ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ফাইনাল নিশ্চিত করতে ইংল্যান্ডকে হারাতে চায় পাকিস্তান


ফাইনাল নিশ্চিত করতে ইংল্যান্ডকে হারাতে চায় পাকিস্তান

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগ পর্বে পাকিস্তান দুই ম্যাচে দুইটি জয় নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। আগামীকাল পাকিস্তান তাদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। এই ম্যাচে জয়লাভ করলে তাদের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। পাকিস্তান হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

অন্যদিকে, ইংল্যান্ড যদি এই ম্যাচে পরাজিত হয়, তবে তাদের ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যাবে। ইংলিশ দল এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিও জয় পায়নি। টুর্নামেন্টের অন্য প্রতিপক্ষ শ্রীলংকা দুই ম্যাচ খেলে একটি জয় নিয়ে ২ পয়েন্ট নিয়ে ফাইনালের দৌড়ে ভালো অবস্থানে রয়েছে।

আগামীকাল লাহোরে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।

আরও পড়ুন: মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ শুরু করে শ্রীলংকার বিপক্ষে ৩৭ রানে জয় দিয়ে। সালমান আগার ১০৭ রানের সুবাদে পাকিস্তান ৩০৫ রানের সংগ্রহ গড়ে। এরপর বোলারদের অসাধারণ নৈপুণ্যে শ্রীলংকাকে ২৬৮ রানে গুটিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান।

পরবর্তী ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান ৩শর বেশি রান করে। দুই মিডল অর্ডার ব্যাটার হাসান নাওয়াজের ৭৯ এবং আরাফাত মিনহাসের ৫৯ রানের সুবাদে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করে। পরবর্তীতে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার আরাফাত মিনহাসের ঘূর্ণিতে ইংল্যান্ড ২১৫ রানে অলআউট হয়ে যায়। ৮৭ রানের জয় নিয়ে পাকিস্তান পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে আসে।

মিনহাস ৪০ রানে ৬ উইকেট নিয়েছেন।

পাকিস্তানের কাছে পরাজয়ের পর শ্রীলংকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ইংল্যান্ড। লংকানদের বিপক্ষে প্রথমে ব্যাট করে অধিনায়ক হ্যারি ব্রুকের রেকর্ড ডাবল-সেঞ্চুরির ইনিংসে ৪ উইকেটে ৪২৯ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড।

আরও পড়ুন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের বিশ্বকাপ শুরু গোলশূন্য ড্র দিয়ে

১১৪ বলে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন ব্রুক। শেষ পর্যন্ত ২১টি চার এবং ১০টি ছক্কায় ১১৬ বলে ২০২ রান করেন ব্রুক। তবে ইংল্যান্ডের দেওয়া ৪২৯ রানের লক্ষ্য ১ বল বাকী রেখে স্পর্শ করে শ্রীলংকা। পাবান রত্নানায়েকে ১০৬ বলে ১৩০, আভিস্কা ফার্নান্দো এবং দাসুন শানাকা ৯৭ রান করেন।

টানা দুই ম্যাচে পরাজিত হয়ে হতাশ ইংল্যান্ড অধিনায়ক ব্রুক। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চান তিনি, “ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। আশা করছি এ ম্যাচ দিয়ে আমরা জয়ের ধারায় ফিরবো। দলের সবাই জয়ের জন্য ক্ষুধার্ত।”

হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৯ রান ও ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া মিনহাস বলেন, “দলের সবাই দারুণ ছন্দে আছি। প্রথম দুই ম্যাচে দল হিসেবে সেরা পারফরমেন্স করেছে সতীর্থরা। পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখে তৃতীয় জয়ের স্বাদ নিতে চাই আমরা।”

পাকিস্তান দল : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নাওয়াজ, গাজী ঘোরি, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেইগ (উইকেটরক্ষক), সালমান আগা, সাইম আইয়ুব, শাদাব খান, সুফিয়ান মুকিম।

আরও পড়ুন: জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

ইংল্যান্ড দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, জর্ডান কক্স, বেন ডাকেট, জো রুট, জেমস কোলস, স্যাম কারান, লিয়াম ডওসন, উইল জ্যাকস, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, সনি বেকার, ম্যাসন ক্রেন, হেনরি ক্রোকম্ব, আদিল রশিদ, জশ টাং।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ, দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : আজ বিশিষ্ট সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। তিনি ২০২০ সালের এই দিনে ৭৫ বছর বয়সে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনায় মৃত্যুবরণ করেন।

ফখরুদ্দীন ১৯৫৮ সালে ‘কচি-কাঁচার আসর’-এর আহ্বায়ক হিসেবে সংবাদমাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি তৎকালীন বিখ্যাত দৈনিক দ্য পাকিস্তান অবজারভার ও দ্য মর্নিং নিউজ-এ অসংখ্য নিবন্ধ রচনা করেন।

দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি লন্ডনের দ্য ডেইলি মিরর-এর সংবাদদাতা হিসেবে কাজ করেন।

তাঁর সাংবাদিকতা জীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় ছিল বাংলাদেশের ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের ওপর প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক জন পিলজারের বাংলাদেশের অন্যতম সহযোগী হয়ে প্রতিবেদক হিসেবে কাজ করা।

বাংলাদেশের দুর্ভিক্ষের মানবিক বিপর্যয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে জন পিলজারের প্রতিবেদনভিত্তিক তথ্যচিত্র ‘অ্যান আনফ্যাশনেবল ট্র্যাজেডি’ ১৯৭৫ সালের ২ জানুয়ারি সম্প্রচারিত হয়। ওই তথ্যচিত্রে তাঁর বক্তব্যের দৃশ্যও ধারণ করা হয়।

বাংলাদেশের দুর্ভিক্ষের বাস্তবতা আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার ক্ষেত্রে তথ্যচিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্নাতক সম্পন্ন করার আগেই ফখরুদ্দীনের বাংলা অনুবাদ শেক্সপিয়রের ‘সনেট’ প্রকাশিত হয়। প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও লেখক জন পিলজার তাঁর বিখ্যাত ‘হিরোজ’ গ্রন্থে ফখরুদ্দীনকে নিয়ে প্রায় তিন পৃষ্ঠা লিখেছেন এবং তাঁর একটি ছবি সংযুক্ত করেছেন।

১৯৮৬ সালে লন্ডনের জনাথন কেপ এবং ১৯৮৯ সালে প্যান বুকস লিমিটেড থেকে বইটি প্রকাশিত হয়। বইটিতে সমসাময়িক বিশ্বের বিভিন্ন ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতাভিত্তিক বিবরণ তুলে ধরা হয়েছে।

তাঁর লেখা দেশাত্মবোধক গান ‘ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়ে’ ১৯৭২ সালে রেকর্ড করা হয়। গানটি দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তী সময়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাপ্তাহিক হলিডে-এর সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

খ্যাতিমান এ সাংবাদিকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ে তুলতে প্রশিক্ষণের নির্দেশ কিমের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ে তুলতে প্রশিক্ষণের নির্দেশ কিমের

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সামরিক বাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গড়ে তোলার জন্য সেনাদের প্রশিক্ষণ জোরদারের নির্দেশনা প্রদান করেছেন। পিয়ংইয়ংয়ে দুই দিনব্যাপী কোম্পানি কমান্ডারদের সম্মেলনে তিনি এই নির্দেশ দেন।

শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির এই তথ্য প্রকাশ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কিমের এই আহ্বান এমন এক সময়ে এসেছে, যখন আন্তঃকোরীয় সম্পর্কের অবনতি ঘটেছে। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সীমান্ত পরিস্থিতি স্পষ্ট করার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে।

এর আগে, একটি বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পায়, যা ব্যাপক সামরিক নিরাপত্তাবেষ্টিত অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) ঘটেছিল।

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের অবসান ঘটেছিল যুদ্ধবিরতির মাধ্যমে, শান্তিচুক্তির মাধ্যমে নয়। ফলে দুই কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সম্মেলনের উদ্দেশ্য ছিল ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রশিক্ষণ পরিকল্পনা’ তৈরি করা।

কিম আরও উল্লেখ করেন, উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতিটি কোম্পানিকে সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে শক্তিশালী এবং দক্ষ এলিট ইউনিটে পরিণত করতে হবে। সেগুলোকে পূর্ণাঙ্গ যুদ্ধক্ষমতাসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।

কেসিএনএ জানায়, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ক্ষমতাসীন দলের কংগ্রেসের পর এটি ছিল পুরো সেনাবাহিনীর প্রতিনিধিদের নিয়ে প্রথম এ ধরনের সমাবেশ।

ওই কংগ্রেসে কিম প্রচলিত সামরিক শক্তি আরও বাড়ানোর আহ্বান জানান এবং পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন।

উত্তর কোরিয়া সম্প্রতি একের পর এক নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে রয়েছে ‘নতুন ধরনের’ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম টর্পেডো ব্যবস্থা এবং মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। দেশটির দাবি, উভয় অস্ত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

জাতিসংঘের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া আইনগতভাবে নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

দেশটির সরকার বারবার ঘোষণা করেছে, তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার স্থায়ী এবং তারা এই অবস্থান থেকে সরে আসবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুই সপ্তাহ আগে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কানাডা থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে। এ পরিবর্তনের জন্য তদবির করেছিলেন রিপাবলিকান দলের ঝুঁকিতে থাকা এক প্রার্থী, এমন তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শুল্ক ছাড়ের আওতায় রয়েছে প্লাইউডের শিট, কিছু কাগজজাত পণ্য, নির্দিষ্ট ধরনের যন্ত্রপাতি ও শীতলীকরণ সরঞ্জাম।

এই সিদ্ধান্তের ফলে সুবিধা পেতে পারেন রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স। তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঙ্গরাজ্য মেইনে ডেমোক্র্যাট দলের এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছেন। ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের কারণে অঙ্গরাজ্যটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কলিন্স জানান, তিনি মেইনের কৃষিশিল্পের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় নিশ্চিত করেছেন। এসব পণ্যের মধ্যে ব্লুবেরি, আলু, আপেল ও সামুদ্রিক শৈবাল উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে নিজেদের দখলে নিতে চায় ডেমোক্র্যাটরা। এ প্রচেষ্টায় তারা কলিন্সের সিনেট আসনটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

যুক্তরাষ্ট্র ও কানাডার অর্থনীতি গভীরভাবে পরস্পরনির্ভরশীল। কানাডার মোট রপ্তানি পণ্যের প্রায় ৭০ শতাংশ যুক্তরাষ্ট্রে যায়।

গত আগস্টে দুই দেশের বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়েছে। এর ফলে ট্রাম্প একের পর এক নতুন শুল্ক আরোপ করতে বাধ্য হন।

হোয়াইট হাউস জানায়, শুক্রবারের সিদ্ধান্তে কিছু পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হলেও কার্পেট, নির্দিষ্ট ধরনের ভালভ ও বর্জ্যজাত পণ্যসহ নতুন কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে। নতুন ব্যবস্থাগুলো ৩০ অক্টোবর থেকে কার্যকর হবে।

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কানাডার মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্কসংক্রান্ত পদক্ষেপগুলো সম্পর্কে কানাডা অবগত রয়েছে।

তিনি আরও বলেন, ‘এসব পদক্ষেপ পর্যালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক ও আন্তরিকভাবে কাজ করতে কানাডা প্রস্তুত রয়েছে।’

সিনেটর কলিন্স জানান, তার অঙ্গরাজ্যের অনেক কৃষক কানাডা থেকে আমদানি করা বিশেষায়িত যন্ত্রপাতি, প্যাকেজিং উপকরণ ও অন্যান্য পণ্যের ওপর নির্ভরশীল। এসব পণ্যের কিছু যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের কাছ থেকে পাওয়া যায় না। বিকল্প পণ্য ব্যবহার করতে গেলে উল্লেখযোগ্য অতিরিক্ত ব্যয় হয়।

ট্রাম্পের আগে আরোপ করা গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও কাঠের ওপর শুল্ক কানাডার অর্থনীতিতে বড় ধরনের আঘাত হেনেছে। এর ফলে দেশটিতে কর্মসংস্থান কমেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে।

চলতি বছর পরপর দুই প্রান্তিকে অর্থনীতি সংকুচিত হওয়ায় কানাডা প্রযুক্তিগত মন্দার মধ্যে প্রবেশ করেছে।

বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর ট্রাম্পের আরোপ করা শুল্ক কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যকে প্রভাবিত করেছে। এটি যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির ৫ দশমিক ৫ শতাংশ। এসব পণ্যের মধ্যে হকি খেলার স্টিক থেকে শুরু করে সিমেন্টও রয়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প বন্ধু ও প্রতিপক্ষ— উভয় দেশের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপ করে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছেন।

তার দাবি, অন্য দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সুযোগ-সুবিধার অপব্যবহার করে আসছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের মামলা খারিজ

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং তার বোনের বিরুদ্ধে অভিযোগ করা ফৌজদারি মামলা খারিজ করেছেন দেশটির এক ফেডারেল বিচারক। অভিযোগে বলা হয়েছে, কথিত ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির প্রচারে জড়িত থাকার কারণে বিনিয়োগকারীদের অন্তত ১০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, বিচারক মার্সেলো মার্তিনেস দে জর্জি শুক্রবার দেওয়া রায়ে মন্তব্য করেন, ‘অভিযোগে বর্ণিত ঘটনাগুলো কোনো ফৌজদারি অপরাধের আওতায় পড়ে না।’ এএফপি রায়ের অনুলিপি পর্যালোচনা করে এই তথ্য জানায়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ‘লিব্রা’ নামের মিম কয়েনটির প্রশংসা করে বলেছিলেন, বিশ্ব আর্জেন্টিনায় লিব্রা বিনিয়োগ করতে চায়। কিন্তু ক্রিপ্টোকারেন্সিটির দাম ধসে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন। পরে তিনি ওই ভার্চ্যুয়াল মুদ্রার প্রচার চালানোর কথা অস্বীকার করে বলেন, ‘প্রকল্পটির বিস্তারিত তথ্য আমি জানতাম না।’

ক্রিপ্টোকারেন্সি খাতের বিশেষজ্ঞরা এই ঘটনাটিকে ‘রাগ পুল’ হিসেবে চিহ্নিত করেছেন। এটি একটি প্রতারণার প্রক্রিয়া, যেখানে উদ্যোক্তারা প্রথমে একটি ক্রিপ্টো টোকেন চালু করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন এবং পরে দ্রুত নিজেদের অর্থ তুলে নিয়ে প্রকল্পটি থেকে সরে যান।

প্রেসিডেন্টের সম্পৃক্ততায় এ ঘটনায় সমন্বিত কোনো প্রতারণার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছিল। এই মামলায় তদন্তাধীন আরও নয়জনকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বিচারক তার রায়ে উল্লেখ করেন, বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি এবং ক্রিপ্টোকারেন্সিটির দামের দ্রুত উত্থান-পতন— এই দুটি বিষয় একা প্রতারণা প্রমাণের জন্য যথেষ্ট নয়। তদন্তকারীরা আর কোনো প্রমাণ পাননি, যা নির্দেশ করে যে মিলেইয়ের বোন কারিনা মিলেই উদ্যোক্তাদের সঙ্গে তার ভাইয়ের বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে অর্থ পেয়েছিলেন। কারিনা দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী।

বিচারক মন্তব্য করেন, ‘কারও সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া বা একটি বৈঠকের আয়োজন করতে সহায়তা করা— এগুলো নিজে থেকেই প্রভাব খাটিয়ে সুবিধা আদায়ের অপরাধ হিসেবে গণ্য হয় না।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%