০৭:৩৯ পি.এম
জাতিসংঘ-সমর্থিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শনিবার (২৮ নভেম্বর) আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল অনুসন্ধান ও উত্তোলন প্রকল্প বন্ধের আবেদন খারিজ করে দিয়েছেন। বিচারকরা ১৮-৩ ভোটে এ আবেদন প্রত্যাখ্যান করেন।
আর্জেন্টিনা সরকারের দাবি ছিল, যুক্তরাজ্যের সঙ্গে চলমান সার্বভৌমত্ব বিরোধের কারণে সেখানে তেল অনুসন্ধান প্রকল্প বন্ধ করা উচিত। তবে যুক্তরাজ্য বরাবরই দ্বীপপুঞ্জটির মালিকানা দাবি প্রত্যাখ্যান করে আসছে।
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট বলেন, "সার্বভৌমত্বের মতো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার এই আদালতের নেই।" ফলে এ বিষয়ে বিচারিক এখতিয়ার থাকার কোনো ভিত্তি দেখা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলায় নিহত ২ স্বাস্থ্যকর্মী
‘সি লায়ন’ তেলক্ষেত্র ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১৩০ মাইল বা ২০৯ কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে আনুমানিক ১৭০ কোটি ব্যারেল তেল মজুত রয়েছে। ব্রিটিশ প্রতিষ্ঠান রকহপার এক্সপ্লোরেশন এবং ইসরায়েলি প্রতিষ্ঠান নাভিটাস পেট্রোলিয়াম আগামী দুই বছরের মধ্যে সেখান থেকে তেল উত্তোলন শুরু করার পরিকল্পনা করছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে দ্বীপপুঞ্জের প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দার জন্য বিপুল রাজস্ব আয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে আর্জেন্টিনা সরকার দাবি করেছে, বিরোধপূর্ণ সামুদ্রিক এলাকার পরিবেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত রাখা উচিত।
২০১৩ সালে অনুষ্ঠিত এক গণভোটে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দাদের ৯৯ দশমিক ৮ শতাংশ যুক্তরাজ্যের অধীন ব্রিটিশ বৈদেশিক অঞ্চল হিসেবে থাকার পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন মাত্র তিনজন।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালে দ্বীপপুঞ্জটির মালিকানা দাবি করে আর্জেন্টিনা সেখানে সেনা অবতরণ করে। এর ফলে দুই দেশের মধ্যে ৭৪ দিনব্যাপী যুদ্ধ হয়। পরে ব্রিটিশ সামরিক বাহিনী আর্জেন্টিনার সেনাদের হটিয়ে দেয়।
আরও পড়ুন: আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, ১১০ জন আহত
ওই যুদ্ধে যুক্তরাজ্যের ২৫৫ জন সেনা, দ্বীপপুঞ্জের তিনজন বাসিন্দা এবং আর্জেন্টিনার ৬৪৯ জন সেনা নিহত হন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন