ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ে তুলতে প্রশিক্ষণের নির্দেশ কিমের


বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ে তুলতে প্রশিক্ষণের নির্দেশ কিমের

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সামরিক বাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গড়ে তোলার জন্য সেনাদের প্রশিক্ষণ জোরদারের নির্দেশনা প্রদান করেছেন। পিয়ংইয়ংয়ে দুই দিনব্যাপী কোম্পানি কমান্ডারদের সম্মেলনে তিনি এই নির্দেশ দেন।

শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির এই তথ্য প্রকাশ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: এআইয়ের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাজ্যের আরও অর্থ বরাদ্দের ঘোষণা

কিমের এই আহ্বান এমন এক সময়ে এসেছে, যখন আন্তঃকোরীয় সম্পর্কের অবনতি ঘটেছে। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সীমান্ত পরিস্থিতি স্পষ্ট করার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে।

এর আগে, একটি বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পায়, যা ব্যাপক সামরিক নিরাপত্তাবেষ্টিত অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) ঘটেছিল।

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের অবসান ঘটেছিল যুদ্ধবিরতির মাধ্যমে, শান্তিচুক্তির মাধ্যমে নয়। ফলে দুই কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সম্মেলনের উদ্দেশ্য ছিল ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রশিক্ষণ পরিকল্পনা’ তৈরি করা।

আরও পড়ুন: ইতালির রোম ও মিলানে বিক্ষোভের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা

কিম আরও উল্লেখ করেন, উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতিটি কোম্পানিকে সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে শক্তিশালী এবং দক্ষ এলিট ইউনিটে পরিণত করতে হবে। সেগুলোকে পূর্ণাঙ্গ যুদ্ধক্ষমতাসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।

কেসিএনএ জানায়, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ক্ষমতাসীন দলের কংগ্রেসের পর এটি ছিল পুরো সেনাবাহিনীর প্রতিনিধিদের নিয়ে প্রথম এ ধরনের সমাবেশ।

ওই কংগ্রেসে কিম প্রচলিত সামরিক শক্তি আরও বাড়ানোর আহ্বান জানান এবং পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন।

উত্তর কোরিয়া সম্প্রতি একের পর এক নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে রয়েছে ‘নতুন ধরনের’ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম টর্পেডো ব্যবস্থা এবং মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। দেশটির দাবি, উভয় অস্ত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: ওলেশকিতে মঙ্গলবার রাত ১টা থেকে যুদ্ধবিরতি পালন করবে ইউক্রেনের সেনাবাহিনী

জাতিসংঘের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া আইনগতভাবে নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

দেশটির সরকার বারবার ঘোষণা করেছে, তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার স্থায়ী এবং তারা এই অবস্থান থেকে সরে আসবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুই সপ্তাহ আগে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কানাডা থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে। এ পরিবর্তনের জন্য তদবির করেছিলেন রিপাবলিকান দলের ঝুঁকিতে থাকা এক প্রার্থী, এমন তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শুল্ক ছাড়ের আওতায় রয়েছে প্লাইউডের শিট, কিছু কাগজজাত পণ্য, নির্দিষ্ট ধরনের যন্ত্রপাতি ও শীতলীকরণ সরঞ্জাম।

এই সিদ্ধান্তের ফলে সুবিধা পেতে পারেন রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স। তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঙ্গরাজ্য মেইনে ডেমোক্র্যাট দলের এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছেন। ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের কারণে অঙ্গরাজ্যটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কলিন্স জানান, তিনি মেইনের কৃষিশিল্পের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় নিশ্চিত করেছেন। এসব পণ্যের মধ্যে ব্লুবেরি, আলু, আপেল ও সামুদ্রিক শৈবাল উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে নিজেদের দখলে নিতে চায় ডেমোক্র্যাটরা। এ প্রচেষ্টায় তারা কলিন্সের সিনেট আসনটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

যুক্তরাষ্ট্র ও কানাডার অর্থনীতি গভীরভাবে পরস্পরনির্ভরশীল। কানাডার মোট রপ্তানি পণ্যের প্রায় ৭০ শতাংশ যুক্তরাষ্ট্রে যায়।

গত আগস্টে দুই দেশের বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়েছে। এর ফলে ট্রাম্প একের পর এক নতুন শুল্ক আরোপ করতে বাধ্য হন।

হোয়াইট হাউস জানায়, শুক্রবারের সিদ্ধান্তে কিছু পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হলেও কার্পেট, নির্দিষ্ট ধরনের ভালভ ও বর্জ্যজাত পণ্যসহ নতুন কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে। নতুন ব্যবস্থাগুলো ৩০ অক্টোবর থেকে কার্যকর হবে।

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কানাডার মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্কসংক্রান্ত পদক্ষেপগুলো সম্পর্কে কানাডা অবগত রয়েছে।

তিনি আরও বলেন, ‘এসব পদক্ষেপ পর্যালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক ও আন্তরিকভাবে কাজ করতে কানাডা প্রস্তুত রয়েছে।’

সিনেটর কলিন্স জানান, তার অঙ্গরাজ্যের অনেক কৃষক কানাডা থেকে আমদানি করা বিশেষায়িত যন্ত্রপাতি, প্যাকেজিং উপকরণ ও অন্যান্য পণ্যের ওপর নির্ভরশীল। এসব পণ্যের কিছু যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের কাছ থেকে পাওয়া যায় না। বিকল্প পণ্য ব্যবহার করতে গেলে উল্লেখযোগ্য অতিরিক্ত ব্যয় হয়।

ট্রাম্পের আগে আরোপ করা গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও কাঠের ওপর শুল্ক কানাডার অর্থনীতিতে বড় ধরনের আঘাত হেনেছে। এর ফলে দেশটিতে কর্মসংস্থান কমেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে।

চলতি বছর পরপর দুই প্রান্তিকে অর্থনীতি সংকুচিত হওয়ায় কানাডা প্রযুক্তিগত মন্দার মধ্যে প্রবেশ করেছে।

বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর ট্রাম্পের আরোপ করা শুল্ক কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যকে প্রভাবিত করেছে। এটি যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির ৫ দশমিক ৫ শতাংশ। এসব পণ্যের মধ্যে হকি খেলার স্টিক থেকে শুরু করে সিমেন্টও রয়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প বন্ধু ও প্রতিপক্ষ— উভয় দেশের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপ করে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছেন।

তার দাবি, অন্য দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সুযোগ-সুবিধার অপব্যবহার করে আসছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের মামলা খারিজ

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং তার বোনের বিরুদ্ধে অভিযোগ করা ফৌজদারি মামলা খারিজ করেছেন দেশটির এক ফেডারেল বিচারক। অভিযোগে বলা হয়েছে, কথিত ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির প্রচারে জড়িত থাকার কারণে বিনিয়োগকারীদের অন্তত ১০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, বিচারক মার্সেলো মার্তিনেস দে জর্জি শুক্রবার দেওয়া রায়ে মন্তব্য করেন, ‘অভিযোগে বর্ণিত ঘটনাগুলো কোনো ফৌজদারি অপরাধের আওতায় পড়ে না।’ এএফপি রায়ের অনুলিপি পর্যালোচনা করে এই তথ্য জানায়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ‘লিব্রা’ নামের মিম কয়েনটির প্রশংসা করে বলেছিলেন, বিশ্ব আর্জেন্টিনায় লিব্রা বিনিয়োগ করতে চায়। কিন্তু ক্রিপ্টোকারেন্সিটির দাম ধসে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন। পরে তিনি ওই ভার্চ্যুয়াল মুদ্রার প্রচার চালানোর কথা অস্বীকার করে বলেন, ‘প্রকল্পটির বিস্তারিত তথ্য আমি জানতাম না।’

ক্রিপ্টোকারেন্সি খাতের বিশেষজ্ঞরা এই ঘটনাটিকে ‘রাগ পুল’ হিসেবে চিহ্নিত করেছেন। এটি একটি প্রতারণার প্রক্রিয়া, যেখানে উদ্যোক্তারা প্রথমে একটি ক্রিপ্টো টোকেন চালু করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন এবং পরে দ্রুত নিজেদের অর্থ তুলে নিয়ে প্রকল্পটি থেকে সরে যান।

প্রেসিডেন্টের সম্পৃক্ততায় এ ঘটনায় সমন্বিত কোনো প্রতারণার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছিল। এই মামলায় তদন্তাধীন আরও নয়জনকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বিচারক তার রায়ে উল্লেখ করেন, বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি এবং ক্রিপ্টোকারেন্সিটির দামের দ্রুত উত্থান-পতন— এই দুটি বিষয় একা প্রতারণা প্রমাণের জন্য যথেষ্ট নয়। তদন্তকারীরা আর কোনো প্রমাণ পাননি, যা নির্দেশ করে যে মিলেইয়ের বোন কারিনা মিলেই উদ্যোক্তাদের সঙ্গে তার ভাইয়ের বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে অর্থ পেয়েছিলেন। কারিনা দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী।

বিচারক মন্তব্য করেন, ‘কারও সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া বা একটি বৈঠকের আয়োজন করতে সহায়তা করা— এগুলো নিজে থেকেই প্রভাব খাটিয়ে সুবিধা আদায়ের অপরাধ হিসেবে গণ্য হয় না।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী, ২৪ অক্টোবর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তিনি আগের তুলনায় সুস্থ বোধ করছেন।

বর্তমানে মন্ত্রী রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক বাসসকে জানান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ভূমিমন্ত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন।

তিনি আরও উল্লেখ করেন, কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে। সেগুলো আজ করা হবে। আশা করা হচ্ছে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

অন্যদিকে, অসুস্থ ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় তাঁরা ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

তানজিম আনোয়ার

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের প্রেক্ষিতে ঢাকা-জাপানের নারিতা রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান কর্তৃপক্ষের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২৯ অক্টোবর থেকে এ রুটে সপ্তাহে একটি ফ্লাইটের পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. আশরাফুল আলম আজ বাসসকে জানান, ‘ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যা সপ্তাহে একটি থেকে বাড়িয়ে দুটি করা হচ্ছে। অতিরিক্ত ফ্লাইটটি আগামী ২৯ অক্টোবর থেকে চালু হবে।’

তিনি আরও বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থাটি প্রতি সোমবার ও বৃহস্পতিবার এ রুটে ফ্লাইট পরিচালনা করবে। এর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ আরও শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চার দিনের সরকারি সফরে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে জাপান যাবেন।

আশরাফুল আলম উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী ২৯ অক্টোবর নারিতা থেকে বিমানের নতুন চালু হতে যাওয়া বৃহস্পতিবারের ফ্লাইটে দেশে ফিরবেন।’

চলতি বছরের ২৭ জুলাই ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর প্রায় তিন মাস পর ফ্লাইটের সংখ্যা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হলো। এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ওই ফ্লাইট চালুর মাধ্যমে জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র বিরতিহীন আকাশ যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হয়।

প্রাথমিকভাবে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করে সপ্তাহে একটি ফ্লাইটের মাধ্যমে এ রুটে যাত্রী পরিবহন শুরু করে বিমান। যাত্রী চাহিদা, বাণিজ্যিক কার্যক্রমের ফলাফল এবং উড়োজাহাজের প্রাপ্যতার ওপর ভিত্তি করে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ছিল সংস্থাটির।

বিমান কর্তৃপক্ষের পূর্ববর্তী তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইট পুনরায় চালুর পর যাত্রীদের কাছ থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। বিশেষ করে জাপানে বসবাসরত বাংলাদেশিরা এই সেবা ব্যবহারে আগ্রহ দেখিয়েছেন।

এখন ধারণা করা হচ্ছে, জাপানে ৪০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী বসবাস করছেন। ফলে দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথে যাতায়াতের চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রে এ রুটকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশি যাত্রীদের উত্তর আমেরিকা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য গন্তব্যে যাতায়াতের সুবিধা বাড়াতে নারিতাকে ট্রানজিট কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাপান এয়ারলাইন্স (জেএএল) ও এয়ার কানাডার সঙ্গে সম্ভাব্য কোডশেয়ার ব্যবস্থার বিষয়টি খতিয়ে দেখছে বিমান।

প্রস্তাবিত অংশীদারিত্ব চূড়ান্ত হলে সমন্বিত টিকিটিং ও ব্যাগেজ ব্যবস্থার আওতায় নারিতা হয়ে ভ্যাঙ্কুভার, লস অ্যাঞ্জেলেস ও সিউলের মতো গন্তব্যে সংযোগ ফ্লাইটে যাতায়াতের সুযোগ তৈরি হতে পারে।

ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট প্রথম চালু হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, ১৭ বছর বিরতির পর। তবে উড়োজাহাজের সংকট, পরিচালন ব্যয় ও বাণিজ্যিক বিবেচনায় ২০২৫ সালের ১ জুলাই এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

বর্তমান বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ও বিমান চলাচল সহযোগিতা জোরদারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বিমান এ রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর পদক্ষেপ নেয়।

সাপ্তাহিক দ্বিতীয় ফ্লাইট চালুর সর্বশেষ সিদ্ধান্তের ফলে যাত্রীরা আরও বেশি সময়ে ভ্রমণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে রুটটির বাণিজ্যিক স্থায়িত্ব জোরদার করার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন।

সফরকালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, বিমান চলাচল ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%