প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মধ্যবিত্ত পরিবারগুলো কোণঠাসা হয়ে পড়েছে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে। বাজারের বাজেট কাটছাড় করতে বাধ্য হচ্ছেন অনেকেই। কিছু মানুষ বাজারের ব্যাগ ছোট করছেন, আবার কেউ কেউ কম দামের খাদ্যপণ্য কিনে জীবনযাপন করছেন।
উচ্চবিত্তরা সাধারণত বাজারে দরদাম করেন না, যেখানে নিম্নবিত্তরা চিন্তাভাবনা করে কেনাকাটা করেন, সেখানে মধ্যবিত্তরা বিপরীত অবস্থানে রয়েছেন। নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে তারা তাদের পছন্দের খাবারগুলো বাদ দিতে বাধ্য হচ্ছেন। এর ফলে আমিষ ও পুষ্টির অভাব দেখা দিচ্ছে। মধ্যবিত্তরা আশা করছেন, সরকারসহ সংশ্লিষ্টরা বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
শনিবার (২৮ নভেম্বর) সরেজমিনে যাত্রাবাড়ী ও মীরহাজিরবাগের কাঁচাবাজার পরিদর্শন করে দেখা গেছে, শীতকালীন সবজির দাম আকাশচুম্বী। মাছ-মাংসের দামও অনেক বেশি।
যাত্রাবাড়ী কাঁচা বাজারের সবজি বিক্রেতা আবুল কালাম জানিয়েছেন, প্রতি কেজি চিচিঙ্গার দাম ১১০ টাকা, চালকুমড়ার প্রতি পিস ১২০ টাকা। ১ কেজির কম মিষ্টিকুমড়ার পিস বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। করলা ও বরবটি কেজিপ্রতি ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। ধুন্দলের কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। টমেটো কেজিপ্রতি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
শিমের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ১৩০ টাকা কেজি থাকলেও শনিবার তা ৯০ টাকিতে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও ১০০-১১০ টাকা থেকে কমে ৮০-৯০ টাকায় পাওয়া যাচ্ছে। শুকনা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৪৪০ টাকায়।
মীরহাজিরবাগের খুচরা বাজারে এসব সবজি আরও বেশি দামে বিক্রি হচ্ছে। দুই বাজারেই দোকানভেদে কাঁচা সবজি পাইকারি মূল্যের চেয়ে কেজিপ্রতি ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
সবজির দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘বাজারে শীতকালীন সবজি আসছে কম, কিন্তু চাহিদা বেশি। এ কারণে এসব খাদ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে।’
মীরহাজিরবাগ বাজারের সবজি বিক্রেতা সেলিম জানান, ‘আমরা তো পাইকারি বাজার থেকে কিনে এনে বিক্রি করি। এরপর দোকানভাড়া, সবজি পরিবনের ব্যয় আছে। আমাদেরও তো পেট বাঁচাতে হবে।’
চাল-ডাল-তেল
চাল-ডাল-তেলের মতো নিত্যপণ্যের দাম আগের মাসের তুলনায় বেড়ে গেছে।
কেজিপ্রতি বিআর আটাশ ৫০-৫৫ টাকা, মিনিকেট ৭০-৮০ টাকা, নাজিরশাইল ৮৫-৯৫ টাকা ও চিনিগুড়া ১৩০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশি মসুর ডাল ১৫০ টাকা, মোটা মসুর ডাল ৯০ টাকা, দেশি মুগ ডাল ১৭০ টাকা, ভারতীয় মুগ ডাল ১৩০ টাকা, ছোলা ১১০ টাকা, বুট ১৩০ টাকা, ডাবলি ৬০ টাকা কেজি ও পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল ১ হাজার থেকে ১০১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দোকানভেদে দামে কিছুটা তারতম্য দেখা গেছে।
পেঁয়াজ-আদা-রসুন
যাত্রাবাড়ী বাজারের দোকানদার রশীদ জানান, মানভেদে পেঁয়াজ কেজিপ্রতি ৫৫--৬০ টাকায় বিক্রি হচ্ছে। আদার কেজি বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকায়। বিদেশি রসুনের দাম ১৮০-২০০ টাকা এবং দেশি রসুনের দাম ১০০০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আলুর দাম কিছুটা বেড়েছে। পাওয়া যাচ্ছে কেজিপ্রতি পাইকারি ২০-২২ টাকা ও খুচরা ২৫-৩০ টাকায়।
মাছ-মাংস-ডিম
ডিমের দাম কিছুটা কমেছে। ফার্মের ডিমের হালি ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। যাত্রাবাড়ী বাজারের ডিম বিক্রেতা নাসিম বলেন, ‘এখন শীতকাল, এ কারণে ডিমের উৎপাদন বাড়ায় দাম কমেছে।’
খাসি ও ছাগলের মাংসের দাম স্থিতিশীল রয়েছে। খাসি ১ হাজার ৩০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৮০-৮০০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে।
ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকা, দেশি মুরগি ৬০০ থেকে ৭৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
ভোক্তা পর্যায়ে প্রমাণ সাইজের চাষের রুই মাছ কেজিপ্রতি ২৯০-৩১০ টাকায় পাওয়া যাচ্ছে। পাঙাশ ১৫০-১৯০ টাকা, তেলাপিয়া ১৫০-২১০ টাকা, কই মাছ ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড়ো ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে তিন হাজার টাকা।
ফলের বাজার
ফলের দাম গত সপ্তাহের তুলনায় অল্প পরিমাণে ওঠানামা করছে। মাল্টা ৩৪৫-৩৫৫ টাকা, ফুজি আপেল ৩৩০ টাকা, গালা আপেল ৩৫০ টাকা, সবুজ আপেল ৩৭০ টাকা, নাশপাতি ২৯০ টাকা, লাল ও সবুজ আঙুর ৪৫০, দেশি ড্রাগন ১৫০-১৮০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আলি আকবর বলেন, বাজার করতে গেলে উচ্চবিত্তরা সেখানে কোনো দামদর করেন না এবং নিম্নবিত্তরা যেক্ষেত্রে চেয়ে-চিন্তে খান, ঠিক তার বিপরীত মেরুতে আছেন মধ্যবিত্তরা। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে কোণঠাসা হয়ে তারা তাদের প্রিয় খাবারগুলোও বাদ দিচ্ছেন। আগে আমি দেশি মুরগি কিনতাম, কিন্তু তার চামড়া, পাখনা ও পা নিতাম না। এখন দাম এত বেড়েছে যে এসব জিনিসও ব্যাগে ভরে দিতে বলি বিক্রেতাদের। গরুর মাংস তো মাসে একবার বা দু’বার খাই। বড় ইলিশ মাছ কিনতে গেলেও ভয় হয়। এছাড়া শীতকালীন সবজিও বেশি দামে বিক্রি হচ্ছে। এখন আমরা চাই সরকার যেন বাজার নিয়ন্ত্রণ করে আমাদেরকে অর্থনৈতিক চাপ থেকে বাঁচায়।
নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে অনেক প্রিয় খাবার বাদ দিতে হয়েছে জানিয়ে ট্রাকচালক আবুল কাশেম বলেন, আমরা বেশি কিছু তো চাই না, শুধু খেয়ে পরে শান্তিতে বেঁচে থাকতে চাই। ইউনুস সরকারের আমলেও তো খাবারের দাম বা জ্বালানির দাম এত বাড়েনি। এখন যদি গণতন্ত্র ফিরে আসে, তাহলে আমরা কেন তার সুফল পাচ্ছি না। কম দামের খাদ্যপণ্য কিনে যেভাবে কোনো রকমে জীবন পার করছি, তা থেকে আমি মুক্তি চাই। সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে জনগণকে গণতন্ত্রের সুফল এনে দিক, এটাই আমার চাওয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন