ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড


মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজির মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কাইরন পোলার্ড, যিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।

পোলার্ড শ্রীলংকার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন। জয়াবর্ধন সম্প্রতি মুম্বাইয়ের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান।

২০১০ সালে পোলার্ড প্রথমবার মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলতে নামেন। ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে তার সর্বশেষ খেলার পর তিনি আইপিএল থেকে অবসর গ্রহণ করেন। ১২ বছরের দীর্ঘ ক্যারিয়ারের পর পোলার্ড একই দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হন। ২০২৩ সাল থেকে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন এই ডান-হাতি ক্রিকেটার।

আরও পড়ুন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের বিশ্বকাপ শুরু গোলশূন্য ড্র দিয়ে

মুম্বাই ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল এবং ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অর্জন করে। পোলার্ড মুম্বাইয়ের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইপিএলে মুম্বাইয়ের হয়ে তিনি ১৮৯ ম্যাচে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩,৪১২ রান সংগ্রহ করেছেন। পাশাপাশি, এই মিডিয়াম পেসার বল হাতে ৬৯ উইকেট শিকার করেন।

মুম্বাইয়ের কোচের দায়িত্ব পেয়ে পোলার্ড অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি এক বিবৃতিতে বলেন, ‘আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের ব্যাপার। আমার জীবন ও কর্মজীবনের একটি বিশাল অংশ জুড়ে আছে মুম্বাই। এই দল-ক্রিকেটার ও সবার সাথে আমার যে বন্ধন, তা আমার কাছে অনেক বেশি মূল্যবান।’

তিনি আরও যোগ করেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিটি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সাথে নিবিড়ভাবে কাজ করতে আমি মুখিয়ে আছি। দলের ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং দলের প্রতিভা বিকাশে অবদান রাখতে হবে।’

মুম্বাইয়ের স্বত্বাধিকারী নিতা আম্বানি পোলার্ডের হাত ধরে মুম্বাই আবারও শিরোপার স্বাদ নিবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘২২ বছর বয়সে পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন। গত ১৬ বছরে তিনি আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। ক্রিকেটার হিসেবে আমাদের অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন পোলার্ড।’

আরও পড়ুন: জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

নিতা আম্বানি আরও বলেন, ‘প্রধান কোচ হিসেবে পোলার্ড নতুন দায়িত্ব গ্রহণ করায় আমরা আনন্দিত। মুম্বাইয়ের জার্সি পরার অর্থ কি এবং এই দলের হয়ে খেলতে কি করতে হয়, এসবই জানে সে। আমি নিশ্চিত, কোচের ভূমিকাতেও নিজের নিষ্ঠা, বিশ্বাস এবং দৃঢ় সংকল্প বজায় রাখবে সে। দলকে পরের ধাপে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তার সাফল্য কামনা করছি।’

পোলার্ড আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের হয়ে দায়িত্ব পালন শুরু করবেন। আগামী মৌসুমের নিলামের আগে তিনি মুম্বাইয়ে খেলোয়াড় ধরে রাখার তালিকা চূড়ান্ত করবেন। প্রায় এক মাস পর গোয়ায় আইপিএলের নিলামে দল সাজানোর কাজে বড় ভূমিকা রাখবেন ৩৯ বছর বয়সী পোলার্ড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তার ভাঙনে কৃষকরা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


তিস্তার ভাঙনে কৃষকরা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন

রংপুর, ২৪ অক্টোবর, ২০২৬ : বর্ষা মৌসুমের বিদায়ের পর হেমন্তকাল শুরু হয়েছে। কৃষকদের মুখে হাসি ফুটেছে আগাম নবান্নের ফলে। নদ-নদীর পানি কমেছে, কিন্তু বিভিন্ন নদীর অববাহিকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। একের পর এক এলাকা বিলীন হয়ে যাচ্ছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো নদী গর্ভে চলে যাচ্ছে।

তিস্তাপাড়ের পরিস্থিতিও একই রকম। অব্যাহত ভাঙনের ফলে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এবং রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রামওঝা চল্লিশসাল এলাকায় মাত্র এক সপ্তাহের মধ্যে ২৭টি পরিবারের ঘরবাড়ি ভেঙে গেছে। ফসলি জমি ভেঙে যাচ্ছে। কৃষকরা বাধ্য হয়ে তাদের স্বপ্নের আমন ধান কেটে গবাদি পশুকে খাওয়াচ্ছেন। পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল রায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বাসস’কে জানান, "পানি কমার সাথে সাথে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এ সময় কোনো বরাদ্দ না থাকায় আমরা ব্যবস্থা নিতে পারছি না।"

সরেজমিনে দেখা গেছে, নদীর তীব্র স্রোতে পাড় ভেঙে পড়ছে। ভাঙনের মুখে থাকা পরিবারগুলোর কেউ ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন, আবার কেউ শেষ মুহূর্তে ঘর রক্ষার চেষ্টা করছেন। কোথাও নদী গর্ভে চলে গেছে বসতভিটা, কোথাও ভাঙনের মুখে রয়েছে। অব্যাহত ভাঙনে ফসলি জমি প্রতিনিয়ত বিলীন হচ্ছে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, সম্প্রতি তিস্তার পানি বাড়ার পর স্রোতের তীব্রতা বেড়ে যায়। পরে পানি কমতে শুরু করলে স্রোতের গতিপথ জয়রামওঝা চল্লিশসাল চরের দিকে ধাবিত হয়।

স্থানীয়দের মতে, গত এক সপ্তাহের মধ্যে ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই চরের ২৭টি পরিবার। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন— বাবর আলী, গোলাপী বানু, গোলজার হোসেন, নুর ইসলাম, মতিয়ার রহমান, আহাদ আলী, জহুরা বেগম, আসাদুল ইসলাম, আব্দুল হক, মইনুল ইসলাম, শাহ আলম, নজু মিয়া, মোন্নাফ আলী, আবুল হোসেন, শফিকুল ইসলাম, দুলু মিয়া, নুরুল ইসলাম, নাজমুল হক, ঝন্টু, বেলাল, ওমরসহ অন্যান্যরা। ভাঙন-আতঙ্কের কারণে অনেকে ঘরবাড়ি অন্য জায়গায় সরিয়ে নিয়েছেন। ইতিমধ্যে ওই এলাকায় উঠতি আমন ধানসহ অন্তত ৫০ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন।

ক্ষতিগ্রস্ত জাহেদুল ইসলাম জানিয়েছেন, "কয়েক বছর ধরে জয়রামওঝা চল্লিশসাল চরে বসবাস করে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছি। হঠাৎ তিস্তার স্রোতের গতিপথ চরের দিকে চলে গেলে ভাঙন ব্যাপক আকার ধারণ করে।"

লক্ষ্মীটারী ইউপি’র চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বাসস’কে বলেন, "কয়েক দিন ধরে চল্লিশসাল এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। বেশ কয়েকটি পরিবারের বাড়িঘর ও আবাদি জমি বিলীন হয়ে গেছে।"

এ বিষয়ে উপজেলা প্রশাসনও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহিত করেছে। তারা ভাঙন এলাকা পরিদর্শন করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বাসস’কে জানান, "তিস্তার ভাঙনে বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সহায়তা দেয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।"

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বাসস’কে বলেছেন, "বন্যার পর হঠাৎ করে ওই এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিস্থিতি দেখে ভাঙন রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

লালমনিরহাট জেলা কৃষি কর্মকর্তা সাইখুল আরেফিন বাসস’কে বলেন, "তিস্তার বাম ও ডান তীরে ভাঙন তীব্র হওয়ায় কৃষক বাধ্য হয়ে আমন ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন। এখন পর্যন্ত সাড়ে ১৭ বিঘা জমির আমন ধান কাঁচাই কেটেছে কৃষক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%