ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শীতার্তদের জন্য ২০ টাকার কাপড়ের হাট নীলফামারীতে


শীতার্তদের জন্য ২০ টাকার কাপড়ের হাট নীলফামারীতে

নীলফামারীতে উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে তাপমাত্রা কমছে। শীতের তীব্রতা বাড়ছে, এবং রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সূর্যের দেখা নেই এক সপ্তাহ ধরে, ফলে ছিন্নমূল মানুষের দুর্দশাও বৃদ্ধি পাচ্ছে।

সৈয়দপুর উপজেলার পাশাপাশি পুরো জেলাজুড়ে উচ্চ বিত্ত, মাধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্যরা শপিংমল ও মার্কেটগুলোতে গরম পোশাক কেনার জন্য যাচ্ছেন। তবে সৈয়দপুরে পুরাতন শীতবস্ত্রের বাজারে নিম্ন আয়ের মানুষের ভিড় বাড়ছে। নতুন শীতবস্ত্র কিনতে না পারায়, তারা এখান থেকেই শীত নিবারণের জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছেন। স্থানীয় ভাষায় পরিচিত লন্ডন বাজারই হচ্ছে শীতবস্ত্রের শেষ আশ্রয়স্থল।

রিকশাচালক রাজ্জাক জানিয়েছেন, শীতের কারণে রাস্তায় যাত্রী কম। তার আয়ও কমে গেছে। তিনি বলেন, "যে শীত পইছে লন্ডন বাজার না থাকিলে হামাক মরির লাগিল হায়। নতুন কাপড় কেনার ক্ষমতা হামার নাই। এইঠে কম দামে ভালো জিনিস পাওয়া যায়। নিজের জন্যও নিছু, বাচ্চার জন্যও নিছু।"

আরও পড়ুন: ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার মেগা প্রকল্পের প্রাক-পরিদর্শন করলেন চার মন্ত্রী

পুরাতন কাপড় ব্যবসায়ী আপু মীর জানান, শীত বাড়লে তাদের বেচা-কেনা বেড়ে যায়। এখানে কম দামে শীতবস্ত্র পাওয়া যায়। ক্রেতারা শিশুদের জন্য সুয়েটার, টাউজার, মৌজা ইত্যাদি কিনছেন। রিকশাচালক থেকে শুরু করে শ্রমিক পর্যায়ের লোকজন লন্ডন বাজারের দোকানগুলোতে ভিড় করছেন। সেখানে ২০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে ছোট-বড় সব ধরনের গরম পোশাক পাওয়া যাচ্ছে।

পুরাতন কাপড় বাজারের ব্যবসায়ীর সভাপতি মো. হাসিফ বলেন, "আমি দীঘ ১০ বছর যাবৎ এখানে ব্যবসা করি। এখান থেকে পাশ্ববর্তী উপজেলার লোকজনও এসে শীতের কাপড় কিনে নিয়ে যায়। শীত বাড়লেই বেচা-কেনা বাড়ে, মানুষের ভিড়ও বাড়ে। এই বাজারে প্রায় শতাধিক ব্যবসায়ী পুরাতন শীতবস্ত্রের ব্যবসা করে। কম দামে শীতবস্ত্র পাওয়ায় বেচা-কেনাও এখানে বেশ ভালো।"

বাঙ্গালীপুর এলাকার হোসেন আলী বলেন, পুরাতন শীতবস্ত্র নিম্ন আয়ের মানুষের জন্য আর্শীবাদ। কমদামে এই শীতবস্ত্র না পাওয়া গেলে অনেক বয়স্ক মানুষ শীতের তীব্রতায় মারা যেত। এই পুরাতন কাপড় যদি না পাওয়া যেত তাহলে আমাদের মতো গরীব মানুষের পক্ষে শীত নিবারণ করা কষ্টকর হয়ে পড়তো।

সাবেক সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর আফরোজা ইয়াছমিন মন্জু বলেন, পুরাতন কাপড়ের বাজার আমাদের সৈয়দপুর উপজেলা তথা পাশ্ববর্তী উপজেলার মানুষের জন্য আশীর্বাদ। এখানে ২০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে ছোট-বড় যেকোনো ধরনের গরম পোশাক পাওয়া যায়। যা চাহিদা মেটাচ্ছে শীতার্ত নিম্ন আয়ের মানুষের।

আরও পড়ুন: চামড়া শিল্পের টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এলএফবির

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলায় নিহত ২ স্বাস্থ্যকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলায় নিহত ২ স্বাস্থ্যকর্মী

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) এর দুই কর্মী নিহত হয়েছেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা সিটির একটি চিকিৎসাকেন্দ্রে সরাসরি হামলা চালানোর ফলে তারা নিহত হন। এ ঘটনার পর গাজায় এমএসএফের মোট ১৭ জন কর্মী নিহত হলেন।

শনিবার (২৮ নভেম্বর) এমএসএফ এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে। তারা আরও জানিয়েছে, হামলার পূর্বে চিকিৎসাকেন্দ্রটির অবস্থান ইসরাইলি সামরিক বাহিনীকে জানানো হয়েছিল। উল্লেখ্য, কেন্দ্রটিতে এমএসএফের লোগো স্পষ্টভাবে চিহ্নিত ছিল।

এদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে, নিহত দুই ব্যক্তি হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং এমএসএফ পরিচালিত ওই চিকিৎসাকেন্দ্রে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তাদের বক্তব্য অনুযায়ী, হামলাটি কোনো হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়নি এবং এতে চিকিৎসা অবকাঠামোর ক্ষতি হয়নি।

আইডিএফ আরও দাবি করেছে যে, ওই দুই ব্যক্তি ইসরাইলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। তারা জানায়, হামলার আগে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমানোর জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস গাজায় স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, "যারা অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেন, তাদের সুরক্ষা দেওয়া উচিত, হামলা নয়।"

বিবিসিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় ওই দুই কর্মী চিকিৎসাকেন্দ্রের প্রবেশপথে বসে ছিলেন। এ সময় একটি ইসরাইলি ড্রোন নিচে নেমে এসে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ঘটনাস্থলের ভিডিওতে একটি প্লাস্টিকের চেয়ারের পাশে বিস্ফোরণের চিহ্ন, রক্তের দাগ ও সীমিত ক্ষয়ক্ষতি দেখা গেছে।

নিহত দুই কর্মীর জানাজায় গাজা সিটির শত শত মানুষ অংশ নেন। তারা সাদা কাপড়ে মোড়ানো মরদেহ কাঁধে নিয়ে শহরের সড়কগুলোতে শোকমিছিল করেন।

নিহতদের একজন আহমেদ সুফিয়ান মুহাম্মদ আলি আবু হাসিরার ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ ইমাদ বিবিসিকে জানান, হামলার কয়েক ঘণ্টা আগে তিনি আবু হাসিরার সঙ্গে দেখা করেছিলেন। তিনি বলেন, "তিনি ছিলেন শান্ত ও ভালো মনের মানুষ। স্ত্রী, দুই সন্তান ও মায়ের দেখাশোনাই ছিল তার প্রধান চিন্তা।" ইমাদ আরও দাবি করেন যে, তার কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা ছিল না।

এদিকে, গাজায় গত এক সপ্তাহে ইসরাইলি হামলার মাত্রা বেড়ে গেছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, শনিবার পুরো উপত্যকায় ইসরাইলি হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে এমএসএফের দুই কর্মীও রয়েছেন।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রায় প্রতিদিনই ইসরাইলি হামলা হচ্ছে। এসব এলাকায় প্রায় ২১ লাখ মানুষের বসবাস, যাদের অধিকাংশই বাস্তুচ্যুত।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ১৩ মাসে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৭০৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘ এসব পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।

এদিকে, গাজায় মানবিক পরিস্থিতিরও অবনতি হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। শীত মোকাবিলায় তাঁবু, হিটার, পানির পাম্প, টিকা ও ওষুধসহ জরুরি সহায়তা প্রবেশের সুযোগ বাড়াতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৪ হাজার ৭৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে প্রধানমন্ত্রী, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে প্রধানমন্ত্রী, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের জন্য আগামী ২ ডিসেম্বর দুটি আলাদা কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে জি কে সেচ প্রকল্পের খাল ও পাম্প সংস্কার কার্যক্রমের উদ্বোধন এবং কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন। জেলা বিএনপি প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রায় লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা করছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল পৌনে চারটায় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এসব তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সফরের প্রথম কর্মসূচি চৌড়হাসের ঈদগাহ ময়দানসংলগ্ন জি কে খালে সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হবে। এই প্রকল্পের জন্য ইতোমধ্যে ১ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উদ্বোধনের পর ঈদগাহ ময়দানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

দ্বিতীয় ও প্রধান কর্মসূচি কুষ্টিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জাকির হোসেন সরকার জানান, একই সঙ্গে দেশের ৬৪টি উপজেলায় এসব কর্মসূচি উদ্বোধন করা হবে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও দলের নেতারা অনলাইনে যুক্ত থাকবেন। কুষ্টিয়া স্টেডিয়ামে প্রায় এক হাজার সুবিধাভোগী উপস্থিত থাকবেন। তাদের মধ্যে পাঁচজন প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড ও সম্মাননা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, এটি সম্পূর্ণ সরকারি কর্মসূচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণমন্ত্রী। পরিচালনার দায়িত্বে থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব। বিএনপি নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কুষ্টিয়ার তিনটি আসনের বিরোধী দলের সংসদ সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলের প্রস্তুতির বিষয়ে জাকির হোসেন সরকার বলেন, প্রতিদিন প্রচার-প্রচারণা, মাইকিং ও মিছিল চলছে। পোস্টার বিতরণ করা হচ্ছে। আশা করা হচ্ছে, ২ ডিসেম্বর স্টেডিয়ামে প্রায় লক্ষাধিক লোক উপস্থিত হবেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। পাশাপাশি এসএসএফসহ সরকারি বিভিন্ন সংস্থা নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কুষ্টিয়ার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে একাধিক প্রস্তাব দেওয়ার কথা জানিয়ে জেলা বিএনপির সদস্যসচিব বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ ও রুগ্ণ অবস্থায় থাকা সরকারি প্রতিষ্ঠানগুলো চালুর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কুষ্টিয়া চিনিকল, মোহিনী মিল ও কুমারখালীর বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাসিলিটিজ অ্যান্ড সার্ভিসেস সেন্টার।

মোহিনী মিল চালুর বিষয়ে তিনি বলেন, মোহিনী মিল চালুর কথা বলা হলেও বাস্তবে সেখানে চালু করার মতো কোনো যন্ত্রপাতি বা মেশিনারি নেই। বর্তমানে প্রতিষ্ঠানটি বিটিএমসির লিকুইডেশন সেলে রয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছি, লিকুইডেশন সেল থেকে প্রতিষ্ঠানটি বিটিএমসিতে ফিরিয়ে দেওয়া হোক। এরপর পিপিপির মাধ্যমে চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে।

কুষ্টিয়া শহরের যানজট নিরসনে রেললাইন এলিভেটেড করার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জাকির হোসেন সরকার বলেন, শহরে ট্রেন চলাচলের সময় চার-পাঁচটি রেলক্রসিংয়ে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বাইপাস সড়ক নির্মাণের ক্ষেত্রে জমি অধিগ্রহণের জটিলতা থাকায় বিকল্প হিসেবে রেললাইন এলিভেটেড করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, কুষ্টিয়া শহরের একমাত্র প্রধান সড়ক এনএস রোড। রেললাইন এলিভেটেড করা গেলে এর নিচে আরেকটি সড়ক পাওয়া যাবে। এতে শহরের যানজট কমবে এবং যোগাযোগব্যবস্থায় নতুন সুযোগ তৈরি হবে।

কুষ্টিয়ায় একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে জেলা বিএনপি।

জাকির হোসেন সরকার বলেন, কুষ্টিয়া ও আশপাশের জেলাগুলোতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না থাকায় স্থানীয় তরুণদের উচ্চশিক্ষা ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার সুযোগ সীমিত। এ কারণে কুষ্টিয়ায় এমন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কুষ্টিয়ার উন্নয়নে দীর্ঘদিন ধরে বড় কোনো কাজ হয়নি বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী প্রস্তাবগুলো বিবেচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন জেলা বিএনপির এই নেতা।

মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, জেলা ছাত্রদলের সভাপতি তসলিম উদ্দিন নিশাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিকল্প নেই: আখতার হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিকল্প নেই: আখতার হোসেন

পলাতক শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন মন্তব্য করেছেন যে, তার ফাঁসির রায় কার্যকর করার কোনো বিকল্প নেই।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনার ডাকবাংলো এলাকার সোনালী ব্যাংক চত্বরে চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আখতার হোসেন উল্লেখ করেন, ‘সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে আর বাংলাদেশে ফিরতে দেয়া হবে না। শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেয়া হোক, অথবা তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। তার ফাঁসির রায় কার্যকর করতে হবে, এর কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ দেশের মানুষের ওপর জুলুম চালিয়েছে। তিনি দাবি করেন, দলটির বিরুদ্ধে দেশের প্রতিটি উপজেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত গণশুনানি করতে হবে। ফ্যাসিবাদ, দখলদারিত্ব ও দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে আখতার হোসেন বলেন, ‘সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও বন্ধুত্বের ভিত্তিতে, প্রভুত্বের ভিত্তিতে নয়। গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে বর্তমান সরকারকে ভারতের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তাহলে তা হতে হবে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে।’

এ সময় সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে দখলে নেয়ার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশের ভূখণ্ড দখলের যেকোনো চেষ্টা এ দেশের মানুষ প্রতিহত করবে। দেশের জমি দখল হতে দেয়া হবে না।’

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়সহ চার দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে এনসিপি।

খুলনা মহানগর এনসিপির আহ্বায়ক আহম্মদ হামীম রাহাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন: দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা মহানগর এনসিপির সেক্রেটারি ডা. আব্দুল্লাহ চৌধুরী।

সমাবেশ শেষে ডাকবাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টদের ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


ফ্যাসিস্টদের ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন, ফ্যাসিস্টদের ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে। জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং শিক্ষাঙ্গণের সর্বত্রই ছিল নৈরাজ্য।

তিনি উল্লেখ করেন, ‘বর্তমান সরকার এখন আর কেবল অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।’

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্যের সময় প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং কলেজগুলোর অধ্যক্ষদের উদ্দেশে নানা দিকনির্দেশনা দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ফ্যাসিস্টদের ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে কোনো সুষম বণ্টন ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স খোলা হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে— আমাদের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা ভাবনার কথা তুলে ধরে ড. মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী দীর্ঘ সময় প্রবাসে অবস্থানকালেও দেশের শিক্ষাব্যবস্থা ও কারিকুলাম আধুনিকায়ন নিয়ে ভেবেছেন। তাঁর নির্দেশনায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও মিড-ডে মিলের ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি চতুর্থ শ্রেণিতে নতুন বই, সাংস্কৃতিক ও ক্রীড়া শিক্ষা এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্ত করে শিক্ষাকে আনন্দময় ও যুগোপযোগী করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী গত ১৯ নভেম্বর লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন।’

শিক্ষকদের পরীক্ষা মূল্যায়নে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সম্প্রতি এসএসসি পরীক্ষায় পুনঃনিরীক্ষণের ফলে ৪৫ হাজার এবং এইচএসসিতে ২৩ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এটি আমাদের জন্য উদ্বেগজনক। শিক্ষকদের খাতা মূল্যায়নে আরও যত্নশীল হতে হবে।’

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও সেশনজট নিরসনে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, ‘উচ্চশিক্ষায় ১৫ লাখ আসনের বিপরীতে এবার মাত্র ৬ লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা যাতে হতাশ হয়ে বিপথে না যায় বা বছর নষ্ট না করে, সে জন্য আগামী ৩ ডিসেম্বর প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

কলেজ অধ্যক্ষদের উদ্দেশে ড. মিলন বলেন, ‘শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত করে দাবি আদায়ের জন্য শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না। প্রধানমন্ত্রী শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য দাবির বিষয়ে অত্যন্ত আন্তরিক। আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিয়মিত ক্লাস নিশ্চিত করুন। জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করুন।’

শিক্ষামন্ত্রী বক্তব্যের শুরুতে ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার দ্বার উন্মোচনে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সম্মিলনে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%