ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল


গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল

গাজীপুরে পোশাকশ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন। এ সময় শ্রমিক নেতারা শিল্পকারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি সাইনবোর্ড বাজার থেকে শুরু হয়ে সাইনবোর্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় বোর্ডবাজারে এসে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী এবং মজুরি বোর্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও পড়ুন: নড়াইলে নিখোঁজ অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

শ্রমিক নেতারা এ সময় বলেন, "একটি কুচক্রী মহল শ্রমিকদের বিভ্রান্ত করে শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে।" তারা আরও বলেন, "কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধের মতো কর্মকাণ্ডে শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।" শিল্পের স্বার্থে এসব নৈরাজ্যকর কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে শ্রমিক ও মালিকের সমন্বয়ে উৎপাদন সচল রেখে দেশের পোশাকশিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতাকর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট, পুলিশ তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট, পুলিশ তদন্ত শুরু

রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলে গয়নার দোকানে চুরির একটি মারাত্মক ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পূরবী জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।

পূরবী জুয়েলার্সের মালিক অভিযোগ করেছেন যে, দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন করে’ প্রায় দুই হাজার ভরি গয়না এবং ১০-১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। দোকান কর্তৃপক্ষ নিরাপত্তাকর্মীদের মধ্যে ‘যোগসাজশ থাকার’ সন্দেহ প্রকাশ করেছে।

অমিত ঘোষ, পূরবী জুয়েলার্সের মালিক, জানিয়েছেন যে, আনুমানিক দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এছাড়া, নগদ ১০ থেকে ১২ লাখ টাকা চুরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী। তিনি আরও বলেন, দোকানের অন্যান্য নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে।

সঞ্জীব শীল আরও জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে। এছাড়া, সেখানে আরও দুজন অপরিচিত লোকের উপস্থিতি ছিল। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেছেন। ভেতরে প্রবেশের পর, তাদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, "আমরা কাজ করছি। জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।"

ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কেটের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ: পরিস্থিতি স্বাভাবিক, লেনদেনে বিঘ্নতা, কষ্টে পড়ছে বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ: পরিস্থিতি স্বাভাবিক, লেনদেনে বিঘ্নতা, কষ্টে পড়ছে বহু মানুষ

গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ রয়েছে, তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। লেনদেনের ক্ষেত্রে বিঘ্নতা দেখা দেওয়ায় বহু মানুষ কষ্টে পড়ছেন। ২৯-৩০ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে নতুন করে চিন্তায় পড়েছেন সবাই।

শনিবার (২৮ নভেম্বর) গোপালগঞ্জের রাজপথে মানুষের চলাফেরা বৃদ্ধি পেয়েছে। রাজনীতির নেতাদের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ রাজনৈতিক সহিংসতার শিকার হচ্ছেন, এমনটাই বলছেন স্থানীয়রা।

রাজনৈতিক স্বার্থের জন্য শীর্ষ নেতারা সুবিধা নিচ্ছেন, আর সাধারণ মানুষ কষ্ট ভোগ করছেন। আসলাম শেখ, একজন দোকানদার, মুকসুদপুর চর বল্লবদি এলাকার বাসিন্দা, তিনি এ সম্পর্কে মন্তব্য করেন।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে ৫৬ প্লাটুন বিজিবি মাঠে মোতায়েন রয়েছে। জেলার তিনটি উপজেলায় পুলিশ ও আনসার বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

তবে গোপালগঞ্জের ১২/১৫ টি ইউনিয়নের খবর অনুযায়ী, বিকাশ গ্রাহকরা চরম কষ্টে আছেন। মুকসুদপুর বাজারের বিপরীত পাশে সালথা শহরের যাওয়ার সরু রাস্তা বল্লবদি ইউনিয়নের মন্ডলবাড়ীতে আমেনা বেগমের সাথে কথা হয়। তিনি জানান, "আমার মেয়ে জামাই ঢাকায় চাকুরী করেন। বাড়িতে বৃদ্ধ বাবা-মা আছেন। তারা মোবাইলেই মাসের খরচ পাঠান। ছোট ছোট দুটি মেয়ে আছে। সবার মাসিক খরচ ১৮ হাজার টাকায় পাঠায় বাড়িতে। এখন টাকা পাঠাতে পারছেন না। কি মুশকিল। পাপ করে কারা আর কষ্ট ভোগ করে কারা? ট্রেন বন্ধ সব কয়টা। শুনছি বিদ্যুৎও বন্ধ থাকবে।"

গোপালগঞ্জে থানার কার্যক্রম বন্ধ, মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বিঘ্নিত, ট্রেন চলাচল স্থগিত এবং সরকারি বরাদ্দ বন্ধের খবরে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সহিংসতার কারণে এসব সেবা ব্যাহত হওয়ায় কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। জরুরি প্রয়োজনে টাকা লেনদেন, পুলিশের সহায়তা পাওয়া এবং স্বল্প খরচে যাতায়াতের সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। শনিবার (২৮ নভেম্বর) কাশিয়ানি-মুকসুদপুর সীমান্ত এলাকায় আলফাডাঙ্গা ও সালথায় গোপালগঞ্জের কষ্টের চিত্র স্পষ্ট হয়ে উঠছে।

গত বুধবার রাত থেকে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকায় গ্রাহকরা বিপাকে পড়েছেন। জরুরি প্রয়োজনে টাকা তুলতে কিংবা স্বজনদের কাছে পাঠাতে না পেরে অনেকেই এজেন্টের দোকান থেকে ফিরে যাচ্ছেন। এতে দৈনন্দিন প্রয়োজন মেটাতে সমস্যা হচ্ছে এবং আয় কমে যাওয়ায় মোবাইল ব্যাংকিংয়ের ক্ষুদ্র উদ্যোক্তাদেরও আর্থিক সংকটে পড়তে হচ্ছে।

গত বৃহস্পতি ও শুক্রবার সকালে জেলার বিভিন্ন এলাকায় বিকাশ, রকেট, নগদ লেনদেনের সমস্যা দেখা দেয়। বহু এজেন্টের দোকানে গিয়ে দেখা যায়, অনেক গ্রাহক লেনদেন বন্ধের বার্তা পেয়ে টাকা তুলতে বা পাঠাতে এসে ফিরে যাচ্ছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর ওপর নির্ভরশীল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন।

ভাটিয়াপাড়া বাজারের ফুটপাতের চা বিক্রেতা রবিন বলেন, "আমি শহরে রাস্তায় চা বিক্রি করে সংসার চালাই। ধানের বীজ কেনার জন্য বাবার কাছে টাকা পাঠাতে গিয়ে দেখি আমার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ। এখন টাকা তুলতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছি।" তিনি আরও বলেন, "ধান বীজ কেনার জন্য প্রায় ৭ হাজার টাকা প্রয়োজন। এত টাকা কীভাবে জোগাড় করব বুঝতে পারছি না। সময়মতো বীজ কিনতে ও বীজতলা তৈরি করতে না পারলে ধানের চারা রোপণে দেরি হবে। এতে আমাদের আর্থিক ক্ষতি হবে। এ ক্ষতি পোষাবো কেমনে?"

দুর্গাপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী নবীন গড়ামী জানান, তার ছেলে ঢাকায় পড়াশোনা করে। রাতে ফোন করে ছেলে মেসের খাবারের বিল পরিশোধের জন্য টাকা চায়। সকালে টাকা পাঠাতে গিয়ে মোবাইলে লেনদেন বন্ধের বার্তা দেখতে পান। বার্তায় লেখা ছিল, "স্যার/ম্যাডাম, এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।" নবীন বলেন, "পরে ঢাকাগামী একটি বাসের সুপারভাইজারের কাছে অনুরোধ করে ১০০ টাকা অতিরিক্ত দিয়ে ছেলের কাছে ২ হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করি।"

মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এজেন্ট ব্যবসায়ীরাও। বিকাশ এজেন্ট বুলবুল মোল্লা বলেন, "সারা দিনে ব্যবসা অনেক কম হয়েছে। জেলার অধিকাংশ বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ থাকায় গ্রাহক আসছেন কম। ফলে আমাদের আয়-রোজগারও কমে গেছে। বিকাশের পাশাপাশি নগদ, উপায় ও রকেটের কিছু অ্যাকাউন্টেও লেনদেনের সমস্যা হচ্ছে। যাদের বড় অঙ্কের লেনদেন রয়েছে, মূলত তাদের অ্যাকাউন্ট বন্ধ রয়েছে বলে জানতে পেরেছি।"

রকেট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান ইনকিলাবকে বলেন, "রকেট অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে সরকারি বা দাপ্তরিক কোনো সিদ্ধান্ত তারা পাননি। তবে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার অভিযোগ পেয়েছেন। গ্রাহকদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলা হয়েছে। কী কারণে এ সমস্যা তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।"

বিকাশের এরিয়া (গোপালগঞ্জ) ম্যানেজার মারুফ হাসান সজীব বলেন, "কোনো এজেন্ট নাম্বার বন্ধ করা হয়নি। তবে গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম। এনআইডি দিয়ে খোলা অধিকাংশ অ্যাকাউন্টে এ ধরনের সমস্যা হয়েছে। তার ধারণা, যেসব অ্যাকাউন্টে বেশি লেনদেন হয়েছে, সেগুলো নজরদারিতে রাখতেই সরকার হয়তো এ সিদ্ধান্ত নিয়েছে।"

এদিকে, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে থানাগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা পুলিশের সেবা পাচ্ছেন না। জানমালের নিরাপত্তায় পুলিশের সহায়তা না পেয়ে তারা উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় রয়েছেন।

অন্যদিকে, গোপালগঞ্জ-ঢাকা ও গোপালগঞ্জ-রাজশাহী রুটে দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কবে নাগাদ এসব রুটে ট্রেন চলাচল শুরু হবে। ফলে নিয়মিত যাতায়াতকারী হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। স্বল্প খরচে ও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর সুযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

কাশিয়ানির স্থানীয়দের অভিযোগ, গোপালগঞ্জে সহিংসতা শুরু হলেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন এই রুটে নিয়মিত যাতায়াতকারী হাজারো মানুষ। তবে কবে নাগাদ এ সেবা আবার চালু হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

এ ছাড়া গোপালগঞ্জের নামে সরকারি বিভিন্ন খাতের বরাদ্দ স্থগিত করা হয়েছে বলে লোকমুখে ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে। এ খবরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা সবাই বলছেন এ কি হতে যাচ্ছে?

গোপালগঞ্জের স্থানীয় বাসিন্দা রতন, আসমানি, রন্তা বললেন, এ ধরনের পদক্ষেপ সরকারের নেওয়া উচিত হবে না। সহিংসতা ও অরাজকতা সৃষ্টিকারী মানুষের সংখ্যা কম। কিন্তু এর দায়ে অধিকাংশ সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে। বিষয়টি সরকারকে বুঝতে হবে।

এ অবস্থায়, সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমাতে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে হলেও মোবাইল ব্যাংকিং লেনদেন চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের মতে, অনিয়ম বা নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তা যাচাই-বাছাই করে নেওয়া উচিত। এভাবে সবাইকে দোষ দেওয়া ঠিক নয়।

তবে এর প্রভাব যেন সাধারণ গ্রাহক, কৃষক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। গোপালগঞ্জের বহু মানুষ বিএনপি জামায়াত, এনসিপি করেন। কিন্তু তারাও তো কষ্ট পাচ্ছেন। তা হলে কি দাঁড়ায় দল ক্ষমতায় থেকেও দলীয় লোক হয়রানি হচ্ছে।

একই সঙ্গে বন্ধ থাকা অন্যান্য সরকারি সেবাও দ্রুত স্বাভাবিক করার প্রত্যাশা জানিয়েছেন গোপালগঞ্জের সাধারণ মানুষ।

গোপালগঞ্জ, কোটালি পাড়া, কাশিয়ানি, মুকসুদপুর এলাকার বহু হিন্দু নারী/পুরুষ বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিনীতভাবে অনুরোধ করছেন, আপনারা দোষী খুঁজে পেয়ে যেভাবে শাস্তি দিচ্ছেন তেমনি নির্দেশিকা অসম্মান দিয়ে বাঁচিয়ে রাখেন। গোপন করছে সব মানুষ যে আওয়ামীলীগ করে তা নয় এখানে বহু বিএনপির লোক আছে। এখানে রয়েছে বহু মাদ্রাসা, মসজিদ, মন্দিরও। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কাশিয়ানী মুকসুদপুর এলাকার ঘরে ঘরে প্রার্থনা করে তার সব সময় দোয়া করে। হাজার হাজার নারী পুরুষ আছে যারা দাঙ্গা-হাঙ্গামা চান না। এদের দিকেও যেন সরকার একটু বিশেষ দৃষ্টি রাখেন।

এদিকে, রাতে ফরিদপুর কোতোয়ালি থানার কোয়ার্টারের পিছনে একটি ককটেল বিস্ফোরণ, মধু খালিতে গভীর রাতে গাছ কেটে সড়কে ফেলা এবং সালথায় একটি গ্রামীণ ব্যাংকে বিপথগামীরা ক্ষতি করার চেষ্টা চালায় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানান। তবে বড় কোন ক্ষতিকর খবর পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতীত পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক দৃঢ় হবে: স্পিকার হাফিজ উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


অতীত পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক দৃঢ় হবে: স্পিকার হাফিজ উদ্দিন

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, উভয় পক্ষই সম্মত হয়েছে অতীত পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে, দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ অটুট রেখে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে জানান, বর্তমানে তিনি পাকিস্তান সফরে রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "সবাই আমাদের অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও অর্থবহ আলোচনা হয়েছে।"

তিনি আরও বলেন, "আমরা অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং আমাদের ভ্রাতৃত্ব অটুট থাকবে। তাদের আতিথেয়তা সত্যিই অসাধারণ, আর এখানে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।"

তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিও বা মন্তব্যগুলোর প্রেক্ষাপট সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

এর আগে, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ঢাকা থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন হাফিজ উদ্দিন আহমদ। তার সঙ্গে এই সফরে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল রয়েছে। প্রতিনিধিদলে বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জাহরাত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, নিলুফার চৌধুরী মনি এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান অন্তর্ভুক্ত রয়েছেন।

সফরকালে স্পিকার বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সরকারি বাসভবন 'আইওয়ান-ই-সদর'-এ সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের দেওয়া এক নৈশভোজেও তিনি অংশগ্রহণ করেন। প্রতিনিধিদলটির রোববার (২৮ নভেম্বর) দেশে ফেরার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনকে অর্থ সহায়তা নিয়ে বিপাকে ইউরোপ, নতুন ঋণ প্রস্তাবে জোটের ভেতরেই বিরোধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


ইউক্রেনকে অর্থ সহায়তা নিয়ে বিপাকে ইউরোপ, নতুন ঋণ প্রস্তাবে জোটের ভেতরেই বিরোধ

ইউক্রেনকে ৪৫ বিলিয়ন ইউরো নতুন ঋণ দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে ২০২৭ সালের জন্য প্রস্তাবিত এই অর্থ সহায়তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে জোটের তিন সদস্য দেশ—হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র। কিয়েভকে অব্যাহত সহায়তা প্রদান করা বর্তমানে ইউরোপের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা জোটের অভ্যন্তরীণ আর্থসামাজিক সংকট ও জনমতের চাপের কারণে আরও জটিল হয়ে উঠেছে। এই বিষয়ে আগামী ডিসেম্বরে পুনরায় আলোচনা শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সাল থেকে ইউক্রেনকে সামষ্টিক অর্থনৈতিক সহায়তা প্রদান করে আসছে ইউরোপীয় ইউনিয়ন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পূর্বে কিয়েভকে অনুদান ও ঋণ হিসেবে ১৭ বিলিয়ন ইউরোর বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে ২০২২ সালের পর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ইইউ ও এর আর্থিক প্রতিষ্ঠানগুলো ইউক্রেনকে ১৩১ বিলিয়ন ইউরোর বেশি অর্থ দিয়েছে বা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। এর বাইরে সদস্য দেশগুলো দ্বিপাক্ষিক ভিত্তিতে আরও ১৫ দশমিক ৫ বিলিয়ন ইউরো সহায়তা প্রদান করেছে।

আর্থিক সহায়তার পাশাপাশি ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি (ইপিএফ), ইউক্রেন অ্যাসিস্ট্যান্স ফান্ড এবং সদস্য দেশগুলোর সরাসরি অনুদানের মাধ্যমে কিয়েভকে ৯৯ বিলিয়ন ইউরোর বেশি সামরিক সহায়তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত ইউক্রেনকে ইইউর মোট সহায়তার পরিমাণ ২৪৫ বিলিয়ন ইউরোর বেশি দাঁড়িয়েছে। এর মধ্যে জব্দ করা রুশ সম্পদ (প্রায় ২১০ বিলিয়ন ইউরো ইইউ দেশগুলোতে রক্ষিত) থেকে অর্জিত ১ দশমিক ৮ বিলিয়ন ইউরো আয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

ইউরোপীয় কমিশনের হিসাব অনুযায়ী, ২০২৬-২০২৭ কর্মসূচির আওতায় অনুমোদিত ৯০ বিলিয়ন ইউরো (যার মধ্যে ৬০ বিলিয়ন অস্ত্র এবং ৩০ বিলিয়ন বাজেট সহায়তায় ব্যয় হবে) বরাদ্দ দেওয়ার পরও ২০২৭ সালে ইউক্রেনের সামরিক ও বাজেট ঘাটতি ৭০ বিলিয়ন ইউরো দাঁড়াবে। এই ঘাটতি মেটাতে ২০২৭ সালের জন্য ৪৫ বিলিয়ন ইউরো (২০ বিলিয়ন বাজেট ও ২৫ বিলিয়ন সামরিক খাতে) বরাদ্দের প্রস্তাব করেছিল কমিশন। শর্ত ছিল, রাশিয়া যুদ্ধের ক্ষতিপূরণ দিলেই কেবল কিয়েভ এই ঋণ পরিশোধ করবে।

এদিকে, নিজ দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ইউরোপের বিভিন্ন দেশে ইউক্রেনকে দেওয়া ব্যাপক সহায়তার বিরুদ্ধে জনমত তীব্র হচ্ছে। আর্থিক ও সামরিক সহায়তার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকে ৪০ লাখেরও বেশি ইউক্রেনীয় শরণার্থীর আবাসন, চিকিৎসা, কর্মসংস্থান ও শিক্ষার ভার বহন করতে হচ্ছে।

এই পরিস্থিতিতে ফ্রান্স ও স্পেনে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে এবং কিয়েভকে সহায়তার প্রতি সাধারণ মানুষের সমর্থন কমছে। ইউক্রেনের সবচেয়ে বড় ইউরোপীয় দাতা দেশ জার্মানিতেও (যারা ২০২২ সাল থেকে প্রায় ১০০ বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে এবং ১২ লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে) কিয়েভকে সহায়তার পক্ষে জনসমর্থন এক বছরের ব্যবধানে ৫৯ শতাংশ থেকে কমে ৪৬ শতাংশে নেমে এসেছে। সূত্র: তাস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%