০৩:৫১ পি.এম
নেত্রকোণা, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলা সদরের দিগজান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ফেনসিডিল ও একটি পিকআপ ভ্যানসহ মো. ফারুক মিয়া (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ শনিবার দুপুর দেড়টায় বাসসকে এ তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।
তিনি জানান, গভীর রাতে পরিচালিত অভিযানে ৫শ’ ৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ (ফেনসিডিল) সিরাপ উদ্ধার করা হয়। এই সিরাপের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫শ’ টাকা।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ, মূল্য ৩৯ লাখ টাকা
গ্রেফতারকৃত ফারুক মিয়া পূর্বধলা উপজেলার ৪ নম্বর জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামের জব্বার আলীর ছেলে।
সহকারী পরিচালক মো. নাজমুল হক আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে পৌনে দুইটা পর্যন্ত নেত্রকোণা সদর থানাধীন সিধলী-নেত্রকোণাগামী পাকা রাস্তার দিগজান বাজার এলাকায় একটি রেইডিং টিম নিয়ে অভিযান চালানো হয়। সেখানে ২ নম্বর সাক্ষী সাইদুল ইসলামের চা দোকান সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি সন্দেহভাজন পিকআপে তল্লাশি করা হয়।
এ সময় পিকআপে থাকা ৭টি সিমেন্টের বস্তা ও ২টি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় মোট ৯টি বস্তা থেকে ৫শ’ ৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১শ’ এমএল করে মোট ৫৬ লিটার তরল মাদক ছিল।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সিঙ্গেল কেবিন পিকআপ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপূজায় বরিশালে পূজার সামগ্রীর বাজার জমে উঠেছে
উদ্ধারকৃত আলামতের আনুমানিক সর্বমোট অবৈধ বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫শ’ টাকা উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে উল্লেখ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হতে হবে এবং যেকোনো মাদক সংক্রান্ত তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন