১০ টাকা, বুট ১৩০ টাকা, ডাবলি ৬০ টাকা কেজি ও পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল ১ হাজার থেকে ১০১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দোকানভেদে দামে কিছুটা তারতম্য দেখা গেছে।

পেঁয়াজ-আদা-রসুন

যাত্রাবাড়ী বাজারের দোকানদার রশীদ জানান, মানভেদে পেঁয়াজ কেজিপ্রতি ৫৫--৬০ টাকায় বিক্রি হচ্ছে। আদার কেজি বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকায়। বিদেশি রসুনের দাম ১৮০-২০০ টাকা এবং দেশি রসুনের দাম ১০০০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আলুর দাম কিছুটা বেড়েছে। পাওয়া যাচ্ছে কেজিপ্রতি পাইকারি ২০-২২ টাকা ও খুচরা ২৫-৩০ টাকায়।

মাছ-মাংস-ডিম

ডিমের দাম কিছুটা কমেছে। ফার্মের ডিমের হালি ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। যাত্রাবাড়ী বাজারের ডিম বিক্রেতা নাসিম বলেন, ‘এখন শীতকাল, এ কারণে ডিমের উৎপাদন বাড়ায় দাম কমেছে।’

খাসি ও ছাগলের মাংসের দাম স্থিতিশীল রয়েছে। খাসি ১ হাজার ৩০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৮০-৮০০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে।

ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকা, দেশি মুরগি ৬০০ থেকে ৭৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

ভোক্তা পর্যায়ে প্রমাণ সাইজের চাষের রুই মাছ কেজিপ্রতি ২৯০-৩১০ টাকায় পাওয়া যাচ্ছে। পাঙাশ ১৫০-১৯০ টাকা, তেলাপিয়া ১৫০-২১০ টাকা, কই মাছ ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড়ো ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে তিন হাজার টাকা।

ফলের বাজার

ফলের দাম গত সপ্তাহের তুলনায় অল্প পরিমাণে ওঠানামা করছে। মাল্টা ৩৪৫-৩৫৫ টাকা, ফুজি আপেল ৩৩০ টাকা, গালা আপেল ৩৫০ টাকা, সবুজ আপেল ৩৭০ টাকা, নাশপাতি ২৯০ টাকা, লাল ও সবুজ আঙুর ৪৫০, দেশি ড্রাগন ১৫০-১৮০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আলি আকবর বলেন, বাজার করতে গেলে উচ্চবিত্তরা সেখানে কোনো দামদর করেন না এবং নিম্নবিত্তরা যেক্ষেত্রে চেয়ে-চিন্তে খান, ঠিক তার বিপরীত মেরুতে আছেন মধ্যবিত্তরা। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে কোণঠাসা হয়ে তারা তাদের প্রিয় খাবারগুলোও বাদ দিচ্ছেন। আগে আমি দেশি মুরগি কিনতাম, কিন্তু তার চামড়া, পাখনা ও পা নিতাম না। এখন দাম এত বেড়েছে যে এসব জিনিসও ব্যাগে ভরে দিতে বলি বিক্রেতাদের। গরুর মাংস তো মাসে একবার বা দু’বার খাই। বড় ইলিশ মাছ কিনতে গেলেও ভয় হয়। এছাড়া শীতকালীন সবজিও বেশি দামে বিক্রি হচ্ছে। এখন আমরা চাই সরকার যেন বাজার নিয়ন্ত্রণ করে আমাদেরকে অর্থনৈতিক চাপ থেকে বাঁচায়।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে অনেক প্রিয় খাবার বাদ দিতে হয়েছে জানিয়ে ট্রাকচালক আবুল কাশেম বলেন, আমরা বেশি কিছু তো চাই না, শুধু খেয়ে পরে শান্তিতে বেঁচে থাকতে চাই। ইউনুস সরকারের আমলেও তো খাবারের দাম বা জ্বালানির দাম এত বাড়েনি। এখন যদি গণতন্ত্র ফিরে আসে, তাহলে আমরা কেন তার সুফল পাচ্ছি না। কম দামের খাদ্যপণ্য কিনে যেভাবে কোনো রকমে জীবন পার করছি, তা থেকে আমি মুক্তি চাই। সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে জনগণকে গণতন্ত্রের সুফল এনে দিক, এটাই আমার চাওয়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাংস্টার প্রেমিককে হত্যা করতে প্রতিপক্ষকে নিয়ে আসেন প্রেমিকা জাহ্নবী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


গ্যাংস্টার প্রেমিককে হত্যা করতে প্রতিপক্ষকে নিয়ে আসেন প্রেমিকা জাহ্নবী

ভারতের হরিয়ানার রোহতকে মিলান ধাবায় চারটি হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে নতুন তথ্য উদ্ঘাটিত হয়েছে। গ্যাংস্টার সানি রিতোলিয়ার প্রেমিকা জাহ্নবীকে প্রতিপক্ষ ভাউ রিতোলিয়া গ্যাংয়ের তথ্যদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশের ধারণা, সানির গতিবিধির তথ্য প্রতিপক্ষকে জানাতে জাহ্নবী পরিকল্পিতভাবে সানির সঙ্গে ঘনিষ্ঠ হন।

পুলিশের সূত্র অনুযায়ী, প্রায় তিন মাস আগে জাহ্নবী সানির জীবনে প্রবেশ করেন। সানির আস্থা অর্জন করে তার চলাফেরার ওপর নজর রাখা এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রতিপক্ষের কাছে পৌঁছানোর উদ্দেশ্য ছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য।

সূত্রগুলো দাবি করেছে, সানির অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের পর জাহ্নবী মিলান ধাবার অবস্থান প্রতিপক্ষ গ্যাংকে জানিয়ে দেন। এর ফলে হামলাকারীরা সঠিক সময়ে সেখানে উপস্থিত হতে সক্ষম হয়। ওই হামলায় চার তরুণ নিহত হন, তবে সানি ধাবার পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের পর জাহ্নবীর বিদেশে পালানোর বিষয়ে তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রের দাবি, হামলার পরপরই তার প্রতিপক্ষ গ্যাংয়ের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। সানির গতিবিধির তথ্য দেওয়ার বিনিময়ে তাকে দেশ ছাড়তে সহায়তা করার কথা ছিল।

প্রতিবেদন অনুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে চার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন সকালে জাহ্নবীর ব্যাংককগামী একটি বিমানে ওঠার খবর পাওয়া যায়। পুলিশ তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারির প্রক্রিয়া শুরু করলেও ধারণা করা হচ্ছে, ততক্ষণে তিনি ভারতের সীমান্ত পেরিয়ে গেছেন।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ব্যাংকক থেকে জাহ্নবী অন্য কোনো দেশে গেছেন কিনা। তার আন্তর্জাতিক যাতায়াতের তথ্য সংগ্রহকে তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে শনাক্ত করেছে তদন্তকারীরা। সূত্রের দাবি, তাদের মধ্যে চারজনের পরিচয় জানা গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জাহ্নবীর পরিবারের অতীত নিয়েও তদন্ত চলছে। সূত্রগুলো দাবি করছে, উত্তর প্রদেশে একটি গ্যাংয়ের হাতে তার বাবা ও চাচা নিহত হন। অতীতের এসব ঘটনা, প্রতিপক্ষ গ্যাংয়ের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ এবং কথিত ফাঁদ পেতে সানির ঘনিষ্ঠ হওয়ার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কে এই রহস্যময়ী জাহ্নবী?

জাহ্নবী উত্তর প্রদেশের আলোচিত নারী গ্যাংস্টার বাবলি দেবীর কন্যা। বাবলি একসময় পশ্চিম উত্তর প্রদেশের বিভিন্ন অপরাধীর সংস্পর্শে আসেন এবং পরে নিজেই একটি গ্যাং গড়ে তোলেন বলে পুলিশি নথিতে উল্লেখ রয়েছে।

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ভাড়াটে খুনি দিয়ে হত্যার মতো গুরুতর অপরাধের অভিযোগ ছিল। পুলিশ তার মাথার দামও ঘোষণা করেছিল। একাধিকবার কারাবরণ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পাশাপাশি তার সম্পত্তি জব্দ করা হয়েছিল। তিনি গ্রামের প্রধানের দায়িত্বও পালন করেছেন।

জাহ্নবীর বাবা বিবেক ওরফে ভিকি মালিক চলতি বছরের মার্চে বাগপতে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিতে নিহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামের প্রধান নির্বাচন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, জাহ্নবীর বিয়ে হয়েছিল এবং তিনি হরিয়ানার পানিপথে বসবাস করতেন। পরে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।

সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%