০২:৪৭ পি.এম
ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬ : দেশের লাল-সবুজ পতাকাকে আন্তর্জাতিক অঙ্গনে সমুন্নত রাখার উদ্দেশ্যে ইরাকের সুলাইমানিয়াহতে অবস্থান করছে বাংলাদেশ আরচ্যারী দল। ‘এশিয়া কাপ, স্টেজ-২ (ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট)’ ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকা বাংলাদেশ দলের খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করতে সুলাইমানিয়াহ সফর করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: মাকসুদুল হক।
এবারের এশিয়া কাপ স্টেজ-২ টুর্নামেন্টে বাংলাদেশ দল একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে অংশগ্রহণ করছে। দলে ৬ জন পুরুষ এবং ৬ জন নারীসহ মোট ১২ জন আরচ্যার রয়েছেন। মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ ও মহিলা একক, কম্পাউন্ড পুরুষ ও মহিলা একক, রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত এবং রিকার্ভ ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে পদকের জন্য লড়াই করবে।
বাংলাদেশি আরচ্যারদের আন্তর্জাতিক এই মঞ্চে সর্বোচ্চ আত্মবিশ্বাস নিয়ে নামার অনুপ্রেরণা জোগাতে সুলাইমানিয়াহতে দলের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: মাকসুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
আরও পড়ুন: মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বর্তমান প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় তিনি আরচ্যারদের উদ্দেশ্যে বলেন, "আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করা অত্যন্ত গৌরবের বিষয়।" তিনি খেলোয়াড়দের সবসময় ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখার, আশাবাদী থাকার এবং যেকোনো কঠিন চ্যালেঞ্জ সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার পরামর্শ দেন। রাষ্ট্রদূত দলটিকে উদ্দেশ্য করে আরও বলেন, "খেলার মাঠে নানা ধরনের প্রতিকূল পরিস্থিতি আসতেই পারে, তবে সেসবে বিচলিত না হয়ে অবিচল থাকতে হবে, মাথা উঁচু করে লড়াই চালিয়ে যেতে হবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের আশা কখনোই ছাড়া যাবে না।" তাঁর এই অনুপ্রেরণাদায়ক বক্তব্যে দলের মনোবল অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন