০৬:৩৮ পি.এম
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জনগণের সমর্থন করা নয়, বরং পাকিস্তানকে দুর্বল করা। তিনি এসব কথা বলেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পার্লামেন্ট হাউস পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন যে, গত ১৫ বছর ধরে বাংলাদেশকে একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করা হয়েছে এবং বাইরের প্রভাবে দেশের মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, দেশে ফিরে এলে তাকে সরাসরি কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা একটি ‘মুসলিমবিরোধী দেশে’ আশ্রয় নিয়েছেন। স্পিকার হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়, তবে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হবে।
হাফিজ উদ্দিন আহমেদের মতে, শেখ হাসিনা কেবল তার দলের সমর্থকদের আশ্বস্ত করার জন্য দেশে ফেরার কথা বলছেন। তিনি দাবি করেছেন যে, আগামী এক দশক শেখ হাসিনা বাংলাদেশের বাইরেই থাকবেন। এ সময় তিনি আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী সংগঠনে’ পরিণত হয়েছে বলে আখ্যায়িত করেন এবং সরকার দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে বলেও জানান।
আরও পড়ুন: ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে প্রধানমন্ত্রী, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
ইসলামাবাদে দেওয়া ওই বক্তব্যে স্পিকার জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীর সংকটের সমাধানের আহ্বান জানান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। এছাড়া, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির নির্বাচনে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানান তিনি।
সূত্র: ইয়েনি সাফাক
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন