প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের হরিয়ানার রোহতকে মিলান ধাবায় চারটি হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে নতুন তথ্য উদ্ঘাটিত হয়েছে। গ্যাংস্টার সানি রিতোলিয়ার প্রেমিকা জাহ্নবীকে প্রতিপক্ষ ভাউ রিতোলিয়া গ্যাংয়ের তথ্যদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশের ধারণা, সানির গতিবিধির তথ্য প্রতিপক্ষকে জানাতে জাহ্নবী পরিকল্পিতভাবে সানির সঙ্গে ঘনিষ্ঠ হন।
পুলিশের সূত্র অনুযায়ী, প্রায় তিন মাস আগে জাহ্নবী সানির জীবনে প্রবেশ করেন। সানির আস্থা অর্জন করে তার চলাফেরার ওপর নজর রাখা এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রতিপক্ষের কাছে পৌঁছানোর উদ্দেশ্য ছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য।
সূত্রগুলো দাবি করেছে, সানির অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের পর জাহ্নবী মিলান ধাবার অবস্থান প্রতিপক্ষ গ্যাংকে জানিয়ে দেন। এর ফলে হামলাকারীরা সঠিক সময়ে সেখানে উপস্থিত হতে সক্ষম হয়। ওই হামলায় চার তরুণ নিহত হন, তবে সানি ধাবার পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানা গেছে।
হত্যাকাণ্ডের পর জাহ্নবীর বিদেশে পালানোর বিষয়ে তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রের দাবি, হামলার পরপরই তার প্রতিপক্ষ গ্যাংয়ের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। সানির গতিবিধির তথ্য দেওয়ার বিনিময়ে তাকে দেশ ছাড়তে সহায়তা করার কথা ছিল।
প্রতিবেদন অনুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে চার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন সকালে জাহ্নবীর ব্যাংককগামী একটি বিমানে ওঠার খবর পাওয়া যায়। পুলিশ তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারির প্রক্রিয়া শুরু করলেও ধারণা করা হচ্ছে, ততক্ষণে তিনি ভারতের সীমান্ত পেরিয়ে গেছেন।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ব্যাংকক থেকে জাহ্নবী অন্য কোনো দেশে গেছেন কিনা। তার আন্তর্জাতিক যাতায়াতের তথ্য সংগ্রহকে তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে শনাক্ত করেছে তদন্তকারীরা। সূত্রের দাবি, তাদের মধ্যে চারজনের পরিচয় জানা গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
জাহ্নবীর পরিবারের অতীত নিয়েও তদন্ত চলছে। সূত্রগুলো দাবি করছে, উত্তর প্রদেশে একটি গ্যাংয়ের হাতে তার বাবা ও চাচা নিহত হন। অতীতের এসব ঘটনা, প্রতিপক্ষ গ্যাংয়ের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ এবং কথিত ফাঁদ পেতে সানির ঘনিষ্ঠ হওয়ার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কে এই রহস্যময়ী জাহ্নবী?
জাহ্নবী উত্তর প্রদেশের আলোচিত নারী গ্যাংস্টার বাবলি দেবীর কন্যা। বাবলি একসময় পশ্চিম উত্তর প্রদেশের বিভিন্ন অপরাধীর সংস্পর্শে আসেন এবং পরে নিজেই একটি গ্যাং গড়ে তোলেন বলে পুলিশি নথিতে উল্লেখ রয়েছে।
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ভাড়াটে খুনি দিয়ে হত্যার মতো গুরুতর অপরাধের অভিযোগ ছিল। পুলিশ তার মাথার দামও ঘোষণা করেছিল। একাধিকবার কারাবরণ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পাশাপাশি তার সম্পত্তি জব্দ করা হয়েছিল। তিনি গ্রামের প্রধানের দায়িত্বও পালন করেছেন।
জাহ্নবীর বাবা বিবেক ওরফে ভিকি মালিক চলতি বছরের মার্চে বাগপতে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিতে নিহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামের প্রধান নির্বাচন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, জাহ্নবীর বিয়ে হয়েছিল এবং তিনি হরিয়ানার পানিপথে বসবাস করতেন। পরে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন